ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, দেশের অভ্যন্তরীণ বা সীমান্তের ওপার থেকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না।

তিনি উল্লেখ করেন, "গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে।" যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে সেই শক্তিকে ফিরে আসার সুযোগ তৈরির চেষ্টা করা হয়, তাহলে জাতির সামনে তা উন্মোচন করা হবে। দেশের অভ্যন্তরে, সীমান্তের বাইরে কিংবা সম্মিলিতভাবে কোনো ষড়যন্ত্রই বাস্তবায়িত হতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে এই মন্তব্য করেন মন্ত্রী।

আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, সরকার শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের অপচেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিরোধীদলীয় নেতা আজ যে উদ্যোগের কথা বলেছেন, তা তিনি বিরোধী দলের পক্ষ থেকে নিতে পারেন। বিরোধী দল হিসেবে তারা ব্যর্থ হতে চান না- এমন সক্রিয় ভূমিকার তিনি প্রশংসা করেন। সরকার সবসময় বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করে এবং ইতোমধ্যে তাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছে।

তিনি বলেন, কিছুদিন ধরে দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে নানা ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে। দেশের রাজনৈতিক সচেতন মানুষ এসব তৎপরতা বুঝতে পারছেন। দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বাইরে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিরা কীভাবে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, তাদের সেই কার্যক্রমের আইনগত বৈধতা কী এবং দেশের অভ্যন্তরে কারা তাদের সহযোগিতা করছেন- এসব প্রশ্নের জবাব খুঁজে দেখা প্রয়োজন। বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে কারও নাম উল্লেখ করেননি। সংসদীয় রীতির কারণে অনুপস্থিত ব্যক্তিদের নাম উল্লেখ না করাই স্বাভাবিক। তবে বিরোধীদলীয় নেতা যদি সংশ্লিষ্ট বক্তব্য, গোয়েন্দা সংস্থার টেলিফোন নম্বর থেকে পাঠানো বার্তা কিংবা তার দলের সংসদ সদস্যদের বিরুদ্ধে দেওয়া হুমকির তথ্য সরকারকে জানান, তাহলে তা তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন: জুবাইদা রহমানের সঙ্গে এমিনে এরদোয়ানের সাক্ষাৎ আন্তালিয়ায়

তিনি বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য একটি নীলনকশা করা হয়েছিল। দেশের ভেতরে ও বাইরে থেকে এ প্রচেষ্টায় বিনিয়োগও করা হয়েছে। তবে সরকার সফলতার সঙ্গে সেই অপচেষ্টা নস্যাৎ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তারা অতিরিক্ত বলপ্রয়োগ করেনি; বরং নিজেরাই বিভিন্ন ঘটনায় আহত হয়েছে।

এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটালে সেটিকে কেন্দ্র করে ফ্যাসিবাদী শক্তি রাজনৈতিক ইস্যু তৈরির সুযোগ পায়। সরকার সচেতনভাবে সে সুযোগ দেয়নি।

তিনি জানান, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহের কিছু অংশ দেশের তৈরি পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব এলাকায় শিল্প পুলিশ, সাধারণ পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষিত রাখতে শিল্পমালিক ও শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হয়েছে। তারা সরকারের উদ্যোগে সহযোগিতা করছেন।

আরও পড়ুন: জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ উত্থাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের সহযোগীদের পাশাপাশি কয়েকজন শিল্পমালিকেরও অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টায় সহযোগিতার বিষয়টি সরকার লক্ষ্য করেছে। তবে শিল্পমালিকদের আশ্বস্ত করা হয়েছে যে দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী ও শিল্পমালিকদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বজায় থাকবে।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনাকে একত্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলে তুলে ধরা যৌক্তিক নয়। দেশের বিভিন্ন স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একজন পালিয়ে গেছে বলেও তিনি জানান।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় রাতে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে পরিত্যক্ত যানবাহনে অগ্নিসংযোগের বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সামগ্রিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করা যায় না।

আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণের ক্ষেত্রে আগের বছরের একই সময়ের তথ্য বিবেচনায় নেওয়া জরুরি।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে: ডা. জাহিদ

পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে আগের বছরের একই সময়ের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়নি। চলতি বছরের একই সময়ের তুলনায় হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০ কম বলে তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সংসদে সোচ্চার থাকবে বিরোধী দল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৫ এম


জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সংসদে সোচ্চার থাকবে বিরোধী দল

সংসদ ভবন, ১০ নভেম্বর, ২০২৬ : দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার পাশাপাশি জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সংসদে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান।

তিনি উল্লেখ করেছেন, দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে জনগণের জানার অধিকার নিশ্চিত করা অপরিহার্য। বিশেষ করে মাতারবাড়ি প্রকল্প এবং জাপানের সঙ্গে সম্পাদিত চুক্তির বিস্তারিত তথ্য জনগণের সামনে তুলে ধরা আবশ্যক।

আজ জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতা দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সরকারের কাছ থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন এবং বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে এবং রাজপথে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর, মাতারবাড়ি চুক্তি ও প্রকল্পের সার্বিক তথ্য প্রকাশ, গঙ্গা চুক্তি নবায়ন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সারের ডিলার নিয়োগ, সংবিধান সংশোধন এবং জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বিরোধী দলের অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে: ডা. জাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ এম


ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে: ডা. জাহিদ

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড একটি সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি। বর্তমানে সারা দেশে তথ্য সংগ্রহের কাজ এই কর্মসূচির অংশ হিসেবে চলছে।

মন্ত্রী উল্লেখ করেন, প্রতি পাঁচ সদস্যের পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীর নামে এই কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে প্রাপ্ত অর্থ নারীরা শুধুমাত্র পারিবারিক খরচ ও সন্তানদের লেখাপড়ায় ব্যবহার করবেন না, বরং বসতবাড়ির আঙিনায় কৃষিকাজ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতেও সক্ষম হবেন।

আজ জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় নারী ও শিশুবিষয়ক সচিব ড. রওশন আরা বেগমও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার, বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার রক্ষা, ফ্যামিলি কার্ড এবং নারী-শিশুদের টেকসই উন্নয়নসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।

জাহিদ হোসেন আরও বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করছেন। এটি বর্তমান সরকারের অন্তর্ভুক্তিমূলক নারী উন্নয়ন নীতির প্রতিফলন।

তিনি জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন ভাতার আওতা বৃদ্ধি করা হচ্ছে। তাদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে বিভিন্ন ভবনে র‌্যাম্প স্থাপন করা হচ্ছে। ওয়াশরুমগুলোও তাদের ব্যবহারের উপযোগী করে নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ফ্রান্সের রাষ্ট্রদূত সাক্ষাৎকালে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন এবং দুস্থ শিশুদের সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।

আগামী ২৫ নভেম্বর ঢাকায় ফরাসি দূতাবাসে ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) উদ্যোগে ‘ফেমিনিস্ট ফরেন পলিসি প্লাস (এফএফপি+) লোকাল গ্রুপ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। এই গ্রুপটি গঠিত হয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, মরক্কো, নেপাল, স্পেন ও যুক্তরাজ্যের মতো দেশগুলোকে নিয়ে, যার লক্ষ্য হলো লৈঙ্গিক সমতা ও নারীর অধিকার প্রতিষ্ঠা করা।

এই অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত মন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনানীতে বাপেক্সের ৯ সদস্যের টিম কূপ নিরাপদে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ এম


ইনানীতে বাপেক্সের ৯ সদস্যের টিম কূপ নিরাপদে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে

কক্সবাজার, ১০ নভেম্বর, ২০২৬ : কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় নলকূপ খননের সময় উদগীরিত গ্যাসের আগুন এবং পানির অনিয়ন্ত্রিত প্রবাহের পরিস্থিতি পরিদর্শন করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৯ সদস্যের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার প্রতিনিধি দলটি ঘটনাস্থলে পরিদর্শন সম্পন্ন করে। এই পরিদর্শনের পর দীর্ঘ ১৫ দিন ধরে গ্যাসের প্রবাহ ও চাপ পর্যবেক্ষণের ফলস্বরূপ কূপটি জরুরিভিত্তিতে নিরাপদে বন্ধ এবং নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রতিনিধি দলের প্রধান এবং বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার রফিকুল ইসলাম জানিয়েছেন, টানা ১৫ দিন পর্যবেক্ষণের মূল উদ্দেশ্য ছিল উদগীরিত গ্যাসের স্থায়িত্ব এবং ধারণক্ষমতা যাচাই করা।

তিনি উল্লেখ করেন, একই গতিতে এবং চাপের সঙ্গে গ্যাসের প্রবাহ অব্যাহত থাকায় বিশেষজ্ঞরা ধারণা করছেন যে, এটি সাময়িক কোনো গ্যাসের পকেট নয়, বরং ভূগর্ভে একটি বড় আকারের গ্যাসের আধার বা রিজার্ভার থাকার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, এ অবস্থায় অনিয়ন্ত্রিতভাবে গ্যাস জ্বলতে দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই প্রথম অগ্রাধিকার হিসেবে জরুরিভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ এবং নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাপেক্সের প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কূপটি সফলভাবে নিয়ন্ত্রণে আনার পর ভূতাত্ত্বিক জরিপ এবং গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোটখাল এলাকায় একটি পরিত্যক্ত নলকূপের গর্ত থেকে গ্যাস নির্গত হতে শুরু করে। এরপর থেকে সেখানে গ্যাসের আগুন এবং পানির অনিয়ন্ত্রিত প্রবাহ অব্যাহত রয়েছে। বিষয়টি পর্যবেক্ষণে বিশেষজ্ঞরা কাজ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ উত্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ এম


জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ উত্থাপন

সংসদ ভবন, ১০ নভেম্বর, ২০২৬ : দেশে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম দ্রুত সম্প্রসারণের উদ্দেশ্যে আজ জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ উত্থাপন করা হয়েছে।

বিলটি উত্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্ত্রী বিলটি উত্থাপনকালে উল্লেখ করেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে অন্তত ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণের জন্য সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (১) দফার অধীনে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬’ জারি করা হয়েছিল।

প্রস্তাবিত আইনটি ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কার্যক্রমকে সহজ করবে। আগামী গ্রীষ্মের আগে এ ধরনের ব্যবস্থার মাধ্যমে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে।

এর আগে, গত ৯ নভেম্বর আইনমন্ত্রী বিদ্যমান কয়েকটি আইনে সংশোধনী আনার লক্ষ্যে সংশ্লিষ্ট অধ্যাদেশটি সংসদে উত্থাপন করেন। মন্ত্রী বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%