ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ভাণ্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ১১ ব্যবসায়ীকে জরিমানা


ভাণ্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ১১ ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ক্ষুদ্র ব্যবসায়ীসহ ১১ ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান।

আদালত সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া পৌর বাজারের জেলা পরিষদ মার্কেট, তাফসির মাঠসংলগ্ন ফুটপাত, মাছ বাজার, সবজি বাজার ও ফলপট্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ফুটপাত দীর্ঘদিন ধরে দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন একদল ব্যবসায়ী। এতে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও সাধারণ পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

ঐতিহ্যবাহী ভাণ্ডারিয়া বাজারে দূরদূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের দুর্ভোগ লাঘব এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারার অধীন ৪র্থ তফসিলের ৭ নম্বর ক্রমিকের অপরাধে ১০৯ ধারায় ১১ ব্যবসায়ীর কাছ থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন: শেরপুরে স্কুল পরিদর্শনে ডিসি এক বিদ্যালয়ে নিজে গিয়ে দেখতে পান শিক্ষার্থী উপস্থিতি মাত্র ২০ শতাংশ,

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ যেন ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করেন, সে বিষয়ে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অভিযানে ভাণ্ডারিয়া থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাজশাহীর চারঘাট ও গোদাগাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় মদ ও ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৬৩ হাজার টাকা।

সোমবার (৯ নভেম্বর) ভোরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীনস্থ ইউসুফপুর বিওপি ও রাজাবাড়ী চেকপোস্টের টহল দল অভিযান দুটি পরিচালনা করে।

সোমবার সকালে ১ বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, সোমবার ভোর পৌনে ৫টার দিকে চারঘাট উপজেলার পল্টন এলাকায় অভিযান চালিয়ে একটি বাইসাইকেলের পেছনের সিটে বস্তায় রাখা ৫৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এদিকে, ভোর ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার তালধারী এলাকায় অভিযান চালিয়ে রাজাবাড়ী জঙ্গলের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মদ ও বাইসাইকেল চারঘাট থানায় এবং ইলেকট্রিক রেজিস্টেন্স রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি নাছির উদ্দীন চৌধুরীর সঙ্গে জগদল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

সুনামগঞ্জ প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


এমপি নাছির উদ্দীন চৌধুরীর সঙ্গে জগদল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য জনাব নাছির উদ্দীন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ৭নং জগদল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সাক্ষাৎকালে জগদল ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো সংসদ সদস্যের সামনে তুলে ধরেন নেতাকর্মীরা। বিশেষ করে জগদল ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসাসেবা নিশ্চিত করা, প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা এবং হোসেনপুর থেকে কলিয়ারকাপন হয়ে কালদর বক্সীপুর পর্যন্ত আবুরা রাস্তার উন্নয়ন ও সংস্কারের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, জনসাধারণের চলাচলের অসুবিধা এবং দীর্ঘদিনের অন্যান্য সমস্যার কথা তুলে ধরে এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান নেতাকর্মীরা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন: দিরাই উপজেলা বিএনপির সদস্য মো. কামরুল ইসলাম, জগদল ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক তুহীন রানা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস মিয়া, সাংগঠনিক সম্পাদক কোহিনুর, জগদল ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা

 রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় স্থানীয় সরকার বিভাগ গঠিত কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সভায় নাগরিক সেবা ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন প্রশাসক। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিভাগের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে নগরবাসীর কল্যাণে কাজ করছে সিটি করপোরেশন। মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। ওয়ার্ড পর্যায়ে খেলার মাঠ ও ফুটসাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জার উন্নয়নেও সহযোগিতা করা হচ্ছে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং শহীদ জিয়া শিশুপার্কের উন্নয়নসহ আধুনিক স্লটার হাউস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সভায় গত ৩০ আগস্ট অনুষ্ঠিত কমিটির ১৪তম সভার সিদ্ধান্তগুলো পাঠ ও অনুমোদন করা হয়। এ ছাড়া রাসিকের সার্বিক কার্যক্রম ও নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ, ছিনিয়ে নেওয়ার দাবি ৪৭ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


শিবচরে ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ, ছিনিয়ে নেওয়ার দাবি ৪৭ হাজার টাকা

মাদারীপুরের শিবচরে এক ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে মারধর ও লাঞ্ছিত করে পকেট থেকে ১৭ হাজার টাকা এবং দোকানের ক্যাশবাক্স ভেঙে আরও ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ডিসি রোড এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ব্যবসায়ী মো. আলী আজগর (৩৫)। তিনি ওই এলাকার ‘ইসলামিয়া অগ্রণী ফুড’ নামের একটি দোকানের মালিক।

সংবাদ সম্মেলনে আলী আজগর জানান, গত ৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে মনির সিকদার (৪০), মাজহারুল ইসলাম (৩০) ও আ. রহমানসহ ৫-৬ জন তাঁর দোকানে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে তাঁরা দোকানে প্রবেশ করে তাঁকে মারধর ও লাঞ্ছিত করেন। এ সময় তাঁর পকেট থেকে ১৭ হাজার টাকা এবং দোকানের ক্যাশবাক্স ভেঙে আরও ৩০ হাজার টাকা নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। সব মিলিয়ে ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি তাঁর।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। যাওয়ার সময় আইনগত আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ওই ব্যবসায়ী। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

তবে অভিযুক্ত আ. রহমান মুঠোফোনে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ব্যবসায়ী আলী আজগর ফেসবুকে মামুনুল হককে নিয়ে সমালোচনা করে পোস্ট দেওয়ায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, এ ঘটনায় তাঁরা লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ব্যবসায়ী আলী আজগর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%