ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

চবির হীরকজয়ন্তীতে প্রথম নিবন্ধন করেন বিএনপি নেতা আসলাম চৌধুরী


চবির হীরকজয়ন্তীতে প্রথম নিবন্ধন করেন বিএনপি নেতা আসলাম চৌধুরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরক জয়ন্তীর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। প্রথম নিবন্ধনটি করেছেন বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরী, যিনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তাঁর স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীও নিবন্ধন করেছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হীরকজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের কাছে আসলাম চৌধুরী নিবন্ধন ফি বাবদ ২ হাজার টাকা প্রদান করেন। এ সময় তাঁর স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না। আসলাম চৌধুরী নিজেই দুজনের নিবন্ধন সম্পন্ন করেন।

এর আগে বিকেল ৪টার দিকে একই স্থানে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন এবং হীরকজয়ন্তীর আনুষ্ঠানিক লোগো উন্মোচন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।

আরও পড়ুন: ৮ নং পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে মাওলানা আমিজা রহমান

তিনি উল্লেখ করেন, শুক্রবার (৩০ অক্টোবর) থেকে শুরু করে আগামী ১২ নভেম্বর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। তবে বর্তমান শিক্ষার্থীদের জন্য কোনো ফি দিতে হবে না।

হীরকজয়ন্তীর নিবন্ধন করতে ভিজিট করুন:
[https://cu60.cu.ac.bd/]

উপাচার্য ঘোষণা করেন, হীরকজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

ড. আল-ফোরকান আরও বলেন, “চবির ৬০ বছরের গৌরবময় দিনটি স্মরণীয় করে রাখতে নানা আয়োজনে সাজানো হবে অনুষ্ঠানমালা।” আয়োজনের মধ্যে থাকবে হীরকজয়ন্তী শোভাযাত্রা, অনুষ্ঠান উদ্বোধন, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় যুব দিবসে ৪ উদ্যোক্তার হাতে ৪ লাখ টাকার ঋণ, নানা আয়োজনে উদযাপন

এ সময় আসলাম চৌধুরী মন্তব্য করেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব করার প্রতিষ্ঠান। আমাদের প্রায় ১০ হাজারের উপরে রেজিস্টার্ড মেম্বার সহ রেজিস্টার্ড হওয়ার জন্য অপেক্ষমান অনেকে আছে। আমার বিশ্বাস, অনেক প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, সিনেট সদস্য ড. মোহাম্মদ মনজুর-উল-আমিন চৌধুরী ও অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম. আবদুল গফুরসহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


মিডল্যান্ড ব্যাংকের ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটি সভা অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি)-এর ১৭তম শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি ১৮ অক্টোবর ঢাকার গুলশান-২-এ অবস্থিত এন.বি. টাওয়ারের ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে আয়োজিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান, যিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদের উপস্থিতিতে সভাটি পরিচালনা করেন। এ সময় কমিটির অন্য দুই সদস্য ড. আবু ইউসুফ মো. নেছার উদ্দিন এবং ড. মুহাম্মদ শাহজাহান মাদানীও সভায় উপস্থিত ছিলেন।

শরিয়াহ সুপারভাইজরি কমিটি ব্যাংকের ইসলামী ব্যাংকিং কার্যক্রমের তদারকি করে এবং শরিয়াহ নীতিমালা ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে পালন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মিডল্যান্ড ব্যাংক শরিয়াহসম্মত ব্যাংকিং সেবাকে আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহকদের আধুনিক, নৈতিক ও গ্রাহকবান্ধব ইসলামী ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার মো. নাজমুল হুদা সরকার, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. দিদারুল ইসলাম, ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, অপারেশনস বিভাগের প্রধান মোহাম্মদ নূরুন্নবী, বোর্ড সেক্রেটারিয়েটের ডেপুটি সেক্রেটারি এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবের মেঘনা নদীতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, উদ্ধার করল নৌ-পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


ভৈরবের মেঘনা নদীতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, উদ্ধার করল নৌ-পুলিশ

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে আনুমানিক ৪০ থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

শনিবার (৩১ অক্টোবর) ভৈরব ফেরিঘাট ও আশুগঞ্জ ফেরিঘাটের মধ্যবর্তী মেঘনা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁদের কাছ থেকে খবর পেয়ে ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

উদ্ধারের সময় মরদেহটির পরনে চেক ট্রাউজার এবং হাতে একটি ঘড়ি ছিল। প্রাথমিকভাবে তাঁর বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মরদেহটির পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অক্টোবর মাসে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, আক্রান্ত ৫৬ হাজার ৩৮০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


অক্টোবর মাসে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, আক্রান্ত ৫৬ হাজার ৩৮০

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৬৩৩ জন ডেঙ্গু রোগী। অক্টোবর মাসের ৩১ দিনে মোট ১৭৪ জনের মৃত্যু ঘটেছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩৮০ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গুর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা বিভাগে দুই সিটি করপোরেশনসহ ৬০৪ জন, বরিশাল বিভাগে ২৩৪, চট্টগ্রামে ২৮১, খুলনায় ২২৮, ময়মনসিংহে ৭০, রাজশাহীতে ১৪৯ এবং রংপুরে ৬৭ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪১৯ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে এক লাখ ৩৫ হাজারে পৌঁছেছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ১ লাখ ২৮ হাজার ৩৪৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ৬,২৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে ৭৯, চট্টগ্রামে ৪২, ময়মনসিংহে ৩৩, বরিশালে ২৯, রাজশাহীতে ২৮, রংপুরে ৮ জন এবং সিলেট বিভাগে ৩ জন মারা গেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে মসজিদ ঘেরাও করে বজরং জঙ্গিরা মেরামতের কাজ বন্ধ করল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


ভারতে মসজিদ ঘেরাও করে বজরং জঙ্গিরা মেরামতের কাজ বন্ধ করল

চলতি সপ্তাহে ভারতের উত্তরাখণ্ডের দেরাদুন জেলার শিমলা বাইপাসের সেভলা কালান এলাকায় বজরং দলের জঙ্গিরা একটি মসজিদের ছাদ মেরামতের কাজ জোরপূর্বক বন্ধ করে দিয়েছে। তাদের অভিযোগ, মসজিদটি অবৈধভাবে নির্মিত এবং রাস্তার জায়গা দখল করে গড়ে উঠেছে। সংগঠনটি পুরো ভবনটি সিলগালা করে দেওয়ারও হুমকি দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উগ্রবাদী সংগঠন বজরং দলের সদস্যরা যখন নির্মাণকাজ বন্ধ করে দেয়, তখন মুসৌরি দেরাদুন উন্নয়ন কর্তৃপক্ষ (এমডিডিএ), স্থানীয় পুলিশ এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তবে তারা এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করেননি।

মসজিদটির তৃতীয় তলায় গ্রাউটিংয়ের (ছাদ মেরামতের) কাজ চলছিল। এমন সময় বজরং দলের একটি দল, বিকাশ বর্মার নেতৃত্বে, সেখানে গিয়ে নির্মাণশ্রমিকদের কাজ বন্ধ করতে বাধ্য করে। বিকাশ বর্মা এবং তাঁর সঙ্গীরা দাবি করেন, এটি একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা এবং মসজিদটি রাস্তার ওপর অবৈধ দখল সৃষ্টি করে পথচারীদের চলাচলে বাধা তৈরি করছে। তিনি সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানান এবং অবৈধ প্রমাণিত হলে মসজিদটি গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

মসজিদ পরিচালনা কমিটির প্রতিনিধিরা বজরং দলের এই দাবিকে একবাক্যে প্রত্যাখ্যান করেছেন। 'মুসলিম সেবা সংগঠন'-এর সভাপতি নাঈম কুরেশি এবং সহ-সভাপতি আকিব কুরেশি জানান, তৃতীয় তলার ছাদে কেবল স্বাভাবিক সংস্কার কাজ চলছিল যাতে বৃষ্টির পানি ভেতরে প্রবেশ না করে। সেখানে নতুন কোনো নির্মাণকাজ করা হয়নি।

বজরং দলের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তাঁরা বলেন, "মসজিদটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনে এবং সরকারি নিয়মকানুন অনুসরণ করেই নির্মাণ করা হয়েছে।" উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেরাদুন ও তার আশপাশের এলাকায় বিভিন্ন মসজিদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেওয়ার যে ধারা চলছে, এটি তারই একটি নতুন রূপ।

এর আগে গত ২ জুন, কালিসেনার প্রধান ভুপেশ জোশীর নেতৃত্বে একটি হিন্দুত্ববাদী গোষ্ঠীর দাবির মুখে থানো গ্রামের একটি মসজিদ সিলগালা করে দেয় মুসৌরি দেরাদুন উন্নয়ন কর্তৃপক্ষ। ওই হিন্দুত্ববাদী দলটির দাবি ছিল, নিকটবর্তী একটি মন্দিরের সামনে কোনো মসজিদ থাকা চলবে না।

মসজিদটির ইমাম ইয়াসির আরাফাত জানান, রাজ্য সরকারের সংখ্যালঘু কল্যাণ বিভাগ নির্মিত মাত্র একটি ঘরের অনুমোদিত নকশা (ম্যাপ) না থাকার অজুহাতে পুরো মসজিদটি সিলগালা করে দেওয়া হয়। অথচ পুরো মসজিদের নিবন্ধিত জমি ও বৈধ কাগজপত্র রয়েছে।

স্থানীয় মুসলিম অধিবাসীরা জানান, ১৯৭৮ সাল থেকে এই মসজিদটি সেখানে চালু রয়েছে। 'ইন্ডিয়া টুমরো'-র প্রতিবেদন অনুযায়ী, ওই এলাকায় বন্ধ করে দেওয়া এটি ছিল পঞ্চম মসজিদ। মসজিদটি সিলগালা করার পর কালিসেনার সদস্যরা ভবনের বাইরে একটি ধর্মীয় অনুষ্ঠান (হোম-যজ্ঞ) পালন করে।

সাম্প্রতিক মাসগুলোতে উত্তরাখণ্ড সরকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর তাদের কঠোর নিয়ন্ত্রণ আরোপের প্রক্রিয়া জোরদার করেছে। রাজ্যটি ইতোমধ্যে তাদের মাদ্রাসা আইন বাতিল করে সংখ্যালঘু পরিচালিত সমস্ত স্কুল নজরদারির জন্য একটি একক কর্তৃপক্ষ গঠন করেছে এবং এসব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সমন্বিত ধর্মীয় পাঠ্যক্রম তৈরির কাজ করছে।

সমালোচকদের মতে, রাজ্য সরকারের এসব পদক্ষেপ এবং হিন্দুত্ববাদী দলগুলোর ধারাবাহিক অভিযান উত্তরাখণ্ডের মুসলিম প্রতিষ্ঠানগুলোর ওপর তীব্র চাপ তৈরি করছে। যদিও সরকারের দাবি, তারা কেবলমাত্র নিয়মকানুন জোরদার ও শিক্ষার মান বজায় রাখার জন্য এই পদক্ষেপগুলো নিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%