ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

নারী গ্রেপ্তার, ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ


নারী গ্রেপ্তার, ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০ লাখ ১০ হাজার ৭০০ টাকা আত্মসাতের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে, যিনি কানাডার একটি কোম্পানিতে চাকরি দেয়ার কথা বলে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়েছিলেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে নীলফামারীর কিশোরগঞ্জ থানার নয়ানখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নারীর নাম নার্গিস বেওয়া ওরফে সালমা আক্তার (২৬)। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ থানার মৃত ছকমল হোসেনের কন্যা।

আরও পড়ুন: অ্যাপল গ্লোবাল টেলরের এমডি-চেয়ারম্যানকে ২২ বছরের কারাদণ্ড, ৯২৬ কোটি টাকা জরিমানা

সিআইডি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের প্রকৃত পরিচয় ও অবস্থান শনাক্ত করার পর তাকে কিশোরগঞ্জ থানার নয়ানখাল এলাকায় গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, অভিযুক্ত নারী কানাডার একটি কোম্পানিতে চাকরি দেয়ার কথা বলে ভুক্তভোগীর সঙ্গে মোট ৩০ লাখ টাকার মৌখিক চুক্তি করেন বিদেশে পাঠানোর জন্য। গত বছরের ২৮ মে থেকে ২৪ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ১৭ লাখ ৮১ হাজার ৮৯০ টাকা এবং নগদ ও রকেটের মাধ্যমে আরও ২ লাখ ২৮ হাজার ৮১০ টাকা নেয়া হয়। সব মিলিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ২০ লাখ ১০ হাজার ৭০০ টাকা নেয়া হয়।

টাকা নেয়ার পর কানাডায় যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হয়। পরে ওই কাগজপত্র নিয়ে কানাডা অ্যাম্বাসিতে যোগাযোগ করা হলে যাচাই-বাছাইয়ের পর সেগুলো ভুয়া বলে জানানো হয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী কাফরুল থানায় মামলা করেন।

সিআইডির তদন্তে জানা যায়, গ্রেপ্তার নারীসহ চক্রের অন্য সদস্যরা পরস্পর যোগসাজশে বিদেশে পাঠানোর কথা বলে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করতেন। এসব কাগজপত্রকে আসল হিসেবে ব্যবহার করে ভুক্তভোগীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেয়া হয়। অভিযুক্ত নারী নিজের প্রকৃত নাম-ঠিকানা গোপন করে এসব কর্মকাণ্ড পরিচালনা করছিলেন বলে সিআইডি জানিয়েছে।

আরও পড়ুন: শরীয়তপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, ৩৬ গ্রেফতার

সিআইডি আরও জানায়, মামলার তথ্য বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার প্রকৃত পরিচয় শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। আত্মসাৎ করা অর্থের সম্পূর্ণ পরিমাণ, অর্থের গতিপথ এবং চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা জোরদারের তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা জোরদারের তাগিদ

বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও গতিশীল ও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ।

বৈঠকের সময় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়। বিশেষ করে দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

উভয় পক্ষ আধুনিক যুদ্ধক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চতর সামরিক প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে পারস্পরিক অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে সম্মত হন।

সাক্ষাৎকালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং অবদানের ভূয়সী প্রশংসা করেন অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মি। বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অভিজ্ঞ শান্তিরক্ষীদের যৌথ প্রশিক্ষণ এবং প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্র প্রসারে আগ্রহ প্রকাশ করে অস্ট্রেলিয়া।

প্রতিরক্ষা উপদেষ্টা বিগত বছরগুলোতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির জন্য মেজর জেনারেল ক্রিস স্মিথকে ধন্যবাদ জানান। এই সফরের মাধ্যমে উভয় দেশের সেনাবাহিনীর পেশাগত বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাতির নেতৃত্বে ৭০ বছরে অভিষেক ক্রিকেটে, চিলির ইভোনে গড়লেন নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


নাতির নেতৃত্বে ৭০ বছরে অভিষেক ক্রিকেটে, চিলির ইভোনে গড়লেন নতুন রেকর্ড

চিলির ৭০ বছর বয়সী ইভোনে ভিলদোসোলা আবারও প্রমাণ করলেন যে বয়স কেবল একটি সংখ্যা। তিনি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে অভিষেক করার একটি অনন্য ও অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়েছেন। চিলির জাতীয় নারী ক্রিকেট দল 'লাস লোইকাস'-এর হয়ে কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ওপেনার হিসেবে মাঠে নেমে এই কীর্তি অর্জন করেন তিনি।

এই ঐতিহাসিক ম্যাচের সবচেয়ে চমকপ্রদ এবং আবেগঘন দিকটি ছিল, যখন ইভোনে ভিলদোসোলা দেশের হয়ে আন্তর্জাতিক ক্যাপ মাথায় নিচ্ছিলেন, তখন তার ১৬ বছর বয়সী নাতনি ক্যামিলা ওয়ারস দলের অধিনায়কত্ব করছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে নাতনির অধীনে দাদির খেলার এমন ঘটনা ইতিহাসে এটাই প্রথম।

যেভাবে ক্রিকেটে আগমন

ইভোনের ক্রিকেটীয় যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালে। চিলির নিউবলে অঞ্চলে নারী ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক জ্যানেট গার্সেসের উদ্যোগে একটি 'মা-মেয়ে' ক্রিকেট ইভেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানে নাতনি ক্যামিলার বিশেষ অনুরোধে প্রথমবার মাঠে গিয়ে ক্রিকেটের ব্যাট-বলের সাথে পরিচয় ঘটে এই প্রবীণের। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। কঠোর পরিশ্রম এবং খেলার প্রতি ভালোবাসা তাকে ৭০ বছর বয়সে চিলির জাতীয় দলে জায়গা করে দিয়েছে।

রেকর্ড বইয়ে ইভোনে

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে (পুরুষ ও নারী উভয় ক্যাটাগরিতে) সবচেয়ে বেশি বয়সে অভিষেক করার বিশ্বরেকর্ড এখন ইভোনের দখলে। সামগ্রিক পেশাদার ক্রিকেটের ইতিহাসে ১৯৫০-৫১ মৌসুমে ৭২ বছর বয়সে ভারতের রাজা মহারাজ সিংয়ের প্রথম শ্রেণির অভিষেকের পর ভিলদোসোলা সবচেয়ে প্রবীণতম ক্রিকেটার হিসেবে মাঠে নামলেন।

অভিষেক ম্যাচে ব্যাটিংয়ে নেমে কোনো রান না করেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। শারীরিক প্রতিবন্ধকতা ও জয়েন্টের সমস্যার কারণে তিনি বল করতে পারেন না, তবে ক্রিকেটীয় টেকনিক মেনে সোজাসুজি শট খেলে ব্যাটিং করতে পছন্দ করেন।

ম্যাচ শেষে চিলির অধিনায়ক ও নাতনি ক্যামিলা ওয়ারস জানিয়েছেন, মাঠে তার দাদির উপস্থিতি পুরো দলের জন্য এক বিশাল শক্তির উৎস ছিল। রানের খাতার চেয়ে বয়সকে জয় করে মাঠে নামার এই মানসিকতা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে। বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিমানবন্দর ও স্থলবন্দরের সীমান্ত নিরাপত্তা আধুনিকীকরণ, প্রযুক্তি হস্তান্তর, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা, সিঙ্গাপুরের রাজনৈতিক ইতিহাসসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের সময় সিঙ্গাপুরের প্রতিনিধি বাংলাদেশের সীমান্ত ও ইমিগ্রেশন নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কারিগরি সহায়তার বিষয়ে সিঙ্গাপুরের আগ্রহের কথা তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যিক পরিধি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে শিগগিরই বাংলাদেশে পূর্ণাঙ্গ হাইকমিশনার নিয়োগ সম্পন্ন হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদী কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সরকার বাংলাদেশের সীমান্ত ও বিমানবন্দরগুলোতে সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক ইমিগ্রেশন ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছে। উগ্রবাদ মোকাবিলা, পুলিশের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলেও মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে সিঙ্গাপুর মিশন প্রধানের উত্তরসূরি ফিলিপ ওং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, সিঙ্গাপুর মিশনের দ্বিতীয় সচিব ধান্য লিঙ্গেশ প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবি শিক্ষার্থীর বাবার বাসচাপায় মৃত্যু, উপাচার্যকে ৬ দফা দাবি জানালেন তারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


ইবি শিক্ষার্থীর বাবার বাসচাপায় মৃত্যু, উপাচার্যকে ৬ দফা দাবি জানালেন তারা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলের ভাড়া করা বাসের দুর্ঘটনায় আইন বিভাগের এক শিক্ষার্থীর বাবার মৃত্যু ঘটেছে। এর পর ক্ষতিপূরণসহ ৬ দফা দাবিতে বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ করে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মানববন্ধন কর্মসূচির ব্যানারে শিক্ষার্থীরা মিছিল করে স্মারকলিপি জমা দেন। এর আগে, মীর মোশাররফ হোসেন ভবন থেকে স্লোগান দিয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিলে, প্রক্টরিয়াল বডি তাৎক্ষণিকভাবে প্রশাসনের কাছে তাদের নিয়ে যায়।

শিক্ষার্থীদের হাতে ‘নিরাপদ সড়ক চাই, ভাড়ায় চালিত গাড়ি বন্ধ চাই, সেফ রোড সেফ জার্নি, ফিটনেস বিহীন গাড়ি বন্ধ করতে হবে, উপযুক্ত শাস্তি ও ক্ষতিপূরণ দিতে হবে, উই ওয়ান্ট জাস্টিস’ লেখা প্লেকার্ড দেখা যায়।

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো— অভিযুক্ত চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা, নিহতের পরিবারকে কমপক্ষে ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া এবং ভুক্তভোগী শিক্ষার্থীর যাবতীয় দায়িত্ব প্রশাসনের গ্রহণ করা।

এছাড়া নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে ক্যাম্পাস সংলগ্ন মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানে ট্র্যাফিক ব্যবস্থা জোরদার ও স্পিড ব্রেকার স্থাপন, বাসের ফিটনেস ও চালকদের লাইসেন্স যাচাইয়ে স্থায়ী কমিটি গঠন, নিজস্ব বাসের সংখ্যা বৃদ্ধি, চালকদের ডোপ টেস্ট করানো এবং ভাড়ায় চালিত বাসের গতিসীমা লঙ্ঘন বা উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগ প্রমাণিত হলে চুক্তি বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি জমা দেওয়ার সময় উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান সার্বিক বিষয় খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, শনিবার আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ভাড়া করা বাসের মাধ্যমে ১১ মাইল এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আইন বিভাগের এক শিক্ষার্থীর বাবা নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%