ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এবার ময়মনসিংহে সাবেক দুই এমপির বাড়িতে অগ্নিসংযোগ, চার উপজেলায় নাশকতা


এবার ময়মনসিংহে সাবেক দুই এমপির বাড়িতে অগ্নিসংযোগ, চার উপজেলায় নাশকতা

ময়মনসিংহের সাবেক দুই সংসদ সদস্যের (এমপি) বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একইসঙ্গে চার উপজেলায় একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে ঈশ্বরগঞ্জ, ফুলপুর, ফুলবাড়িয়া ও ভালুকা উপজেলায় এসব নাশকতা সংঘটিত হয়। তবে, কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষায় ১১ নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা

অন্যদিকে, একই রাতে ফুলপুর উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের বাড়িতেও হামলা হয়। এ সময় দুর্বৃত্তরা বাড়িটিতে পেট্রোল বোমা নিক্ষেপ ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে।

ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানের কক্ষে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া, ভালুকা উপজেলায় জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামালের একটি ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ‘মীর এক্সপ্রেস’ নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্কয়ার ফ্যাশন সংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা বাসটির ভেতরে সে সময় একজন কর্মী ঘুমিয়ে থাকলেও তিনি অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: বিবাদ ভুলে হাত মেলালেন পিটিআইয়ের শীর্ষ আইনজীবীরা

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, আগুনে বাসটির ভেতরের আসন ও জানালার কাঁচ পুড়ে গেলেও ইঞ্জিন অক্ষত রয়েছে। প্রাথমিক হিসাবে এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাসের মালিক গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম দাবি করেন, আগুনে তার পুরো বাসটিই ভস্মীভূত হয়েছে। তিনি জানান, ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন। গাড়ির মেরামতসহ তার প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে। এই অগ্নিকাণ্ডে চরম আর্থিক সংকটে পড়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক সকালেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৫ প্রভাবশালী কূটনীতিকের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


এক সকালেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৫ প্রভাবশালী কূটনীতিকের বৈঠক

ঢাকায় নিযুক্ত ৫ কূটনীতিক পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা পৃথকভাবে বৈঠক করেন। তবে বৈঠকগুলোর আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, ‘সাক্ষাতে দুই দেশের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।’

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে বলে জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলের সাগর উত্তাল, ৩ নম্বর বিপদ সংকেত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলের সাগর উত্তাল, ৩ নম্বর বিপদ সংকেত

আল-আমিন শাহরিয়ার

ভোলা (উপকূল), ১৯ নভেম্বর, ২০২৬ : দেশের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় জেলা ভোলা ও আশেপাশের জেলাগুলোতে গুমোট আবহাওয়া বিরাজ করছে।

গতকাল বুধবার রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার দিনভর মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

কোথাও আকাশ মেঘাচ্ছন্ন, আবার কোথাও বাতাসের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। আকাশ ঘন মেঘে ঢাকা পড়েছে। ঘূর্ণিঝড় আকভান’র প্রভাবে উপকূলীয় এলাকার নদী ও সাগর উত্তাল হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে দেশের ৪টি সমুদ্রবন্দরকে আজ বৃহস্পতিবার সকাল থেকে ৩ নম্বর-দূরবর্তী হুঁশিয়ারি সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী বিপদ সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ভোলা জেলা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান আজ সকাল ১০ টায় বাসসকে জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি জানান, প্রবল ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১শ’ ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম উপকূলবর্তী কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল (২০ নভেম্বর) শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। প্রবল এ ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১শ’ ১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

তাছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দর, দক্ষিণ-পূূূর্ব এবং উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বিরাজ করছে।

এ অবস্থায় উপকূলীয় জেলা ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

এছাড়া, দক্ষিণ-পূূূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এবং নদীগামী জেলেদের ১ নম্বর হুশিয়ারী সংকেত জানিয়ে তাদেরকে উপকূলের তীরবর্তী এলাকায় থাকতে বলা হয়েছে।

ভোলার জেলা প্রশাসন সূত্র জানায়, দুর্যোগ মোকাবেলায় তারা সর্বোচ্চ সতর্কবস্থায় রয়েছেন। দুর্যোগে ক্ষতি মেটাতেও এখানকার প্রশাসনের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে।

সরেজমিন আজ সকাল সাড়ে ৭ টায় ভোলার ইলিশা এলাকার মেঘনা নদী পাড় ঘুরে দেখা গেছে-গতকাল বুধবারের তুলনায় আজ নদী খুবই উত্তাল রয়েছে। পানির প্রবল ঢেউ-এ নদীর সর্বত্র আছড়ে পড়ছে। পানি আর বাতাসের শক্তির খেলায় মেঘনার বুকে ভয়ানক বিকট শব্দ এখন আঁতকে উঠার মতো পরিস্থিতি বিরাজ করছে। নিজেদের রক্ষায় জাল, নৌকা আর ট্রলার নিয়ে জেলেরা এখন জেলার মূল ভূ-খন্ডে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

আবহাওয়ার এমন প্রতিকূল অবস্থায় উপকূলের পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর-দূরবর্তী হুঁশিয়ারি সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে বরিশাল, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, খুলনা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের উপকূলীয় ১০টি জেলার প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবেলায় স্ব-স্ব এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে খবর মিলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে কারাগারে পাঠাল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


জুলাই হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে কারাগারে পাঠাল আদালত

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে মাদরাসার শিক্ষার্থী সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ৩টা নাগাদ শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ প্রদান করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মোড়ল এদিন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক হেলাল উদ্দিন জানান, এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। এ সময় নাহিদের পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি।

আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম নাহিদ মামলার ঘটনার এবং পলাতক অন্য আসামিদের সম্পর্কে তথ্য প্রদান করেছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আন্দোলন প্রতিহত করতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা এবং সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। তবে তদন্তের প্রয়োজনে পরবর্তীতে তাকে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ১৯ নভেম্বর রাত ২টা ১০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযানটি পরিচালিত হয়। পরে উত্তরা পশ্চিম থানার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে কোটা সংস্কার আন্দোলন চলছিল। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং গুলি করে। এতে জামিয়াছিন ইসলামীয়া মাদরাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হন। পরে তাকে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।

এছাড়া সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় দায়ের করা হত্যা, হত্যাচেষ্টা ও সহিংসতার ১৪টি মামলায় তার নাম উল্লেখ করা হয়েছে বলে সিডিএমএস পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগুন দিয়ে পালানোর সময় ২ যুবককে পুলিশে দিলেন বিএনপি নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


আগুন দিয়ে পালানোর সময় ২ যুবককে পুলিশে দিলেন বিএনপি নেতারা

খুলনায় বিএনপির ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে দুর্বৃত্তদের দ্বারা, যা পুলিশ বক্সের পাশে ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন, নগরীর লবণচরায় একটি টেক্সটাইল মিলের সামনে সড়কের পাশে রাখা একটি বাসে আগুন দেওয়ার সময় দুই যুবককে আটক করা হয়েছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাথায় হেলমেট পরিহিত দুই যুবক মোটরসাইকেলে এসে নগরীর শিববাড়ী মোড়ে বিএনপির একটি ব্যানারে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়।

অন্যদিকে, বাসে অগ্নিসংযোগের চেষ্টা করার সময় আটক দুই যুবক হলেন কৌশিক ও ইয়াছিন।

নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, "কিছু বুঝে ওঠার আগেই হেলমেট পরিহিত দুই যুবক মোটরসাইকেলে এসে ব্যানারে আগুন দিয়ে পালিয়ে যায়।" তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে, ওই দিন সকালে নগরীর লবণচরায় টেক্সটাইল মিলের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা কৌশিক ও ইয়াছিন নামে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু জানিয়েছেন, বুধবার (১৮ নভেম্বর) সারারাত ধরে দলের নেতাকর্মীরা নাশকতাকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে পাহারা দিয়েছেন। তিনি বলেন, "ভোররাতে আমি এবং জেলা বিএনপির সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পি রাস্তায় বের হই। ওই সময় বাসে আগুন দেওয়ার সময় কৌশিক ও ইয়াছিন নামে দুই যুবককে আটক করা হয়।" তবে তিনি উল্লেখ করেছেন, নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা চয়ন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আটক দুই যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

নগরীর লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানিয়েছেন, আটক দুই যুবক বটিয়াঘাটা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%