০১:৪৮ এম
বিতর্কিত ব্লগার ও অ্যাক্টিভিস্ট আসাদ নূরকে বিয়ে করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী এই বিতর্কের প্রতি কঠোর জবাব দিয়েছেন। তিনি তার পোস্টে নিজের চিন্তাধারা, পারিবারিক প্রেক্ষাপট, ধর্মীয় রক্ষণশীলতা ও উগ্রতার বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান তুলে ধরেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পারশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামী আসাদ নূরের সাথে একটি ছবি শেয়ার করে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। ওই পোস্টে গায়িকা উল্লেখ করেন, বিয়ে কোনো ধর্মের পেটেন্ট করা প্রথা নয় এবং এটি প্রাচীন মেসোপটেমীয় সভ্যতার একটি অংশ। তিনি জানান, সন্তান লালন-পালনের প্রবল আগ্রহ থেকেই তার বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পারশা মনে করেন, বিয়ে একটি বিলাসী বিষয় নয় বরং এটি সামাজিক ও মানসিক প্রয়োজনীয়তা।
আরও পড়ুন: শবনম আজীবন সম্মাননায় ভূষিত, আয়োজন ১৮ নভেম্বর
স্বামী আসাদ নূরের জীবনপথ সম্পর্কে তার বক্তব্য, আসাদের অতীত ছিল কণ্টকাকীর্ণ। সামাজিক বৈষম্য ও উগ্রতার শিকার হওয়া আসাদ এবং বর্তমানের আসাদের মধ্যে তুলনা করলে দেখা যায়, বর্তমান আসাদ নূর অনেক বেশি পরিপক্ব ও যত্নশীল।
পারশা আরও জানান, আসাদ নূরের ধর্মকে ব্যবহার করে মানুষের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা, বিদ্বেষ ছড়ানো, রাজনৈতিক স্বার্থ হাসিল, নারীর পোশাক ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন। এই ব্যক্তিত্বই তার হৃদয়ে স্থান করে নিয়েছে। ধর্মের নামে ভণ্ডামি কিংবা লোক দেখানো ধার্মিকতা তারও পছন্দ নয় বলে তিনি স্পষ্টভাবে জানান।
বিয়েতে তার পরিবারের অবস্থান নিয়ে পারশা বলেন, মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সহমর্মিতাই মনুষ্যত্বের প্রথম পরিচয়। তাই, তার বাবা-মা প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত মেয়ের ব্যক্তিস্বাধীনতাকে সম্মান জানিয়েছেন।
আরও পড়ুন: রাগীব আলী: ‘আমি সম্পূর্ণ সুস্থ আছি’ মৃত্যুর গুজব উড়িয়ে ভিডিও বার্তা
সবশেষে, গায়িকা জানান, উগ্রতা ও হুমকির কাছে তিনি কখনোই মাথা নত করবেন না। বাংলা ভাষা ও সংস্কৃতির লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি তার আত্মপরিচয়ের জায়গায় আপসহীন থাকার ঘোষণা দেন। পাশাপাশি, নিজের দেশ, মাটি ও সংস্কৃতির প্রতি অগাধ ভালোবাসার কথাও জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন