১১:২৩ পি.এম
কুড়িগ্রামের নাগেশ্বরী বাসস্ট্যান্ড থেকে বেরুবাড়ী ইউনিয়নের ওয়াপদা বাজার সড়ক এখন এক মরণফাঁদে পরিণত হয়েছে। পুরো সড়কজুড়ে বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা। দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়ার কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ধুলোবালির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, সড়কের এই বেহাল অবস্থার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না।
স্থানীয়রা জানাচ্ছেন, এই সড়কে প্রতিদিন চাকুরিজীবী, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার হাজারো মানুষ চলাচল করেন। বহু বছর আগে সংস্কার হলেও সড়কটি আবারও ভগ্নদশায় পৌঁছেছে। বর্ষা মৌসুমে এই সড়কে চলাচল করা একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়রা আরও জানান, নিবন্ধনহীন ইটভাটার ট্রাক ও ট্রাক্টরের অবাধ চলাচলের কারণে সড়কের এই অবস্থা হয়েছে। ফলে রিকশা, ভ্যান, অটোরিক্সা, মিশুক, জিপ, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট যানবাহনগুলোও সঠিকভাবে চলাচল করতে পারছে না। সড়কের অধিকাংশ স্থানে বড় বড় গর্ত থাকার কারণে চালক ও যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। এমনকি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও সময়মতো তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারছেন না। অন্যদিকে, জরুরি রোগীকে হাসপাতালে নিতে গেলেও দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি, জীবনের বিনিময়ে হলেও আদায় করবো: সিলেটে পীরসাহেব মধুপুর
ওয়াপদাবাজার এলাকার নাজমুল ইসলাম, বুলু মিয়া, আলতাফ হোসেনসহ অন্যান্যরা জানান, সড়কের ভগ্নদশার কারণে চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়ছেন। ধুলোবালির কারণে পরিষ্কার জামাকাপড় পরে অফিস কিংবা জরুরি প্রয়োজনে বের হলে পোশাক পরিষ্কার থাকে না। পুরো শরীর যেন ভূতের মতো হয়ে যায়। এতে অনেকের সর্দি, কাশি, হাঁপানি সহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। এছাড়াও অনেক সময় যাত্রী ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
শফিকুল ইসলাম নামের একজন ব্যবসায়ী জানান, সোমবার ও বৃহস্পতিবার নাগেশ্বরী হাট বসায় এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করেন। ব্যবসায়ী থেকে শুরু করে কৃষকসহ বিভিন্ন পেশার মানুষ তাদের কৃষিপণ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাটে কেনাবেচা করতে যান। সড়কের অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় তারা সময়মতো উৎপাদিত পণ্য হাটে তুলতে না পেরে ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন। তাঁরা মনে করছেন, অবিলম্বে সড়কটি সংস্কার করা প্রয়োজন।
উপজেলা প্রকৌশলী এম এ ওয়াহেদ বলেন, সড়কটির সংস্কারের জন্য ইতোমধ্যে আমফান প্রকল্প থেকে টেন্ডার করা হয়েছে এবং ঠিকাদার নিযুক্ত হয়েছেন। ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে, অতিসত্বর কাজ শুরু করে জনগণের দুর্ভোগ লাঘব করবেন ইনশাআল্লাহ।
আরও পড়ুন: গাইবান্ধার ফুলছড়িতে ৫০ বছরের পুরোনো রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন