০৮:১৯ পি.এম
বিদেশে চাকরি ও ব্যবসার সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, বিদেশে নিয়ে হয়রানি, শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগে জামালপুরে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা।
সোমবার দুপুরে শহরের দেউরপাড় চন্দ্রা এলাকায় ঘণ্টাব্যাপী আয়োজিত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ভুক্তভোগী বাহাউদ্দীন খান, সালাউদ্দিন, মিলন সরকার ও তাদের পরিবারের সদস্যরা। কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন ভুক্তভোগীদের স্বজন আকলিমা এবং নার্গিস বেগমসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সৌদি আরবপ্রবাসী শেখ ফরিদ দীর্ঘদিন থেকেই বিদেশে চাকরি ও ব্যবসার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্নের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছেন। তবে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার বিপরীতে চাকরি বা ব্যবসার ব্যবস্থা না করে অনেককে নানান ধরনের হয়রানি সৃষ্টি করতে হয়েছে।
আরও পড়ুন: সকালে যুবদল নেতা, সন্ধ্যায় ব্যবসায়ী গুলিবিদ্ধ খুলনায়
ভুক্তভোগীরা দাবি করেন, বিদেশে যাওয়ার আশায় অনেকে জমি বিক্রি করেছেন, আবার কেউ ধার দেনা করে অর্থ সংগ্রহ করেছেন। কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার পর তাদের প্রতিশ্রুত চাকরি দেওয়া হয়নি। অনেককে অমানবিক পরিবেশে রাখা হয়েছে এবং কাজ করিয়েও বেতন প্রদান করা হয়নি। এছাড়া নির্ধারিত কাজের পরিবর্তে বরাদ্দ করা কাজের বাইরে কাজ করতেও বাধ্য করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, এই সব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলে শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এর ফলে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
মানববন্ধন থেকে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা দ্রুত শেখ ফরিদকে গ্রেফতার করে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে জানার জন্য শেখ ফরিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: বরিশালে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামির বাড়িতে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন