১০:১৯ পি.এম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার এ বছর ৬৪ দশমিক ৭৫ শতাংশ। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গাজীপুরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার আগে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ ফলাফলের গেজেট উপাচার্যের কাছে হস্তান্তর করেন।
আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশিত
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এই বছর এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। তাদের মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৬ হাজার ২২২ জন। উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন শিক্ষার্থী।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী রয়েছেন। গ্রেডভিত্তিক ফলাফলে এ প্লাস (A+) পেয়েছেন ১৬ জন, এ (A) পেয়েছেন ১ হাজার ৫০৮ জন, এ মাইনাস (A-) পেয়েছেন ৩ হাজার ৩০২ জন, বি (B) পেয়েছেন ৩ হাজার ৫২৪ জন, সি (C) পেয়েছেন ২ হাজার ১০৭ জন এবং ডি (D) গ্রেড পেয়েছেন ৪৬ জন।
ফল প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, "বাউবির লক্ষ্য শুধু পাসের হার বাড়ানো নয়, বরং গুণগত শিক্ষা নিশ্চিত করা।" তিনি জানান, সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।
তিনি আরও জানান, মাত্র ৪১ কর্মদিবসে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি স্থগিত ফলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরীক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান উপাচার্য।
আরও পড়ুন: বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি রিসার্চ সোসাইটির নেতৃত্বে রেদওয়ান-ইয়ামিন
যেভাবে জানা যাবে ফল
বাউবির ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://result.bou.ac.bd) পাওয়া যাবে। এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানা যাবে।
গ্রামীণফোনের (জিপি) গ্রাহকদের মেসেজ অপশনে ‘PB BOU Student ID’ লিখে ১৬৫৫৪ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: ‘PB BOU 19011010048’।
অন্যদিকে টেলিটক, রবি ও বাংলালিংক গ্রাহকদের ‘BOU Student ID’ লিখে ২২৭৭৭ নম্বরে এসএমএস পাঠাতে হবে। উদাহরণ: ‘BOU 19011010048’।
আরও পড়ুন: তেঁতুলিয়ায় এক শিক্ষার্থীর পাঠদানে ৫ প্রভাষক, ১৬ শিক্ষক-কর্মচারী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন