০৯:৪২ পি.এম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাস্কেটবল কোর্টের নির্মাণকাজ শুরু হওয়ার দুই বছরেও হয়নি শেষ। ফলে বাস্কেটবলের বদলে সেই কোর্টেই ক্রিকেট খেলছেন শিক্ষার্থীরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমীরা। তাদের অভিযোগ, প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামোর অভাবে ক্যাম্পাসে খেলাধুলার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণেও পিছিয়ে পড়ছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, বাস্কেটবল কোর্ট নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ড্রিম ইঞ্জিনিয়ারিং। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের মার্চে কাজ শুরু করে এবং চুক্তি অনুযায়ী একই বছরের ১৩ জুলাই কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর প্রতিষ্ঠানটি কাজ অসম্পূর্ণ রেখেই চলে যায়।
সরেজমিনে দেখা যায়, কোর্টে কেবল মাটির ভিত্তি ও দুই পাশে দুটি পিলার নির্মাণ করা হয়েছে। এখনো কোর্টের ফিনিশিং, বাস্কেটবল পোস্ট, রিং ও নেট স্থাপন করা হয়নি।
প্রকৌশল দপ্তর আরও জানায়, বাস্কেটবল কোর্টের পাশাপাশি কেন্দ্রীয় খেলার মাঠের ছয়টি গ্যালারি নির্মাণের কাজও একই ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় মাঠের গ্যালারির কাজের অগ্রগতি প্রায় ৩০ শতাংশ এবং বাস্কেটবল কোর্টের কাজের অগ্রগতি প্রায় ৭১ শতাংশ।
জানা গেছে, কুবির কেন্দ্রীয় মাঠের গ্যালারি ও বাস্কেটবল কোর্টের জন্য প্রকল্প বরাদ্দ ছিল ৮৭ লাখ ৯৭ হাজার ৭১৯ টাকা। এর মধ্যে বাস্কেটবল কোর্টের নির্মাণকাজে বরাদ্দ দেওয়া হয় ৩৫ লাখ টাকা। দুটি কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৩৯ লাখ ৭৮ হাজার ৭২৯ টাকা পরিশোধ করেছে কর্তৃপক্ষ।
দীর্ঘদিন ধরে প্রকল্পের অগ্রগতি না থাকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ক্রিড়াপ্রেমী শিক্ষার্থীরা। আইন বিভাগের শিক্ষার্থী দিলোয়ার হোসেন বলেন, “এতদিন ধরে বাস্কেটবল কোর্টের কাজ বন্ধ থাকলেও এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ২০২৪ সালে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০২৬ সালেও কাজটি বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায়ও কুবির শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। আমার বিনীত আহ্বান, দ্রুত বাস্কেটবল কোর্টের নির্মাণকাজ শেষ করে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করা হোক।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের সভাপতি এইচ. এম. পিয়াস বলেন, বাস্কেটবল কোর্ট ও গ্যালারির কাজ দ্রুত শেষ করার জন্য আমরা আগের প্রশাসনের কাছে একাধিক বার দাবি জানিয়েছিলাম। তারা আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। কোর্ট না থাকায় শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলন করতে পারছে না। এর ফলে আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্টের জন্য দল গঠন পর্যন্ত করতে পারছি না। বর্তমান প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত কাজ সম্পন্ন করবে বলে আশা করছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস.এম. শহীদুল হাসান বলেন, বাংলাদেশ সরকারের রাজস্ব খাতের কাজ ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুনের মধ্যে শেষ করতে হয়। নির্ধারিত এক বছরের মধ্যে কাজ শেষ করতে না পারলে বরাদ্দের অর্থ পুনরায় সরকারের রাজস্ব খাতে চলে যায়।
আরও পড়ুন: মার্কিন নির্বাচনের পর ইরান আক্রমণের নতুন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
তিনি আরও বলেন, আমাদের বাস্কেটবল কোর্ট নির্মাণের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে তা নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি। ফলে যতটুকু কাজ সম্পন্ন হয়েছে তার অবশিষ্ট অর্থ সরকারি রাজস্ব খাতে ফেরত চলে গেছে। পরবর্তীতে চাহিদার ভিত্তিতে বাজেট বরাদ্দ হলে পূনরায় নির্মাণকাজ শুরু হবে।
এ বিষয়ে জানার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান 'ড্রিম ইঞ্জিনিয়ারিং' এর সাথে যোগাযোগ করা হলে তারা বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার বলেন, দীর্ঘদিন ধরে বাস্কেটবল কোর্টের কাজ বন্ধ আছে সে ব্যাপারে আমি অবগত আছি। বাস্কেটবল মাঠের নির্মাণকাজ এ অর্থবছরের মধ্যে শেষ হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন