০৬:০১ পি.এম
সরকার লবণ চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং কক্সবাজার ও চট্টগ্রামে লবণ চাষে সহায়তা দিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে স্বল্প সুদে ঋণ সুবিধা সম্প্রসারণ অন্যতম। জাতীয় সংসদে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য তুলে ধরেন।
আজ বুধবার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের লিখিত প্রশ্নের উত্তরে তিনি তথ্য জানান। সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।
শিল্পমন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে কক্সবাজারের ৩২ হাজার ৪১০ জন এবং চট্টগ্রামের ৭ হাজার ৭৪০ জনসহ মোট ৪০ হাজার ১৫০ জন লবণ চাষি ৬৭ হাজার ৭৫৭ একর জমিতে লবণ চাষ করে ১৯ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন করেছেন।
আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা
তিনি বলেন, উৎপাদন ব্যয় যাচাই করে মাঠপর্যায়ে লবণের ন্যূনতম মূল্য নির্ধারণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে লবণ চাষিরা তাদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পান।
মন্ত্রী আরও বলেন, শিল্প খাতে ব্যবহারের জন্য লবণ আমদানির সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে এবং সরকার লবণ আমদানি নিয়ন্ত্রণ করছে।
তিনি বলেছেন, সোডিয়াম সালফেট বা ডাইসোডিয়াম সালফেটের নামে যাতে সোডিয়াম ক্লোরাইড আমদানি করা না যায়, তা নিশ্চিত করতে শুল্ক ছাড়ের আগে পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও জানান, সরকার লবণের আমদানি শুল্ক হার পর্যালোচনা করছে। দেশীয়ভাবে উৎপাদিত লবণের গুণগত মান উন্নয়নের জন্য নিয়মিতভাবে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন
মন্ত্রী বলেন, এসব উদ্যোগের ফলে গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে লবণ চাষিরা ভালো দাম পাচ্ছেন। বর্তমানে মাঠপর্যায়ে প্রতি মণ লবণের গড় মূল্য ৩৩৭ টাকা, যেখানে গত বছরের একই সময়ে এ মূল্য ছিল ২৭১ টাকা।
লবণ চাষিদের আর্থিক সহায়তা বিষয়ে শিল্পমন্ত্রী জানান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জামানতবিহীন ৫ শতাংশ সরল সুদে 'লবণ চাষিদের জন্য বিশেষ ঋণ কর্মসূচি' চালু করেছে।
তিনি বলেন, এ কর্মসূচির আওতায় এ পর্যন্ত ৬৭৭ জন লবণ চাষির মধ্যে ৩ কোটি ২৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
এছাড়া, বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আওতায় তফসিলি ব্যাংকের মাধ্যমে প্রকৃত লবণ চাষিদের ৪ শতাংশ রেয়াতি সুদে ঋণ প্রদান করা হচ্ছে বলেও তিনি সংসদকে জানান।
আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন