ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং
ফিফা বিশ্বকাপ ২০২৬

ছন্দে ফিরলে স্পেনকে থামানো অসম্ভব, আত্মবিশ্বাসী ইয়ামাল


ছন্দে ফিরলে স্পেনকে থামানো অসম্ভব, আত্মবিশ্বাসী ইয়ামাল

বিশ্বকাপে স্পেন এখনও নিজেদের সেরা ফুটবল প্রদর্শন করতে পারেনি। তবে দলের সক্ষমতা নিয়ে তরুণ তারকা লামিন ইয়ামালের মধ্যে কোনো সংশয় নেই। স্প্যানিশ ফরোয়ার্ডের বিশ্বাস, একবার ছন্দে ফেরার পর তাদের থামানো যেকোনো প্রতিপক্ষের জন্য প্রায় অসম্ভব হয়ে যাবে।

২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্ট শুরু করেছিল। তবে প্রথম ম্যাচে নবাগত কেপ ভার্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করায় স্পেন হোঁচট খেয়েছে। এরপর সৌদি আরবের বিরুদ্ধে ৪-০ গোলে জয় পেয়েও গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়েকে মাত্র ১-০ গোলে হারাতে হয়েছে।

অপরাজিতভাবে গ্রুপসেরা হয়ে নকআউটে উঠে গেলেও দলটি এখনও প্রত্যাশা অনুযায়ী ফুটবল খেলতে পারেনি বলে মনে করেন ইয়ামাল।

আরও পড়ুন: ধুনটে পাঁচ কোটি টাকার সড়ক কাজ বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ

তিনি বলেন, ‘এটা সত্য যে সবাই আমাদের কাছ থেকে আরও ভালো ফুটবল আশা করেছিল। তবে আমরা ইউরোপের বাইরের ভিন্ন ধরনের দলের বিপক্ষে খেলেছি। ম্যাচগুলো ছিল কঠিন, বিশেষ করে শেষ ম্যাচটি, যেখানে খেলা বারবার থেমেছে।’

তবে ইয়ামালের বিশ্বাস, স্পেনের সেরা পারফরম্যান্স এখনো আসেনি।

তিনি বলেন, ‘আমার মনে হয় না, আমরা এখনও কোনো দুর্দান্ত ম্যাচ খেলেছি। কিন্তু একবার ছন্দ খুঁজে পেলে —আর আমি নিশ্চিত আমরা সেটা পাব, তখন আমাদের থামানো প্রায় অসম্ভব হয়ে যাবে।’

চোটের কারণে চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনো ম্যাচ পুরো ৯০ মিনিট খেলতে পারেননি বার্সেলোনার এই তারকা। তবে শেষ ষোলোর আগে নিজেকে পুরোপুরি ফিট বলেই জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গাইবান্ধার স্মৃতি খাতুনের সাফল্য

ইয়ামাল আরও বলেন, ‘আমি এখনও আন্তর্জাতিক ফুটবলে শিখছি। ক্লাব ফুটবলের তুলনায় এখানে অনেক কিছুই আলাদা। চোট থেকে ফিরে নিজেকে কীভাবে সামলাতে হয়, সেটাও শিখছি। এখন আমি দারুণ অনুভব করছি এবং অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটির অপেক্ষায় আছি।’

বিশ্বকাপের শেষ ষোলোতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্পেন। জিতলে ইউরোপীয় চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ বছর পর রায় কলেজের মেট্রন হত্যায় দারোয়ানের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


১৭ বছর পর রায় কলেজের মেট্রন হত্যায় দারোয়ানের যাবজ্জীবন

দীর্ঘ প্রায় ১৭ বছর পর, আলোচিত জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের অস্থায়ী মেট্রন সামছুন নাহার হত্যা মামলার রায় দিয়েছে আদালত।

রায়ে কলেজের দারোয়ান শহিদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে, দুটি ধারায় তাকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও আড়াই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে, জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আহসান হাবীব চপল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম (৫৫) জয়পুরহাট শহরের পশ্চিম দেবীপুর মহল্লার ছলিম উদ্দিনের ছেলে। তিনি জয়পুরহাট সরকারি মহিলা কলেজের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২১ নভেম্বর রাতে জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের অস্থায়ী মেট্রন সামছুন নাহার নিখোঁজ হন। চার দিন পর, ২৫ নভেম্বর তার ভাই ফেরদৌস আলম লুলু জয়পুরহাট সদর থানায় শহিদুল ইসলামসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার তদন্তের একপর্যায়ে, পুলিশ শহিদুল ইসলামকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের ১৮ দিন পর, ৯ ডিসেম্বর কলেজের ছাত্রীনিবাসের সেপটিক ট্যাংক থেকে সামছুন নাহারের বিকৃত মরদেহ উদ্ধার করা হয়। পরে, শহিদুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার অভিযোগে বলা হয়, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সামছুন নাহারকে উত্ত্যক্ত করতেন এবং অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায়, ঘটনার দিন তিনি সামছুন নাহারকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর, তার গলার স্বর্ণের চেইন, কানের দুল ও আংটি খুলে নেন। পরে, হত্যাকাণ্ড গোপন করতে হাসুয়া দিয়ে মরদেহের পেট কেটে, কলেজ চত্বরের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখেন। পরবর্তীতে, তার কাছ থেকে লুট করা স্বর্ণালঙ্কারও উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ২০১০ সালের ৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায়, সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য আলামত পর্যালোচনা শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।

জয়পুরহাট আদালতের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, রায় ঘোষণার পর দণ্ডিত শহিদুল ইসলামকে কড়া পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শায়েস্তাগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসা প্রতিষ্ঠানের ২৪ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রহমত আলী, হবিগঞ্জ

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


শায়েস্তাগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসা প্রতিষ্ঠানের ২৪ হাজার টাকা জরিমানা

শায়েস্তাগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৪ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

র‌্যাব-৯ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করার অপরাধ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করার অভিযোগে এ জরিমানা করা হয়।

বুধবার (১ জুলাই) দুপুরে শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

অনকুল দাশ, যিনি ফার্মেসির মালিক, তিনি মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা হয়েছে। অন্যদিকে, আল মাহিন সুইটমিটের মালিক আলী হোসেনকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির জন্য ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা এবং অভিযানগুলো এমন সোর্সে চলতে থাকবে, যা জনস্বার্থে গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা: রুশ সামরিক বিশ্লেষক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা: রুশ সামরিক বিশ্লেষক

জুন মাসে ইউক্রেনের ৩৮ হাজার ৩২৫ জন সেনাসদস্য এবং বিদেশি ভাড়াটে যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে রুশ সামরিক বিশ্লেষক আন্দ্রেই মারোচকো দাবি করেছেন।

এই বিষয়টি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক সরাসরি সম্প্রচারে মারোচকো বলেছেন, “শত্রুপক্ষের জনবল ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে ৩৮ হাজার ৩২৫ জনে, যার মধ্যে ইউক্রেনীয় সেনাসদস্য ও বিদেশি ভাড়াটে যোদ্ধারা রয়েছেন। এ সংখ্যা মে মাসের তুলনায় ৭ হাজার ১৮০ জন বেশি।”

তিনি আরো দাবি করেছেন যে, ইউক্রেনীয় সেনাবাহিনীতে পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং দ্রুত সেনাদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর কারণে হতাহতের ঝুঁকি বেড়েছে।

তিনি আরও বলেন, “অনেক ক্ষেত্রেই জোরপূর্বক লোকজনকে সেনাবাহিনীতে নিয়োগ দিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে সম্মুখসারিতে পাঠানো হচ্ছে। হতাহতের এই সংখ্যা আমাদের নবগঠিত মানববিহীন যুদ্ধব্যবস্থা বাহিনীর কার্যকারিতাও তুলে ধরে।”

মারোচকো আরও দাবি করেছেন জুন মাসে রুশ বাহিনী ইউক্রেনের ১৬ হাজার ৩০০টি ড্রোন, ১২টি ট্যাংক, ৯টি বহুনল রকেট উৎক্ষেপণ ব্যবস্থা, ২৭০টি ফিল্ড আর্টিলারি, ১৫৫টি ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ও রাডার এবং বিভিন্ন ধরনের প্রায় ২ হাজার ৪০০টি সামরিক যান ধ্বংস করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলজিয়ামে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি ৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


বেলজিয়ামে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি ৫ জনের

বেলজিয়ামের এন্টওয়ার্প শহরের ১০ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫ জন প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন, যাদের মধ্যে কিছুজন গুরুতর।

পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার (১ জুলাই) স্থানীয় সময় সকালে বহুতল এই ভবনে এই দুর্ঘটনা ঘটে।

বেলজিয়ান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডটি এন্টওয়ার্পের লিংকোরোভার এলাকায় অবস্থিত অগাস্ট ভার্মেইলেনলান সড়কের ওই ভবনে সংঘটিত হয়েছে এবং এতে প্রাণহানির সংখ্যা ৫ জন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের মুখপাত্র কিম বাস্টিয়েন্স জানিয়েছেন, আহতদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি এবং আগুনের কারণ সম্পর্কেও এখনো কিছুই নিশ্চিত নয়।

পঞ্চম তলায় বসবাসকারী ৮০ বছর বয়সী জ্যাকলিন হিরেন জানিয়েছেন যে তিনি প্রাণে বাঁচতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন।

পুলিশ আরো জানিয়েছে, তীব্র ধোঁয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে, এজন্য পুলিশ বিশেষ দল এবং ড্রোন ইউনিট মোতায়েন করেছে। আশেপাশের বাসিন্দাদের জানালা এবং ভেন্টিলেটর বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মী উ‍ঁচু মই এবং দড়ির সাহায্যে ভবনের ব্যালকনি এবং টেরাস থেকে বাসিন্দাদের নিরাপদে নিচে নামিয়ে আনেন। মোট ৮০টিরও বেশি ফ্ল্যাট থেকে বাসিন্দাদের নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%