বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৩৩ এম
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে যে, প্রকৃত যানবাহনের সংখ্যা গোপন করে টোল আদায়ের তথ্য কম দেখানো হচ্ছে। কিছু গাড়ির টোলের তথ্য কেন্দ্রীয় ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এছাড়া অনুমোদন ছাড়াই টোল আদায়ের দায়িত্ব তৃতীয় পক্ষকে দেওয়া এবং বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত ও পদাবনতি করার অভিযোগও রয়েছে।
এসব অভিযোগের প্রেক্ষিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। তবে প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান অভিযোগ অস্বীকার করেছে। সেতু বিভাগ জানিয়েছে, টোল আদায়ের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আলাদা পর্যবেক্ষণব্যবস্থা নেওয়া হবে।
সূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে নির্মিত প্রকল্পের চুক্তি অনুযায়ী, যদি টানা ১৫ দিন দৈনিক যানবাহন চলাচল ৮০ হাজারের বেশি হয়, তাহলে অতিরিক্ত যানবাহনের টোল থেকে প্রাপ্ত অর্থের ২৫ শতাংশ সরকার পাবে। আর দৈনিক গাড়ি চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে নামলে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ভর্তুকি পাওয়ার কথা।
অভিযোগ রয়েছে, বর্তমানে প্রতিদিন এক লাখের বেশি যানবাহন চলাচল করলেও সরকারকে অতিরিক্ত টোলের রাজস্ব দেওয়া হচ্ছে না। বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হিসাবে দৈনিক গাড়ি চলাচল ৭০ থেকে ৭৫ হাজার বলে দাবি করা হয়েছে। এসবির গোপন অনুসন্ধানেও প্রতিদিন প্রায় এক লাখ যানবাহনের চলাচলের তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যানবাহনের সংখ্যা ৮০ হাজারের নিচে দেখাতে কিছু গাড়ির টোল ম্যানুয়ালি আদায় করা হচ্ছে। এসব তথ্য কেন্দ্রীয় সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। ব্যস্ত সময়ে অনলাইন রসিদ ছাড়াই টোল আদায় এবং একই রসিদ একাধিক গাড়ির ক্ষেত্রে ব্যবহারের অভিযোগও রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ব্যস্ত সময়ে টোল বুথের পাশাপাশি বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকেন। এসব টিকিটের বিপরীতে চলাচলকারী গাড়ির নম্বর ইলেকট্রনিক বোর্ডে দেখা যায় না।
সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, এক্সপ্রেসওয়ে চালুর পর তিন বছরে মোট ২১ দিন ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে। তবে টানা ১৫ দিন এই সংখ্যা অতিক্রম করেনি। ম্যানুয়ালি টোল নেওয়া গাড়ির হিসাবও রাখা হচ্ছে। এসবির প্রতিবেদনে সন্দেহ প্রকাশ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, টোল আদায় যথাযথভাবে হচ্ছে কি না সেটি খতিয়ে দেখা হবে।
প্রকল্পটির নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড (এফডিইই)। এতে বর্তমানে চীনের চায়না শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপের ৮০ শতাংশ এবং সিনোহাইড্রো করপোরেশনের ১৯ শতাংশ শেয়ার রয়েছে। বাকি এক শতাংশ শেয়ার থাইল্যান্ডভিত্তিক ইতালিয়ান থাই ডেভেলপমেন্টের।
অভিযোগ রয়েছে, গত বছর এফডিইই টোল আদায়সহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেড নামে আরেকটি চীনা প্রতিষ্ঠানকে যুক্ত করেছে। অথচ এ ধরনের দায়িত্ব দিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) অনুমোদন নেওয়ার প্রয়োজন রয়েছে।
বিবিএর চিঠিপত্র অনুযায়ী, শ্যানডং হাইস্পিডের আইনি অবস্থান জানতে গত ১৩ সেপ্টেম্বর এফডিইইকে চিঠি দেওয়া হয়। ২৮ সেপ্টেম্বর জবাবে এফডিইই জানায়, প্রতিষ্ঠানটির আলাদা নিবন্ধন থাকলেও পরিচালনা ও রক্ষণাবেক্ষণের আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়নি। এফডিইই একাই এসব দায়িত্ব পালন করছে। তবে গত বছরের ২৯ অক্টোবরের এক চিঠিতে শ্যানডং হাইস্পিড নিজেকে এফডিইইর সঙ্গে চুক্তিবদ্ধ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে।
এসবির প্রতিবেদনে বলা হয়েছে, যথাযথ সম্মতি ছাড়াই শ্যানডং হাইস্পিড টোল আদায়ের কাজে যুক্ত হয়েছে। বিডার (বর্তমানে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ) কাছে দেওয়া ঠিকানায় প্রতিষ্ঠানটির কার্যালয় পাওয়া যায়নি। এ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন না করা, শ্রম আইন ও দেশি-বিদেশি কর্মীর অনুপাত না মানা এবং কয়েকজন বিদেশি কর্মীর বৈধ ওয়ার্ক পারমিট না থাকার অভিযোগও রয়েছে।
এদিকে তৃতীয় পক্ষ যুক্ত হওয়ার পর এফডিইইর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা বাংলাদেশি কর্মীদের সরিয়ে চীনা নাগরিকদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। গত ঈদুল আজহার আগে নয়জন বাংলাদেশি কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।
চাকরিচ্যুত লেন সহকারী সজীব রহমান জানিয়েছেন, একটি গাড়ির চালক ৮০ টাকার টোলের বিপরীতে ১০০ টাকা দিয়ে চলে যান। বাকি ২০ টাকা তিনি না রেখে ডাস্টবিনে ফেলে দেন। কিন্তু টাকা রাখার অভিযোগে তাঁকে চাকরিচ্যুত করা হয়। একই অভিযোগে আরও আটজনকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।
প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েটি বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা। ২০২৩ সালের সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সর্বশেষ সংশোধিত সময়সূচি অনুযায়ী, প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের ডিসেম্বর।
চুক্তি অনুযায়ী, ২৫ বছর পর এক্সপ্রেসওয়েটি সরকারের কাছে হস্তান্তর করবে বিনিয়োগকারীরা। এর আগে টোল আদায়ের মাধ্যমে বিনিয়োগ করা অর্থ সুদসহ তুলে নেওয়ার সুযোগ পাবে তারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক এবং ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খান মন্তব্য করেছেন, প্রকল্পটি নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। চুক্তিতে বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা করা হয়নি। সরকারের দেওয়া জমি ও পুনর্বাসন ব্যয়ের মূল্যায়নও বিবেচনায় নেওয়া হয়নি।
তিনি বলেন, যানবাহন চলাচল ও টোল আদায়ের বিষয়ে সরকারের কার্যকর নজরদারি জরুরি। এসবির প্রতিবেদন আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং দেশের স্বার্থ ক্ষুণ্ন করার সঙ্গে জড়িত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেকের বাড়ি, পাশাপাশি যুবলীগ নেতা তানভীর মুজিব অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে পিরোজপুর শহরের মেটারনিটি রোডে অবস্থিত ওই বাড়িটিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর কয়েক দফায় ওই বাড়িটিতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। তবে সম্প্রতি বাড়িটি সংস্কার করে পুনরায় বসবাসের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছিল।
স্থানীয় কয়েকজনের দাবি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা তানভীর মুজিব অভির বিরুদ্ধে নাশকতার অভিযোগের প্রেক্ষাপটে ক্ষুব্ধ লোকজন পুনরায় বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বাড়িটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মেটারনিটি রোডের ওই বাড়িটিতে কয়েক দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানিকগঞ্জে আওয়ামী লীগের ঘোষিত তথাকথিত লকডাউনের কোনো প্রভাব দেখা যায়নি। জেলার জনজীবন স্বাভাবিক অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে মানুষের স্বাভাবিক চলাচল ও কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে। স্কুল-কলেজ এবং আদালত প্রাঙ্গণে অন্যান্য দিনের মতো মানুষের উপস্থিতি ছিল। ঢাকা-আরিচা মহাসড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন নির্বিঘ্নে চলাচল করেছে।
এদিকে, যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।
অন্যদিকে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তৎপর রয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঠে সক্রিয়ভাবে কাজ করতে দেখা গেছে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ বৃহস্পতিবার সকাল থেকে সাভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিকরা তাদের নিজ নিজ কারখানায় প্রবেশ করে উৎপাদন কার্যক্রম শুরু করেছেন। বর্তমানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সকাল থেকে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগদান করে উৎপাদন শুরু করেছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। তবে, মালিকপক্ষ আজকের জন্য ১৭টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি ৩৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
এদিকে চলমান শ্রমিক বিক্ষোভের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সাভার ও আশুলিয়া থানায় ২৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় প্রায় ৩০০ জনকে গ্রেফতার করার তথ্য দিয়েছে পুলিশ।
অন্যদিকে, সকালে সাভার বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের ঘটনায় পালানোর সময় শাহীন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার সাভারে ফুটওভারব্রিজ থেকে ককটেল নিক্ষেপের সময় শাহিন (৪০) নামের এক যুবক জনতার হাতে আটক হয়েছেন। পরে গণপিটুনির পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের সামনের সড়কে এই ঘটনা ঘটে। পরে ছায়াবিথী আমতলা এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে এবং গণপিটুনি দেওয়ার পর পুলিশে সোপর্দ করে।
আটক শাহিন হকার্স লীগের কর্মী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের মাঝামাঝি এলাকার ফুটওভারব্রিজের ওপর থেকে নিচে ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল নিক্ষেপের পর শাহিন দ্রুত পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে পাশের ছায়াবিথী আমতলা এলাকা থেকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।
ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে শাহিনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিস কুমার দাস জানান, ককটেল নিক্ষেপ করে পালানোর সময় স্থানীয় জনতা শাহিনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে সাভার মডেল থানায় নিয়ে এসেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ