ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর


মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তাঁর আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তিনি মানুষকে তাওহিদের দিকে আহ্বান করার পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন। তাঁর পবিত্র জীবন ও কর্ম সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ ও অনুসরণীয় আদর্শ হয়ে আছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি মানবজাতির হেদায়াত ও কল্যাণের জন্য সর্বশেষ নবী ও রাসূল, রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাঁর প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক।’

পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ’ (সূরা আল-আহযাব, আয়াত: ২১)। মহানবী (সা.)-এর জীবন ছিল পবিত্র কুরআনের শিক্ষার বাস্তব ও জীবন্ত প্রতিফলন। সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, ক্ষমাশীলতা, সহনশীলতা, দয়া ও পরোপকারের অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। তাঁর জীবনাচরণে আমরা যেমন আল্লাহর প্রতি গভীর আনুগত্যের শিক্ষা পাই, তেমনি মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও মহানুভবতার অপূর্ব প্রকাশ দেখতে পাই।

মহানবী (সা.) জাতি, বর্ণ, গোত্র, ভাষা ও সামাজিক অবস্থানের বিভেদ অতিক্রম করে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় জোর দিয়েছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, তিনি এতিম, দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্বশীল ও সহমর্মী হওয়ার শিক্ষা দিয়েছেন। পরিবার, প্রতিবেশী, নারী, শিশু এবং সমাজের দুর্বল ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন। তাঁর শিক্ষা মানুষে মানুষে বিভেদ নয়, বরং ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক দায়িত্ববোধের বন্ধনকে সুদৃঢ় করে।

তিনি বলেন, বর্তমান বিশ্ব নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করছে। যুদ্ধ, সংঘাত, হিংসা, বৈষম্য, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয় মানুষের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। এমন এক সময়ে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘অর্ণব’ স্থলভাগে প্রবেশ, উপকূলে তাণ্ডবের আশঙ্কা

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক, সন্ত্রাস, উগ্রতা ও অপরাধের পথ থেকে দূরে রেখে জ্ঞান, সৃজনশীলতা, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ হতে পারে এক অনন্য প্রেরণার উৎস। তাঁর আদর্শ তরুণদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে, অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করতে পারে।’

তিনি বলেন, ‘মহানবী (সা.)-এর শিক্ষা শুধু মুসলমানদের ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনের জন্য নয়, মানবিক ও নৈতিক মূল্যবোধের বিকাশের ক্ষেত্রেও গভীর তাৎপর্য বহন করে। তাঁর আদর্শকে আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক আচরণে ধারণ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা, সহনশীলতা ও ন্যায়বোধকে শক্তিশালী করার মধ্য দিয়েই আমরা একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মহান আল্লাহ তায়ালা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণ করার তাওফিক দান করুন। তাঁর শিক্ষা ও আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজজীবনে সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার চেতনাকে আরো সুদৃঢ় করুক। বাংলাদেশসহ সমগ্র বিশ্বে শান্তি, ন্যায়, সাম্য, সমৃদ্ধি ও মানবিকতা প্রতিষ্ঠিত হোক-এই পবিত্র দিনে এটাই আমার আন্তরিক প্রার্থনা।’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: জাতীয় সাঁতারে পদকজয়ীদের প্রাইজমানি বাতিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে হরিজন যুবকদের মাদকমুক্ত রাখতে মানবিক ইউএনও জিল্লুর রহমানের স্পোর্টস উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


গোমস্তাপুরে হরিজন যুবকদের মাদকমুক্ত রাখতে মানবিক ইউএনও জিল্লুর রহমানের স্পোর্টস উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রশাসন তরুণ ও যুবসমাজকে মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সুস্থ ও সুন্দর জীবনের ধারায় বজায় রাখার জন্য একটি ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমান, গোমস্তাপুর উপজেলার হরিজন সম্প্রদায়ের যুবকদের জন্য খেলাধুলার সামগ্রী হিসেবে ফুটবল উপহার দিয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পিছিয়ে পড়া হরিজন সম্প্রদায়ের তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিক ইতিবাচক কাজে উৎসাহ প্রদান করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করে তাদের মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

খেলাধুলার সামগ্রী বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমান মন্তব্য করেছেন,

"যুবসমাজকে মাদক ও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা কেবল শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় না, তরুণদের সঠিক পথে পরিচালিত করতেও বড় ভূমিকা রাখে। হরিজন সম্প্রদায়ের যুবকদের মূলধারায় সম্পৃক্ত রাখতে আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।"

এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগের ফলে হরিজন সম্প্রদায়ের যুব সমাজ অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে। স্থানীয় সচেতন মহলও ইউএনও জিল্লুর রহমানের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন

নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ও অতিরিক্ত বিলের প্রতিবাদে গণঅনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এই গণঅনশনের আয়োজন করা হয়।

গণঅনশন কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া হাজার হাজার কোটি টাকার ইভিএম বাতিল হলে প্রিপেইড মিটার কেন বাতিল হবে না। যেসব এলাকায় প্রিপেইড মিটার লাগানো হয়েছে তাদের দুর্ভোগের শেষ নেই। সাধারণ গ্রাহকদের ওপর একতরফাভাবে প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না।

ইতোমধ্যে বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটারের বিরুদ্ধে গণপ্রতিরোধ শুরু হয়ে গেছে। অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল করতে হবে। ফ্যাসিস্ট সরকারের গণবিরোধী প্রিপেইড মিটার প্রকল্প বাতিল না করলে, ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় বর্তমান সরকারকে নিতে হবে।

এদিকে দুপুরের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে পানি পান করিয়ে গণঅনশন ভঙ্গ করান নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম। এ সময় তিনি বলেন, আপনাদের দাবির সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি। আপনাদের দাবি আমি জাতীয় সংসদে উত্থাপন করার চেষ্টা করবো। আশাকরি আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহানসহ নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকায় পঞ্চায়েত, মসজিদ কমিটি ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


ইরানের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের ঘোষণার পর নিজেদের স্বার্থ রক্ষার ঘোষণা দিয়েছে চীন। মার্কিন সরকারের এই নতুন পদক্ষেপে বেইজিং ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কার মুখেই এই প্রতিক্রিয়া এসেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অবৈধ একতরফা নিষেধাজ্ঞা বলে আখ্যায়িত করে তীব্র বিরোধিতা করেন। 

তিনি স্পষ্ট জানান, চীন আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় সব ধরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। চীনের ওপর এর প্রভাব সংক্রান্ত বিষয়ে তিনি আরও যোগ করেন, চীন ও ইরানের মধ্যকার পারস্পরিক সহযোগিতা সবসময় আন্তর্জাতিক আইনের অধীনেই পরিচালিত হয়ে আসছে এবং এই সুসম্পর্কে কোনোভাবেই বাধাগ্রস্ত বা হস্তক্ষেপ করা উচিত নয়।

এর আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট নতুন এই অর্থনৈতিক চাপকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিচালিত সবচেয়ে বড় আর্থিক আক্রমণ বলে অভিহিত করেন। তিনি সতর্ক করে জানান, যেসব ব্যাংক বা ব্যবসা প্রতিষ্ঠান ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, তারাও তাদের মতোই আন্তর্জাতিক পরিমণ্ডলে একঘরে হয়ে যাবে। এই প্রক্রিয়ায় কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই বিশ্বনেতাদের কাছে ইরানের সাথে সব ধরনের লেনদেন পুরোপুরি বন্ধ করার সুনির্দিষ্ট বার্তা পাঠাবেন। চীনা ব্যাংকগুলোর বিষয়ে বিশেষ প্রশ্ন করা হলে তিনি হুঁশিয়ার করে দেন, যুক্তরাষ্ট্রের এই কঠোর নিষেধাজ্ঞার আওতার বাইরে কেউ সুরক্ষিত নয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক বিধিনিষেধের জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরানও। দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রী আলী মাদানিকাদেহ মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রস্তুতির কথা উল্লেখ করে জানান, বেইজিং ও তাদের কৌশলগত মিত্ররা এই পরিস্থিতির জন্য পুরোদমে প্রস্তুত। ইরান সরকার সম্পূর্ণ প্রস্তুত এবং এসব পরিস্থিতি মোকাবেলায় আমাদের দুই বছরের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ওয়াশিংটনকে বার্তা দিয়ে তিনি আরও বলেন, আমাদের নিজস্ব উপযুক্ত হাতিয়ার রয়েছে এবং গেম কীভাবে খেলতে হয় তা আমাদের জানা আছে। 

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরিফুলকে ছাড়ছে না বিসিবি, কপাল খুলতে যাচ্ছে খালেদের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


শরিফুলকে ছাড়ছে না বিসিবি, কপাল খুলতে যাচ্ছে খালেদের

ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলতে গিয়ে আলো ছড়িয়েছেন হাসান মাহমুদ। সেই অভিজ্ঞতা কাছে লাগিয়ে অজিদেরও বিধ্বস্ত করেছিলেন তিনি। এবার কাউন্টিতে খেলার সুযোগ এসেছে শরিফুল ইসলামের। তবে এই বাঁহাতি পেসার ছাড়ছে না বিসিবি।

কেন্টের হয়ে ৪ ম্যাচ খেলার জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়েছিলেন শরিফুল ইসলাম। তবে ওয়ার্কলোড বিবেচনায় নিয়ে তাকে ইংল্যান্ডে খেলার ছাড়পত্র দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার পরিবর্তে আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদকে দলে ভেড়াচ্ছে কেন্ট। 

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, শরিফুলের ক্ষেত্রে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তার সাম্প্রতিক চোট ও সামনে জাতীয় দলের ব্যস্ত সূচি বিবেচনায়। চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন এই পেসার। তাই তাকে শতভাগ ফিট রেখে জাতীয় দলের জন্য প্রস্তুত রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বোর্ড।

তিনি বলেন, বিদেশি লিগ বা অন্য কোনো প্রতিযোগিতায় খেলার জন্য এই মুহূর্তে শরিফুলকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না। তবে আগে থেকেই ছাড়পত্র থাকায় হাসান মাহমুদের ক্ষেত্রে এমন কোনো সমস্যা নেই।

জানা গেছে, শরিফুলের পরিবর্তে খালেদকে নিয়ে কেন্টের সঙ্গে আলোচনা এগিয়েছে। সবকিছু চূড়ান্ত হলে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দেখা যেতে পারে তাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%