ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মানসিক টানাপড়েনের ‘দার-ই-নিজাত’ জপ্রিয়তার মূলমন্ত্র


মানসিক টানাপড়েনের ‘দার-ই-নিজাত’ জপ্রিয়তার মূলমন্ত্র

পাকিস্তানের ড্রামা সিরিজ ‘দার-ই-নিজাত’ বর্তমানে শুধুমাত্র পাকিস্তানি দর্শকদের মধ্যে জনপ্রিয় নয়; বরং এটি ভারত ও বাংলাদেশেও সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমান প্রজন্ম, বিশেষ করে জেন-জির মানসিক টানাপোড়েন এবং চার তরুণের জীবনে ঘটে যাওয়া ভিন্ন ভিন্ন গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই সিরিজ। সমসাময়িক তরুণ প্রজন্মের চিন্তা ও বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখে ধারাবাহিকটি নির্মাণ করা হয়েছে, যা ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

এই ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র আবু বকর, যার প্রতি হামনা বিপদে সহায়তা পেয়ে গভীর আকর্ষণ অনুভব করে। আবু বকর চরিত্রটি দায়িত্বশীলতা, সহমর্মিতা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতীক হলেও, অন্যের সমস্যার সমাধান করতে গিয়ে নিজের সীমারেখা বজায় রাখতে হিমশিম খায়।

বিশ্লেষকদের মতে, কৃতজ্ঞতা অনেক সময় অতিরিক্ত আবেগনির্ভরতা বা কাউকে আদর্শ রূপে কল্পনা করার প্রবণতায় পরিণত হয়। এ কারণেই ধারাবাহিকটিতে জেন-জির পাশাপাশি আগের প্রজন্মের গল্পও প্রতিফলিত হয়েছে। অল্প বয়সে আবেগের বশে করা ভুলগুলোকে তুলে ধরে সেখান থেকে নিজেকে ক্ষমা করা এবং অতীতের দুঃখ-কষ্ট থেকে মুক্তির দিকটি দেখানোর জন্য দর্শকদের প্রশংসা পাচ্ছে ‘দার-ই-নিজাত’।

আরও পড়ুন: বুবলীর জন্মদিনে নতুন কাজের সুখবর, ‘ঠিকানা’ চলচ্চিত্র উৎসবে নির্বাচিত

এ নাটকের চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক দিক তুলে ধরতে মানসিক স্বাস্থ্যবিষয়ক এক পেশাজীবী জানিয়েছেন, জারিয়াব চরিত্রে পরিত্যক্ত হওয়ার ভয় এবং অন্যের স্বীকৃতির ওপর অতিরিক্ত নির্ভরতা লক্ষ্য করা যায়। সম্পর্ক ভাঙার পর তার আতঙ্ক ও আত্মমর্যাদার সংকট স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে, ধনী পরিবারের সন্তান জামিল নিজের ব্যর্থতা ও আবেগগত দুর্বলতা এড়াতে ধর্মীয় পরিচয়ের বাহ্যিক পরিবর্তন ঘটিয়ে নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে চায়, কিন্তু নিজের ভুলের দায় স্বীকার করতে পারে না।

উল্লেখ্য, উমেরা আহমেদের রচনা ও সাকিব খানের পরিচালনায় সাজানো হয়েছে সিরিজটি, যেখানে জারিয়াব, জামিল, আবু বকর ও হামনা নামে চার তরুণের জীবনসংগ্রাম ফুটে উঠেছে। ভালোবাসা, চাওয়া-পাওয়া, দায়িত্ববোধ, আস্থা, নিজস্ব পরিচিতি এবং জীবনের প্রকৃত অর্থ অনুসন্ধানের টানাপোড়েনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে তাদের গল্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি মাদ্রাসা মাত্র ৩টি: প্রতি উপজেলায় একটি মাদ্রাসা জাতীয়করণের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রব্বানী,(স্টাফ রিপোর্টার)

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


সরকারি মাদ্রাসা মাত্র ৩টি: প্রতি উপজেলায় একটি মাদ্রাসা জাতীয়করণের দাবি

দেশে হাজার হাজার সরকারি স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও সরকারি আলিয়া মাদ্রাসার সংখ্যা মাত্র তিনটি। শিক্ষা ব্যবস্থার এই ‘পাহাড়সম বৈষম্য’ নিরসনে দেশের প্রতি উপজেলায় অন্তত একটি করে বেসরকারি মাদ্রাসা জাতীয়করণের দাবি জানিয়েছে ‘এম.ফিল-পিএইচ.ডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক ফোরাম’।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর পেশ করা এক স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। ফোরামের সভাপতি ড. মোহা. আহমাদুল্লাহ এবং সম্পাদক ড. মোহাম্মদ তোফায়েল উদ্দীন এতে স্বাক্ষর করেন।

পরিসংখ্যানে বৈষম্যের চিত্র
স্মারকলিপিতে ‘বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২৩’-এর তথ্য উদ্ধৃত করে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাগত বিশাল ব্যবধান তুলে ধরা হয়। পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৭টি, সরকারি কলেজ ৬৩৭টি, সরকারি মাধ্যমিক বিদ্যালয় ৬২৮টি, টেকনিক্যাল ও ভোকেশনাল প্রতিষ্ঠান ৩১৭টি এবং সরকারি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে ৬৬টি। অথচ এর বিপরীতে সারাদেশে সরকারি আলিয়া মাদ্রাসার সংখ্যা মাত্র ৩টি।

সমগ্র শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি
আবেদনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, জাতীয় শিক্ষাব্যবস্থায় সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী ধারা হিসেবে কাজ করে আসছে। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও আলিয়া মাদ্রাসাগুলো দ্বীনি শিক্ষার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান ও আধুনিক শিক্ষা প্রদানের মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠনে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখছে।

তারা আরও উল্লেখ করেন, শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সমগ্র শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা সময়ের দাবি। তবে রাষ্ট্রীয় সীমাবদ্ধতার কারণে একসাথে পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সম্ভব না হলে, আপাতত বৈষম্য কিছুটা কমাতে প্রতি উপজেলায় অন্তত একটি করে বেসরকারি মাদ্রাসা জাতীয়করণ করা অত্যন্ত জরুরি ও সময়োপযোগী পদক্ষেপ হবে।

জাতীয় স্বার্থে এবং মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিষয়টি সদয় বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীর প্রতি জোর অনুরোধ জানিয়েছেন শিক্ষক নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা গণহত্যার রায় ইসরায়েলের জন্য বিপজ্জনক কেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


রোহিঙ্গা গণহত্যার রায় ইসরায়েলের জন্য বিপজ্জনক কেন

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় ইসরায়েলের জন্য উদ্বেগের নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি আইন বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ আফ্রিকার করা গাজায় গণহত্যার মামলায় এই রায় একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হতে পারে। তাদের আশঙ্কা, রাষ্ট্রের সরাসরি গণহত্যার দায় নির্ধারণ এবং গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে আইসিজের এই সিদ্ধান্ত ইসরায়েলের বিরুদ্ধে চলমান মামলাকে প্রভাবিত করতে পারে।

ওয়াইনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা আইসিজের এই রায়কে ‘বিপজ্জনক নজির’ হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, মিয়ানমারের ক্ষেত্রে আদালত যে নীতিগত অবস্থান নিয়েছে, তা সরাসরি ইসরায়েলের ক্ষেত্রে প্রয়োগ করা না গেলেও এর মাধ্যমে নতুন আইনি পথ তৈরি হয়েছে।

ইসরায়েলি কর্মকর্তারা জানান, এই রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে যে কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য সরাসরি দায়ী করা যেতে পারে এবং গণহত্যার উদ্দেশ্যও প্রমাণ করা সম্ভব। ফলে দক্ষিণ আফ্রিকার করা মামলায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগের বিচারিক মূল্যায়নে এই রায়ের প্রভাব পড়তে পারে।

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে রায় দেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছিল। আদালত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দায়ী করার ক্ষেত্রে এটিই আদালতের প্রথম রায়।

গাজা মামলায় কী প্রভাব পড়তে পারে

দক্ষিণ আফ্রিকা ২০২৩ সালের ২৯ ডিসেম্বর ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি দায়ের করে। দেশটির অভিযোগ, গাজায় সামরিক অভিযান চালিয়ে ইসরায়েল ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানকে কেন্দ্র করে মামলাটি করা হয়।

ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের আইনজীবী তামি ক্যানার মন্তব্য করেন, মিয়ানমার সংক্রান্ত রায়টি একটি গুরুত্বপূর্ণ নজির, যা ইসরায়েলের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, জাতিসংঘের সর্বোচ্চ আদালত এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দায়ী বলে নির্ধারণ করেছেন।

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউভাল শানি মনে করেন, মিয়ানমারের বিষয়ে দেওয়া সিদ্ধান্ত ইসরায়েলের উদ্বেগের কারণ হওয়া উচিত। তিনি উল্লেখ করেন, গণহত্যার অভিযোগ প্রমাণের পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এখন বিচ্ছিন্ন কিছু ঘটনা বা বক্তব্যের পরিবর্তে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে সেখান থেকে একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত কী হতে পারে, তা বিবেচনা করা হচ্ছে।

গাজায় প্রাণহানি ও যুদ্ধবিরতি লঙ্ঘন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অভিযানে উপত্যকাটিতে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬৬২ ফিলিস্তিনি নিহত এবং আরও ৬ হাজার ৭ জন আহত হয়েছেন।

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের সর্বশেষ রায়ের ফলে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলাটি নতুন করে আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় ৪ ধাপে ৫৮ ইউনিয়ন পরিষদের ভোটের তালিকা প্রকাশ করেছে ইসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


ভোলায় ৪ ধাপে ৫৮ ইউনিয়ন পরিষদের ভোটের তালিকা প্রকাশ করেছে ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের ভোটের তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত জেলাভিত্তিক তালিকা অনুযায়ী, ভোলা জেলার সাতটি উপজেলার ৫৮ টি ইউনিয়ন পরিষদে চার ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির প্রকাশিত তালিকা অনুসারে, ভোলা সদর, লালমোহন ও তজুমদ্দিন উপজেলার মোট ২১ টি ইউনিয়ন পরিষদে প্রথম ধাপে ভোটগ্রহণের তারিখ আগামী ২১ জানুয়ারি ২০২৭ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভোলা সদরে ১১টি, লালমোহনে ৬টি এবং তজুমদ্দিনে ৪ টি ইউনিয়ন রয়েছে।

দ্বিতীয় ধাপে চরফ্যাশন ও মনপুরা উপজেলার মোট ১৭টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৪ ফেব্রুয়ারি। এর মধ্যে চরফ্যাশনে ১৫টি এবং মনপুরায় ২টি ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে।

তৃতীয় ধাপে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার মোট ১৮টি ইউনিয়নে ভোটগ্রহণের তারিখ ২৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বোরহানউদ্দিনে ৯টি এবং দৌলতখানে ৯টি ইউনিয়ন রয়েছে।

এছাড়া, চতুর্থ ধাপে লালমোহন উপজেলার আরও ২টি ইউনিয়নে আগামী ১৩ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় ভোলা জেলার কোনো ইউনিয়ন পঞ্চম ধাপে অন্তর্ভুক্ত করা হয়নি।

মোট ৬২টি ইউনিয়ন পরিষদে চার ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে ভোলা জেলার। এর মধ্যে প্রথম ধাপে ২৫টি ইউনিয়নে এবং চতুর্থ ধাপে সবচেয়ে কম ২টি ইউনিয়নে ভোট হবে।

অন্যদিকে, নির্বাচন কমিশনের ঘোষিত জাতীয় সময়সূচি অনুযায়ী, পঞ্চম ও শেষ ধাপে আগামী ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে ওই ধাপে ভোলা জেলার কোনো ইউনিয়ন অন্তর্ভুক্ত নেই।

নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় উপজেলা অনুযায়ী ইউনিয়নের সংখ্যা ও নির্বাচনের ধাপ উল্লেখ করা হয়েছে। পরে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করবেন। তফসিলে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহারসহ নির্বাচনের বিস্তারিত সময়সূচি জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাউফলের নিষিদ্ধ সংগঠনের নেতা জসীম উদ্দীনের ছেলে জোবায়ের এখন কাঁঠালিয়ার পিআইও, প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ঝালকাঠি প্রতিনিধি

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


বাউফলের নিষিদ্ধ সংগঠনের নেতা জসীম উদ্দীনের ছেলে জোবায়ের এখন কাঁঠালিয়ার পিআইও, প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার হাসপাতাল রোড এলাকার বাসিন্দা জসীম উদ্দীনের ছেলে মো. জোবায়ের হোসেন বর্তমানে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কমিশন বাণিজ্য, অনিবন্ধিত প্রতিষ্ঠানের নামে বরাদ্দ প্রদান এবং সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, মো. জোবায়ের হোসেনের পিতার নাম জসীম উদ্দীন এবং মাতার নাম নাসিমা বেগম। তাঁর জন্ম ১ জানুয়ারি ১৯৮৫। তাঁর পরিবারের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ছাত্রজীবনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

### প্রকল্পের নামে অর্থ উত্তোলন, বাস্তবে কাজের অস্তিত্ব নেই!

অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর কাঁঠালিয়া উপজেলায় যোগদানের পর থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, উপজেলার বিভিন্ন এলাকায় প্রকল্পের নামে বরাদ্দ নিয়ে অর্থ উত্তোলন করা হলেও কিছু প্রকল্পের ক্ষেত্রে সরেজমিনে গিয়ে কোনো কাজের অস্তিত্ব পাওয়া যায় না।

এ ছাড়া প্রতিটি প্রকল্পের কাজের বিপরীতে কমিশন গ্রহণের অভিযোগও উঠেছে পিআইও জোবায়ের হোসেনের বিরুদ্ধে। বিভিন্ন প্রকল্পের নামে মোটা অঙ্কের সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও করেছেন স্থানীয়রা।

### অনিবন্ধিত প্রতিষ্ঠানের নামে প্রকল্প বরাদ্দের অভিযোগ

কাঁঠালিয়ার সাংবাদিক বাদল হাওলাদারের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের নামে বিভিন্ন প্রকল্প বরাদ্দ দেওয়ার বিষয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় নিবন্ধন ও সরকারি বিধিবিধান যথাযথভাবে যাচাই না করেই কিছু প্রতিষ্ঠানের নামে প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বরাদ্দের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসরণ করা হয়েছে কি না এবং প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যয় হয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।

### রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ

জোবায়ের হোসেনের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও নানা আলোচনা রয়েছে। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন। পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর নিজেকে বিএনপিপন্থী পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগও উঠেছে।

এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেদওয়ান ইসলামের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। এমনকি মহাপরিচালককে দুর্নীতির অর্থ দেওয়ার কথা তিনি প্রকাশ্যে বলে বেড়ান বলেও অভিযোগ করেছেন কয়েকজন ব্যক্তি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

### গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও বহাল দায়িত্বে

কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও জোবায়ের হোসেনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাঁকে নলছিটি উপজেলায় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে তথ্য জানতে চাইলে জোবায়ের হোসেন সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিতে অনীহা প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে। তিনি সংশ্লিষ্ট সাংবাদিকদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মিতু ও সংসদ সদস্য রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

সূত্রে আরও জানা যায়, গণমাধ্যমকর্মীদের ধারাবাহিক লেখালেখির পরিপ্রেক্ষিতে বর্তমানে তাঁর বিরুদ্ধে একটি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

### নিরপেক্ষ তদন্তের দাবি

কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, অর্থ উত্তোলন, প্রকল্প বাস্তবায়ন, বিল-ভাউচার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধনসংক্রান্ত কাগজপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

তাঁদের দাবি, তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা উদ্ঘাটন করে অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে অভিযুক্ত পিআইও মো. জোবায়ের হোসেন এবং সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%