০৯:৩৮ পি.এম
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের কার্যক্রম সম্পূর্ণরূপে উৎখাত করা হবে। তিনি উল্লেখ করেন, কিশোররা আর অস্ত্র বা চাপাতি নিয়ে ঘুরবে না। তাদের বই-খাতা নিয়ে স্কুলে যেতে হবে, লেখাপড়া করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে। তারা রোবটিক যুগে প্রবেশ করবে।
শুক্রবার (২ অক্টোবর) এফডিসিতে কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এসব মন্তব্য করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
আরও পড়ুন: তিউনিসিয়ায় সরকারের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় গণবিক্ষোভ
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আরও বলেন, বর্তমানে যারা সমাজে সন্ত্রাস ও মবিং করছে, তারা বিগত শাসনামলেও এই অপকর্মের সঙ্গে যুক্ত ছিল। তাদের বের করে আনার চেষ্টা চলছে। তিনি উল্লেখ করেন, সরকার কোনো হেলমেট বাহিনী বা হাতুড়ি বাহিনী তৈরির ইচ্ছে পোষণ করে না। রাজনৈতিক দায় চাপানোর রাজনীতি থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে।
অশ্লীল ভাষা আর বরদাশত করা হবে না জানিয়ে তিনি বলেন, ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, "আমরা মানুষের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পালন করছি।" সংসদ সদস্য মিষ্টির পদত্যাগের মাধ্যমে অনিয়মের বিরুদ্ধে সরকার কঠিন বার্তা দিয়েছে। অপরাধ করে কেউই পার পাবে না। তিনি জানান, অপরাধ নিয়ন্ত্রণের কার্যক্রম নিজেদের ঘর থেকেই শুরু করা হয়েছে। তবে দেশের উন্নয়নের জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।
এ সময় সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী, মাদক কারবারি এবং জুয়ারিরা সব সময় ক্ষমতার পালাবদলের সঙ্গে নিজেদের রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। বিগত শাসন আমলে যারা রাজনৈতিক ছত্রছায়ায় কিশোর গ্যাং পরিচালনা করত, তারাই বর্তমানে ক্ষমতাসীনদের নাম ভাঙিয়ে কিশোর অপরাধ সংগঠিত করছে।
তার মতে, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের রাজনৈতিক পরিচয় দেখার সুযোগ নেই। সন্ত্রাসীরা কেবল সন্ত্রাসী। কিশোর গ্যাং কালচার প্রতিরোধ করতে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন রয়েছে। সরকারি দল ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন: ইশরাকের মাদকবিরোধী অভিযানে ইসলামী আন্দোলনের নেতার ক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন