ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ইসরাইলের নির্বাচনে ক্ষমতার জটিলতা ও বর্ণবাদের নতুন চিত্র


ইসরাইলের নির্বাচনে ক্ষমতার জটিলতা ও বর্ণবাদের নতুন চিত্র

২০২৬ সালের ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের সাধারণ নির্বাচন একটি রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি করেছে, যা মৌলিক প্রশ্ন সামনে এনেছে—কোনো রাষ্ট্র কি গণতন্ত্রের ধারক হিসেবে নিজেকে দাবি করতে পারে, যখন তার রাজনৈতিক নেতারা দেশের ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশের সঙ্গে সহযোগিতা করতে অনিচ্ছুক এবং একই সময়ে ফিলিস্তিনিরা দখলদারিত্ব, বাস্তুচ্যুতি ও ভয়াবহ সহিংসতার শিকার হচ্ছে?

নির্বাচনে প্রধান দুইটি ইহুদি-নেতৃত্বাধীন রাজনৈতিক জোট এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়নি। তবে আরব-নেতৃত্বাধীন দলগুলো অভূতপূর্ব নির্বাচনি শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে, যা তাদের সরকার গঠনের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালনের সম্ভাবনা তৈরি করেছে।

অনিশ্চিত নির্বাচনি ফলাফল ও বিভক্ত সংসদ

আরও পড়ুন: ভারতে খিদের জ্বালায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভিডিও ভাইরাল

ইসরাইলের ১২০ সদস্যবিশিষ্ট নেসেটে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জন্য অন্তত ৬১টি আসন প্রয়োজন। নির্বাচনি ফলাফল অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৪টি আসন লাভ করেছে। অন্যদিকে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি এবং আরব-নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রা’আম সম্মিলিতভাবে ১৮টি আসন পেয়েছে।

এই পরিসংখ্যান রাজনৈতিক সংকটের মূল চিত্র তুলে ধরে। প্রতিদ্বন্দ্বী জোটের সদস্যদের সহযোগিতায় রাজি করানো অথবা আরব-নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সমঝোতা করা ছাড়া কোনো পক্ষের পক্ষেই সরকার গঠন করা সম্ভব নয়।

নেতানিয়াহু একটি ডানপন্থি সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আরব দলগুলোকে সরকার গঠনের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নিয়ে আইজেনকট কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলাকালে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহত্তর জোট গঠন অথবা নতুন নির্বাচন—কোনোটির সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না।

আরব দলগুলোর উত্থান: সরকার গঠনে নির্ণায়ক শক্তি

আরও পড়ুন: জেনসেন হুয়াংয়ের পাশে সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তিনেতারা

নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হলো আরব-নেতৃত্বাধীন দলগুলোর নির্বাচনি সাফল্য। তাদের সম্ভাব্য ২০টি আসন ঐতিহাসিক সর্বোচ্চ অর্জনের প্রতিনিধিত্ব করবে। এর মাধ্যমে আরব ভোটারদের বর্ধিত অংশগ্রহণ এবং দেশের রাজনৈতিক গতিপথে প্রভাব বিস্তারের দৃঢ় সংকল্প প্রতিফলিত হয়েছে। সামগ্রিক ভোটার উপস্থিতি প্রায় ৭৮ শতাংশ বলে জানানো হয়েছে; আরব ভোটারদের মধ্যেও উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা গেছে।

ইসরাইলে আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচনি ব্যবস্থা প্রচলিত। ভোটাররা ব্যক্তিগত নির্বাচনি এলাকার প্রার্থীদের পরিবর্তে রাজনৈতিক দলকে ভোট দেন। নির্ধারিত ন্যূনতম ভোটের সীমা পূরণ সাপেক্ষে দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদীয় আসন লাভ করে এবং দলীয় তালিকার ক্রমানুসারে প্রার্থীরা নেসেটে প্রবেশ করেন।

তাহলে আরব-নেতৃত্বাধীন দলগুলোর নির্বাচনি সাফল্য ইসরাইলের সামনে একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক পরীক্ষা হাজির করেছে। তাদের ভোট কি দেশের গণতান্ত্রিক জনমতের অংশ হিসেবে স্বীকৃতি পাবে, নাকি রাজনৈতিক ও জাতিগত বিভক্তি তাদের কার্যকর প্রভাব বিস্তারের পথ রুদ্ধ করবে?

আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতা প্রত্যাখ্যান কি বর্ণবাদ?

আরও পড়ুন: বাহরাইনে সম্ভাব্য হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি

আরব দল বালাদের নেতা সামি আবু শাহাদেহ যুক্তি দিয়েছেন, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে আরব-নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সহযোগিতা করতে ইসরাইলের বিরোধী নেতাদের অনীহার পেছনে বর্ণবাদ কাজ করছে। আল জাজিরায় প্রকাশিত তার বক্তব্যে তিনি এমন একটি জনগোষ্ঠীকে সরকার পরিচালনার সম্ভাবনা থেকে বাদ দেওয়ার সমালোচনা করেন, যারা দেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করে।

প্রধান ইহুদি-নেতৃত্বাধীন দলগুলোর আরব-নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে কাজ করতে অনীহা ইসরাইলের গণতন্ত্র এবং আরব নাগরিকদের নাগরিক অধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। কেবল আরব পরিচয়ের কারণে নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যাখ্যান করা হলে সমান প্রতিনিধিত্বের নীতি লঙ্ঘিত হবে।

এই নির্বাচন সেই নীতিকে কঠোর পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। বিরোধী দলগুলো যদি নিজেদের প্রকৃত গণতান্ত্রিক বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তবে গণতন্ত্রের প্রতি তাদের অঙ্গীকার বাস্তবে কীভাবে কার্যকর হবে, তা স্পষ্ট করতে হবে।

নেতানিয়াহুর টিকে থাকা ও জবাবদিহিতার প্রশ্ন

আরও পড়ুন: ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার প্রস্তাব পাস

নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন ইসরাইলের রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয়। তার জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলেও প্রতিদ্বন্দ্বী দলগুলোর সদস্যদের নিজের পক্ষে টেনে আনা অথবা অন্য রাজনৈতিক গোষ্ঠীগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।

তার আইনি জটিলতাগুলোও গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ফিলিস্তিন পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

নেতানিয়াহু নিজ দেশেও দুর্নীতির মামলায় বিচারাধীন। তার রাজনৈতিক প্রতিপক্ষরা যুক্তি দিয়েছেন, পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে জবাবদিহিতা, আইনের শাসন এবং জনগণের আস্থা পুনরুদ্ধারকে কেন্দ্রীয় গুরুত্ব দিতে হবে। বিরোধী দলগুলোর সামনে দ্বিমুখী চ্যালেঞ্জ রয়েছে—একটি কার্যকর বিকল্প সরকার গঠন করা এবং একই সঙ্গে প্রমাণ করা যে জবাবদিহিতার প্রতি তাদের অঙ্গীকার কেবল একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ক্ষমতাচ্যুত করার মধ্যেই সীমাবদ্ধ নয়।

গাজা ও পশ্চিম তীর: অমীমাংসিত মানবিক সংকট

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় জালিয়াতির স্বীকারোক্তি, সর্বোচ্চ নম্বর ধারীর বিরুদ্ধে তদন্ত শুরু

ইসরাইলের নির্বাচনের তাৎপর্য গাজায় যুদ্ধের বিধ্বংসী পরিণতি এবং অধিকৃত পশ্চিম তীরের চলমান সংকট থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না।

ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এসব ব্যবস্থা আইনগতভাবে গুরুত্বপূর্ণ এবং এর গুরুতর তাৎপর্য রয়েছে। এই আইনি প্রক্রিয়াগুলো মানবিক সংকটের জরুরি অবস্থা কিংবা জবাবদিহিতার প্রয়োজনীয়তাকে খাটো করে না। বরং এগুলো আন্তর্জাতিক আইন ধারাবাহিকভাবে প্রয়োগ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং গুরুতর লঙ্ঘনের বিশ্বাসযোগ্য অভিযোগ তদন্তের গুরুত্ব আরো জোরালোভাবে তুলে ধরে।

বসতি সম্প্রসারণ, বৈষম্য ও ফিলিস্তিনি ভূমির ভবিষ্যৎ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি সম্প্রসারণ ন্যায়সংগত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রধান বাধা। আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক অংশ এসব বসতিকে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে বিবেচনা করে। আন্তর্জাতিক আইনগত মূল্যায়ন ও জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবেও এই বেআইনি দখলের প্রতিফলন রয়েছে।

আরও পড়ুন: জ্বালানি উচ্চমূল্যের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়ছে হাইব্রিড গাড়ির চাহিদা

ফিলিস্তিনি পরিবারগুলো বাস্তুচ্যুতি, কৃষিজমিতে প্রবেশাধিকার হারানো এবং পৈতৃক বাড়িঘর থেকে বিচ্ছিন্ন হওয়ার শিকার হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সমর্থনপুষ্ট বসতি স্থাপনকারীদের সহিংসতার বিভিন্ন প্রতিবেদনও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।

যে সরকার গণতান্ত্রিক বৈধতার দাবি করে, তার বিচার কেবল নির্বাচনি সাফল্যের ভিত্তিতে নয়; বরং তার কর্তৃত্বাধীন জনগণ এবং তার নীতির দ্বারা প্রভাবিত মানুষের সঙ্গে কেমন আচরণ করা হয়, তার ভিত্তিতেও হওয়া উচিত। প্রকৃত গণতন্ত্রের মূল্যায়ন করতে হলে আইনের দৃষ্টিতে সমতা, সংখ্যালঘুদের সুরক্ষা, জাতিগত বৈষম্য থেকে মুক্তি, বিচার বিভাগের স্বাধীনতা এবং মৌলিক অধিকারের প্রতি সম্মান নিশ্চিত করতে হবে। মূল প্রশ্ন হলো, গণতান্ত্রিক অধিকার ও আইনি সুরক্ষা কি সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হচ্ছে, নাকি পরিচয়ভেদে বেছে বেছে তা কার্যকর করা হচ্ছে?

নেতানিয়াহুর লিকুদ পার্টির পক্ষ থেকে আরব-নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে নির্বাচনি জালিয়াতির অভিযোগও নির্বাচনকে বিতর্কিত করেছে। জালিয়াতির অভিযোগকে আরব রাজনীতিবিদদের জনজীবন থেকে বাদ দেওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক প্রেক্ষাপট

ইসরাইলের রাজনৈতিক ভবিষ্যৎ দেশটির আন্তর্জাতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলবে। গাজার যুদ্ধ, সামরিক অভিযানের মানবিক পরিণতি, বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের সঙ্গে আচরণ আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও আইনগত পর্যালোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরকারগুলোর সামনে ক্রমাগত প্রশ্ন উঠছে—ইসরাইলের সঙ্গে তাদের কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের প্রতি তাদের ঘোষিত অঙ্গীকারের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকজন সাংবাদিক ও রাজনীতিবিদ তথাকথিত বসতি স্থাপনকারীদের দ্বারা ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সহায়তায় হামলার শিকার হয়েছেন। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল অসহায় ফিলিস্তিনি কৃষকদের বাস্তব অবস্থা নিজের চোখে দেখা—যাদের বিদেশি দখলদারদের চাপে পৈতৃক বাড়িঘর ও কৃষিজমি ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছিল।

বর্তমান ইসরাইল সরকার তার যেকোনো খারাপ নীতি ও বর্বরতার সমালোচনাকে ইহুদি জনগোষ্ঠীর প্রতি বিদ্বেষ হিসেবে আখ্যায়িত করে থাকে। ইসরাইলি উগ্রপন্থি গোষ্ঠী, সরকার কিংবা নিরাপত্তা বাহিনীর নৃশংসতার সমালোচনা করা ইহুদিবিদ্বেষ নয়।

জোট গঠনের হিসাবের ঊর্ধ্বে গণতন্ত্রের পরীক্ষা

এই নির্বাচন ইসরাইলের রাজনৈতিক নেতাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সুযোগ তৈরি করেছে। আরব-নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সহযোগিতা করলেই ইসরাইলের সংঘাতগুলোর সমাধান হবে, কিংবা ফিলিস্তিনিদের সমান অধিকার নিশ্চিত হবে—এমন কোনো নিশ্চয়তা নেই। তবে ওই দলগুলোকে বাদ দেওয়া হলেই ইসরাইল গণতান্ত্রিক রাষ্ট্র কি না, সে বিষয়ে বড় প্রশ্নের সৃষ্টি হবে।

রাজনৈতিক নেতারা যদি কেবল আরব পরিচয়ের কারণে আরব প্রতিনিধিদের সঙ্গে সহযোগিতা প্রত্যাখ্যান করেন, তাহলে সেই বর্জন সমান নাগরিকত্বের প্রশ্নে গুরুতর প্রশ্ন সৃষ্টি করবে।

গণতন্ত্রের অর্থ হতে হবে সমতা ও ন্যায়বিচার

ইসরাইলের নির্বাচন এমন একটি পরীক্ষার সৃষ্টি করেছে, যার উত্তর কেবল সংসদীয় আসনের হিসাব দিয়ে দেওয়া সম্ভব নয়—রাজনৈতিক ক্ষমতা কি সমান অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হবে, নাকি বর্জন ও বৈষম্যই রাজনৈতিক বাস্তবতার হয়ে থাকবে?

এ প্রশ্নের উত্তর শুধু ইসরাইলের ভোটারদের জন্য নয়, ফিলিস্তিনি, বৃহত্তর মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লেখক: অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের ইমেরিটাস অধ্যাপক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল্লাহর হক আদায় করার ১৬ উপায় ও গুরুত্ব নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ এম


আল্লাহর হক আদায় করার ১৬ উপায় ও গুরুত্ব নিয়ে আলোচনা

‘হক’ শব্দটি অধিকার, অংশ ও প্রাপ্য বোঝায়। হক দুই ধরনের হয়ে থাকে। প্রথমত, হাক্কুল্লাহ বা আল্লাহর হক এবং দ্বিতীয়ত, হাক্কুল ইবাদ বা বান্দার হক।

প্রথমত, আল্লাহর হক : হাক্কুল্লাহ বা আল্লাহর হক হচ্ছে যা মহান আল্লাহ তাঁর বান্দার কাছে প্রাপ্য। এটি সম্পূর্ণরূপে তাঁর সঙ্গে সম্পর্কিত। উদাহরণস্বরূপ—একমাত্র আল্লাহর ইবাদত করা, তাঁর সঙ্গে কাউকে শরিক না করা।

দ্বিতীয়ত, বান্দার হক : আল্লাহ ছাড়া আল্লাহর অন্যান্য সৃষ্টির সঙ্গে সম্পর্কিত হককে হাক্কুল ইবাদ বা বান্দার হক বলা হয়। যেমন—মা-বাবার হক, স্বামী-স্ত্রীর হক ইত্যাদি।

এখানে আল্লাহর হক সম্পর্কে আলোচনা করা হবে, ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাঁর হক সম্পর্কে বলেন, ‘আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাঁর সঙ্গে কাউকে শরিক কোরো না।’ (সুরা : নিসা, আয়াত : ৩৬)

মুআজ (রা.) বলেন, উফায়র নামক একটি গাধার পিঠে আমি রাসুলুল্লাহ (সা.)-এর পেছনে আরোহী ছিলাম। তিনি আমাকে বললেন, হে মুআজ! তুমি কি জানো বান্দার ওপর আল্লাহর হক কী এবং আল্লাহর ওপর বান্দার হক কী? আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসুল ভালো জানেন। তখন তিনি বলেন, বান্দার ওপর আল্লাহর হক হলো বান্দা তাঁর ইবাদত করবে এবং তাঁর সঙ্গে কাউকে শরিক করবে না। আর আল্লাহর ওপর বান্দার হক হলো, যদি সে তাঁর ইবাদতে কাউকে শরিক না করে তবে আল্লাহ তাকে শাস্তি দেবেন না। (বুখারি, হাদিস : ২৮৫৬)

উক্ত হাদিসে আল্লাহর দুটি হক প্রমাণিত হয়।

প্রথমত, একমাত্র আল্লাহর ইবাদত করা : বান্দার প্রতি মহান আল্লাহর প্রধান হক হলো বান্দা একমাত্র তাঁর ইবাদত করবে। ইবাদত শব্দের অর্থ হলো আনুগত্য করা, নত হওয়া ও বিনম্র হওয়া। আল্লাহর আদেশ বাস্তবায়ন করা এবং নিষেধ থেকে বিরত থাকা ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহর ইবাদত করা এমন একটি গুরুত্বপূর্ণ হক, যার জন্য আল্লাহ মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন। (সুরা : জারিয়াত, আয়াত : ৫৬)

দ্বিতীয়ত, শিরক না করা : মহান আল্লাহর দ্বিতীয় হক হলো তাঁর ইবাদতে কাউকে শরিক না করা। আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা শিরকের মাধ্যমে আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। এজন্য শিরক জঘন্যতম অপরাধ। আল্লাহর হক সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা হলো—

তৃতীয়ত, আল্লাহর প্রতি ঈমান আনা : বান্দার প্রতি আল্লাহর অন্যতম হক হলো তাঁর প্রতি ঈমান আনা। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! তোমরা (পূর্ণরূপে) বিশ্বাস স্থাপন করো আল্লাহর ওপর, তাঁর রাসুলের ওপর এবং ওই কিতাবের ওপর, যা তিনি নাজিল করেছেন।’ (সুরা : নিসা, আয়াত : ১৩৬)

চতুর্থত, ঈমানের ওপর দৃঢ় থাকা : মুমিনের প্রতি আল্লাহর হক হলো ঈমানের ওপর দৃঢ় থাকা। কোনো অবস্থায় ঈমান ত্যাগ না করা, ঈমান বিধ্বংসী কাজ না করা ইত্যাদি। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ। অতঃপর তার ওপর দৃঢ় থাকে, তাদের ওপর ফেরেশতামণ্ডলী নাজিল হয় এবং বলে যে, তোমরা ভয় পেয়ো না ও চিন্তান্বিত হয়ো না। আর তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল।’ (সুরা : হা-মিম-সাজদাহ, আয়াত : ৩০)

পঞ্চমত, ইখলাসের সঙ্গে ইবাদত করা : বান্দার কাছে আল্লাহর অন্যতম হক হলো শুধুমাত্র তাঁর জন্যই ইবাদত করা। সুরা ফাতিহায় প্রতি রাকাতে আমরা বলি, ‘আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই।’ (সুরা : ফাতিহা, আয়াত : ৪)

ষষ্ঠত, আল্লাহকে ভয় করা : আল্লাহ তাআলার হক হলো একমাত্র তাঁকেই ভয় করা। আল্লাহ বলেন, ‘তোমরা শুধু আমাকেই ভয় করো।’ (সুরা : বাকারাহ, আয়াত : ৪০)

সপ্তমত, সালাত আদায় করা : ঈমানের পর সালাতের স্থান। অন্যত্র তিনি বলেন, ‘বলো, আমার সালাত ও আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ, সব কিছু জগৎসমূহের রব আল্লাহর জন্য।’ (সুরা : আনআম, আয়াত : ১৬২)

অষ্টমত, জাকাত প্রদান করা : ইসলামে সালাতের পর জাকাতের স্থান। এটি মহান আল্লাহর অন্যতম হক।

নবমত, সিয়াম পালন করা : সিয়াম পালন করাও আল্লাহর হক। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ বলেন, ‘সিয়াম আমার জন্যই, আমিই এর প্রতিদান দেব। সে আমার সন্তোষ অর্জনের জন্যই তার প্রবৃত্তি ও পানাহার ত্যাগ করেছে।’ (বুখারি, হাদিস : ৭৪৯২)

দশমত, হজ পালন করা : সম্পদশালী মুসলিমের ওপর আল্লাহর জন্য তাঁর ঘর জিয়ারত করা আল্লাহর অন্যতম হক। আল্লাহ বলেন, ‘আর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ ফরজ করা হলো ওই লোকদের ওপর, যাদের এখানে আসার সামর্থ্য আছে। আর যে ব্যক্তি তা অস্বীকার করে (সে জেনে রাখুক যে) আল্লাহ জগদ্বাসী থেকে অমুখাপেক্ষী।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৯৭)

একাদশত, আল্লাহর বিচার মেনে নেওয়া : আল্লাহর বিচার ফয়সালা মেনে নেওয়া তাঁর অন্যতম অধিকার। মহান আল্লাহ বলেন, ‘আদেশ দানের ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই।’ (সুরা : ইউসুফ, আয়াত : ৪০)

দ্বাদশত, অবিলম্বে তাওবা করা : প্রত্যেক প্রাণীই মরণশীল। তাই প্রত্যেক মানুষের উচিত অনতিবিলম্বে তাওবা করা। আল্লাহ বলেন, ‘হে মুমিনরা! তোমরা আল্লাহর কাছে তাওবা করো বিশুদ্ধ তাওবা।’ (সুরা : তাহরিম, আয়াত : ৮)

তেরতম, শুকরিয়া আদায় করা : মহান আল্লাহ মানুষকে বহু নিয়ামত দিয়েছেন। মানুষ তা গণনা করে শেষ করতে পারবে না। তাই মানুষের প্রতি আল্লাহর অন্যতম হক হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেন, ‘অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না।’ (সুরা : বাকারাহ, আয়াত : ১৫২)

চৌদ্দতম, তাওয়াক্কুল করা : আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা করা আল্লাহর অন্যতম হক। তিনি বলেন, ‘একান্তভাবে আল্লাহর ওপর ভরসা করো, যদি তোমরা বিশ্বাসী হও।’ (সুরা : মায়িদা, আয়াত : ২৩)

পনেরতম, আল্লাহকে স্মরণ করা : আল্লাহকে স্মরণ করা আল্লাহর অন্যতম নির্দেশ। মহান আল্লাহ বলেন, ‘অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব।’ (সুরা : বাকারাহ, আয়াত : ১৫২)

ষোলতম, আল্লাহকে ভালোবাসা : নিরঙ্কুশ ভালোবাসা পাওয়ার একমাত্র অধিকারী হলেন আল্লাহ তাআলা। নবী করিম (সা.) বলেন, তিনটি গুণ যার মধ্যে আছে, সে ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারে—১. আল্লাহ ও তাঁর রাসুল তার কাছে অন্য সব কিছু থেকে বেশি প্রিয় হওয়া; ২. কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা; ৩. কুফরিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা। (বুখারি, হাদিস : ১৬)

মহান আল্লাহ আমাদের তাঁর হকগুলো আদায় করার তাওফিক দান করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের পরেও ইরানের কাছে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র মজুত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


যুদ্ধের পরেও ইরানের কাছে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র মজুত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারাবাহিক হামলার ফলে সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও, ইরানের কাছে আনুমানিক এক হাজার ৫০০ থেকে দুই হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র এখনো মজুত রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল রোববার মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে প্রশ্নের সম্মুখীন করেছে, যেখানে তিনি দাবি করেছিলেন যে, ইরানের সামরিক সক্ষমতা প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

সংবাদপত্রটি মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, গোয়েন্দা মূল্যায়নের তথ্য অনুযায়ী, ইরানের হাতে উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে। ফলে যদি নতুন করে সংঘাত শুরু হয়, তবে দেশটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা রাখে।

তবে, কর্মকর্তারা জানিয়েছেন যে, এই মূল্যায়নের বিষয়ে গোয়েন্দাদের আস্থার মাত্রা কম। কারণ, ইরানের কতগুলো ক্ষেপণাস্ত্র তাৎক্ষণিকভাবে নিক্ষেপের উপযোগী এবং কতগুলো এখনো মজুত অবস্থায় রয়েছে, তা নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের পূর্বের তুলনায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পুনর্গঠনের প্রক্রিয়া ধীর গতিতে চলছে। তবে দেশটির হাতে উল্লেখযোগ্যসংখ্যক ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে, যা আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা বজায় রেখেছে।

এতে বলা হয়েছে, ইসরাইলি সামরিক কর্মকর্তাদের ধারণা, ইরানের হাতে এক হাজার ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এ বিষয়ে বিভিন্ন আঞ্চলিক মূল্যায়নে ভিন্নতা দেখা যাচ্ছে।

মধ্যপ্রাচ্যবিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী সিমোন লিডিন মন্তব্য করেছেন যে, নিম্নতম হিসাবটিও সঠিক হলে, যুদ্ধের পূর্বের তুলনায় ইরান তার ক্ষেপণাস্ত্র ভান্ডারের অর্ধেকেরও বেশি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা, রাডার ব্যবস্থা এবং আগাম সতর্কীকরণ অবকাঠামোর দুর্বলতা তুলে ধরেছে।

এদিকে, ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু না করে, নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পথ বেছে নিয়েছে।

অন্যদিকে, ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় মিত্রদেশগুলো নতুন করে সংঘাত শুরু না করার বিষয়ে সতর্ক রয়েছে। তবে, ইসরায়েল এখনো ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থান ধরে রেখেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সূত্র: আনাদোলু

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে আট মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


চট্টগ্রামে আট মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিক অভিযান

চট্টগ্রাম মহানগরীতে গত আট মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করেছে পুলিশ। ঝটিকা মিছিল, মিছিলের প্রস্তুতি, গোপন বৈঠক এবং রাজনৈতিক কর্মসূচি পালনের অভিযোগে এসব অভিযান চালানো হয়েছে। মিছিলের পরপরই গ্রেপ্তারের পাশাপাশি ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করেছে পুলিশ।

পুলিশের তথ্য পর্যালোচনার মাধ্যমে দেখা যায়, নগরীর কোতোয়ালি, খুলশী, পাঁচলাইশ এবং ডবলমুরিং থানা এলাকায় সবচেয়ে বেশি অভিযান ও গ্রেপ্তার হয়েছে। তুলনামূলকভাবে কম অভিযান হয়েছে বন্দর, পতেঙ্গা, আকবরশাহ, পাহাড়তলী, হালিশহর, বাকলিয়া এবং কর্ণফুলী থানা এলাকায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান শওকত আলী মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, "নাশকতা চালিয়ে জানমালের ক্ষতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।" এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে অভিযান আরো জোরদার করা হয়েছে।

সিএমপি কমিশনার আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নাশকতার পরিকল্পনা, প্রস্তুতি কিংবা সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নগর পুলিশের তথ্যানুযায়ী, ১৮ ফেব্রুয়ারি রাতে নগরীর লালদীঘির পাড়ে আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে ছাত্রলীগের সংগঠক কায়েদে আজম বাচ্চুকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। পরদিন পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

এছাড়া ২০ ফেব্রুয়ারি নগরীর রাইফেলস ক্লাবের সামনে ঝটিকা মিছিলের ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ২০ এপ্রিল নগরীর কোর্ট হিল এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানায় কোতোয়ালি থানা পুলিশ। ২৪ ও ২৫ এপ্রিল ঝটিকা মিছিলের ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে কোতোয়ালি থানা পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে।

১৪ মে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে নগরীর জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলের অভিযোগ ওঠে। পরদিন ১৫ মে সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

জুনে পুলিশের অভিযান সবচেয়ে বেশি আলোচনায় আসে। ১ জুন নগরীর জিইসি মোড়ে ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ।

২ জুন সিএমপি জানায়, আগের ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মিছিলে অংশ নেওয়া, নাশকতামূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

থানাভিত্তিক হিসাবে খুলশীতে সবচেয়ে বেশি ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি ও বায়েজিদ বোস্তামীতে ১২ জন করে, পাঁচলাইশে ১০ জন এবং ডবলমুরিংয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ইপিজেডে তিনজন, বাকলিয়া ও কর্ণফুলীতে দুজন করে এবং চকবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গায় একজন করে গ্রেপ্তার করা হয়। ৬ জুন মিছিলের ঘটনায় ডবলমুরিং থানা পুলিশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানায়।

আগস্টে পাঁচলাইশ ও ডবলমুরিংয়ে অভিযান

২৮ আগস্ট নগরীর মুরাদপুর ১ নম্বর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। মিছিলে অংশ নেওয়ার প্রস্তুতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।

একই মাসে ডবলমুরিং থানা এলাকাতেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

সেপ্টেম্বরেও নগর ও জেলার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল হয়। ২৫ সেপ্টেম্বর পটিয়া উপজেলার ইন্দ্রপুল বাইপাস এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে ২০-৩০ জন অংশ নেন। এর আগে নগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকাতেও মিছিল হয়। বায়েজিদ বোস্তামী ও সীতাকুণ্ডের দুটি ঘটনায় ছয়জন করে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

২৭ সেপ্টেম্বর রাতে বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার প্রস্তুতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে দুটি কেক জব্দের কথাও জানায়।

২৯ সেপ্টেম্বর নগরীর খুলশী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

ঝটিকা মিছিল ঠেকাতে নজরদারি

সিএমপির সহকারী কমিশনার বলেন, সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে। তাই তাদের কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। তিনি জানান, অনেক সময় নেতাকর্মীরা ফাঁকা রাস্তা বা জনশূন্য এলাকায় মিছিল করে দ্রুত সরে যান। এসব ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, কোতোয়ালি, খুলশী, পাঁচলাইশ এবং ডবলমুরিং থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। এক অভিযানে সর্বোচ্চসংখ্যক গ্রেপ্তারের হিসাবে এগিয়ে খুলশী। ২ জুনের বিশেষ অভিযানে সেখানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক তৎপরতা ঠেকাতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জানুয়ারী থেকে সিলেটে চালু হচ্ছে ২৫০ শয্যার হাসপতাল

আন্তর্জাতিক ডেস্ক

আবুল কাশেম রুমন,সিলেট প্রতিনিধি

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৬ এম


জানুয়ারী থেকে সিলেটে চালু হচ্ছে ২৫০ শয্যার হাসপতাল

[১] জানুয়ারী থেকে সিলেটে চালু হচ্ছে ২৫০ শয্যার হাসপতাল। ১৪ নভেম্বর ২০২৬ইং (শনিবার) সিলেটে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমন তথ্য জানিয়েছেন।
[২] সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ২০২৭ সালের জানুয়ারি  থেকে বহির্বিভাগের মাধ্যমে সেখানে চিকিৎসাসেবা চালুর আশা করা হচ্ছে।
[৩] এর আগে সেপ্টেম্বরের শুরুতে সিলেটে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, সিলেটে উদ্বোধনের অপেক্ষায় থাকা ২৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালের ফার্নিচার ও পপ্রয়োজনীয় যন্ত্রপাতির টেন্ডার সম্পন্ন হয়েছে। সামান্য কিছু কাজ বাকি রয়েছে। আগামী তিন মাসের মধ্যে হাসপাতালটি চালু করার লক্ষ্যে দ্রুতগতিতে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
[৪] নগরের চৌহাট্টা এলাকায় প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেন এই হাসপাতাল। নির্মাণকাজ ২০২৩ সালে শেষ হলেও এতোদিন এটি চালু করা যায়নি। প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ঐতিহ্যবাহী আবুসিনা ছাত্রাবাস ভেঙে নির্মাণ করা এ হাসপাতাল। ২০১৯ সালের জানুয়ারিতে ৬ দশমিক ৯৮ একর জায়গার ওপর এই জেলা হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণপূর্ত অধিদপ্তর হাসপাতালটির অবকাঠামো নির্মাণের দায়িত্ব দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান পদ্মা অ্যাসোসিয়েশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে। ২০২০ সালের জানুয়ারিতে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি।
[৫] শনিবারের অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, মন্ত্রী জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটি চালু হলে সেখানে অতিরিক্ত প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসাসেবা পাবেন।
[৬] তিনি বলেন, সিলেটে শিশুদের চিকিৎসাসেবা আরও উন্নত করতে আগামী বছরের বাজেটে ২০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলে বিশেষায়িত চিকিৎসার পরিসর ও সক্ষমতা বহুলাংশে বাড়বে।

 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%