শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৩৯ পি.এম
পাকিস্তানের অস্থিতিশীল বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক একটি সামরিক অভিযানে ভারত সমর্থিত ১২ জন সন্ত্রাসী নিহত হওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এই অভিযানের উদ্দেশ্য বেলুচ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যক্রম জোরদার করা।
পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২০ নভেম্বর থেকে নুশকি, সেভি, পাঞ্জগুর এবং কেচ এলাকায় অভিযানগুলি পরিচালিত হয়েছে। সেনাবাহিনীর দাবি, নিহত সন্ত্রাসীরা সবাই ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ছিল, যা ইসলামাবাদের মতে ভারত সমর্থিত বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ এবং আফগানিস্তান সীমান্তবর্তী অন্যান্য বেলুচ সশস্ত্র গোষ্ঠীকে নির্দেশ করে।
অভিযান চলাকালীন একাধিক আস্তানা ধ্বংস এবং অস্ত্র জব্দের কথাও উল্লেখ করেছে সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, বিদেশ থেকে মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার লক্ষ্যে সামরিক ও নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির হামলার কারণে ওই অঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। ইসলামাবাদ বিভিন্ন সময় এসব সশস্ত্র গোষ্ঠীকে ভারত ও আফগান তালেবান সহায়তা দিচ্ছে বলে অভিযোগ করেছে, তবে নয়াদিল্লি ও কাবুল উভয়ই এই অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র: ডেমোক্রাটা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ