ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অসময়ের বৃষ্টিতে সদরপুরের ক্ষেত তছনছ, আমনচাষিরা দুশ্চিন্তায়


অসময়ের বৃষ্টিতে সদরপুরের ক্ষেত তছনছ, আমনচাষিরা দুশ্চিন্তায়

মাঠজুড়ে সোনালি আমন ধান রয়েছে। কিছু কৃষক ইতোমধ্যে কিছু ধান কেটে ঘরে তুলতে সক্ষম হয়েছেন। আবার অনেক কৃষকের জমির পাকা ধান খুব শীঘ্রই ঘরে ওঠার কথা ছিল। কিন্তু অসময়ের বৃষ্টি যেন কৃষকের সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছে। হঠাৎ বৃষ্টির কারণে জমিতে পানি জমে পাকা আমন ধান নুয়ে পড়েছে। কোথাও ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে, আবার কোথাও পাকা ধানের শীষ পানিতে ডুবে যাওয়ার কারণে দানা নষ্ট ও পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ফরিদপুরের সদরপুর উপজেলার আমনচাষিরা ব্যাপক ক্ষতির শঙ্কায় পড়েছেন।

কৃষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে আমন ধানের ফলন ভালো হয়েছে। অনেক কৃষকের জমির ধান পেকে কাটার উপযোগী হয়ে উঠেছিল। কিছু কৃষক ধান কাটাও শুরু করেছিলেন। কিন্তু গত দুই দিনের হঠাৎ বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে নিচু জমির ধান নিয়ে কৃষকরা বেশি দুশ্চিন্তায় রয়েছেন।

কৃষকদের আশঙ্কা, বৃষ্টির পানি দ্রুত নেমে না গেলে জমিতে পড়ে থাকা পাকা ধানের শীষ পচে যেতে পারে। পাশাপাশি ধানের গুণগতমান কমে যাওয়ার ফলে বাজারে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এতে উৎপাদন খরচ তুলতে না পারার আশঙ্কা করছেন অনেকে।

আরও পড়ুন: আটঘরিয়ায় মাঠজুড়ে পাকা ধান, হঠাৎ বৃষ্টিতে কৃষকের কপালে ভাঁজ

উপজেলার সদর ইউনিয়নের কৃষক সায়াদ সর্দার বলেন, ‘ধারদেনা করে জমি চাষ, চারা কেনা, শ্রমিকের মজুরি, সার ও কীটনাশক বাবদ অনেক টাকা খরচ করেছি। এখন ফসল ঘরে তোলার সময় প্রকৃতির এমন বিরূপ আচরণে দিশেহারা হয়ে পড়েছি। দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।’

আরেক ক্ষতিগ্রস্ত কৃষক জাফর খা বলেন, ‘সারা বছর কষ্ট করে ধান ফলিয়েছি। এখন ধান পেকে গেছে, ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু অসময়ের বৃষ্টিতে জমির ধান পড়ে গেছে। সময়মতো কাটতে না পারলে বড় ধরনের লোকসান গুনতে হবে।’

কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ও ফসলের ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণ করে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হোক। পাশাপাশি জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল বাশার চৌধুরী বলেন, ‘এ বছর সদরপুর উপজেলায় ৬ হাজার ৫৫৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। নিম্নচাপের প্রভাবে অসময়ের বৃষ্টিতে কৃষকদের পাকা আমন ধানের ক্ষতি হয়েছে। এ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। জমিতে বৃষ্টির পানি জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে এবং জমির অবস্থা বুঝে পাকা ধান দ্রুত কাটার উদ্যোগ নিতে বলা হচ্ছে।’

আরও পড়ুন: চৌদ্দগ্রামে আকভানের প্রভাবে ১৮ হাজার হেক্টর আমন ধান ক্ষতিগ্রস্ত

সোনালি ফসল ঘরে তোলার স্বপ্নে বিভোর কৃষকদের এখন চোখেমুখে হতাশা। মাঠের পাকা ধান নিয়ে তাদের একটাই শঙ্কা— প্রকৃতির বিরূপ আচরণে সারা বছরের পরিশ্রমের ফসল শেষ পর্যন্ত কতটুকু ঘরে তুলতে পারবেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রপ্তানি বহুমুখী করতে কৃষি প্রক্রিয়াজাত শিল্পে গুরুত্ব দিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


রপ্তানি বহুমুখী করতে কৃষি প্রক্রিয়াজাত শিল্পে গুরুত্ব দিতে হবে

বিশেষজ্ঞরা মনে করেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর রপ্তানি পণ্য ও গন্তব্য উভয়কেই বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। কৃষি প্রক্রিয়াজাত শিল্প রপ্তানি পণ্য বহুমুখীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তাদের অভিমত। বক্তারা শুল্ক ও অশুল্ক বাধা দূর করার পাশাপাশি এলডিসির চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য কূটনীতিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন।

‘বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণ: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

শনিবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করে প্রাণ গ্রুপ, যা বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পের অন্যতম প্রতিষ্ঠান। কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় দেশের আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনা, রপ্তানি খাতের চ্যালেঞ্জ এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের রপ্তানি সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ওপর আলোচনা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। তিনি বলেন, "বাংলাদেশের অর্থনীতিতে কৃষি প্রক্রিয়াজাত শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও রপ্তানি সম্প্রসারণের সুযোগ সম্পর্কে গণমাধ্যমের ইতিবাচক ও তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি জানান, "বাংলাদেশের সামগ্রিক রপ্তানি ৪৮-৫০ বিলিয়ন ডলারে আটকে আছে। এলডিসি উত্তরণ পরবর্তী সময়ের জন্য এটি এক ধরনের ঝুঁকি। এর থেকে উত্তরণ করতে হলে আমাদের পণ্য ও রপ্তানি গন্তব্য দুটোতেই উন্নতি করতে হবে।" তিনি আরও বলেন, "বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য কূটনীতিকে অগ্রাধিকার দিতে হবে।"

তিনি উল্লেখ করেন, কৃষি প্রক্রিয়াজাত শিল্প আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ খাত হতে পারে। "যে দেশে আমরা রপ্তানি বাড়াতে চাচ্ছি তাদের চাহিদা ও রুচি সম্পর্কে অবগত হয়ে সে বিষয়ে আমাদের কাজ করতে হবে।" তিনি আরও বলেন, "খাতটির সম্প্রসারণে আরও বড় বড় শিল্প গ্রুপকে এগিয়ে আসতে হবে।"

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল জানান, "ভিয়েতনাম, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় কৃষিপ্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে আমরা ব্যাপক পিছিয়ে রয়েছি।" তিনি উল্লেখ করেন, "পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বিশাল বাজার। বিশেষ করে সেভেন সিস্টার্সে আমাদের ভালো করার ব্যাপক সুযোগ রয়েছে।"

তিনি আরও বলেন, "স্থলবন্দর জটিলতা ও নন-ট্যারিফ কিছু বাঁধার কারণে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্র, আফ্রিকার বাজারে আমরা ভালো করতে পারি, কিন্তু সহজলভ্য পরিবহন ব্যবস্থার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি।"

তিনি বলেন, "কৃষিতে গুড এগ্রিকালচারাল প্যাকটিস না থাকায় ইউরোপের বাজারে আমরা ভালো করতে পারছি না।"

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, "গণমাধ্যম শুধু সংবাদ প্রচার করে না, বরং সমাজে দৃষ্টিভঙ্গি ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" তিনি বলেন, "কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত খাতের সাফল্য, কৃষকদের গল্প, উদ্ভাবন ও বাজার সম্ভাবনা নিয়ে ধারাবাহিক ইতিবাচক প্রচারণা দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সাহায্য করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে এনজিওকর্মী উত্তম সরকার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


ভালুকায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে এনজিওকর্মী উত্তম সরকার নিহত

ময়মনসিংহের ভালুকায় সংঘটিত এক দুর্ঘটনায় এনজিওকর্মী শ্রী উত্তম সরকার (৩০) নিহত হয়েছেন, যখন একটি মুরগীবাহী পিকআপভ্যান ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এটি ঘটেছে শনিবার (২১ নভেম্বর) সকালে, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বন্দিয়া এলাকার ভরাডোবা-ঘাটাইল সড়কে।

এক প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জানান, সকালে বন্দিয়া এলাকায় ভরাডোবা-ঘাটাইল সড়ক দিয়ে মোটরসাইকেলটি চলার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মুরগীবাহী পিকআপভ্যানের সাথে সংঘর্ষ ঘটে। বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন যে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জামিউল হাসান সুমন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌদ্দগ্রামে আকভানের প্রভাবে ১৮ হাজার হেক্টর আমন ধান ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


চৌদ্দগ্রামে আকভানের প্রভাবে ১৮ হাজার হেক্টর আমন ধান ক্ষতিগ্রস্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘আকভান’ নামের ঘুর্ণিঝড়ের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টির ফলে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। এই বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আমন ধান চাষিরা। পাকা ধান কাটতে না পারার পাশাপাশি ইতোমধ্যে কেটে রাখা ধান মাঠ থেকে বাড়িতে তুলতে না পারায় স্থানীয় কৃষকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তেরটি ইউনিয়নে ১৮ হাজার ১৯০ হেক্টর কৃষি জমিতে ধানের আবাদ করা হয়েছে। গত তিন দিনের মুষলধারে বৃষ্টির ফলে ৩৬ হেক্টর জমির ধান নুইয়ে পড়েছে।

শনিবার সরেজমিনে বিভিন্ন মাঠ পরিদর্শন করে দেখা গেছে, বিস্তীর্ণ জমিতে কাটা ধান সারিবদ্ধভাবে পড়ে রয়েছে। আবার অনেক জমির পাকা ধান বৃষ্টির পানিতে হেলে ও নুইয়ে পড়েছে। জমিতে পানি ও কাদা জমে থাকায় কাটা ধান শুকানো এবং নিরাপদে বাড়িতে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় মাঠে অবশিষ্ট পাকা ধান দ্রুত ঘরে তোলার জন্য কৃষকরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

উপজেলার চিওড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষক ইউসুফ মজুমদার, কাজী আবুল কালাম, মোঃ এয়াছিন, সারপটির আবদুল কাদের মোল্লা, পাতড্ডার আবদুর রহিম, বেরলার মোহাম্মদ হারুন, বাতিসা ইউনিয়নের লুদিয়ারার লিটন চৌধুরী, ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলীর মোঃ সেলিম, মোঃ ইউনুছসহ ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, আমন মৌসুমের পাকা ধান তোলা শুরু হয়েছিল। কিন্তু গত তিন দিনের বৃষ্টির কারণে পাকা ধান নুইয়ে পড়ায় অধিকাংশ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অপরদিকে কনকাপৈত ইউনিয়নের কোমারডোগা গ্রামের কাজী আহসান উল্লাহ বলেন, ৬২ শতক জমিতে আমন ধান চাষ করেছি। এর মধ্যে গত কয়েকদিনের বৃষ্টিতে ১০ শতক জমি পাকা ধান নুইয়ে পড়েছে। এতে আমার কৃষি খরচ বেড়েছে। আমি সরকারের নিকট সহযোগিতার দাবি জানাচ্ছি।

শনিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ জোবায়ের আহমেদ বলেন, গত তিন দিনের হালকা বৃষ্টির ফলে কিছু এলাকায় পাকা আমন ধান নুইয়ে পড়েছে। তবে বৃষ্টি বন্ধ হলে ক্ষতির পরিমাণ কমে যাবে। স্ব স্ব এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতি কমাতে কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতার প্রধান শক্তি হলো একজন বিচারকের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস এবং বিবেকবোধ। তিনি মন্তব্য করেন, কাগজে-কলমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা গেলেও, যদি বিচারকরা নিজেদের বিবেক ও ন্যায়বোধ দ্বারা পরিচালিত না হন, তাহলে প্রকৃত অর্থে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

শনিবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের জন্য আয়োজিত ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বিচারকদের উদ্দেশে বলেন, বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে যে কোনো ধরনের চাপ, প্রভাব কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন। বিচারকদের প্রধান দায়বদ্ধতা নিজেদের বিবেকের কাছে। এজন্য বিচার বিভাগে আর্থিক সততার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা ও স্বাধীন বিচারিক চিন্তার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিচারিক চিন্তার পরিধি বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রচলিত আইন, নজির ও আইনি নীতিমালা অনুসরণের পাশাপাশি মামলার বাস্তবতা, সামাজিক প্রেক্ষাপট এবং ন্যায়বিচারের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিতে হবে। এ ক্ষেত্রে বিচারকদের নিজস্ব প্রজ্ঞা ও সুবিবেচনার প্রয়োগ জরুরি। স্মরণ রাখতে হবে, বিচারিক আদালতের সিদ্ধান্ত ও যুক্তি অনেক সময় উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ বিচারিক নির্দেশনার ভিত্তি তৈরি করে।

তিনি উল্লেখ করেন, সমাজের পরিবর্তিত পরিস্থিতি ও বাস্তবতার আলোকে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। কোনো ঘটনার আইনি ব্যাখ্যা দিতে গিয়ে ন্যায়বিচারের মূল উদ্দেশ্য ও বৃহত্তর সামাজিক প্রেক্ষাপট উপেক্ষা করা যাবে না। বিচারকদের আইনি জ্ঞানের পাশাপাশি চিন্তার গভীরতা ও দূরদর্শিতা অর্জন করা প্রয়োজন।

আইনমন্ত্রী বিচারকদের পেশাগত মর্যাদা ও দায়িত্বের স্বাতন্ত্র্য তুলে ধরে বলেন, একজন বিচারক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করেন। তাই অন্য পেশার কর্মকর্তাদের সুযোগ-সুবিধার সঙ্গে নিজের অবস্থানের তুলনা না করে বিচারিক দায়িত্বের মর্যাদা ও গুরুত্ব উপলব্ধি করা উচিত।

বিচারকদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিচারিক সিদ্ধান্তের কারণে কোনো বিচারকের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি কিংবা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা গ্রহণযোগ্য নয়। বিচারকদের পেশাগত মর্যাদা ও আদালতের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের যেকোনো সংকটময় পরিস্থিতিতে আইন মন্ত্রণালয় বিচারকদের পাশে থাকবে। একই সঙ্গে কোনো বিচারক বা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। ব্যক্তিগত সম্পর্ক বা পরিচয়ের চেয়ে বিচার বিভাগের মর্যাদা ও প্রাতিষ্ঠানিক স্বার্থ তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের বিচারকদের হাত ধরেই আগামী দুই দশকে বাংলাদেশের বিচার বিভাগ আরও এগিয়ে যাবে। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা এবং তা সুদৃঢ় করার দায়িত্ব বিচারকদেরই পালন করতে হবে। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় বিচার বিভাগকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা, আইন কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা হক, আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%