ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা, লাশ দিচ্ছে না ইসরাইলি বাহিনী


পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা, লাশ দিচ্ছে না ইসরাইলি বাহিনী

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের উত্তর-পশ্চিমে বুরকা গ্রামে অভিযান চালিয়ে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার ফিলিস্তিনি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। মিডল ইস্ট আইয়ের খবর অনুযায়ী, এ ঘটনা ঘটেছে।

নিহত কিশোরের নাম মোতাজ ইয়াদ বলে শনাক্ত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইসরাইলি কর্তৃপক্ষ তার লাশ হস্তান্তর করছে না। এ ঘটনায় আরো দুই কিশোর আহত হয়েছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, আহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরের পেট ও তলপেটের নিচের হাড়ে এবং ১৯ বছর বয়সী আরেকজনের হাতে গুলি লেগেছে।

আরও পড়ুন: শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সমাধান হবে: রণধীর জয়সওয়াল

ওয়াফার প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে, ইসরাইলি সেনারা নিহত কিশোরের বাবাকে আটক করেছে। এছাড়া, আহতদের কাছে অ্যাম্বুলেন্সকে পৌঁছাতে বাধা দেওয়া হয়েছে এবং ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির তিন স্বেচ্ছাসেবক প্যারামেডিককেও আটক করে রাখা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী ওই এলাকায় তাদের সেনাদের গুলি চালানোর বিষয়টি স্বীকার করেছে। তারা এক বিবৃতিতে জানায়, ‘হুমকি নিষ্ক্রিয় করতে সেনারা গুলি চালায় এবং এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।’

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযান ও ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটেছে। এসব হামলায় ফিলিস্তিনিরা নিহত ও আহত হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকার বাসিন্দারা বাস্তুচ্যুত হচ্ছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে ১২ অক্টোবর পর্যন্ত পশ্চিম তীরের প্রায় ৩০০টি এলাকায় বসতি স্থাপনকারীদের দুই হাজার ৬০টির বেশি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এসব হামলায় ফিলিস্তিনিরা হতাহত হয়েছেন অথবা তাঁদের সম্পত্তির ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনের শীর্ষ পদ ছাড়ছেন একের পর এক নারী

এদিকে, পশ্চিম তীরে এই হত্যাকাণ্ডের মধ্যেই গাজা উপত্যকায় নতুন করে ইসরাইলি হামলার খবর পাওয়া গেছে। ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও মঙ্গলবার দক্ষিণ গাজায় ইসরাইলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি আহত হয়েছেন।

আনাদোলু এজেন্সিকে চিকিৎসা ও স্থানীয় সূত্র জানায়, আহতদের একজন খান ইউনিস উপকূলে মাছ ধরছিলেন। অন্যজন বাতন আল-সামিন এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরের কাছে থাকা এক কিশোর।

ওয়াফার পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিস উপকূলে মাছ ধরার নৌকাগুলো লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরাইলি নৌবাহিনী। এতে এক জেলে আহত হয়েছেন এবং দুটি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমএমআর

আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে ১৪ বছর বয়সী কিশোর নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই অ্যাথলেটের জোড়া গিনেস বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৭ এম


দুই অ্যাথলেটের জোড়া গিনেস বিশ্বরেকর্ড

ইউরোপের উচ্চতম শিল্প চিমনি থেকে একটি দানবীয় ‘হিউম্যান ক্যাটাপল্ট’ মেশিনের মাধ্যমে শূন্যে ছিটকে উঠে একসঙ্গে দুটি গিনেস বিশ্বরেকর্ড গড়েছেন দুই সাহসী অ্যাথলেট। স্প্যানিশ উইংসুট অ্যাথলেট দানি রোমান (৩৫) এবং ফরাসি স্কাইডাইভার ফ্রেড ফুগেন (৪৭) স্লোভেনিয়ার ঐতিহাসিক তারবোভলে চিমনিতে এই শ্বাসরুদ্ধকর স্টান্ট প্রদর্শন করেছেন। ৩৬০ মিটার উচ্চতার তারবোভলে চিমনিটি গোটা ইউরোপের সবচেয়ে দীর্ঘতম চিমনি হিসেবে পরিচিত। এর ভিতরে স্থাপন করা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ৬০ মিটার দীর্ঘ বিশেষ ক্যাটাপল্ট লঞ্চার। লঞ্চ ক্যাপসুল থেকে নিক্ষেপের পর মাত্র ২.১৫ সেকেন্ডের মধ্যে অ্যাথলেটরা শূন্য থেকে ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে পৌঁছে যান। এই সময় তাঁদের শরীর প্রায় ৪.২জি মহাকর্ষীয় বলের প্রচণ্ড চাপ সহ্য করতে হয়।

প্রথম রেকর্ডে, দানি রোমান চিমনি থেকে নিক্ষেপের পর ক্যাপসুল ছেড়ে একাই ১০০.৩৬ মিটার উচ্চতায় উঠে যান, যা মানব ক্যাটাপল্টে সর্বোচ্চ উচ্চতায় ওঠার নতুন গিনেস বিশ্বরেকর্ড হিসেবে চিহ্নিত হয়েছে। মাটি থেকে এ সর্বোচ্চ বিন্দুর উচ্চতা প্রায় ৪৫৬.৭ মিটার।

এরপর, রোমান ও ফ্রেড ফুগেন একসঙ্গে দ্বৈত লঞ্চে অংশ নিয়ে সম্মিলিতভাবে ১৫১.৭২ মিটার উচ্চতা অতিক্রম করেন (রোমান ৭৫.৯৭ মিটার ও ফুগেন ৭৫.৭৫ মিটার), যা যৌথ ক্যাটাপল্ট লাফের ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বরেকর্ড গড়েছে।

সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পর এক মুহূর্তের জন্য ভরহীনতার অনুভূতি নিয়ে তাঁরা প্যারাসুট খুলে নিরাপদে ভূমিতে অবতরণ করেন। সূত্র : জে এন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিল ড্রেকের চিৎকারে গিনেসে সবচেয়ে জোরালো চিৎকারের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৭ এম


জিল ড্রেকের চিৎকারে গিনেসে সবচেয়ে জোরালো চিৎকারের রেকর্ড

মানুষের কণ্ঠস্বরের তীব্রতা কতটা মারাত্মক হতে পারে, তা প্রমাণ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন বিশ্বের সবচেয়ে জোরালো চিৎকারকারী নারী। তাঁর গলার চিৎকারের শব্দ পরিমাপ করে দেখা গেছে তা প্রায় ১২৯ ডেসিবেল পর্যন্ত পৌঁছায়, যা সাধারণ কোনো শব্দের মাত্রা নয়- বরং আকাশে ওড়া একটি জেট ইঞ্জিনের গর্জন কিংবা বিকট সাইরেনের চেয়েও তীব্র।

প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের মিলেনিয়াম ডোমে আয়োজিত একটি বিশেষ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন যুক্তরাজ্যের বাসিন্দা জিল ড্রেক। সেখানে সাউন্ড লেভেল মিটারের সামনে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে চিৎকার করে তিনি এ অবিশ্বাস্য শব্দের তীব্রতা সৃষ্টি করেন। চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, ৮৫ ডেসিবেলের বেশি শব্দ দীর্ঘক্ষণ শুনলে মানুষের কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে; আর ১২০ ডেসিবেলের ওপরের শব্দকে ধরা হয় সরাসরি মানব কানের ‘ব্যথাসীমা’। সেই জায়গায় তাঁর ১২৯ ডেসিবেলের চিৎকারের তীব্রতা উপস্থিত বিচারক ও দর্শকদের হতবাক করে দেয়।

পরবর্তীতে আনুষ্ঠানিক পরীক্ষা-নিরীক্ষা ও শব্দের মাত্রা যাচাইয়ের পর গিনেস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁকে ‘বিশ্বের সবচেয়ে জোরালো চিৎকারকারী মানুষ’ হিসেবে স্বীকৃতি দেয়। নিজের এ অদ্ভুত ও বিরল প্রতিভার কথা জানাতে গিয়ে তিনি জানান, কোনো বিশেষ প্রশিক্ষণ নয়, বরং ছেলেবেলা থেকেই চিৎকার করার ক্ষেত্রে তাঁর ফুসফুসের ক্ষমতা ছিল সাধারণের চেয়ে বহু গুণ বেশি। বছরের পর বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তাঁর এই রেকর্ড অক্ষুণ্ণ রয়েছে। সূত্র : জে এন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তা মহাপ্রকল্প শুরুর বিলম্বে ক্ষুব্ধ মানুষ, বিএনপির আন্দোলন তীব্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২০ এম


তিস্তা মহাপ্রকল্প শুরুর বিলম্বে ক্ষুব্ধ মানুষ, বিএনপির আন্দোলন তীব্র

রংপুর শহর থেকে বুড়িমারি স্থল বন্দরের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার কমিয়েছে মহিপুর ব্রিজ, যা তিস্তা নদীর ওপর নির্মিত হয়েছে। এই ব্রিজটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর ঘাট এবং লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনার সংযোগ করছে। ব্রিজটি রংপুর শহর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত। ব্রিজে উঠেই চারপাশে সবুজের সমারোহ চোখে পড়ে। ব্রিজের দুই ধারে সবুজ ধানক্ষেত দেখা যাচ্ছে, কিছু ক্ষেতের শীষ গজিয়েছে এবং কিছু ক্ষেত সোনালি হতে শুরু করেছে।

মহিপুর ব্রিজের মাঝামাঝি স্থানীয় সাংবাদিক আখতারুজ্জামান মিলনকে বাইক থামাতে বলার পর প্রশ্ন করা হয়, "তিস্তা নদী কোথায়?" প্রশ্নটি বুঝতে না পেরে তিনি মুখের দিকে তাকালেন। এত বড় ব্রিজ নদী কোথায়? প্রশ্নটি বুঝতে পেরে তিনি জবাব দেন, "স্যার ওই দেখছেন বিশাল ধানক্ষেত, কুমড়া ক্ষেত, ধু-ধু বালুচর এগুলোই তিস্তা নদী।" তিনি আরও জানান, "তিন মাস আগে এখানে পানির ভয়ঙ্কর গর্জন ছিল, প্রচ- ¯্রােত ভাসিয়ে নিয়ে যেত ঘরবাড়ি। কিন্তু নদী শুকিয়ে যাওয়া শুরু হতেই কৃষকরা নিজেদের দখলমতো চাষাবাদ করতে শুরু করেছেন। এবার ফলন ভালো হয়েছে।" ব্রিজ থেকে পশ্চিমের দূরের দৃশ্য দেখিয়ে তিনি বলেন, "ওই দেখেন ব্রিজরক্ষার বাঁধ।" গত মাসে বাঁধের সম্মুখভাগ ভেঙে গেছে।

মানুষের দুর্দশা দেখানোর জন্য তিনি বলেন, "ব্রিজের উত্তর মাথায় একাধিক চায়ের দোকান। মানুষ দিনরাত সেখানে আড্ডা দেয়। ভরদুপুরেও সেখানে আড্ডা জমে উঠেছে।" অপরিচিত দু’জনকে দেখেই মো: নুরুজ্জামান নিজের পরিচয় দিলেন। এরপর তিনি কয়েকজনকে ডাকলেন এবং বললেন, "এদের কাছে শোনেন নদীর কাহিনি; চীনের অর্থায়নে তিস্তা মহাপ্রকল্পের দাবিতে বিএনপির নেতাদের নেতৃত্বে আমরা আন্দোলনে অংশ নিয়েছি; এবং বিএনপি নদী খননের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে।" শহীদুল ইসলাম নামের এক কৃষক জানান, "দূরে যে সবুজ ধানক্ষেত দেখছেন সেগুলো আমাদেরই। কিন্তু আমরা নদীর বুকে ধান চাষ করতে চাই না। আমরা চাই পানি।" তিনি বলেন, "উজানে ভারত ‘গজলডোবা’ বাঁধ দিয়ে পানি আটকাচ্ছে।" চীন নদী খনন করলে তারা তিস্তার ভাঙন থেকে রক্ষা পাবে। নদীভাঙনে তিন দফায় বসতবাড়ি স্থানান্তর করতে হয়েছে। বিগত নির্বাচনে লালমনিরহাটের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে নদী খননের প্রতিশ্রুতি শুনে।

আসাদুল হাবিব দুলু নদী বাঁচানোর দাবিতে নদীপাড়ে সমাবেশ ও মানববন্ধন করেছেন। এমনকি দুই দিনের কর্মসূচিতে গরু জবেহ করে খিচুরি রান্না করে হাজার হাজার মানুষকে খাওয়ানো হয়েছে। তারা এসব কর্মসূচিতে দল বেঁধে অংশ নিয়েছেন। উদ্দেশ্য ছিল তিস্তা মহাপ্রকল্পের বাস্তবায়ন। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার ৯ মাস পরও তিস্তা খনন শুরু হচ্ছে না; এতে তিস্তাপাড়ের মানুষ হতাশ। নূরুজ্জামান জানালেন, "দুই মাস আগে তিনজন মন্ত্রী শাহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ডালিয়া সফর করেছেন, তিস্তা নদীর খনন প্রক্রিয়া শুরু হবে স্থানীয় মানুষকে জানিয়েছেন।" তারা প্রতিটি মানুষ আশায় বুক বেঁধে রয়েছেন চীনের অর্থায়নে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হবে।

মহীপুর ব্রিজের নিচে নেমে চীনের প্রতিনিধিরা দুইবার বালু পরীক্ষা করে গেছেন। চীনের ওই বিশেষজ্ঞদের দেখতে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিল। বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান মহীপুর ব্রিজ ঘুরে গিয়ে কাউনিয়ায় তিস্তা মহাপ্রকল্প ইস্যুতে গণশুনানি করেছেন। একবাক্যে চীনের অর্থায়নে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরুর পক্ষে মত দিয়েছেন। আরো কয়েকজন উপদেষ্টা এসেছিলেন এবং সবাই তিস্তা নদী খনন ২০২৬-২৭ সালে শুরু হবে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। এমনকি বিএনপির ভূমিমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্ত্রিত্বের শপথ নিয়ে এলাকায় এসে তিস্তা মহাপ্রকল্পের কাজ দ্রুত শুরু হবে জানিয়েছেন। কিন্তু এখন নতুন খবর হচ্ছে বাংলাদেশ-চীন-নেদারল্যান্ডস যৌথ কমিটি পর্যবেক্ষণ করবে! এই নতুন খবরে সরকারের প্রতি তারা হতাশ।

মোহাম্মদ শাহিন নামের একজন বলেন, "আমরা দিন-রাত চিন্তা করি তিস্তা খনন হবে; রাতের ঘুমেও তিস্তা খননের স্বপ্ন দেখি। নদীভাঙন রোধ হবে; স্যাটেলাইট টাউন হবে; মানুষের কর্মসংস্থান হবে; পাল্টে যাবে নদীপাড়ের মানুষের জীবনচিত্র।" তিনি বলেন, "সেই জন্য বিএনপির ‘নদীপাড়ে অবস্থান কর্মসূচি’তে চরে নাচগান করেছি, রাতে চরে খড় বিছিয়ে ঘুমিয়েছি; ঢাকা থেকে তারেক রহমান মোবাইল ফোনে লাখো জনতার সমাবেশে ভাষণ দিয়েছেন।" মন্ত্রী দুলু তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হবে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন। জামায়াতের ‘জান্নাতের টিকিট’ এবং গোপনে দেয়া টাকা প্রত্যাখ্যান করে তিস্তাপাড়ের মানুষ ধানের শীষে ভোট দিয়েছে। এখন প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে সরকার দূরে সরে যাচ্ছে। তিস্তা প্রকল্প শুরু না হলে আসন্ন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপিকে জনগণ ভোট দেবে না।

সকাল ১০টা থেকে শুরু করে রংপুরের গঙ্গাচড়া, লালমনিরহাটের হাতিবান্ধা, কালিগঞ্জ উপজেলার কয়েকটি চরে ঘুরে কথা হয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে। প্রচ- রোদে মানুষ নদীর চরের জমিতে কাজ করছেন। কয়েকজন জানালেন, তিস্তাপাড়ের মানুষের দুঃখ-দুরবস্থা যেহেতু দেখতে এসেছেন, লালমনিরহাটের কালিগঞ্জের চন্দিমারি এক নম্বর স্পার বাঁধে যান নদীর দুর্গতি দেখতে পাবেন। মহীপুর থেকে বাইকে বালুময় রাস্তায় কয়েকটি গ্রাম পাড় হয়ে দুই কিলোমিটার পথ চন্দিমারি স্পার বাঁধে পৌঁছতে এক ঘণ্টা লেগে গেল। নদী রক্ষার জন্য কয়েক বছর আগে তিস্তা নদীর ওপর ৬টি স্পার বাঁধ নির্মাণ করা হয়েছে। বাঁধগুলো এখন ধানি জমির ওপর দাঁড়িয়ে রয়েছে, কোনো কাজে আসছে না। নদী রক্ষার স্পার বাঁধ এখন স্থানীয়দের আড্ডাখানা। চমৎকার নির্মাণশৈলীর কারণে দূর-দূরান্ত থেকেও মানুষ এগুলো দেখতে আসে। কিন্তু যার জন্য এই বাঁধগুলো নির্মাণ করা হয়েছে সে নদী শুকনো বালুচর আর ধানের ক্ষেত। যেদিকে চোখ যায় চতুর্দিকে ধু-ধু বালুচর। মাইলের পর মাইল গরু-ছাগলের চারণভূমি। কয়েকজন ক্ষেতমজুর জমি খুঁড়ছেন চাষাবাদের জন্য। জিজ্ঞেস করতেই জানালেন, মিষ্টিকুমড়ো চাষ করা হবে। রাশেদুল নামের এক ক্ষেতমজুর জানান, তারা বর্গাচাষি। প্রভাবশালীরা চরের কয়েক বিঘা জমিতে মিষ্টিকুমড়ো চাষ করে। যারা এই চাষাবাদ করেন তারা স্থানীয়ভাবে প্রভাবশালী সরকারি দলের লোক। কুমড়োর ফলন ভালো হয়। ক্ষেতমজুররা জানান, দু’মাস আগেও এখানে পানি ছিল। কার্তিক মাসেই পানি শুকিয়ে যাওয়ায় স্থানীয়রা চাষাবাধ করছেন। লালমনিরহাটের ভোটমারী ইউনিয়ন, কাকিনা ইউনিয়ন ও মাদাতি, মহিশখোচা, চন্দিমারি ইউনিয়ন তিস্তা নদীর পাড়ে। যেদিকে যাবেন দেখবেন কোথাও তিস্তায় পানি নেই। বিভিন্ন স্পটে হাঁটুপানি মানুষ পায়ে হেঁটে পাড় হন। অথচ এসব এলাকা প্রতি বছর ভাঙে এবং বন্যার সময় পানির নিচে তলিয়ে যায়। বিস্তীর্ণ এলাকায় চিনাবাদাম দেখা গেল। তিস্তা শুকিয়ে যাওয়ায় এবার তিস্তাপাড়ের মানুষ স্যালোমেশিন দিয়ে গম, ভুট্টা, রসুন, পেঁয়াজ, চিনাবাদাম, লাউ, কুমড়া, কলাই চাষ করছে। রংপুরের কাউনিয়ায় ধানের চাষ হচ্ছে বেশি।

নদীপাড়ের রবিউল আলম আউয়াল জানালেন, এবার তিস্তাপাড়ের মানুষের কাছে নির্বাচনের ইস্যু ছিল নদী খনন। ভোটের নির্বাচনী প্রচারণায় বিএনপির প্রার্থীরা নদী খননের জন্য মানববন্ধন, সমাবেশ করেছেন। ঢাকা থেকে সাংবাদিকদের আনা হয়েছিল। তারা ওই সব কর্মসূচিতে অংশ নিয়েছেন নিজেদের স্বার্থে। নদী খনন হলে ভাঙনের হাত থেকে বাঁচবে। শুনেছেন চীনের টাকায় নদীর দুই পাশে বাঁধ ও টাউন হবে। এসব শুনে এবং স্বপ্ন নিয়ে ধানের শীষে ভোট দিয়েছেন। বছরের পর বছর ধরে তারা দেখছেন শুকনো মৌসুমে ভারত গজলডোবা ব্যারাজের সব গেট বন্ধ করে দিয়ে তিস্তার পানি আটকে রাখে। তিস্তা হয়ে পড়ে খালসম। এখন অনেক স্পটে হাঁটুপানি। তিস্তায় নৌ-চলাচল ও জেলেদের মাছ ধরা বন্ধ হয়ে যায়। ফলে নৌ-মালিক ও শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। মৎস্যজীবীরা মাছ শিকার করতে না পেরে মানবেতর জীবনযাপন করেন। তিস্তায় পানির অভাবে তিস্তাপাড়ের মানুষ স্যালোমেশিন দিয়ে গম, ভুট্টা, রসুন, পেঁয়াজ, চিনাবাদাম, লাউ, কুমড়া, কলাইসহ বিভিন্ন ফসল উৎপাদন করেন। সর্বদা অভাব-অনটন আর প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বাঁচতে হচ্ছে। তিস্তা নদীপাড়ে জন্ম নেয়াই যেন পাপ। তারা বাঁচতে চান, নদী খনন চান। তিস্তা মহাপ্রকল্প হবে এমন প্রতিশ্রুতিও দেয়া হলো। অথচ ভোটের পর বিএনপির নেতারা তিস্তা খননের প্রতিশ্রুতি বেমালুম ভুলে গেল? হাসিনা পালিয়েছে; তারা চান তারেক রহমান তাদের তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করবেন; সারাজীবন তাকেই নেতা হিসেবে মেনে নেবেন, নির্বাচনে ভোট দেবেন।

চর কাশিয়াবাড়ি এলাকায় সরেজমিন দেখা গেল চতুর্দিকে বালু আর বালু। নদী দু’কিলোমিটার দূরে সরে গেছে। মাইলের পর মাইল ধু-ধু বালুচর আর খানাখন্দে ভরা পায়েহাঁটা বালুপথ। দূরে চোখে পড়লো ঘোড়ার গাড়িতে মালামাল বহন করে স্থানীয় হাটে নিয়ে যাচ্ছে। জহিরুল নামের একজন জানালেন, চরে বেগুন-মুলা-লাউ চাষ করেছেন। তিনি সেগুলো বিক্রির জন্য সাপ্তাহিক হাটে যাচ্ছেন। জমিতে বেগুনের কেজি ৫ টাকা থেকে ৮ টাকা। হাটে নিলে সে দাম ৮ থেকে ১২ টাকা পর্যন্ত পাওয়া যায়। তিনি জানালেন, "এই বেগুন ঢাকায় ৮০ টাকা থেকে একশ’ টাকা কেজি দরে বিক্রি হয়; মুলা বিক্রি হয় ৪০ টাকা থেকে ৫০ টাকা কেজি দরে।" তার কথা শুনে আফসোস করে জহিরুল বলেন, "স্যার যদি তিস্তা মহাপ্রকল্প হতো তাহলে আমরাও উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পেতাম। তখন আর অভাব থাকতো না।"

লালমনিরহাটের কালিগঞ্জের মহিশখোচা থেকে ফিরে আসার সময় বরযাত্রীর একটি দল বালুময় চরে হেঁটে যাচ্ছে। কাছে গিয়ে বোঝা গেল বিয়ে করে বর বাড়ি ফিরছেন নববধূকে নিয়ে। নববধূকে পায়ে হাঁটিয়ে নিয়ে যেতে দেখে প্রশ্ন করতেই বরযাত্রীর একজন বলেন, "এটা স্বাভাবিক ঘটনা। তিস্তাপাড়ের মানুষ এখাবেই বেঁচে রয়েছে। বন্যায় পানি, শুষ্ক মৌসুমে বালু, যখন তখন নদীভাঙন এসবের সঙ্গে যুদ্ধ করেই বড় হচ্ছি।" এমনকি নদীপাড়ের গ্রামগুলোর প্রসূতি ও রোগীকে পাশের উপজেলা হাসপাতালে নিতে হয় তক্তায় এবং জলচৌকিতে শুইয়ে রশি দিয়ে বাঁশ বেঁধে ঘাড়ে করে। এসব দৃশ্য অন্যেরা বিশ্বাস করবেন না। বন্যা ও খরায় দুর্ভোগ-ভোগান্তি দেখে মানুষ চরবাসীর সাথে আত্মীয়তা করতে চান না। ভোটের আগে নদী খননের প্রচারণা দেখেছেন, নিজেরা দল বেঁধে মানববন্ধনে অংশ নিয়েছেন; বিএনপির মন্ত্রী দুলু নদী খননের প্রতিশ্রুতি দিয়েই ভোট নিয়েছেন। তারা এখনো প্রত্যাশায় রয়েছেন নদী খনন শুরু হবে।

আগের রাতে রংপুর টাউন হলে কয়েকজন শিল্প-সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে আড্ডা দিয়েছিলেন। বিভাগীয় শহরে বসবাস করলেও তারা জানান, এ অঞ্চলের মানুষ খুবই রাজনীতি সচেতন। একজন রিকশাচালকের সঙ্গে কথা বললেও বুঝবেন পেটে ভাত নেই তবুও সে রাজনীতি নিয়ে চিন্তাভাবনা করেন। বিএনপি যদি তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করে তাহলে বৃহৎ রংপুরের মানুষ তারেক রহমানকে হৃদয়ে ধারণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেগে জেগেই ঘুমাচ্ছে!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২১ এম


স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেগে জেগেই ঘুমাচ্ছে!

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজাসহ দেশের বিভিন্ন স্পর্শকাতর স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুর্বৃত্তরা প্রকাশ্যে একের পর এক মিছিল-বিক্ষোভ করছে। পলাতক আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাডভোটের রনজিত সরকার ভারতের মেঘালয় সীমান্ত পেরিয়ে সুনামগঞ্জে ব্যানার টানিয়ে সমাবেশ করে আবারো ফিরে গেছে। আইনশৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং ও নির্দেশনা না থাকায় নীরব দর্শক হিসেবে থেকে গেছে। ফ্যাসিস্টদের কর্ম সমাবেশ, বিক্ষোভ মিছিল, বোমা-ককটেল হামলা, পুলিশের গাড়িতে আগুন-হামলার ঘটনায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে, যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের ভিডিও থাকলেও জড়িতদের গ্রেফতার বা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী অনেকটাই নিষ্ক্রিয়। হামলার ঘটনাস্থলগুলো সিসিটিভির আওতায় থাকলেও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে ব্যর্থ হয়েছে পুলিশসহ সকল সংস্থার কর্মকর্তারা। এ অবস্থায় উদ্বিগ্ন মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, "সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি জেগে জেগেই ঘুমাচ্ছে"।

একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, কখনো ব্যস্ত সড়কে ককটেল বিস্ফোরণ, কখনো চলন্ত বা পার্ক করা বাসে আগুন লাগানো হচ্ছে। থানার সামনে, পুলিশের টহল গাড়ি, পুলিশ লাইনস কিংবা গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত এসব সহিংস ঘটনা ঘটিয়ে দুর্বৃত্তরা অনায়াসে পালিয়ে যাচ্ছে। গত কয়েক দিন ধরে সংঘটিত এসব ঘটনায় জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। প্রশ্ন উঠেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেয়া যাচ্ছে না কেন? তাহলে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থাগুলো নিষ্ক্রিয়?

অপরাধ বিশ্লেষকদের মতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং ও নির্দেশনা না থাকায় পুলিশ, বিজিবি, এসআরবি ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব দেখা দিয়েছে। গোয়েন্দা সংস্থার আগাম তথ্যের অভাবে মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্বপ্রস্তুতি নিতে পারছে না। আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধ প্রতিরোধ এবং মানুষের নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে কার্যকর তৎপরতা প্রয়োজন। একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে থানার সামনে এবং পুলিশ সদস্যদের লক্ষ করে হামলার ঘটনা অপরাধীদের বেপরোয়া আচরণের ইঙ্গিত দিচ্ছে। এর আগে দেশের বিভিন্ন স্থানে আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নেয়া এবং সরকারি অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে।

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আহসান হাবীব পলাশ বলেন, "এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে এসব ঘটনার কারণে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বড় ধরনের সংকটের মুখে পড়েছে বলে মনে করি না।" তিনি বলেন, "ঘটনা ঘটছে, জড়িতরা ধরাও পড়ছে। এরপরও কেউ কেউ বেপরোয়া আচরণ করছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। তবে এখনো পর্যন্ত এসব ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় ধরনের বিপদসংকেত বলে মনে হচ্ছে না।" থানা ও পুলিশের টহল গাড়ি লক্ষ করে ককটেল বিস্ফোরণ এবং পুলিশ সদস্যদের ওপর হামলার কারণ জানতে চাইলে তিনি বলেন, "হামলাকারীরা হয়তো পুলিশকে দুর্বল মনে করছে। তারা ভাবতে পারে, এ ধরনের হামলার মাধ্যমে পুলিশের মনোবল ভাঙা যেতে পারে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, "ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।" তিনি বলেন, "একটি গোষ্ঠী এসব ঘটনার মাধ্যমে জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু এর পেছনে কারা রয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্য কী, সেটি তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে।" ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কিংবা সক্রিয় হওয়ার প্রসঙ্গটি রাজনৈতিক আলোচনায় রয়েছে। ফলে অপরাধীদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো জরুরি। নির্বাচিত জনপ্রতিনিধিদেরও নিজেদের দায়িত্বের জায়গা থেকে সক্রিয় হতে হবে। অপরাধীরা বারবার সহিংসতা ঘটিয়েও আইনের আওতার বাইরে থেকে গেলে আরো বেপরোয়া হওয়ার সুযোগ পাবে। তাই সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত দু’দিনে ঢাকায় অন্তত ৩০টি এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানা এলাকার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ করে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ভবনের সামনে পার্কিং করে রাখা গাড়ি লক্ষ করে ককটেল ছোড়া হয়। এতে গাড়ির চালক গুরুতর আহত হন। এ ঘটনায় জড়িতদের আটক করতে পারেনি পুলিশ। তবে গত রোববার ও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়রা মোট পাঁচজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে। গত সোমবার ঢাকার সিএমএম কোর্টের সামনের রোডেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ কর্মী ফয়সাল ও সুকুমার হালদার নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৮ নভেম্বর রোববার পল্লবী থানা প্রাঙ্গণ মিরপুরের সনি সিনেমা হলের সামনে, মালিবাগের সিআইডি কার্যালয়ের সামনে, ক্যান্টনমেন্ট রেলস্টেশন, তেজগাঁও, ভাটারা, পান্থপথ ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নীলক্ষেত মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় তোরণ, ইউল্যাব স্কুল, সিনেট ভবনের সামনে, আধুনিক ভাষা ইনস্টিটিউট, টিএসসি সংলগ্ন মেট্রো স্টেশনের সড়ক ও সুফিয়া কামাল হলের সামনে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ৯টি স্থানে একের পর এক ককটেল বিস্ফোরিত হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই রাতেই তিনজনকে আটক করা হয়। এর আগে শনিবার রাতে উত্তরা ও নীলক্ষেত এলাকায় জয়বাংলা স্লোগান দিয়ে কয়েকটি স্থানে ককটেল হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে সিআইডি-এসবির কার্যালয়ের সামনে ককটেল মারে। এসব ঘটনায় ১৫ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি ডিসি (মিডিয়া) আকতার হোসেন বলেন, গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টাকালে মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বোমা বিস্ফোরণ সংক্রান্ত প্রতিটি ঘটনায় জিডি কিংবা মামলা হয়। তবে এ সংক্রান্ত ঢাকায় মোট মামলা এবং গ্রেফতারের সংখ্যা তার জানা নেই। তবে পুলিশ আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালাচ্ছে।

রাজধানীর লালবাগে আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ থানা পুলিশ। গ্রেফতাররা হলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সর্বশেষ কমিটির সভাপতি মো. দিপু (৪০) ও কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহ-সভাপতি মো. ফারুক (৪৮)। সোমবার রাত আনুমানিক ১১টায় লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ফারুক পলাতক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদের অন্যতম সহযোগী।

কক্সবাজার ব্যুরো জানিয়েছে, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল তাকে কক্সবাজার আদালতে হাজির করা হলে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন আইনজীবী ‘জয় বাংলা’ সেøাগান দেন। এ সময় আদালত প্রাঙ্গণে চরম উত্তেজনাকর পরিস্থিতি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

স্টাফ রিপোর্টার, সাভার থেকে জানান, সাভারের গেন্ডা এলাকায় পার্কিং করে রাখা দুটি বাসে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এক বাসের চালক অক্ষত অবস্থায় নিচে নেমে প্রাণে রক্ষা পান। মহাসড়কে অভিযান চালিয়ে তিন বোতল পেট্রোল ও কেরোসিনসহ তিন নাশকতাকারীকে আটক করেছে পুলিশ।

নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে গভীর রাতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাস দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সিরাজগঞ্জ সরকারি কলেজের ফটকে তালা ও ব্যানার টাঙানোর ঘটনায় প্রিন্সিপালকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখে ছাত্রদল। অন্যদিকে, সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে রেলওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করে।

বরগুনা জেলা সংবাদদাতা জানান, বরগুনায় রাতের আঁধারে সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। গত সোমবার গভীর রাতে বরগুনা জেলা স্কুল, বালিকা বিদ্যালয় এবং বেতাগী ও পাথরঘাটার বিভিন্ন প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এতে চলমান টেস্ট পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করা বাসে গভীর রাতে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা বাসচালক মো. কালাচান শেখ মারা যান। ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এছাড়া ভাঙ্গা থেকে তিনজনকে আটক করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা জানান, গোপালগঞ্জে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও মহাসড়ক অবরোধের চেষ্টা চালিয়েছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। টুঙ্গিপাড়ায় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয় এবং একটি পুলিশভ্যানে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে।

কিশোরগঞ্জের জেলা সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের বাজিতপুরে ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের বিআরটিসি বাসে গভীর রাতে অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। পিরিজপুর বাজারে দাঁড়িয়ে থাকা বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় নারী শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ ঘটনায় এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে।

শরীয়তপুর জেলা ও জাজিরা সংবাদদাতা জানান, শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। গত সোমবার রাত একটার দিকে নাওডোবা এলাকায় এ ঘটনায় টোল আদায় বন্ধ থাকায় সেতুর উভয় প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে চরম আতঙ্ক সৃষ্টি হয়।

বাকৃবি সংবাদদাতা জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রেললাইনে আগুন দেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে হাতেনাতে আটক করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। গত সোমবার রাতে ইয়াসিন মার্কেট এলাকা থেকে আনন্দমোহন কলেজ ছাত্রলীগের দুই নেতাকে ধরে প্রক্টর কার্যালয়ের মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়।

চকরিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা জানান, কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে উপজেলা পরিষদ কার্যালয় এবং চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ব্যানার টাঙিয়ে দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। গত সোমবার গভীর রাতে সংঘটিত এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন দ্রুত তালা ও ব্যানার অপসারণ করে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে গভীর রাতে উপজেলা ভূমি অফিসের কাছে পার্কিং করা হামজা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে টানা চার রাতে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটল। গত সোমবার রাতের এ ঘটনায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের সব সিট পুড়ে গেছে।

জৈন্তাপুর (সিলেট) উপজেলা সংবাদদাতা জানান, সিলেটের জৈন্তাপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে গ্রেফতারের পর পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার সন্ধ্যায় হরিপুর বাজার থেকে আটকের পর থানায় নেওয়ার পথে পিকআপ দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়।

কর্ণফুলী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার সকালে বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় পিএবি মহাসড়কে টায়ার জ্বালিয়ে তারা ফ্যাসিস্ট হাসিনার দেশে ফেরার দাবিতে বিভিন্ন সেøাগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে পোড়া টায়ার উদ্ধার করে।

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল সকাল থেকে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হন। একপর্যায়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%