ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাগানে ভাগ্যবদল: কৃষি উদ্যোক্তা বেলালের সাফল্য


বাগানে ভাগ্যবদল: কৃষি উদ্যোক্তা বেলালের সাফল্য

খুলনার পাইকগাছায় বেলালের ফলের বাগান তার জীবনে পরিবর্তন এনেছে। স্নাতক পাস বেলাল মাত্র দুই হাজার ৭'শ টাকা নিয়ে নার্সারি এবং পরে মিশ্র ফলের বাগান শুরু করেন। বর্তমানে তিনি সফল উদ্যোক্তা হিসেবে প্রতিবছর কয়েক লক্ষ টাকা ফল ও গাছের চারা বিক্রি করছেন। ছোট উদ্যোগকে পুঁজি করে ১২ বিঘা জমিতে গড়ে তুলেছেন মিশ্র ফলের বাগান ও নার্সারি। এর মধ্যে পাঁচ বিঘা জমিতে রয়েছে চায়না ম্যান্ডারিন জাতের মালটা। চলতি মৌসুমে বাগানের ৫'শটি গাছ থেকে প্রায় ১৫ মেট্রিক টন মালটা উৎপাদনের প্রত্যাশা করছেন বেলাল। উৎপাদিত মালটা প্রায় ৪০ লক্ষ টাকা বিক্রি হবে বলে তিনি আশা করছেন।

উপজেলার কপিলমুনি ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরবর্তী মালথ গ্রামে প্রবেশ করলেই বেলালের বাগানে সারি সারি মালটা গাছ চোখে পড়ে। সবুজ পাতার ফাঁকে ডালে ডালে ঝুলছে থোকায় থোকায় ফল। ফলের আকৃতি ও রঙ দর্শনার্থীদের সহজেই আকৃষ্ট করে। উপকূলীয় লবনাক্ত পরিবেশে গড়ে ওঠা এই ফলের বাগান দেখতে আসেন বিভিন্ন এলাকার কৃষক, তরুণ উদ্যোক্তা ও দর্শনার্থীরা।

বেলাল হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় চার বছর আগে তিনি পাঁচ বিঘা জমি লিজ নিয়ে মালটা চাষ শুরু করেন। এতে তার ব্যয় হয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা, চারা ও শ্রমিক খাতে ৫ লাখ ২৫ হাজার টাকা। চলতি মৌসুমে পাঁচ বিঘার বাগান থেকে প্রায় ১৫ মেট্রিক টন মালটা উৎপাদনের প্রত্যাশা করছেন তিনি। প্রতি কেজি ফল ২৫০ টাকা দরে বিক্রি করছেন। মৌসুম শেষে উৎপাদিত মাল্টা প্রায় ৪০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন।

আরও পড়ুন: আটঘরিয়ায় মাঠজুড়ে পাকা ধান, হঠাৎ বৃষ্টিতে কৃষকের কপালে ভাঁজ

মালটা চাষের অভিজ্ঞতা তুলে ধরে বেলাল হোসেন বলেন, "রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে গোবর সার বেশি প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।" তবে বেলালের কৃষি উদ্যোগের শুরুটা মালটা চাষ দিয়ে হয়নি। প্রায় ২৬ বছর আগে নানার বাড়ি উপজেলার সিলেমানপুর থেকে পড়াশোনার সময় নানির দেওয়া ২ হাজার ৭'শ টাকা দিয়ে নার্সারি ব্যবসা শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়িয়েছেন। বর্তমানে প্রায় ১২ বিঘা জমিতে রয়েছে বিভিন্ন ফলের বাগান ও নার্সারি। এর মধ্যে ৫ বিঘা জমিতে মালটা এবং ৪ বিঘায় ড্রাগন ফল চাষ করছেন। বাকি তিন বিঘায় বিভিন্ন প্রজাতির ফলের গাছ ও চারা রয়েছে। মালটা বাগানের মধ্যেও অন্যান্য জাতের ফলের চারা পরিচর্যা করছেন তিনি।

ফল উৎপাদনের পাশাপাশি চারা উৎপাদন ও বিক্রিও তার ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ। ভালো ফলন পাওয়া গাছ থেকে কলম চারা তৈরি করে বাজারজাত করা হয়। নার্সারি থেকে বছরে প্রায় ১২ লাখ টাকার চারা বিক্রি হয়। নার্সারি ও ফল বাগান পরিচর্যায় এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। আগামীতে মালটা চাষের পরিধি আরো বাড়ানোর ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন বেলাল হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন বলেন, "বেলালের মালটা বাগান কৃষি বিভাগের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে। তাঁকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।" তাঁর এই উদ্যোগ দেখে উপকূলীয় এলাকার অন্যান্য কৃষকরাও ফলের বাগান করতে আগ্রহ প্রকাশ করছেন বলে জানিয়েছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা।

আরও পড়ুন: চৌদ্দগ্রামে আকভানের প্রভাবে ১৮ হাজার হেক্টর আমন ধান ক্ষতিগ্রস্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের তারিখ পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের তারিখ পরিবর্তন

আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পূর্বনির্ধারিত ৩০ নভেম্বরের পরিবর্তে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর এই সফর দুদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল পৌনে তিনটার দিকে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রধানমন্ত্রীর সফরের নতুন তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী ২ ডিসেম্বর যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান শেষে তিনি একই দিনে কুষ্টিয়ায় আসবেন। সফরের সময় প্রধানমন্ত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। হাসপাতালটি দীর্ঘ প্রতীক্ষার পর কার্যক্রম শুরু হলে কুষ্টিয়া ও আশপাশের কয়েকটি জেলার মানুষের চিকিৎসাসেবায় নতুন সুযোগ সৃষ্টি হবে, এমন আশা স্থানীয়দের।

এছাড়া, কুষ্টিয়া সুগার মিলস লিমিটেড এবং মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, বিনিয়োগ সম্ভাবনা ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও আলোচনা হতে পারে। দীর্ঘদিন ধরে সংকট ও অব্যবস্থাপনায় প্রতিষ্ঠান দুটি উৎপাদনহীন থাকায় স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। প্রধানমন্ত্রীর সফরে মিল দুটি পুনরায় চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন জেলাবাসী।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের আলোচনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিগুলো বিশেষ গুরুত্ব পেতে পারে।

এর আগে, প্রধানমন্ত্রীর সফর সফলভাবে সম্পন্ন করতে গত ১৭ নভেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা, প্রটোকল ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা এবং বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, "আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাশকতা প্রতিরোধে গ্রাম পুলিশকে জিরো টলারেন্স নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


নাশকতা প্রতিরোধে গ্রাম পুলিশকে জিরো টলারেন্স নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী

গ্রাম পুলিশের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উল্লেখ করেছেন, ‘একটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। তাদের চিরাচরিত স্বভাব অগ্নিসংযোগ, যানবাহন ও অফিস-আদালত পোড়ানো, মানুষ হত্যা এবং বাস ও থানায় আগুন দেওয়া। এসব নাশকতা প্রতিহত করতে আপনারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন।’

শনিবার (২১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম পুলিশদের সঙ্গে দিকনির্দেশনামূলক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনারা পোশাকধারী সরকারি লোক, তাই আপনাদের মনোবল শক্ত রাখতে হবে। নিষিদ্ধ সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ। কোনো এলাকায় তাদের সন্ত্রাসী কার্যক্রমের খবর পেলে প্রয়োজনে ওয়ার্ড থেকে ফোনের মাধ্যমে বার্তা পাঠিয়ে একত্রিত হয়ে তা প্রতিহত করবেন এবং তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য আপনারা অতন্দ্র প্রহরী এবং মূল চালিকাশক্তি।’

নান্দাইলে আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের গুরুত্ব তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘নান্দাইল থানার ১৩টি ইউনিয়নে পুলিশ সদস্য আছেন ৬০ থেকে ৬৫ জন, কিন্তু আপনারা সংখ্যায় ১৩০ জন। আপনারা এলাকার সবার সঙ্গে সুসম্পর্ক রাখবেন, তবে মাদককারবারি ও জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাদের পুলিশের হাতে তুলে দেবেন। যে মাদক কারবারি বা সেবনকারী পরিবার ও সমাজ ধ্বংস করে দিচ্ছে, তাদের সঙ্গে থাকা যাবে না। তারা জেলে থাকুক, এলাকাবাসী শান্তিতে থাকুক।’

বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘তারা সমাজে মাদক ও জুয়ার যে ভয়াবহ অবস্থা সৃষ্টি করে গেছে, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আপনারাই কেবল তা নির্মূল করতে পারবেন।’

গ্রাম পুলিশদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি জানান, ‘১৯৭৬ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের গ্রাম পুলিশের স্বীকৃতি দিয়েছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের পদের মর্যাদা ও বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। পেনশন ভাতা, মোবাইল ভাতা বাড়ানো হয়েছে এবং যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে পেনশন ভাতা ৮০ হাজার থেকে লাখ টাকা করেছেন। পর্যায়ক্রমে বেতন আরো বৃদ্ধি ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।’

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যানসার ছড়িয়ে পড়েছে শরীরে, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৭ পি.এম


ক্যানসার ছড়িয়ে পড়েছে শরীরে, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুরের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় শনিবার (২১ নভেম্বর) সকালে তাঁকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। এর আগে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন।

মাতিয়া বানু শুকুরের স্বামী নির্মাতা নূরুল আলম আতিকের সূত্রে জানা গেছে, শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ার কারণে তাঁর শারীরিক জটিলতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তিনি প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার অক্সিজেন প্রয়োজনীয়তা অনুভব করছেন, যদিও তিনি সচেতন আছেন, চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থাকে নিয়ে উদ্বিগ্ন।

চিকিৎসকেরা পরবর্তী চিকিৎসা পদক্ষেপ নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করছেন। তাঁর শরীরে সেন্ট্রাল ভেনাস লাইন স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। তবে লাইফ সাপোর্টে নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে চিকিৎসার ব্যয় নিয়ে পরিবার দুশ্চিন্তায় রয়েছে। বর্তমান হাসপাতালে চিকিৎসার খরচ বেশি হওয়ায়, শারীরিক অবস্থার কিছুটা স্থিতিশীল হলে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর আগে, চিকিৎসায় সহায়তার জন্য পরিবার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সরকারের সহযোগিতা চেয়েছিল।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকুর দুই দশকের বেশি সময় ধরে দেশের নাটক ও চলচ্চিত্রে কাজ করছেন। নাট্যকার ও নির্মাতা হিসেবে তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’। তাঁর নির্মাণে মধ্যবিত্ত জীবনের গল্প ও সামাজিক বাস্তবতা বিশেষভাবে উঠে এসেছে।

২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। মাতিয়া বানুর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিকে জিততে সাহায্য করা সম্মানের বলে উল্লেখ করলেন কাসেমিরো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


মেসিকে জিততে সাহায্য করা সম্মানের বলে উল্লেখ করলেন কাসেমিরো

আন্তর্জাতিক ও ক্লাবে ছিল সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা। বর্তমানে একই দলে খেলছেন তাঁরা। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামিতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সতীর্থ হিসেবে রয়েছেন রিয়াদ মাদ্রিদের সাবেক ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। মায়ামিতে মেসির সতীর্থ হয়ে খেলাটিকে তিনি ‘সম্মানের’ বলে উল্লেখ করেছেন।

কাসেমিরো, যিনি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে ‘এল ক্লাসিকো’ এবং ব্রাজিল-আর্জেন্টিনার আন্তর্জাতিক ম্যাচে নিয়মিতভাবে মেসির মুখোমুখি হয়েছেন, বর্তমানে মায়ামিতে একই দলের অংশ হিসেবে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে আরো শিরোপা জিততে সাহায্য করার সুযোগটি উপভোগ করছেন।

‘থ্রু লাইনস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে কাসেমিরো বলেন, ‘তাঁর কারণে আমাকে অনেক ভুগতে হয়েছে, অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। আর এখন আমি তাঁর পাশে আছি, তাঁর সাথে খেলাটা উপভোগ করাটা সত্যিই আনন্দের। আমার জন্য তাঁর পাশে খেলা এবং তাঁকে জয়ের ধারায় থাকতে সাহায্য করাটা অনেক সম্মানের।’

এই জুটি ইতিমধ্যেই ২০২৬ সালের ‘ক্যাম্পিওনেস কাপ’ জিতেছে, যেখানে ক্রুজ আজুলের বিরুদ্ধে ২-০ গোলের জয়ে মেসি নিজে একটি গোল করার পাশাপাশি কাসেমিরোর গোলটিতে সহায়তা (অ্যাসিস্ট) করেছিলেন।

মেসি-কাসেমিরো এখন আরেকটি এমএলএস কাপ জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। কাসেমিরো মেসিকে ‘সেরা’ হিসেবে অভিহিত করে আরো বলেন, ‘তার পাশে খেললে মাঠে সবকিছুই অনেক সহজ হয়ে যায়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%