১১:২২ পি.এম
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় গত রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি আভিযানিক দল নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: রাঙামাটির নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে পশুপালন বিষয়ক প্রশিক্ষণ
অভিযান চলাকালে টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা দ্রুত মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়। পরে অভিযানিক দল ঘটনাস্থলের পানিতে ভাসমান চারটি পলিথিনে মোড়ানো প্যাকেটে তল্লাশি চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি উল্লেখ করেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন