০৮:১৩ পি.এম
রাজধানীর মিরপুর-১ নম্বরসংলগ্ন দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনসহ পাঁচতলা ভবনের মার্কেট দখলের অভিযোগ উঠেছে। ‘বৈষম্যবিরোধী ছাত্র সমাজ’-এর ব্যানারে এই দখল করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার পরিবার।
তাদের অভিযোগ হলো, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর কিছু সুবিধাভোগী ব্যক্তি প্রতিষ্ঠানটি জবরদখল করে মার্কেটের অর্থ আত্মসাৎ করে চলেছে। প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের পরিচালনা পর্ষদকে বাদ দিয়ে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও সাবেক সভাপতি ও সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি এবং হয়রানি করা হচ্ছে।
আজ রবিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের সভাপতি রুনু আক্তারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কামাল হোসেন বরকতের বোন আনোয়ারা খাতুন।
আরও পড়ুন: মাদক কারবারিদের বুকে কাঁপন ধরানো চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে বদলি
আনোয়ারা খাতুন দাবি করেন, ২০২৪ সালের ২৩ আগস্ট বিদ্যালয় চলাকালে সকাল ১১টায় একদল সুবিধাভোগী নিরাপত্তাকর্মীকে মারধর করে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পরিচয় দিয়ে কয়েকজন প্রতিষ্ঠানের সভাপতি ও সদস্যদের ওপর হামলা, মারধর, গালাগাল এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক সবাইকে বের করে দেয়।
অমিত হাসান, রিফাতুল হক শাওন, মাসুদ রানা, সানজিদ হোসেন, সাদমান হোসেন, আসমা আক্তার পপি, আসাদ কামাল পিটার, বুশরা বিনতে বরকত ও এম এ আরজুসহ বেশ কয়েকজন এ ঘটনায় জড়িত বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
আনোয়ারা খাতুনের দাবি, ঘটনার পর প্রতিষ্ঠানের ৪৮ জন সম্মানিত সদস্যকে বাদ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নাম ব্যবহার করে নতুন একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আসমা আক্তার পপিকে সভাপতি এবং আসাদ কামাল পিটারকে শিক্ষা সম্পাদক করা হয়েছে। অথচ তারা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সময় থেকে ২০২৪ সালের ২৩ আগস্ট পর্যন্ত কখনো সদস্যই ছিলেন না। এছাড়া নতুন কমিটিতে অনেকের সম্মতি ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আসমা আক্তার পপি, যিনি বর্তমান কমিটির সভাপতি। তিনি বলেন, ‘সংবাদ সম্মেলনের অভিযোগ ভিত্তিহীন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমার স্বামী কামাল হোসেন বরকত। তার ওয়ারিশ সূত্রে এখানের সভাপতি আমি। ওয়ারিশ হলে স্থায়ী সদস্যের প্রয়োজন হয় না।’
আরও পড়ুন: ফেসবুকে গুজব-উস্কানির অভিযোগে সেলিম খান নামে যুবক আটক
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অবৈধভাবে দখলের পর দোকানমালিক ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ভাড়ার টাকা আদায় করে আত্মসাৎ করা হচ্ছে। স্কুলের কয়েকটি কক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহার এবং সেখানে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
রুনু আক্তার বলেছেন, ‘বর্তমানে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। বৈধ কাগজপত্র ও দীর্ঘদিনের সদস্যদের বাদ দিয়ে নতুন কমিটি করে অর্থ আত্মসাৎ করছে। সম্মানিত সদস্যদের হুমকি-দমকি দিচ্ছেন। তাই এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ঘটনার নিরপেক্ষ তদন্ত, মার্কেটের ভাড়া আদায়ের হিসাব প্রকাশ এবং প্রতিষ্ঠানটি পূর্বের বৈধ পরিচালনা পর্ষদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।’
শিক্ষাপ্রতিষ্ঠান দখল ও অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় সাধারাণ ডায়েরি (জিডি) করার জন্য গেলেও কোন সহযোগিতা পাননি বলে দাবি করেছেন সংবাদ সম্মেলনে উপস্থিত সদস্যরা। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে থানা পুলিশ জানায়, দুই পক্ষের বিরোধ নিয়ে কাজ চলছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, ‘এবিষয়টি সম্পর্কে আমি জানি না। বৈষম্যবিরোধী ছাত্র সমাজ নামে কোনো সংগঠন নেই। যেহেতু আমি এবিষয়ে অবগত নই এবং জড়িতদের চিনতে পারছি না, তাই এবিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন