মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:০৭ পি.এম
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান প্রতিদ্বন্দ্বিতা ক্রমাগতভাবে সংঘাতের ঝুঁকি বৃদ্ধি করছে। দুই পরাশক্তি নিজেদের প্রতিযোগিতাকে সংঘাতে রূপ নেওয়া থেকে বিরত রাখতে যে সুরক্ষাব্যবস্থাগুলো একসময় অনুসরণ করত, বর্তমানে সেগুলোর প্রতি তাদের গুরুত্ব ক্রমেই কমে যাচ্ছে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক নীতিনির্ধারণী বক্তব্যে এ বিষয়ে সতর্কবার্তা প্রদান করেছেন।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও চীন প্রতিটি ক্ষেত্রে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। তবে এই প্রতিযোগিতা যেন সংঘাতে রূপ না নেয়, সে জন্য পূর্বে কার্যকর সুরক্ষাব্যবস্থাগুলোর প্রতি এখন দুই দেশের গুরুত্ব হ্রাস পাচ্ছে।
পেনি ওং সতর্ক করে বলেন, বাণিজ্য, বিনিয়োগ, নৌপথ, খাদ্যনিরাপত্তা, সমুদ্রের তলদেশের যোগাযোগ এবং গুরুত্বপূর্ণ খনিজসম্পদ ক্রমশ রাজনৈতিক ও কৌশলগত চাপ প্রয়োগের হাতিয়ার হয়ে উঠছে। তার মতে, একসময় অর্থনৈতিক পারস্পরিক নির্ভরশীলতা সংঘাতের পথে বাধা সৃষ্টি করত, কিন্তু এখন সেটি জবরদস্তি ও চাপ প্রয়োগের উপায় হয়ে দাঁড়িয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীনের সমালোচনা করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কোনো দেশ এত বিশাল সামরিক সক্ষমতা বৃদ্ধি করেনি, অথচ চীন এ ক্ষেত্রে যথেষ্ট স্বচ্ছতা বজায় রাখছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রও তার কৌশলগত অগ্রাধিকার পরিবর্তন করছে। দেশটি সম্পদ বণ্টনের পদ্ধতি পরিবর্তন করছে এবং মিত্র ও অংশীদারদের কাছে নতুন প্রত্যাশা নির্ধারণ করছে।
তবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের ভূমিকা অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি। পেনি ওং দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, কোরীয় উপদ্বীপ এবং তাইওয়ান প্রণালিকে সম্ভাব্য সংঘাতের কেন্দ্র হিসেবে চিহ্নিত করেন। এসব অঞ্চলের বিরোধ ও মতপার্থক্য শক্তি প্রয়োগের পরিবর্তে সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী তাইওয়ান প্রণালিতে একতরফাভাবে বিদ্যমান পরিস্থিতির পরিবর্তনের বিরোধিতা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও কৌশলগত জোট বজায় রেখে ক্যানবেরা তার কূটনৈতিক বিকল্প বৃদ্ধি করছে, আঞ্চলিক অংশীদারত্বকে শক্তিশালী করছে এবং বাণিজ্যিক সম্পর্কের বৈচিত্র্য আনছে। এর মাধ্যমে পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে অস্ট্রেলিয়া নিজের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে চায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের জিয়ানগরে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে আবির (১১) নামে এক শিশুর। এই দুর্ঘটনার ফলে আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে ইন্দুরকানী সদর ইউনিয়নের বালিপাড়া-জিয়ানগর সড়কের গোডাউন এলাকায় মোল্লা বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবির ইন্দুরকানী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সেউতিবাড়িয়া গ্রামের রাজিবের ছেলে। গাড়িতে থাকা অন্য আহতদের মধ্যে রয়েছেন মরিয়ম (৩), নহা (১১) এবং অটোরিকশাচালক মামুন শেখ (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু আবির রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে অপর দিক থেকে আসা একটি অটোরিকশার চাপায় তার মৃত্যু ঘটে। এই ঘটনায় গাড়িতে থাকা ড্রাইভারসহ তিনজন যাত্রী আহত হন।
পুলিশের সূত্রে জানা যায়, আবির সম্প্রতি মায়ের সঙ্গে দক্ষিণ ইন্দুরকানী গ্রামে নানা মোয়াজ্জেম মোল্লার বাড়িতে বেড়াতে এসেছিল। মঙ্গলবার দুপুরে নানাবাড়ির সামনে সমবয়সী দুই শিশুর সঙ্গে খেলার সময় সে বাড়ির সামনের সড়কে দৌড় দেয়। এ সময় বালিপাড়া থেকে জিয়ানগরগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়, যার ফলে অটোরিকশাটি উল্টে যায় এবং এর যাত্রীরাও আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবিরকে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিয়ানগর থানার ওসি মহব্বত খান জানিয়েছেন, অটোরিকশাচালককে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রোটারি ক্লাব অফ সিলেট ‘বাংলাদেশে কিশোর অপরাধ: সংকট ও প্রতিকার’ শীর্ষক একটি সেমিনার নগরীর আভিজাত রেষ্টুরেন্টে আয়োজন করেছে।
এ মহতী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব সিলেট-এর প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ হোসাইন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম (বিপিএম)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজ কর্ম বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও শাবিপ্রবির সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি শহীদ আহমেদ চৌধুরী এবং এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম। মঞ্চে দায়িত্ব পালন করেন উক্ত সেমিনারের ইভেন্ট চেয়ার হিসেবে পিপি রোটাঃ ভানুজয় দাশ পিএইচএফ।
প্রধান বক্তা ড. মো. ইসমাইল হোসেন "বাংলাদেশে কিশোর অপরাধ" বিষয়ক বিভিন্ন দিক এবং তা প্রতিরোধ ও প্রতিকারের উপায় নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা তুলে ধরেন। প্রধান অতিথি জনাব সারওয়ার মোর্শেদ বলেন, "আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন রোটারী ক্লাবে সম্পৃক্ত হয়ে জনকল্যাণে কাজ করেছি, তা আজও মনে পড়ে"। তিনি আরও বলেন, "রোটারী ক্লাব অব সিলেটে আজ যে সংকট নিয়ে আলোচনা হচ্ছে, সময়োপযোগী এধরনের কর্মসূচি সমাজে সুফলই বয়ে আনবে, এজন্য ক্লাবের সকলকে ধন্যবাদ জানাই"।
বিশেষ অতিথি উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব সাইফুল ইসলাম মন্তব্য করেন, "আমরা শিশু অপরাধ কিংবা শিশুদের গ্যাং নিয়ে কাজ করছি। তা নিরসনে আমরা কাজ করছি। এ সমস্যা নিরসনে পারিপার্শ্বিক সাপেক্ষে সকলের-ই সহযোেগিতা কামনা করছি"। অনুষ্ঠানে আগত অতিথিরা কিশোরদের অপরাধ প্রবণতা ও তার প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারটি সোমবার সন্ধ্যা রাতে অনুষ্ঠিত হয় এবং এর সঞ্চালনা করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যাপক ড. হুসাইন আহমেদ। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান রাহুল সরকার সম্মানিত অতিথিদের মঞ্চে আসন গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের পিপি রোটাঃ প্রফেসর ড. নজরুল হক চৌধুরী এবং ধন্যবাদ বক্তব্য জ্ঞাপন করেন পিপি রোটাঃ মোহাম্মদ রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন রোটারি ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকলের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে। আলোচনার পর রোটারিয়ান প্রফেসর সাগর বিশ্বাসের সহযোগিতায় টাইমলী লটারি ড্র অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের পিপি রোটাঃ প্রফেসর ড. নজরুল হক চৌধুরী ও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটাঃ এডভোকেট তাজ রিহান জামান বিজয়ী হন। পিডিজি ও প্রধান বক্তা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে রোটারী ক্লাব অব সিলেটের পক্ষ থেকে সম্মানিত অতিথিদের উপহার সামগ্রী প্রদান করা হয়। পরিশেষে ক্লাব প্রেসিডেন্টের আমন্ত্রণে সকল অতিথিরা একসাথে আপ্যায়নে অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, একটি খালি খোসা এবং একটি চাবুকসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ক্যাম্প-১৭ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম জাবেদ হোসেন (২৭)। তিনি ক্যাম্প-১৭-জোরহমান এলাকার বাসিন্দা।
এসআরবি-১৫ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-২-এর হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প-১৭ এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় জাবেদ হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খালি খোসা, একটি চাবুক এবং একটি স্মার্টফোন।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তি এবং উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি'র নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি বলেছেন, "এই যে এখানে দেখেন, একদিকে কিন্তু মন্দির আর একদিকে মসজিদ অন্য পাসে বৌদ্ধ বিহার আছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমি যাকে বিশ্বাস করি, তাকে বলি আল্লাহ। আপনারা তাকে বলেন ভগবান, ফারাতারা, খ্রিস্টানরা তাকে বলে গড। উদ্দেশ্য তো একটাই।"
"আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ধর্ম পালন করি উদ্দেশ্য আমরা স্বর্গে, বেহেশতে যাব। আপনারাও তেমন মনে করেন আপনারা স্বর্গে যাবেন। কিন্তু সিদ্ধান্ত নেবে কে? সৃষ্টিকর্তা। সুতরাং এই যে একটা পারস্পরিক সম্প্রীতি, এইটা আমাদের আগামী দিনে বজায় রাখতে হবে। এই যে রাস পূর্ণিমা আমার মনে হয় হিন্দু সম্প্রদায়ের চেয়ে মুসলমানরা বেশি উপস্থিত হয়েছেন।"
তিনি আরও বলেন, "দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বলেছিলেন, 'আমার পরিচয় হিন্দু না, আমার পরিচয় মুসলমান না, আমার পরিচয় খ্রিস্টান না, আমার পরিচয় বৌদ্ধ না আমার পরিচয় আমি বাংলাদেশি।' এই বাংলাদেশটাকে যদি আমরা ধারণ করতে পারি, তাইলে আমাদের মধ্যে ধর্মীয় কোনো বিভাজন থাকবে না। আমাদের মধ্যে কোনো অশান্তি থাকবে না। আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা থাকবে না। কারণ আমাদের হৃদয়ে তো একটি কথা, যে আমরা বাংলাদেশের লোক।"
তিনি সতর্ক করে বলেন, "সকলে সতর্ক থাকবেন, নানা রকম উসকানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা যদি কাজ না করি, তাহলে সবার আগে বাংলাদেশটা হবে না। সে লক্ষ্যেই আমাদের প্রধানমন্ত্রী এই কার্যক্রম হাতে নিয়েছেন সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে।"
পটুয়াখালীর কুয়াকাটায় আনুষ্ঠানিকভাবে ঐতিহ্যবাহী রাসপূজার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাস উৎসবের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কুয়াকাটা পৌর প্রশাসক মো ইয়াসিন সাদেক এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং রাস উৎসব আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ