০৩:৫৪ পি.এম
প্রবাসী বাংলাদেশি কর্মীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, "প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই।"
দলটির পক্ষ থেকে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধের পাশাপাশি, রাশিয়ায় কর্মসংস্থানের নামে প্রতারণা ও ঝুঁকিপূর্ণ নিয়োগ বন্ধে যথাযথ যাচাই, ইউরোপে বৈধ চাকরির ক্ষেত্রে BMET-এর অপ্রয়োজনীয় জটিলতা নিরসন এবং ইউরোপীয় ভিসা সেবা বাংলাদেশে সম্প্রসারণসহ সাত দফা দাবি জানানো হয়েছে।
রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী এসব দাবি তুলে ধরেন।
আরও পড়ুন: নিউইয়র্কে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ
মজিবুর রহমান মঞ্জু বলেন, "প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই। তারা বাংলাদেশের নাগরিক এবং দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার।" তিনি আরও বলেন, "তাদের শ্রম, ঘাম ও ত্যাগের ওপর দেশের অর্থনীতির একটি বড় অংশ দাঁড়িয়ে আছে। অথচ বিদেশে যেতে গিয়ে তাদের প্রতারণা, ঋণের বোঝা, হয়রানি ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়।"
তিনি উল্লেখ করেন, "প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর দেশের অর্থনীতি নির্ভরশীল হলেও তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব পালনে যথেষ্ট ঘাটতি রয়েছে।" মঞ্জু বলেন, "প্রবাসীদের কল্যাণকে কেবল রেমিট্যান্সের হিসাব দিয়ে বিবেচনা করা যাবে না। তাদের নিরাপদ অভিবাসন, ন্যায্য কর্মসংস্থান, আইনি সুরক্ষা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে হবে। সরকারকে অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।"
তিনি আরও বলেন, "প্রবাসী কর্মীরা কোনো পণ্য নন; তারা বাংলাদেশের নাগরিক। তাদের অধিকার ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।"
মঞ্জু সরকারকে উদ্দেশ্যে করে বলেন, "সব ধরনের প্রতিকূল পরিস্থিতি ও বাস্তবতা বিবেচনায় নিয়েই বিএনপি ৩১ দফা দিয়েছিল।" তিনি বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে আপনারা যেসব নোট অব ডিসেন্ট দিয়েছিলেন, গণভোটে জনগণের রায়ের পর সেগুলো অকার্যকর হয়ে গেছে।"
আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারিতে ৩০০ জন নির্বাচিত
বর্তমান নিরাপত্তা উপদেষ্টাসহ চট্টগ্রাম বন্দরের বিষয়ে আপনারা নোট অব ডিসেন্ট দিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় এসে সেই নিরাপত্তা উপদেষ্টাকেই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, আর চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডেকে ইজারা দিয়েছেন। তাহলে গণভোটের গণরায় মানতে এতো অনীহা কেন? গণভোটের গণরায়ের পর নোট অব ডিসেন্টের আর কোন রাজনৈতিক ভিত্তি নেই।
প্রেস ব্রিফিংয়ে এবি পার্টির পক্ষ থেকে সরকারের কাছে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. মালয়েশিয়াসহ সব শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. নিয়োগ ব্যয়ের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব প্রকাশ এবং কর্মীদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় বন্ধ করতে হবে।
আরও পড়ুন: মার্কিন রাজ্য নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে ৪ বাংলাদেশি বংশোদ্ভূত বিজয়ী
৩. রাশিয়াসহ ঝুঁকিপূর্ণ শ্রমবাজারে নিয়োগকর্তা, চাকরির চুক্তি ও কাজের প্রকৃতি যাচাইয়ের বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. ইউরোপে বৈধ চাকরি ও ভিসা পাওয়া কর্মীদের BMET ছাড়পত্র দ্রুত ও স্বচ্ছভাবে প্রদান করতে হবে।
৫. ইউরোপীয় ভিসার আবেদন ও বায়োমেট্রিক সেবা বাংলাদেশে সম্প্রসারণে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।
৬. বিদেশে প্রতারণা, বেতন না পাওয়া, পাসপোর্ট আটকে রাখা ও মানবপাচারের শিকার কর্মীদের জন্য দ্রুত আইনি সহায়তা এবং দেশে ফেরার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনই চকরিয়ার বাসিন্দা
৭. প্রবাসী কর্মীদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য একটি সমন্বিত, সহজলভ্য ও কার্যকর ডিজিটাল ব্যবস্থা চালু করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) গাজী নাসির, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার, সহ সাংগঠনিক সম্পাদক( ঢাকা) শাহজাহান বেপারী, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, প্রবাসী বিষয়কসহ সম্পাদক চৌধুরী মশিউল আযম সাকিব, নুরুন্নবী নয়ন, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু, মোহসীনুল হক চৌধুরী, উদ্যোক্তা ও কর্মসংস্থান বিষয়কসহ সম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, বরিশাল মহানগর সদস্য সচিব জি.এম রাব্বি, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী ও বরিশালের নেতা জাকির হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন