ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে সুন্দরীর অস্তিত্ব সংকট, আগামরা কমলেও বাড়ছে লবণাক্ততার হুমকি


বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে সুন্দরীর অস্তিত্ব সংকট, আগামরা কমলেও বাড়ছে লবণাক্ততার হুমকি

চার দশকে সুন্দরী গাছে সঞ্চিত কার্বন বেড়েছে ২১ শতাংশ, অন্য গবেষণায় বনাঞ্চলের কার্বন শোষণ সক্ষমতা কমার তথ্য; মিঠাপানির প্রবাহ হ্রাস, পলি ও জলবায়ু পরিবর্তনে বিপন্ন বনের ঐতিহ্য

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দরবনের প্রাণ-প্রকৃতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের অন্যতম প্রধান বৃক্ষপ্রজাতি সুন্দরী গাছের অস্তিত্ব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘদিনের আগামরা রোগ, মাটির লবণাক্ততা বৃদ্ধি, মিঠাপানির প্রবাহ কমে যাওয়া, নদী-খালে পলি জমা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সুন্দরী গাছের স্বাভাবিক বৃদ্ধি ও বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে। কোথাও কোথাও সুন্দরীর জায়গা দখল করছে গরান ও গেওয়ার মতো লবণসহিষ্ণু প্রজাতি।

যদিও সাম্প্রতিক একটি গবেষণায় সুন্দরী গাছের আগামরা রোগের প্রকোপ কমার ইতিবাচক চিত্র উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, গত চার দশকে সুন্দরী গাছে সঞ্চিত মোট কার্বনের পরিমাণ ২১ শতাংশ বা ১৪ লাখ টন বেড়েছে। একই সময়ে রোগাক্রান্ত সুন্দরী গাছের সংখ্যা কমেছে ৬ শতাংশ এবং সুন্দরবনে এ প্রজাতির গাছের মোট সংখ্যা প্রায় ১ কোটি ৫০ লাখ বা ৫ শতাংশ বেড়েছে। কিন্তু অন্যদিকে বনাঞ্চলের ঘনত্ব, সুন্দরী গাছের বিস্তার ও প্রাকৃতিক পুনর্জন্ম নিয়ে একাধিক গবেষণায় উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে।

চেঞ্জ ইনিশিয়েটিভের ২০২৪ সালের ‘রাইজিং টাইডস, রোরিং ফিউচার্স: দ্য সুন্দরবন কোয়েস্ট ফর সারভাইভাল’ শীর্ষক গবেষণায় সুন্দরবনের কার্বন শোষণ সক্ষমতা ১৫ শতাংশ কমে যাওয়ার তথ্য উঠে এসেছে। গবেষণাটিতে ১৯৭৩ সালে সুন্দরবনের ৯৪ দশমিক ২ শতাংশ এলাকা ঘন বনাঞ্চলে আবৃত থাকলেও ২০২৪ সালে তা কমে ৯১ দশমিক ৫ শতাংশে দাঁড়ানোর কথা বলা হয়েছে। অর্থাৎ ৫১ বছরে ঘন বনাঞ্চলের পরিমাণ কমেছে প্রায় ২ দশমিক ৭ শতাংশ।

গবেষকদের মতে, সুন্দরী গাছের স্বাস্থ্য, বৃদ্ধি ও প্রাকৃতিক পুনর্জন্মের পরিবর্তন শুধু একটি বৃক্ষপ্রজাতির সংকট নয়; এর প্রভাব পড়তে পারে সুন্দরবনের সামগ্রিক প্রতিবেশব্যবস্থা, জীববৈচিত্র্য, বন্য প্রাণীর আবাসস্থল এবং উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থার ওপর।

আগামরা রোগের দীর্ঘ ইতিহাস

বন বিভাগের সূত্র জানায়, সুন্দরী গাছের ওপরের দিকের ডালপালা ও পাতা ধীরে ধীরে মরে যাওয়ার অস্বাভাবিকতা সুন্দরবনের দীর্ঘদিনের পরিবেশগত সমস্যা। এ রোগে আক্রান্ত গাছের ওপরের অংশ শুকিয়ে যায় এবং স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। ব্রিটিশ বন বিশেষজ্ঞ আরএস ট্রুপ ১৯২১ সালে সুন্দরী গাছের রোগাক্রান্ত হয়ে মারা যাওয়ার বিষয়টি প্রথম উল্লেখ করেন। ১৯২০-এর দশকে পরিচালিত বন জরিপে সুন্দরবনের প্রায় ১৩ থেকে ১৭ শতাংশ সুন্দরী গাছকে রোগাক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছিল।

পরবর্তী সময়ে ১৯৩১ সালে এসআই কার্টিস সুন্দরবনের বন ব্যবস্থাপনা পরিকল্পনায় অজ্ঞাত কারণে সুন্দরী গাছ মারা যাওয়ার বিষয়টি নথিভুক্ত করেন। তবে ১৯৭০-এর দশকের পর রোগটির প্রকোপ বিশেষভাবে আলোচনায় আসে। ১৯৭৫ সালের দিকে ফারাক্কা ব্যারাজ নির্মাণের পর সুন্দরবন অঞ্চলে মিঠাপানির প্রবাহ কমে যাওয়া এবং মাটির লবণাক্ততা বৃদ্ধিকে আগামরা রোগের বিস্তারের সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হয়।

তবে মাটির লবণাক্ততা, ছত্রাক ও রোগজীবাণু, পানি নিষ্কাশনে বাধা, মাটির বায়ু চলাচলে বিঘ্ন, জলবায়ু পরিবর্তন ও ঘূর্ণিঝড়কে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হলেও রোগটির সুনির্দিষ্ট কারণ এখনো বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হয়নি।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সুন্দরবন বিশেষজ্ঞ ড. স্বপন কুমার সরকার বলেন, আগের তুলনায় সুন্দরী গাছে আগামরা রোগের প্রকোপ কমেছে। তবে রোগ নিয়ন্ত্রণে শুধু আক্রান্ত গাছ শনাক্ত করাই যথেষ্ট নয়। এর প্রকৃত কারণ নির্ণয়, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ, বন ব্যবস্থাপনার উন্নয়ন এবং সুন্দরী গাছের প্রাকৃতিক পুনর্জন্ম নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, বাংলাদেশের বন ব্যবস্থাপনায় এ রোগ নিয়ে গবেষণাকে গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বিবেচনা করা উচিত। কারণ, সুন্দরী গাছ শুধু সুন্দরবনের অন্যতম প্রধান প্রজাতি নয়, বনটির কাঠামো, জীববৈচিত্র্য ও কার্বন ধারণক্ষমতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পশ্চিমাঞ্চলে কমছে সুন্দরী, বাড়ছে গরান-গেওয়া

সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে বৃক্ষপ্রজাতির বিন্যাসেও পরিবর্তন দেখা যাচ্ছে। পশ্চিমাঞ্চলে সুন্দরী গাছের সংখ্যা কমে গরান ও গেওয়ার আধিক্য বেড়েছে। মধ্যাঞ্চলে সুন্দরী গাছের আগামরা রোগের প্রকোপ বেশি। পূর্বাঞ্চলে সুন্দরী গাছের সংখ্যা তুলনামূলক বেশি থাকলেও বীজ থেকে নতুন চারা গজানোর হার কম বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

২০১৮ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত নবম গ্লোবাল বিজনেস রিসার্চ কনফারেন্সে সুন্দরবনের উদ্ভিদের বৃদ্ধি নিয়ে একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মাসুদুর রহমান ও ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের খুলনার বিভাগীয় প্রধান আ স ম হেলাল সিদ্দিকী।

গবেষণায় দেখা যায়, সুন্দরবনে প্রতি হেক্টরে গড়ে ৩৩ দশমিক ১৩৩টি বিভিন্ন প্রজাতির চারা জন্মে। এর মধ্যে সুন্দরী ৪৩ দশমিক ১৬ শতাংশ, গেওয়া ৩১ দশমিক ৮৯ শতাংশ এবং গরান ১০ দশমিক ৭৬ শতাংশ। বাকি অংশে কাঁকড়া, বাইন, খলসী, আমুর, গোলপাতা, পশুর, কেওড়াসহ অন্যান্য প্রজাতির চারা জন্মে।

গবেষণায় আরও দেখা যায়, কম লবণাক্ত এলাকায় সুন্দরী গাছের চারা জন্মানোর হার তুলনামূলক বেশি। মাঝারি ও বেশি লবণাক্ত এলাকায় এ হার কমে যায়। অন্যদিকে বেশি লবণাক্ত অঞ্চলে গরান ও গেওয়ার মতো প্রজাতির বিস্তার তুলনামূলক বেশি।

গবেষক আ স ম হেলাল সিদ্দিকী বলেন, সুন্দরবনের অধিকাংশ অঞ্চল এখন প্রায় জনমানবশূন্য। গাছ চুরি এখন নেই বললেই চলে। এমন পরিবেশ বজায় থাকলে বনে গাছপালার পরিমাণ বাড়বে। তবে পানিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ায় সুন্দরী, পশুর ও ধুন্দলগাছ হুমকির মুখে রয়েছে। পরিবেশগত পরিবর্তনের কারণে একসময় সুন্দরবনে সুন্দরী গাছের সংখ্যা আরও কমে যেতে পারে। নতুন চর জেগে সেখানে প্রাকৃতিকভাবে গাছ জন্মালেও সুন্দরী ও পশুরের সংখ্যা তুলনামূলক কম।

২৫ বছরে সুন্দরী কমেছে ৫৩ হাজার হেক্টর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউট ২০১৪ সাল থেকে তিন বছর ধরে সুন্দরবনের ওপর একটি গবেষণা পরিচালনা করে। গবেষণা দলের প্রধান ছিলেন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এ এইচ এম রায়হান সরকার।

গবেষণায় দেখা যায়, ১৯৮৯ সালে সুন্দরবনের ১ লাখ ৬৭ হাজার ৬৪৬ হেক্টর বনভূমিতে সুন্দরী গাছ ছিল। ২০১৪ সালে তা কমে দাঁড়ায় ১ লাখ ১২ হাজার ৯৯৫ হেক্টরে। অর্থাৎ ২৫ বছরে সুন্দরী গাছের বিস্তৃত এলাকা কমেছে প্রায় ৫৩ হাজার হেক্টর।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের গবেষণাতেও সুন্দরী গাছের প্রাকৃতিক পুনর্জন্ম ও টিকে থাকার ক্ষেত্রে লবণাক্ততার প্রভাব উঠে এসেছে। গবেষণায় দেখা যায়, বীজ থেকে সুন্দরী গাছের চারা জন্মানোর হার ভালো হলেও অধিক লবণাক্ত অঞ্চলে এসব চারার টিকে থাকার হার অনেক কম। তুলনামূলকভাবে পশুর গাছের চারা বেশি লবণাক্ত এলাকাতেও টিকে থাকতে পারে।

গবেষণা দলের প্রধান অধ্যাপক মাহমুদ হাসান বলেন, গাছের আগামরা রোগ, লবণাক্ততা বৃদ্ধি এবং প্রাকৃতিক পুনর্জন্মের বাধাসহ বিভিন্ন কারণে সুন্দরবনের ঐতিহ্যবাহী সুন্দরী গাছ হুমকির মধ্যে রয়েছে। বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলের অধিক লবণাক্ত এলাকায় সুন্দরী ও পশুর গাছের আধিক্য কমে গেছে। সেখানে গরান ও গেওয়ার বিস্তার বেড়েছে।

তিনি বলেন, সুন্দরবনের নদীতে পলি জমার কারণে অনেক জায়গায় গাছের শ্বাসমূল ঢেকে যাচ্ছে। এতে বড় গাছ মারা যাচ্ছে। অন্যদিকে নতুন গাছ জন্মানোর পরিবেশ বাধাগ্রস্ত হওয়ায় সুন্দরী গাছের সংখ্যা কমে যাচ্ছে।

বন বিভাগের পর্যবেক্ষণে আশার আলো

তবে সুন্দরী গাছের ভবিষ্যৎ নিয়ে পুরোপুরি হতাশ নন বন বিভাগের কর্মকর্তারা। খুলনার সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হাসানুর রহমান বলেন, সুন্দরী গাছে আগামরা রোগের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমেছে। বন টহলের সময় এখন প্রায়ই সুন্দরী গাছের বীজ ও চারা দেখা যাচ্ছে। এটি প্রজাতিটির নতুন বংশবিস্তার ও প্রাকৃতিকভাবে নতুন বনাঞ্চল গড়ে ওঠার ইতিবাচক ইঙ্গিত।

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আগের বছরগুলোর তুলনায় সুন্দরবনের অবস্থা এখন ভালো। নতুন সুন্দরী গাছের বাগান গড়ে উঠছে এবং বনের সবুজ আচ্ছাদন বাড়ছে। তবে পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কয়েকটি প্রাকৃতিকভাবে আক্রান্ত এলাকায় এখনো সুন্দরী গাছে আগামরা রোগ দেখা যায়।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদও সুন্দরী গাছের কার্বন ধারণক্ষমতা বৃদ্ধি এবং আগামরা রোগের প্রকোপ কমার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বন বিভাগের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় বেশ কয়েকটি গবেষণা কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং আরও কিছু কার্যক্রম চলমান রয়েছে। সুন্দরবনের প্রতিবেশব্যবস্থা ও জীববৈচিত্র্য রক্ষায় ধারাবাহিক গবেষণা এবং তথ্য-প্রমাণভিত্তিক বন ব্যবস্থাপনা অপরিহার্য।

জলবায়ু পরিবর্তন ও মানুষের কর্মকাণ্ডে বাড়ছে ঝুঁকি

চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণায় সুন্দরবনের জলাভূমির আয়তন বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র্যের ওপর নানা চাপের বিষয়টি তুলে ধরা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, জলাভূমির বিস্তার বাড়লেও বিষাক্ত পদার্থ ব্যবহারের কারণে ২১০ প্রজাতির মাছ, চিংড়ি, কাঁকড়া, মলাস্কা ও ঝিনুক ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বনাঞ্চলের ঘনত্ব কমছে এবং পানির উৎসে দূষণের মাত্রা বাড়ছে। এতে আবাসস্থল বিভক্ত হওয়া ও জীববৈচিত্র্য হ্রাসের আশঙ্কা তৈরি হয়েছে।

গবেষণায় আরও বলা হয়েছে, গত ৩০ বছরে সুন্দরবনের বায়োস্ফিয়ার রিজার্ভের ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। এর ৮০ শতাংশের বেশি ক্ষতির জন্য দায়ী ম্যানগ্রোভ বনাঞ্চলের অবক্ষয় বলে গবেষকদের ধারণা।

বনের ওপর অন্যান্য হুমকির মধ্যে রয়েছে বাঘের সংখ্যা হ্রাসের আশঙ্কা, সুন্দরী গাছের বিস্তার সংকুচিত হওয়া, বিষ দিয়ে মাছ শিকার, অবৈধ বনজ সম্পদ আহরণ, তেলবাহী জাহাজের দুর্ঘটনা, মনুষ্যসৃষ্ট আগুন এবং ঝুঁকিপূর্ণ শিল্প-অবকাঠামো নির্মাণ।

চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা ও আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ নীতি বিশেষজ্ঞ এম জাকির হোসেন খান বলেন, সুন্দরবন রক্ষায় বহুমুখী পদক্ষেপ নিতে হবে। স্থানীয়ভাবে দূষণ রোধের পাশাপাশি পরিবেশের ক্ষতি করে এমন ব্যবসা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জন্য বিকল্প আয়ের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে সুন্দরবনের ক্ষয়ক্ষতির বিষয়টি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও ক্ষয়ক্ষতি তহবিলের আওতায় আনার উদ্যোগ প্রয়োজন।

বন অধিদপ্তরের খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, সুন্দরবনের পরিবর্তনের পেছনে প্রাকৃতিক কারণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে। কিছু এলাকায় নদীভাঙনের প্রবণতাও আছে। সুন্দরবনের ভেতর ও পাশ দিয়ে ভারতের কিছু কার্গো জাহাজ চলাচল করে, যার কিছু প্রভাব রয়েছে। তবে তাঁর মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবই বেশি গুরুত্বপূর্ণ।

প্রয়োজন সমন্বিত গবেষণা ও কার্যকর সংরক্ষণ

বিশেষজ্ঞদের মতে, সুন্দরী গাছের আগামরা রোগ মোকাবিলায় প্রথমেই প্রয়োজন আক্রান্ত এলাকার সঠিক মানচিত্র তৈরি এবং নিয়মিত পর্যবেক্ষণ। পাশাপাশি মাটির লবণাক্ততা, মিঠাপানির প্রবাহ, নদী-খালের নাব্যতা, পলি জমার ধরন ও প্রাকৃতিক পুনর্জন্মের ওপর দীর্ঘমেয়াদি গবেষণা জোরদার করতে হবে।

বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলের পরিবেশগত সমস্যা মোকাবিলায় দুই দেশের মধ্যে সমন্বিত গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম প্রয়োজন। সংরক্ষিত এলাকার যৌথ ব্যবস্থাপনা, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বন ও বন্যপ্রাণী পর্যবেক্ষণ, সেন্সরভিত্তিক লবণাক্ততা পরিমাপ এবং অবৈধ মাছ শিকার প্রতিরোধের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে গবেষণায়।

সুন্দরবন শুধু সুন্দরী গাছ কিংবা বন্যপ্রাণীর আবাসস্থল নয়; এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন-জীবিকা, অর্থনীতি ও নিরাপত্তার সঙ্গে জড়িয়ে থাকা এক অনন্য প্রাকৃতিক সম্পদ। ঘূর্ণিঝড় সিডর, আইলা, বুলবুল ও আম্পানের মতো দুর্যোগে উপকূলীয় জনপদের সামনে প্রাকৃতিক ঢাল হিসেবে দাঁড়িয়েছে এই বন। একই সঙ্গে বিপুল পরিমাণ কার্বন ধারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় এর ভূমিকা অপরিসীম।

তাই সুন্দরী গাছের আগামরা রোগ কমার ইতিবাচক তথ্যকে স্বস্তির কারণ হিসেবে দেখা গেলেও সামগ্রিক পরিবেশগত সংকট উপেক্ষা করার সুযোগ নেই। সুন্দরবনের ভবিষ্যৎ সুরক্ষায় প্রয়োজন বৈজ্ঞানিক গবেষণা, মিঠাপানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, দূষণ ও অবৈধ কর্মকাণ্ড বন্ধ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনাভিত্তিক বন ব্যবস্থাপনা। তা না হলে সুন্দরী গাছের সংকট একসময় বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনটির সামগ্রিক অস্তিত্ব ও উপকূলের প্রাকৃতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।##  (ছবি সংযুক্ত আছে)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলশানে চাঁদাবাজির অভিযোগে সাবেক যুবদল নেতা শরিফুল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


গুলশানে চাঁদাবাজির অভিযোগে সাবেক যুবদল নেতা শরিফুল গ্রেপ্তার

রাজধানীর গুলশানের নদ্দা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গুলশান থানা পুলিশ সাবেক যুবদল নেতা শরিফুলকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তার গ্রেপ্তারি কার্যক্রম সম্পন্ন হয়। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শরিফুল নদ্দা এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি গুলশান থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও পরিচিত ছিলেন।

পুলিশ এবং সংশ্লিষ্ট সূত্র জানায়, নদ্দা এলাকায় একটি বাস কাউন্টারের ম্যানেজারকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেন শরিফুল। অভিযোগ রয়েছে যে, এ সময় তিনি রিভলবার ঠেকিয়ে তার কাছে চাঁদা দাবি করেন। পরিবহন মালিকের পক্ষ থেকে গুলশান থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেপ্তার করে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানিয়েছেন, শুক্রবার রাতে শরিফুলকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোচ পরিবর্তনের গুঞ্জন উড়িয়ে দিল ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


কোচ পরিবর্তনের গুঞ্জন উড়িয়ে দিল ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন

ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) গ্রাহাম আর্নল্ডের ভবিষ্যৎ সম্পর্কে ছড়িয়ে পড়া গুঞ্জনকে নাকচ করে দিয়েছে। শনিবার ফেডারেশন থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে, এই অস্ট্রেলীয় কোচের সাথে আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০২৭ এশিয়ান কাপ আগামী বছরের শুরু থেকে পিছিয়ে ডিসেম্বরে নিয়ে আসায় আর্নল্ডের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল।

২০২৫ সালের মে মাসে দায়িত্ব গ্রহণ করার পর আর্নল্ডের অধীনে ইরাক দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। বিশ্বকাপের পর গত আগস্টে ফেডারেশন তাঁকে চার বছরের দীর্ঘমেয়াদী চুক্তির প্রস্তাব দিলেও, তিনি আপাতত ছয় মাসের জন্য চুক্তি নবায়ন করেছিলেন।

আইএফএ-এর মিডিয়া ডিরেক্টর মোহাম্মদ খালাফ মন্তব্য করেছেন, ‘জাতীয় দলের কোচিং স্টাফদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

তবে খালাফ জানিয়েছেন, যদি আর্নল্ড দায়িত্বে না থাকেন, তাহলে স্থানীয়, আরব বা বিদেশি যেকোনো কোচ নিয়োগের পথ খোলা থাকবে।

সম্প্রতি বসরা আন্তর্জাতিক টুর্নামেন্টে ইরানের কাছে পরাজিত হয়ে রানার্সআপ হওয়া ইরাকের আগামী মার্চের আগে আর কোনো ম্যাচ নির্ধারিত নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

পিরোজপুর প্রতিনিধি

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
 
পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সভাকক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রাকিব আল হাসান লিহি। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির পিরোজপুর জেলা সমন্বয়ক মো. মেজবাউল ইসলাম।
 
সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সভাপতি খালেদা আক্তার হেনা ও সাধারণ সম্পাদক মিনারা বেগম, বাংলাদেশ মানবাধিকার সংগঠনের নির্বাহী সভাপতি কাজী মজিবুর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী পিরোজপুরের সভাপতি মো. খালেদ আবু, বাংলাদেশ যাত্রাগোষ্ঠী পিরোজপুরের সম্পাদক শাহীন শিকদার ও সভাপতি আনোয়ার হোসেন।
 
বক্তারা বলেন, ধর্ম, বর্ণ, মত ও পথের বৈচিত্র্য নিয়েই আমাদের বাংলাদেশ গঠিত। কিন্তু স্বাধীনতার এত বছর পরও সমাজে ঔপনিবেশিক আমলের রাজনৈতিক, বিচারিক ও প্রশাসনিক কাঠামোর পাশাপাশি ধর্মীয় ও সামাজিক বিভাজন রয়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ধর্মীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা ও মব-সংস্কৃতি, যা শান্তিকামী মানুষকে বিপন্ন করে তুলছে।
 
বক্তারা আরও বলেন, প্রতিটি নাগরিকের অধিকার বাকস্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা। কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে তার সমাধান হতে হবে যুক্তি, সংলাপ ও আইনের মাধ্যমে; মব সন্ত্রাস কিংবা জোরজবরদস্তির মাধ্যমে নয়। 
উগ্রবাদ ও জোরজবরদস্তির বিরুদ্ধে নীরব না থেকে বিভিন্ন ধর্ম, মত, পথ ও পেশার সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং ইতিবাচক নবজাগরণ সৃষ্টিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
 
এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মির্জা জহিরুল হক, আব্দুস সালাম বাতেন, সিদ্দিকুর রহমান পাশা, শাজাহান খন্দকার ও নুরুদ্দিন খালেদ রবি; ব্যবসায়ী আজম খান; জোড়া বটগাছ মাজার কমিটির সভাপতি মোহাম্মদ জালাল শেখ ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ গোলাম মর্তুজা; কিয়ামউদ্দিন হাইস্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিম ফরাজী; পিরোজপুর জজ কোর্টের অ্যাডভোকেট মনজুরুল আজিম খান ও রহিমা আক্তার হাসি; হরিনা গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরবিন্দ মণ্ডল; সাহিত্যিক ও লেখক মনীষা রানী হালদার এবং পিরোজপুর সদর থানা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন।
 
আলোচনা শেষে উপস্থিত সবাই পিরোজপুরে সামাজিক সম্প্রীতি, সহনশীলতা ও নাগরিক নিরাপত্তা বজায় রাখতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীসহ ৬০ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীসহ ৬০ জন গ্রেফতার

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মিরপুর মডেল থানার এলাকা থেকে পুলিশ ৬০ জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী।

পুলিশ গত ২৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন শাহ আলী থানা শাখা আওয়ামী লীগের আহ্বায়ক মো. মহসিন (৪৫), আওয়ামী লীগ কর্মী সাইফুল হক মামুন (৫৫), যুবলীগ কর্মী মো. সরোয়ার (২৬), যুবলীগ কর্মী নাহিদ হোসেন (২৮) এবং ঢাকা মহানগর ২ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগ সহ-সভাপতি মো. অপু (২৮)-সহ মোট ৬০ জন।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%