সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
১০:৫০ এম
যুক্তরাজ্যের গ্রিন পার্টি অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের বিরুদ্ধে ‘বর্ণবাদী’ সংগঠন হিসেবে কাজ করার অভিযোগ তুলেছে ব্রিটিশ ইহুদিদের বৃহত্তম সংগঠন বোর্ড অব ডেপুটিজ অব ব্রিটিশ জিউস। সংগঠনটি দলের ‘জায়নবাদই হলো বর্ণবাদ’ নীতির সমালোচনা করে এই অভিযোগ করেছে।
বোর্ড অব ডেপুটিজের বক্তব্য অনুযায়ী, গ্রিন পার্টির এই ঘোষণা ‘ইহুদিবিদ্বেষী’ এবং এর ফলে দলটি একটি ‘বর্ণবাদী দলে’ পরিণত হয়েছে। তাদের ভাষ্য, এ ধরনের ঘোষণা ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্রে রাজনৈতিক বৈধতা তৈরি করে।
তবে গ্রিন পার্টি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দলের এক মুখপাত্র জানিয়েছেন, জায়নবাদী মতাদর্শে বিশ্বাসী হওয়ার কারণে কাউকে বৈষম্যের শিকার করা বা দল থেকে বাদ দেওয়ার নীতি গ্রিন পার্টির নেই।
মুখপাত্রটি বলেন, ‘আমাদের সম্মেলনে গৃহীত প্রস্তাবে ফিলিস্তিনি জনগণের জাতিগত নিধন ও বাস্তুচ্যুতির বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান তুলে ধরা হয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘বোর্ড অব ডেপুটিজের এই প্রস্তাব ও আমাদের দল সম্পর্কে দেওয়া বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। তবে এর ফলে গাজায় গণহত্যার বিরুদ্ধে কথা বলা এবং ইসরাইল সরকার ও দেশটির নেতাদের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো থেকে আমরা বিরত হব না।’
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উত্তর কোরিয়া অভিযোগ করেছে যে, দক্ষিণ কোরিয়ার তিন সেনা স্থলমাইন বিস্ফোরণে আহত হওয়ার ঘটনাটি সাজানো। এই ঘটনার পর দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংকে দায়ী করার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। উত্তর কোরিয়া এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়ে সিউলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ সূত্রে জানা যায়, রোববার জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী প্রতিনিধি নিরাপত্তা পরিষদে একটি চিঠি পাঠান। চিঠিতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ভিত্তিহীনভাবে স্থলমাইন বিস্ফোরণের দায় উত্তর কোরিয়ার ওপর চাপানোর অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন হলে আত্মরক্ষার পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর, দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চলে (ডিএমজেড) একটি বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন। দক্ষিণ কোরিয়া অভিযোগ করেছে যে, এই বিস্ফোরণ উত্তর কোরিয়ার পুঁতে রাখা স্থলমাইন থেকে ঘটেছে। তবে পিয়ংইয়ং এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
জাতিসংঘে পাঠানো চিঠিতে উত্তর কোরিয়ার প্রতিনিধি উল্লেখ করেন, দক্ষিণ কোরিয়া স্থলমাইন বিস্ফোরণের ঘটনাকে ‘সামরিক আগ্রাসন’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। তার মতে, কোরীয় উপদ্বীপে ক্রমবর্ধমান উত্তেজনার দায় এড়াতে সিউল ‘প্রহসন’ করছে।
চিঠিতে উত্তর কোরিয়ার সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদারের উদ্যোগকে বৈধ বলে দাবি করা হয়েছে। পিয়ংইয়ংয়ের বক্তব্য, তারা জাতিসংঘ সনদের সঙ্গে সম্পূর্ণভাবে সংগতিপূর্ণভাবে সার্বভৌম অধিকার প্রয়োগ করছে। একই সঙ্গে ডিএমজেডে উত্তর কোরিয়ার সেনাদের লক্ষ্য করে দক্ষিণ কোরিয়ার সতর্কতামূলক গুলি ছোড়ার সমালোচনা করা হয়েছে।
পিয়ংইয়ংয়ের দাবি, এ ধরনের পদক্ষেপ জাতিসংঘ সনদের লঙ্ঘন। দক্ষিণ কোরিয়া অবশ্য বলেছে, উত্তর কোরিয়ার সেনারা ডিএমজেডের মধ্য দিয়ে যাওয়া সামরিক সীমারেখা অতিক্রম করে দক্ষিণের দিকে চলে এলে তাদের উত্তর দিকে ফিরে যেতে সতর্ক করতেই গুলি ছোড়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার সেনারা ওই সীমারেখার কাছে কৌশলগত সড়ক ও বেড়া নির্মাণ করছেন।
গত সপ্তাহে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে একটি চিঠি পাঠিয়েছে। এতে স্থলমাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করা হয়েছে এবং ঘটনাটিকে ১৯৫৩ সালের যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ডও বলেছে, উত্তর কোরিয়ার স্থলমাইন পুঁতে রাখা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের সংঘাত বন্ধ করতে ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
এদিকে, জাতিসংঘে উত্তর কোরিয়ার চিঠি পাঠানোর কয়েক দিন আগে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পিয়ংইয়ংয়ের সঙ্গে সামরিক আলোচনা আয়োজনের প্রস্তাব দেয়। সীমান্তের সুনির্দিষ্ট অবস্থান দুই পক্ষের মধ্যে যৌথভাবে নিশ্চিত করাই এ আলোচনার লক্ষ্য। এর মাধ্যমে অনিচ্ছাকৃত সংঘর্ষের ঝুঁকি কমাতে চায় সিউল।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর একটি টিম দাবি করেছে, এ সময় তাদের কাছ থেকে সাড়ে সাত কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইন্স বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নাম হলো: নাজমা খানম (৩৫) এবং রাজু মোল্লা (৩৮)। উভয়ের বাড়ি গোপালগঞ্জ সদর পৌরসভার মিয়াপাড়া কবরস্থান রোড এলাকায় অবস্থিত।
এসআরবি-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআরবির একটি অভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের খুলনাগামী লেনে আদি মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে শিকার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন আতিকুর রহমান (৪০) নামের একজন মাছ ব্যবসায়ী। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার সকালে উপজেলার রূপপুর মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আতিকুর রহমান হচ্ছেন উপজেলার চক আল্লাদি গ্রামের মোবারক হোসেনের পুত্র।
আহতদের মধ্যে রয়েছেন, আল্লাদি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে নাসিম উদ্দিন (৪২) এবং আটঘরিয়া উপজেলার নুরুজ্জামানের ছেলে সেলিম (৪২)।
পরিবারের সদস্যরা জানান, আতিকুরসহ তিনজন একটি করিমন গাড়িতে করে দাশুড়িয়া থেকে মাছ নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। রূপপুর মোড়ে পৌঁছানোর পর একটি ট্রাক তাদের বহনকারী করিমনকে ধাক্কা দেয়। এ ঘটনায় তিনজনই গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর সোমবার তা কমেছে। তবে সউদী আরবে হুথিদের হামলা অব্যাহত থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
সোমবার (২৬ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৮ মিনিটে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৫৫ শতাংশ কমে ১০১ দশমিক ৬৭ ডলারে দাঁড়ায়। একই সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৬ ডলার বা ১ দশমিক ৩৪ শতাংশ কমে ১১৫ দশমিক ১৬ ডলারে নেমে আসে।
এর আগে সউদী আরবে হুথিদের হামলার ফলে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বাড়লে গত শুক্রবার তেলের দাম প্রায় ৩ ডলার বেড়ে লেনদেন শেষ হয়। ওই সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম মোট ৬ শতাংশ বৃদ্ধি পায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে যায়।
সপ্তাহান্তেও সউদী আরবে হামলার ঘটনা ঘটে। হুথিরা সউদী আরবের একটি বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা চালানোর দাবি করে। দেশটির কর্তৃপক্ষ রোববার আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানায়। আগের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির প্রধান বিমানবন্দরটির কার্যক্রমও আংশিকভাবে পুনরায় চালু করা হয়।
সোমবার তেলের দাম কমলেও সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাজারে রয়ে গেছে। সউদী আরবে হামলা অব্যাহত থাকলে জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাজারে সরবরাহের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে। তথ্যসূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ