০৮:২৬ এম
সুন্দরবনের হলদী খালে অভিযান পরিচালনা করে বন বিভাগ ছয়জনকে গ্রেফতার করেছে। তাদের কাছে ছিল হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ খালপাটা জাল ও দুটি ডিঙি নৌকা।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোংলা থানার ছবেদখান এলাকার বাসিন্দা হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ। তাদের সকলের বাড়ি চিলার জয়মনি বিভিন্ন স্থানে অবস্থিত।
আরও পড়ুন: টাঙ্গাইলে ৬০ জন স্তন ক্যানসারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠা নারীদের নিয়ে মিলনমেলা
মোংলা চাঁদপাই রেঞ্জের সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বনকর্মীদের একটি অভিযানিক দল হলদীখালী খাল এলাকায় টহল দেয়। এসময় বনকর্মীরা লক্ষ্য করেন যে, একটি চক্র নিষিদ্ধ খালপাটা জাল দিয়ে বনের সংরক্ষিত খালে হরিণ শিকারের উদ্দেশ্যে কেওড়া ও গোলপাতা গাছের ঝোপের আড়ালে ফাঁদ পাতছে। এরপর বনকর্মীরা কৌশলে তাদের চারপাশে ঘেরাও করেন। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারিরা নৌকা নিয়ে পালানোর চেষ্টা করলে ছয় চোরা শিকারিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দিপন চন্দ্র জানান, কিছু অসাধু ব্যক্তি নিষেধাজ্ঞা অমান্য করে বনে ঢুকে হরিণ শিকার ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। আমাদের স্মার্ট প্যাট্রোলিং ও চরাপুটিয়া ফাঁড়ির কার্যক্রমের মাধ্যমে এই চক্রটিকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে। সুন্দরবনকে অপরাধমুক্ত রাখতে আমাদের অভিযান দিন-রাত অব্যাহত থাকবে।
জব্দ করা নৌকা, নিষিদ্ধ জাল ও হরিণ ধরার ফাঁদসহ অন্যান্য সরঞ্জাম চরাপুটিয়া ফাঁড়িতে হেফাজতে রাখা হয়েছে। গ্রেফতারকৃত ছয় চোরা শিকারির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন এবং বন আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার (১১ অক্টোবর) সকালে আসামিদের বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
আরও পড়ুন: টাঙ্গাইলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন মিলিটারির দাফন সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন