বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৫৭ পি.এম
রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নতুন নির্দেশনা প্রদান করেছে। এসব নির্দেশনা চালক ও মালিকদের জন্য পালনীয় এবং এর জন্য একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগের নির্দেশনা না মানলে চালক ও মালিকদের শাস্তির মুখে পড়তে হবে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন এবং বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ডিএমপি। আগামী ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জাম ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হবে। তল্লাশিচৌকিতে বিশেষ নজরদারির আওতায় মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস আসবে। তবে ৩ চাকার হালকা যান, পিকআপ ভ্যান, বাস, মিনিবাস ও ট্রাক নজরদারির বাইরে থাকবে না। অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন এবং অন্যান্য হর্ন ব্যবহার করলেই ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর ৮১ নম্বর বিধি অনুযায়ী, জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় নিয়োজিত ৪ ক্যাটাগরির যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এই ক্যাটাগরিগুলো হলো, অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন।
এছাড়া, মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস, ট্রাকসহ সকল ধরনের ব্যক্তিগত ও বাণিজ্যিক মোটরযানে তীক্ষ্ণ বা উচ্চ শব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক, নিউম্যাটিক, মাল্টিটিউনড বা বিশেষ হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
বিধি ৮১ (২) অনুসারে, হর্নের মাধ্যমে উৎপন্ন শব্দের মানমাত্রা শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এ নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। এই বিধি ভঙ্গের ফলে প্রতিবার অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রযোজ্য হবে।
হতে পারে শাস্তি
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৫ ধারায় উল্লেখ রয়েছে যে, কোনো মোটরযান চালক নির্ধারিত শব্দমাত্রার অতিরিক্ত বা উচ্চমাত্রার শব্দ সৃষ্টি করতে পারবেন না। এর ৮৮ ধারা অনুযায়ী, কেউ আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
নিয়মের বাইরে গিয়ে কেউ যানবাহনে অনুমোদনহীন হর্ন বা বিকন বাতি সংযোজনের মতো কারিগরি পরিবর্তনের অপরাধে অন্যূন এক বছর থেকে অনধিক তিন বছরের কারাদণ্ড, অনধিক তিন লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। একের পর এক হুমকি ও হামলার ঘটনার মধ্যে এবার অভিনেতা সাইফ আলী খান হত্যার হুমকি পেয়েছেন। ভারতের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বাবা সিদ্দিকী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত জিশান আখতারের নাম উল্লেখ করে এই হুমকি দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাইফকে পাঠানো হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে মুম্বাই পুলিশ। তবে, জিশান আখতার নিজেই এই বার্তা পাঠিয়েছেন কিনা, অথবা অন্য কেউ তাঁর নাম ব্যবহার করে অভিনেতাকে ভয় দেখানোর চেষ্টা করেছে কিনা, তা এখনও নিশ্চিত নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে।
এর আগে, ২০২৫ সালের জানুয়ারিতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসায় ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন সাইফ। দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়ে তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে হত্যার হুমকি পাওয়ার খবর সামনে এসেছে।
এদিকে, ২০২৪ সালের অক্টোবরে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ছেলে জিশান সিদ্দিকির কার্যালয়ের বাইরে গুলিতে নিহত হন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিশান আখতারকে খুঁজছে পুলিশ। সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ড সে সময় বলিউডেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল।
এদিকে, সাম্প্রতিক সময়ে বলিউডের একাধিক তারকা হুমকি ও হামলার সম্মুখীন হয়েছেন। সালমান খানের বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনা থেকে শুরু করে নির্মাতা রোহিত শেঠি ও অভিনেতা টাইগার শ্রফকে ঘিরে হামলার খবর সামনে এসেছে। এছাড়া, রণবীর সিং, আয়ুষ শর্মা, কপিল শর্মা ও আয়ুষ্মান খুরানার কাছেও হুমকির বার্তা পৌঁছেছে বলে বিভিন্ন সময়ে খবর প্রকাশিত হয়েছে।
পরপর এসব ঘটনায় বলিউড তারকাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফ আলী খানকে হত্যার হুমকির ঘটনায় সেই উদ্বেগ আরও বেড়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুর সীমান্তে মাদক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় ও ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, বুধবার রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মদ জব্দ করে। জব্দকৃত ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। এসব অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী দায়ের করা মামলায় মো. শামীম আহম্মেদ (৩৪) নামের যুবলীগের এক সাবেক নেতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মনিহারপুর এমআর হাইস্কুল মোড় থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া শামীম ৮ নম্বর দুড়দুড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি মামলার তথ্যও পুলিশ পেয়েছে। শামীম আহম্মেদ উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. শাহাদত হোসেন মন্ডলের ছেলে।
পুলিশের সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শামীম আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির জিআর নম্বর ৩৩৪/২০২৬। বৃহস্পতিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিহারপুর এমআর হাইস্কুল মোড় থেকে তাকে আটক করা হয়।
পুলিশের রেকর্ডপত্র যাচাই করে জানা গেছে, ২০২৩ সালের ২১ আগস্ট সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলার এফআইআর নম্বর ৫২ এবং জিআর নম্বর ৫৭৭। মামলাটিতে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর ৬২৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শামীম আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। থানা পুলিশের রেকর্ডপত্র যাচাই করে তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘আমার ভাইয়ের রগ কাটা, মাথায় গুলি; আমার সোনার টুকরো ভাই। আমার ভাই এই রহম লম্বা (হাত উঁচু করে দেখিয়ে)। সেই ভাই চোখের সামনে নিতেজ হয়ে গেছে। আমি এর বিচার চাই, হত্যাকারীর ফাঁসি চাই।’
কান্না ভরা কণ্ঠে এ কথাগুলো উচ্চারণ করছিলেন জ্যোতি ইয়াসমিন (২৭)। তিনি বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার শিকার হয়ে নিহত সোহেলের ছোট বোন।
সোহেল রানা নড়াইলের কালিয়া উপজেলার বড় কালিয়া গ্রামের মোতালেব মোল্যার পুত্র এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক (জাসাস) সংস্থার সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে সাংবাদিকরা সোহেলের বাড়িতে উপস্থিত হন। এ সময় তাদের সঙ্গে কথা বলেন জ্যোতি। উল্লেখিত কথাগুলো বলার পর তিনি কয়েক মুহূর্ত কান্না সংবরণের চেষ্টা করেন। এরপর তিনি পুনরায় বলেন, ‘আমার কিচ্ছু লাগবে না, যারা আমাকে ভাইহারা করেছে, তাদের ফাঁসি চাই। আর যেন কোনো বোন এই রহম ভাইহারা না হয়।’
বুধবার সন্ধ্যায় নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল শোডাউনে হামলা সংঘটিত হয়। এতে বিএনপির দুই নেতা নিহত হন।
নিহত অপরজন হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন মোল্যা। তিনি উপজেলার মির্জাপুর গ্রামের নিছার উদ্দিন মোল্যার পুত্র।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু ও সরদার আর্মিস্টংয়ের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে পশ্চিম পাশের মোড়ে পৌঁছায়। এ সময় পেছন দিক থেকে তাদের ওপর অতর্কিতে হামলা হলে শাহিন মোল্যা ও সোহেল রানা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু ঘটে।
হামলায় আরও আহত হন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান। তিনি বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, মোটরসাইকেল শোভাযাত্রার পেছনে অতর্কিতে হামলা করা হয়। এসময় হামলাকারীরা দুইজনকে মারধর করে গুরুতর আহত করেন। পরে তারা দুজন মারা যান।
এদিকে, হামলায় হতাহতের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি ইদ্রিস আলী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ