০৬:৪৪ পি.এম
দিনাজপুর, ২৮ নভেম্বর, ২০২৬ : নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্তব্য করেছেন যে, বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে এবং সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে অগ্রসর হতে চায়।
মন্ত্রী আরও বলেন, প্রত্যেক নেতাকর্মীকে জনগণের সেবক হিসেবে জনগণের পাশে থেকে কাজ করতে হবে। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা, যা সকল নেতাকর্মীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
আজ দিনাজপুর সার্কিট হাউসে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: গুলশানে চাঁদাবাজির অভিযোগে সাবেক যুবদল নেতা শরিফুল গ্রেপ্তার
তিনি তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার নির্দেশনা প্রদান করে বলেন, শহর ও গ্রামের প্রতিটি পাড়া-মহল্লায় দলের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করতে হবে এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। নেতাকর্মীদের সততা, শৃঙ্খলা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।
মন্ত্রী সমাজের অসহায়, দরিদ্র, অসুস্থ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানুষের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনের সময় তাদের সহায়তা করা নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উন্নত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। নিজের সন্তানদের পাশাপাশি প্রতিবেশী ও সমাজের অন্যান্য শিশুদের শিক্ষার বিষয়ে সকলকে সচেতন হতে হবে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী একটি সুন্দর, শিক্ষাবান্ধব, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
সভায় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এছাড়া সভায় জেলা বিএনপির সহ-সভাপতি মো. মোকাররম হোসেন ও মো. খালেকুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বকুল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুরাদ আহমেদ এবং জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুমসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন