মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:৩৮ পি.এম
লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ ‘বাব আল-মান্দেব’ প্রণালী বন্ধ হয়ে গেলে তা গোটা বিশ্বের জন্য একটি ‘বিপর্যয়কর’ পরিস্থিতি তৈরি করবে বলে কাতার সতর্কতা জারি করেছে। পারস্য উপসাগরের আরেক কৌশলগত আন্তর্জাতিক নৌপথ ‘হরমুজ প্রণালী’ ইতোমধ্যে অবরুদ্ধ হয়ে থাকায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে সংকট সৃষ্টি হয়েছে। এর মধ্যে যদি বাব আল-মান্দেব প্রণালীতে কোনো ব্যাঘাত ঘটে, তবে তা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে অপূরণীয় ক্ষতি ডেকে আনবে বলে উদ্বেগ প্রকাশ করেছে কাতার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ইব্রাহিম আল-হাশমি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন।
ইব্রাহিম আল-হাশমি মন্তব্য করেন, "হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্ব এখন এমনিতেই চরম ভুগছে। এ অবস্থায় বাব আল-মান্দেব প্রণালীকে এই সংকটের মধ্যে যুক্ত করা কোনোভাবেই বিশ্ব অর্থনীতির পক্ষে সহ্য করা সম্ভব নয়।"
তিনি আরও বলেন, "লোহিত সাগরের এই দক্ষিণ প্রবেশদ্বারটি বন্ধ হলে পুরো বিশ্বের জন্য তা মারাত্মক বিপর্যয় বয়ে আনবে এবং আমরা ইতোমধ্যে এর নেতিবাচক প্রভাব দেখতে শুরু করেছি। এ কারণে কাতার অবিলম্বে সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণের জোর আহ্বান জানাচ্ছে।"
সম্প্রতি ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দেশটির লোহিত সাগর উপকূলবর্তী এলাকাগুলোতে নতুন করে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে ও নিয়ন্ত্রণ বিস্তার করেছে। এর ফলে বাব আল-মান্দেব প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল চরম ঝুঁকিতে পড়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ইয়েমেন ও আফ্রিকার জিবুতির মধ্যবর্তী এই বাব আল-মান্দেব প্রণালীটি বন্ধ হয়ে গেলে জাহাজগুলোকে সুয়েজ খাল এড়িয়ে সুদূর আফ্রিকার ‘কেপ অব গুড হোপ’ ঘুরে দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। এতে পণ্য পরিবহন খরচ এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেতে পারে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে কাতার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৬ নম্বর ছোনগাছা ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সর্বসাধারণের মাঝে বিনামূল্যে টিউবওয়েল ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ টিউবওয়েল ও বৃক্ষ চারা তুলে দেওয়া হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি ও বিনামূল্যে টিউবওয়েল বিতরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামুন খান।
উপস্থিত স্থানীয়দের উদ্দেশে বক্তব্যে প্রধান অতিথি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নিরাপদ পানির ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, পরিবেশ সুরক্ষা ও বিশুদ্ধ সুপেয় পানি নিশ্চিত করতে সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
ছোনগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: প্রশাসনিক কর্মকর্তা: মো. মেহেদী হাসান
হিসাব রক্ষণ কর্মকর্তা: হারুনার রশিদ
ইউপি সদস্যবৃন্দ: মো. আব্দুল মমিন, আবু তাহের ঝন্টু, মহর আলী, এবং সেলিম রেজা
স্থানীয় নেতৃবৃন্দ: ছোনগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামরুল ইসলাম ইকবাল কবীর বাবু. সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ইউনিয়নের সুবিধা বঞ্চিত পরিবারগুলোর মাঝে ১৯ টি ও এর আগে প্যানেল চেয়ারম্যান ৩ মোট ২৩ টি টিউবওয়েল হস্তান্তর করেন এবং উপস্থিত সবার মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে জেলা বিএনপির তিন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন—ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতা মির্জা ফয়সল আমিন, ওবায়দুল্লাহ্ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তারা দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে জানা গেছে।
আসন্ন উপনির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিন নেতার নাম আলোচনায় এসেছে।
দলীয় সিদ্ধান্ত ও মনোনয়ন বোর্ডের পরবর্তী প্রক্রিয়া শেষে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঠাকুরগাঁওয়ে জুয়া খেলার অভিযোগে পুলিশের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শহরের পরিত্যক্ত একটি টিন সেট ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো-কনস্টেবল সোহেল রানা, এএসআই শান্তি কুমার রায়, কনস্টেবল মো. আলমগীর কবির, এএসআই মো. শাহাদত জামান। তারা সবাই ঠাকুরগাঁওয়ে কর্মরত।
পুলিশ সূত্রে জানা গেছে, পরিত্যক্ত অবস্থায় থাকা একটি টিন সেটের ভবনে জুয়া খেলার অভিযোগে অভিযান চালায় উর্ধতন কর্মকর্তাগন। এ সময় পুলিশের ওই চার সদস্যকে আটক করা হয়।
পুলিশের সদস্যদের বিরুদ্ধেই পুলিশের এমন অভিযান ও আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে একই সঙ্গে নিজেদের বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।
তাদের মতে, আইন সবার জন্য সমান এমন বার্তাই দিয়েছে পুলিশের এই অভিযান। বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে পরিচয় বা পদমর্যাদা বিবেচনা না করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হলে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।
পুলিশের পক্ষ থেকে নিজেদের সদস্যদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার এই উদ্যোগকে বাহিনীর শৃঙ্খলা, জবাবদিহি ও আইনের প্রতি দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে। এতে অন্য সদস্যদের মধ্যেও দায়িত্বশীলতা ও শৃঙ্খলা বজায় রাখার বার্তা যাবে বলে মনে করছেন সচেতন মহল।
আটক চার পুলিশ সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পরিবারের সকল সদস্যের রোগমুক্তি, সুস্থতা, শান্তিময় জীবন এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় মরিশাসপ্রবাসী সমাজসেবক ও ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পরিচালক আকাশ মিয়ার নিজ বাসভবনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন নিজ বাসভবনে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ধলাইরচর দরবার শরীফের পীর মুহাদ্দিস মুফতী রাকীবুল হাসান রাকীব, আলফাডাঙ্গা ৩ নং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান ওরফে হৃদয় আশিকসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এতিম ও কোমলমতি শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরব্বি এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মিলাদ শেষে আকাশ মিয়া ও তাঁর পরিবারের সকল সদস্যের রোগমুক্তি, সুস্থতা, নেক হায়াত, শান্তি ও বরকত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে উজ্জ্বল ভবিষ্যৎ অর্জন এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে আকাশ মিয়া বলেন, পরিবারের সকল সদস্যের সুস্থতা, শান্তি ও কল্যাণই আমার সবচেয়ে বড় চাওয়া। সন্তানরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে এবং ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে,এটাই আমার প্রত্যাশা। মহান আল্লাহ যেন আমার পরিবারকে সুস্থতা, নেক হায়াত, শান্তি ও বরকত দান করেন এবং আমাদের সবার দোয়া কবুল করেন।
দোয়া মাহফিলে উপস্থিত মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী আকাশ মিয়া ও তাঁর পরিবারের জন্য মহান আল্লাহর রহমত, সুস্থতা, শান্তি ও কল্যাণ কামনা করেন।
উল্লেখ্য, মরিশাসে কর্মরত থাকলেও আকাশ মিয়া দীর্ঘদিন ধরে নিজ এলাকার এতিম, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এতিম শিক্ষার্থীদের খাদ্য সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক উদ্যোগে তিনি সহযোগিতা করে আসছেন।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ