০৯:১০ পি.এম
বাগেরহাটের মোড়েলগঞ্জে ডাববোঝাই নসিমনের সঙ্গে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো দুজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার সময় উপজেলার বলাইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামে সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন কালিকাবাড়ি গ্রামের বাবুল মোল্লার ছেলে রিমন (২৫), নজরুল ইসলামের ছেলে আমিন হোসেন (২২) এবং শিক্ষক মোহাম্মদ জামালের ছেলে মুহিব (১৬)।
আরও পড়ুন: সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী ফজলুল হক আমিনী গ্রেফতার
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে ডাববোঝাই নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা রিমন ও আমিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তিনজনকে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় মুহিবের মৃত্যু ঘটে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে দুজন নিহত হন। পরে গুরুতর আহত তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনের মৃত্যু ঘটে। গুরুতর আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন