০৩:২০ এম
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। ইয়াবা পাচারের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় মাদক পাচারে ব্যবহৃত একটি পিকআপ এবং মোবাইল ফোনও জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে টেকনাফে অবস্থিত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
আটককৃতদের মধ্যে রয়েছেন কাটাখালীর মৃত কাদেরের ছেলে রাসেল (২৩), এফডিএমএন সদস্য এবং ক্যাম্প-৪-এর বি ব্লক-১-এর বাসিন্দা; মৃত ছিদ্দিকের ছেলে খাইরুল আমিন (২৪); কাটাখালীর বক্কর আহম্মেদের ছেলে শাকিল (২২) এবং নুরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩১)।
আরও পড়ুন: নাব্যতা সংকটে হবিগঞ্জের সুতাং নদী মরা খালে পরিণত
বিজিবি অধিনায়ক জানিয়েছেন, সোমবার রাতে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি ডাবল কেবিন পিকআপ হোয়াইক্যং চেকপোস্টের কাছে পৌঁছালে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে পেছনের সিট কভারের নিচে বিশেষ কৌশলে লুকানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পিকআপের চালক বা যাত্রী হিসেবে থাকা মো. সাইফুল ইসলামকে আটক করা হয়। পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত পিকআপ এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
অন্যদিকে, একই রাতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী উলুবুনিয়া মাঝেরকাঠি এলাকায় বেড়িবাঁধের ওপর দিয়ে মিয়ানমার থেকে তিন ব্যক্তিকে পুঁটলি হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন।
এ সময় ওই ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে তাদের হাতে থাকা পুঁটলি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ৩৪ কার্টন ইয়াবা উদ্ধার করা হয়। এসব কার্টনে মোট ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ছিল।
আরও পড়ুন: বরিশালে দুই যুবককে মারধরের অভিযোগ বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন