০৩:১৮ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন উল্লেখ করেছেন যে, বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা ১৯৭৫ সালের ৭ নভেম্বর থেকে শুরু হয়। ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি ছিল।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপি কর্তৃক আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্ট পার্টি সেন্টারে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের সূচনা করেছিলেন।
আরও পড়ুন: জেদ্দায় বাংলাদেশ-সউদী উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত
বর্তমান বৈশ্বিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে সেই সংহতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবাসে থেকেও বিএনপির নেতাকর্মীরা দেশের গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির এমপি।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ এবং জিল্লুর রহমান জিল্লু।
আলোচনাসভায় নিউইয়র্ক স্টেট বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নিকলীতে কোটি টাকার শুঁটকি উৎপাদন সংকটে, বিলুপ্তির পথে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন