১০:৩২ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিরোধের কারণে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে সংঘর্ষটি ঘটে।
গুলিবিদ্ধ দুইজন হলেন ফুল মিয়া (৬০) এবং উম্মে হানি (২২)। ফুল মিয়া চরলাপাং গ্রামের বাসিন্দা এবং উম্মে হানি সুমন মিয়ার স্ত্রী। তাদের উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সূত্রে জানা যায়, চরলাপাং গ্রামে একটি সড়ক নির্মাণের সময় গ্রামের অহিদ মিয়া বাধা দেন। এই নিয়ে তার এবং গ্রামবাসীর মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি সড়কটির নির্মাণকাজ শেষ হয়। সড়কটি নির্মাণের পর মুসলেম মিয়া কৃষকদের জমিতে ভাড়ায় চাষ দেওয়ার জন্য একটি ট্রাক্টর কিনে আনেন। এতে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। ট্রাক্টর ভাড়া ব্যবসায় একক আধিপত্য নষ্ট হওয়ার আশঙ্কায় অহিদ মিয়া এবং তার ভাই উবায়দুল মিয়া মুসলেম মিয়ার ওপর ক্ষুব্ধ হন। এই নিয়ে কয়েক দিন ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার
এই উত্তেজনার জের ধরে শনিবার রাতে অহিদ মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর গ্রাম থেকে ভাড়ায় লোকজন আনেন। অহিদ মিয়ার নেতৃত্বে ওই লোকজন মুসলেম মিয়ার লোকজনের ওপর হামলা চালান। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় গুলি চালানোর ফলে মুসলেম মিয়ার পক্ষের ফুল মিয়া ও উম্মে হানি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আরও আটজন আহত হন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রোশনা খাতুন জানান, শনিবার রাতে গুলিবিদ্ধ দুইজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পরে তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘দুইপক্ষের মধ্যে পূর্ব থেকে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি গ্রামের একটি রাস্তা নিয়ে বিরোধ আরও তীব্র হয়। একপক্ষ নরসিংদীর রায়পুরার মির্জারচর থেকে লোকজন ভাড়া এনে হামলা চালায়। সংঘর্ষে গোলাগুলির ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’
আরও পড়ুন: সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার দিতে বাধার অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন