ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিচ্ছেদের পরও সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক লালিত মোদী


বিচ্ছেদের পরও সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বলে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক লালিত মোদী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেনের ৫১তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তার প্রাক্তন প্রেমিক এবং আইপিএলের সাবেক চেয়ারম্যান লালিত মোদী। বিচ্ছেদের পরেও অভিনেত্রীর সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত তিনি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লালিত, সুস্মিতাকে নিজের ‘প্রিয় বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন।

১৯ নভেম্বর ছিল সুস্মিতার জন্মদিন। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে, লালিত ইনস্টাগ্রামে অভিনেত্রীর সঙ্গে তোলা একটি সাদা-কালো ছবি প্রকাশ করেছেন। ছবিতে সুস্মিতাকে কালো পোশাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যাচ্ছে, আর তার পাশে সাদা পোশাকে লালিত রয়েছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু সুস্মিতা সেনকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সব সময় হাসিখুশি থেকো।’

লালিতের এই শুভেচ্ছাবার্তা নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। একসময় তাদের প্রেমের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হলেও, সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। তবে সাম্প্রতিক পোস্টে সুস্মিতার প্রতি লালিতের আন্তরিকতা আবারও সকলের নজর কেড়েছে।

আরও পড়ুন: বুবলীর জন্মদিনে নতুন কাজের সুখবর, ‘ঠিকানা’ চলচ্চিত্র উৎসবে নির্বাচিত

২০২২ সালের জুলাই মাসে লালিত তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তিনি মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটানোর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সুস্মিতাকে নিজের ‘বেটার হাফ’ বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এরপর তাদের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে লালিত স্পষ্ট করেন যে, তারা সম্পর্কে থাকলেও বিয়ে করেননি।

একই বছরের সেপ্টেম্বর মাসে, লালিত তার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সুস্মিতার ছবি এবং তাকে নিয়ে করা পোস্টগুলো সরিয়ে ফেললে বিচ্ছেদের জল্পনা শুরু হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নতুন সঙ্গী রিমা বৌরির সঙ্গে ছবি ও ভিডিও প্রকাশ করে লালিত। তিনি তাদের ২৫ বছরের বন্ধুত্ব কীভাবে প্রেমে রূপ নিয়েছে, সে বিষয়েও কথা বলেন।

সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের কারণ সম্পর্কে এক সাক্ষাৎকারে লালিত জানিয়েছিলেন, ভৌগোলিক দূরত্ব তাদের সম্পর্ককে প্রভাবিত করেছিল। সুস্মিতার কাজের ক্ষেত্র ভারতকেন্দ্রিক হলেও, লালিত লন্ডনে বসবাস করতেন। ফলে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।

তবে বিচ্ছেদের পরেও লালিত বিভিন্ন সময়ে সুস্মিতার প্রতি শ্রদ্ধা ও বন্ধুত্বের কথা জানিয়েছেন। তিনি অভিনেত্রীর দুই মেয়ে রেনে ও আলিশাকে একা হাতে বড় করে তোলার প্রশংসাও করেছেন। সুস্মিতাকে স্বনির্ভর ও সফল নারী হিসেবে উল্লেখ করে তিনি বলেছিলেন, নিজের পরিচয় গড়তে তার কারও ওপর নির্ভর করার প্রয়োজন নেই।

আরও পড়ুন: ঐশ্বরিয়ার বডিগার্ড সালমান খানের কারণে চাকরি ছেড়েছেন

এবার জন্মদিনের শুভেচ্ছাবার্তায় সুস্মিতাকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করে লালিত মোদী তাদের সম্পর্কের নতুন এক দিক সামনে আনলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় ‘আকভান’, রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


ঘূর্ণিঝড় ‘আকভান’, রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে ঝড় সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য প্রদান করেছে। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, এ সময়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব-উত্তরপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া, গত ৬ ঘণ্টায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় ভোর ৬টা ১৮ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি

টাঙ্গাইলের মধুপুরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, মসজিদের আধুনিকায়ন এবং নগরীর সার্বিক নিরাপত্তা জোরদারে একাধিক উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর মধুপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেকী মণ্ডলপাড়া বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন তিনি।
এর আগে মন্ত্রী মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। এ সময় তিনি মসজিদটির পূর্ণাঙ্গ পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ও পরিকল্পিতভাবে মসজিদটি নির্মাণের বিষয়ে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।
শুধু ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নই নয়, মধুপুর শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেও উদ্যোগী হয়েছেন মন্ত্রী। এ লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এসব ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা জোরদারে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, মসজিদ পুনর্নির্মাণ এবং শহরের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে মন্ত্রীর এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মধুপুরের ধর্মীয় ও নাগরিক অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা আরও সুসংহত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নববধূকে ঘরে তুলতেই হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, বর উধাও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


নববধূকে ঘরে তুলতেই হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, বর উধাও

ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকের নতুন বিয়ের খবর জানার পর অন্তঃসত্ত্বা প্রেমিকা তার বাড়িতে স্ত্রীর দাবিতে অবস্থান নিয়েছেন। তবে প্রেমিকার উপস্থিতির খবর পেয়ে অভিযুক্ত ওমর ফারুক নববধূকে নিয়ে গা-ঢাকা দিয়েছেন।

আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার চর লক্ষীদিয়া গ্রামে প্রেমিক ওমর ফারুকের বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওমর ফারুক ওই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী নারী বোরকা ও নেকাব পরিহিত অবস্থায় বসতঘরের সামনে একটি চেয়ারে বসে আছেন। তবে সেখানে ওমর ফারুককে পাওয়া যায়নি। ভুক্তভোগী নারীর অভিযোগ, মোবাইল ফোনের মাধ্যমে ওমর ফারুকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফারুক তাকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় নিয়ে যান এবং সেখানে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। পরবর্তীতে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু ফারুক নানা টালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকেন এবং একসময় সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

ওই নারী আরো জানান, গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফারুক অন্যত্র বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়িতে ওঠেন। বিষয়টি জানার পর তিনি বারবার ফারুকের মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। কোনো উপায় না পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আগত সন্তানের পিতৃপরিচয় ও বিয়ের দাবিতে তিনি ফারুকের বাড়িতে এসে অবস্থান নেন।

অভিযুক্তের বাবা নিজাম উদ্দিনও গা ঢাকা দিয়েছেন। বাড়িতে ছিলেন ওমর ফারুকের বড় ভাইয়ের স্ত্রী নাজমা আক্তার। তিনি জানান, তার দেবরকে পারিবারিকভাবে বিয়ে করিয়ে নতুন বউকে বাড়িতে তুলে আনা হয়। এরই মধ্যে রাতে এক নারী এসে দেবরের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে দাবি করেন। কিন্তু দাবির স্বপক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। একপর্যায়ে ওই নারী চিৎকার-চেঁচামেচি ও আত্মহত্যার হুমকি দিলে পরিস্থিতি এড়াতে দেবর তার নববধূকে নিয়ে বাড়ি থেকে চলে যান।

প্রতিবেশীরা জানান, দুপুরে ফারুক নববধূকে নিয়ে বাড়িতে এলে পরিবারে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তবে রাতেই এক নারী বাড়িতে এসে দাবি করেন, তার গর্ভে ফারুকের সন্তান রয়েছে। এই ঘটনার পরপরই পুরো পরিস্থিতি বদলে যায় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই মধ্যে ফারুকের বাবাসহ নববধূকে নিয়ে ফারুক আত্মগোপনে চলে যান।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ওই নারীর অভিযোগ অনুযায়ী পুরো ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায়। যেহেতু ঘটনাস্থল ময়মনসিংহ সদর এলাকায়, তাই ভুক্তভোগীকে সেখানেই আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমার উধাও, নতুন ওষুধে আশার আলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমার উধাও, নতুন ওষুধে আশার আলো

অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় একটি নতুন পরীক্ষামূলক ওষুধ আশার আলো দেখাচ্ছে। প্রতিদিন একটি করে খাওয়ার এই ওষুধটি কেমোথেরাপির সঙ্গে ব্যবহার করে প্রাথমিক পর্যায়ের একটি পরীক্ষায় কয়েকজন রোগীর টিউমার সঙ্কুচিত হয়েছে। এমনকি ১২ জন রোগীর মধ্যে একজনের শরীরে স্ক্যানে ক্যানসারের অস্তিত্বও আর দেখা যায়নি।

ডারাক্সনরাসিব নামক এই ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগে এমন ফলাফল পাওয়া গেছে। গবেষণায় অংশ নেওয়া ৬১ জন রোগীর সবার অগ্ন্যাশয়ের ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল এবং সম্প্রতি তাদের রোগ শনাক্ত হয়েছিল। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, প্রায় সকল রোগীর ক্ষেত্রে টিউমারের বৃদ্ধি থেমে গেছে।

তবে নতুন এই চিকিৎসা কতদিন ক্যানসার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে, তা এখনো নিশ্চিত নয়। চিকিৎসকেরা সতর্ক করে বলেছেন, এই ফলাফলকে ক্যানসার নিরাময়ের প্রমাণ হিসেবে দেখার সময় আসেনি।

কয়েক দশকের মধ্যে বড় অগ্রগতি

ক্যানসার রিসার্চ ইউকে নতুন এই গবেষণার ফলাফলকে অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় ‘কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি’ হিসেবে অভিহিত করেছে।

সংস্থাটির চিকিৎসক স্যাম গডফ্রে বিবিসিকে জানিয়েছেন, পরীক্ষার ফল অত্যন্ত আশাব্যঞ্জক। তার ভাষায়, ‘নতুন এই ওষুধ এমন একটি বিষয়কে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণের পথ খুঁজে পেয়েছে, যাকে এত দিন ওষুধ দিয়ে লক্ষ্যবস্তু করা কঠিন ছিল।’

তিনি আরও বলেন, অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় দীর্ঘদিন ধরে যে অগ্রগতির অপেক্ষা ছিল, অবশেষে তার দেখা মিলছে।

যুক্তরাজ্যে সাধারণ ক্যানসারগুলোর মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসারে রোগীদের বেঁচে থাকার হার সবচেয়ে কম। এই ক্যানসারের চিকিৎসাও অত্যন্ত কঠিন। কেমোথেরাপির মাধ্যমে টিউমার কিছুটা ছোট করা সম্ভব হলেও অনেক ক্ষেত্রে পরে তা আবার বাড়তে শুরু করে। রোগটি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে অধিকাংশ রোগী কয়েক মাস বাঁচেন, বছরের পর বছর নয়।

চিকিৎসকদের আশা, নতুন ওষুধটি ক্যানসার পুরোপুরি নির্মূল করতে না পারলেও রোগীদের বেঁচে থাকার সময় বাড়াতে সহায়তা করতে পারে।

পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের গড়ে দেড় বছর পর্যবেক্ষণ করা হয়েছে। এ সময়ে কয়েকজন রোগীর শরীরে ক্যানসার আর ফিরে আসেনি। তবে রোগটি দীর্ঘ সময় নিয়ন্ত্রণে রাখা কিংবা পুরোপুরি প্রশমিত করা সম্ভব কি না, তা নিশ্চিত হতে আরও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%