শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১০:০৫ এম
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকাসহ দেশের ছয়টি জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়া, অতিরিক্ত চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাদের দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা এবং নজরদারি জোরদার করা হয়েছে।
এছাড়া, বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তারা। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।
ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায়ও তারা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা, সেইসাথে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আনুষ্ঠানিক করব্যবস্থার আওতায় আনতে প্রায় ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠানের একটি তালিকা প্রস্তুত করেছে। এই তালিকার অধিকাংশ প্রতিষ্ঠানের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেই। মূল্য সংযোজন কর (ভ্যাট) নিরীক্ষার আওতায় এই প্রতিষ্ঠানগুলোকে আনার বিষয়ে খতিয়ে দেখা হবে।
গতকাল এনবিআরের প্রকাশিত ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোতে পাঠানো হয়েছে। সেগুলো যাচাই করার প্রক্রিয়া চলবে। তালিকায় বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের পাশাপাশি ফেসবুকভিত্তিক ব্যবসা বা এফ-কমার্স প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে।
এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘আমাদের চিহ্নিত করা বেশির ভাগ প্রতিষ্ঠানেরই ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেই। আনুষ্ঠানিকভাবে ব্যবসা পরিচালনার নিয়ম সম্পর্কেও তারা তেমন কিছু জানে না।’
তিনি এই উদ্যোগের কারণ ব্যাখ্যা করে বলেন, অনেক ব্যবসা এখনো আনুষ্ঠানিক অর্থনীতির বাইরে রয়েছে। উদাহরণস্বরূপ, কোনো গৃহিণী হয়তো নিজের বাসা থেকেই অনলাইনে ব্যবসা পরিচালনা করছেন।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘ব্যবসাকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনার বিষয়ে তাদের সচেতনতা বা আগ্রহ খুবই কম। অনেকের খোঁজখবরও সহজে পাওয়া যায় না। ফলে এসব বিষয় নিয়ে ভাবার সময় বা সুযোগও তাদের হয় না।’
তিনি জানান, কমিশনারেটগুলো এসব তথ্য যাচাই করবে এবং প্রয়োজন হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগতে পারে। ই-কমার্স ও কুরিয়ার সেবা খাত নিয়ে গবেষণার পর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, এ দুই খাত থেকে রাজস্ব আদায়ের বড় সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি অনলাইন ব্যবসার লেনদেনের পরিমাণ কম হতে পারে। কিন্তু সব প্রতিষ্ঠানের লেনদেন একসঙ্গে হিসাব করলে তা অনেক বড় হবে। তিনি উল্লেখ করেন, ‘এসব ব্যবসা আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় এলে তাদের আর্থিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রমের সঠিক হিসাব পাওয়া যাবে। এর ফলে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ইতিবাচক প্রভাব পড়বে।’
তিনি আরও বলেন, ‘একটি প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণ হয়তো খুব বেশি নয়। কিন্তু পুরো খাতের সব প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন একসঙ্গে হিসাব করলে এর পরিমাণ অনেক বড় হয়ে দাঁড়ায়।’ এদিকে, ২৯টি রেস্তোরাঁর বিক্রির হিসাবে অসংগতি পেয়েছে ভ্যাট প্রশাসন। দেখা গেছে, খাবার সরবরাহকারী প্ল্যাটফর্মগুলোর হিসাবে এসব রেস্তোরাঁর বিক্রির পরিমাণ তাদের ভ্যাট রিটার্নে দেখানো বিক্রির চেয়ে বেশি।
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের বিক্রির তথ্যের সঙ্গে বাছাই করা রেস্তোরাঁগুলোর ২০২৬ সালের আগস্ট মাসের ভ্যাট রিটার্নের তথ্য মিলিয়ে দেখে। এতে দেখা যায়, বেশ কয়েকটি রেস্তোরাঁ তাদের প্রকৃত বিক্রির তুলনায় অনেক কম বিক্রি দেখিয়েছে। খাবার সরবরাহকারী তিনটি প্ল্যাটফর্মের হিসাবে তাদের বিক্রির পরিমাণ ছিল অনেক বেশি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে একদিনের ব্যবধানে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি করেছে। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে। সর্বশেষ ২৬ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। এ কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে।
এ বছরের মধ্যে দেশের বাজারে ১৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৯ দফা দাম বৃদ্ধি করা হয়েছে, ৭৭ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বায়ুদূষণের তালিকায় বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। আজ ছুটির দিনে ঢাকা বায়ুদূষণের তালিকায় ৫ নম্বরে অবস্থান করছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য প্রকাশিত হয়েছে।
বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বায়ুর মান মাঝারি বা সহনীয় বলে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরের মধ্যে অবস্থান করলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোরের মধ্যে থাকলে সেটি অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা খুবই অস্বাস্থ্যকর বলে ধরা হয়। ৩০১-এর বেশি স্কোর হলে সেটি দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
ঢাকার দূষণ স্কোর ১৮৯, যা নির্দেশ করে যে এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, কাবুলের দূষণ স্কোর ২৯৭, যা সেখানকার বাতাসকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করে।
বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকা, দিল্লি এবং লাহোরের নাম বারবার উঠে আসে। এসব শহরের দূষণের কারণে প্রতিবছর বহু মানুষ প্রাণ হারাচ্ছে এবং নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে।
পরিবেশবাদীরা বারবার এ বিষয়ে সতর্ক করলেও কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। সম্প্রতি ঢাকার দূষণের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এসেছে এবং তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার নির্দেশনা দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ