১২:৫০ পি.এম
২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে। এই ধাপে অনলাইনে আবেদন করার সুযোগ থাকবে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হবে ৩০ অক্টোবর রাত ৮টায়।
বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে তৃতীয় ধাপটি সর্বশেষ ধাপ হিসেবে গণ্য হবে। তাই শিক্ষার্থীদেরকে কলেজ পছন্দক্রম নির্ধারণ এবং নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জাবিতে মুক্তিযোদ্ধা মানিকের স্মরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন
এছাড়া, যেসব শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি অথবা আবেদন করার পর কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা এই ধাপে আবেদন করার সুযোগ পাবে। চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে নিশ্চয়ন করতে না পারা বা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। ভুল কোটা নির্ধারণের কারণে নির্বাচিত কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের জন্যও আবেদনের সুযোগ রাখা হয়েছে।
তৃতীয় ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশিকা অনুসরণ করতে হবে। আবেদনের সময় কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে রাখতে হবে।
দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের জন্য তৃতীয় ধাপে আবেদনের জন্য ২২০ টাকা অনলাইন আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা পছন্দক্রম সম্পাদন করতে হবে।
সময়সূচি অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চয়ন করা যাবে। মাইগ্রেশনের ফল ১ নভেম্বর রাত ৮টায় প্রকাশিত হবে। নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: চুয়েটে ৩৬ দিন পর বুধবার থেকে ক্লাস শুরু, বিভাগের প্রধানরা নিশ্চিত নন
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পূর্বে নির্বাচন নিশ্চয়ন করা শিক্ষার্থীরা যদি তৃতীয় ধাপে আবেদন করতে চান, তাহলে ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে আগের নিশ্চয়ন বাতিল করতে হবে। সরকারি ছুটির দিন এই ক্ষেত্রে কার্যকর হবে না।
কোটায় আবেদনকারীদের নিজেদের যোগ্যতা অনুযায়ী সঠিক কোটা নির্বাচন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। একই সঙ্গে ভুলভাবে আবেদন করা বা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন