ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শাহজালালে বিনামূল্যের বিশ্রামাগারে টয়লেট ব্যবহারে টাকা, যাত্রী-স্বজনদের ভোগান্তি


শাহজালালে বিনামূল্যের বিশ্রামাগারে টয়লেট ব্যবহারে টাকা, যাত্রী-স্বজনদের ভোগান্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী এবং তাদের স্বজনদের জন্য নির্মিত বিনামূল্যের বিশ্রামাগারে টয়লেট ব্যবহারের জন্য জনপ্রতি ১০ টাকা দিতে হচ্ছে। এ ছাড়া, বিশ্রামাগারের ফাস্ট ফুডের দোকানে খাবারের দামও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বলে অভিযোগ করেছেন যাত্রী ও তাদের স্বজনেরা। এর ফলে, দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে আসা সাধারণ মানুষ, বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা নিম্ন আয়ের যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।

কুয়েতের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আরমান হোসেন প্রায় তিন বছর পর দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন। বৃহস্পতিবার ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে সিরাজগঞ্জ থেকে ভোরে রওনা হয়ে সকাল ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছান। তার ফ্লাইট ছিল সন্ধ্যা সাড়ে ছয়টায়। বিদায় জানাতে তার সঙ্গে এসেছিলেন বাবা আমির হোসেনসহ তিন স্বজন।

বিমানবন্দরের বিশ্রামাগারে অপেক্ষার সময় আরমান হোসেন বলেন, "যানজট এড়াতে ফ্লাইটের কয়েক ঘণ্টা আগেই বিমানবন্দরে এসেছি। এ কারণে স্বজনদের নিয়ে বিশ্রামাগারে অপেক্ষা করছি। কিন্তু সেখানে টয়লেট ব্যবহার করতে জনপ্রতি ১০ টাকা দিতে হচ্ছে। অন্যদিকে, ফাস্ট ফুডের দোকানে খাবারের দামও স্বাভাবিকের তুলনায় প্রায় তিন গুণ বেশি। বাধ্য হয়ে যাত্রী ও স্বজনদের বাড়তি দামে খাবার কিনতে হচ্ছে।"

আরও পড়ুন: কারিগরি প্রশিক্ষণকে টেকসই কর্মসংস্থানে রূপ দিতে আহ্বান জানালেন হুমায়ুন কবির

সরেজমিনে বিমানবন্দরের বিশ্রামাগার পরিদর্শন করে এবং যাত্রী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আরমান হোসেনের মতো বিভিন্ন জেলা থেকে আসা অনেক প্রবাসী যাত্রী ও তাদের স্বজন একই পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময়ে নির্মিত এই বিশ্রামাগার শুরুর দিকে বিনা মূল্যে ব্যবহার করা যেত। তখন পরিবেশও তুলনামূলক ভালো ছিল। কিন্তু এখন টয়লেট ব্যবহারের মতো মৌলিক সুবিধার জন্যও টাকা দিতে হচ্ছে।

দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য মানুষ স্বজনদের বিদেশে পাঠাতে কিংবা বিদেশ থেকে তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে আসেন। তাদের অনেকেরই ঢাকায় থাকার ব্যবস্থা নেই। ফলে ফ্লাইটের আগে বা পরে দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয়। এসব মানুষের দুর্ভোগ কমাতে অন্তর্বর্তী সরকারের সময়ে বিমানবন্দরের বহুতল কার পার্কিং ভবনের দ্বিতীয় তলায় প্রবাসী যাত্রী ও তাদের স্বজনদের জন্য বিনা মূল্যে বিশ্রামাগার নির্মাণ করা হয়। উদ্দেশ্য ছিল, দীর্ঘ অপেক্ষার সময় তারা যেন নিরাপদে বিশ্রাম নিতে পারেন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান।

তবে বিশ্রামাগারের টয়লেট ইজারা দেওয়ার পর সেই সুবিধার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। যাদের কথা বিবেচনা করে বিশ্রামাগারটি নির্মাণ করা হয়েছে, তাদেরই এখন টয়লেট ব্যবহারের জন্য অর্থ দিতে হচ্ছে। এতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

যাত্রী ও তাদের স্বজনদের ভাষ্য, বিমানবন্দরে আসা-যাওয়ার পেছনেই অনেকের বাড়তি অর্থ ব্যয় হয়। এর সঙ্গে খাবার ও অন্যান্য খরচ যুক্ত হয়। দীর্ঘ সময় অপেক্ষার মধ্যে অন্তত শৌচাগার ব্যবহারের মতো মৌলিক সুবিধা বিনা মূল্যে পাওয়ার প্রত্যাশা তাদের। বিশ্রামাগারে টয়লেট ব্যবহারে টাকা নেওয়ায় সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না।

আরও পড়ুন: মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে হাতেনাতে ধরা ২ জন

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সংশ্লিষ্ট শাখার পরিচালক ইসরাত সাদমিনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সভায় ব্যস্ত থাকার কথা জানিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, জনবলসংকটের কারণে বিমানবন্দরের বিশ্রামাগারের ওয়াশরুম ইজারা দিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দরের বহুতল কার পার্কিং ভবনের দ্বিতীয় তলায় প্রবাসী যাত্রী ও তাদের স্বজনদের জন্য এই বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে এটি তৈরি করা হয়।

তবে বিমানবন্দরে কর্মরত প্রবাসী কল্যাণ ডেস্কের একজন কর্মচারীসহ কয়েকজনের প্রশ্ন, জনবলসংকটের কারণে বিশ্রামাগারের টয়লেট ইজারা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া কতটা যুক্তিসংগত ও নিরাপদ? তাদের প্রশ্ন, বিমানবন্দরের মূল টার্মিনালের ভেতরে থাকা একাধিক টয়লেট পরিচালনায় যদি জনবলসংকট না থাকে, তাহলে বিশ্রামাগারের টয়লেট পরিচালনায় সেই সংকট কেন?

বিমানবন্দরের অপর এক কর্মকর্তা জানান, সম্প্রতি ‘কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে বিশ্রামাগারের টয়লেট ইজারা দিয়েছে বেবিচক। ইজারাদার প্রতিষ্ঠানের এক কর্মীও নিশ্চিত করেছেন, টয়লেট ব্যবহারের জন্য জনপ্রতি ১০ টাকা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ক্যালকুলেটর ছাড়াই লাখ টাকার হিসাব করেন রিপন, আঙুলের টোকায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০০ সন্ত্রাসী প্রস্তুত, অমিতাভ ও অভিষেক বচ্চনকে হত্যার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


২০০ সন্ত্রাসী প্রস্তুত, অমিতাভ ও অভিষেক বচ্চনকে হত্যার হুমকি

বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিষেক বচ্চন আবারও হত্যার হুমকি পেয়েছেন। গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ দাবি করেছেন, हाल ही में দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া তার দুই সহযোগী সত্ত্বেও মুম্বাইয়ে এই প্রবীণ অভিনেতার বিরুদ্ধে হামলার পরিকল্পনা অব্যাহত রয়েছে।

গোল্ডি ধিলোঁ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে উল্লেখ করেছেন, মুম্বাইয়ে তার প্রায় ২০০ সহযোগী সক্রিয় এবং প্রস্তুত রয়েছে। যদিও বিকাশ ঠাকুর এবং দীপক সিং নামের তার দুই সহযোগী গ্রেপ্তার হয়েছেন, তবুও পরিকল্পনার কোনো পরিবর্তন হবে না। পোস্টটিতে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদেরও হুমকি দেওয়া হয়েছে, বিশেষ করে অমিতাভ বচ্চন ও অভিষেকের নাম উল্লেখ করে বলা হয়েছে যে, বুলেটপ্রুফ কাচও তাদের রক্ষা করতে পারবে না। তবে এই পোস্টের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত দুই কথিত শুটার বিকাশ ঠাকুর এবং দীপক সিংকে দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেপ্তার করার দুদিন পর এই হুমকি এসেছে। তদন্তকারীদের সন্দেহ, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’র বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রে ওই দুই ব্যক্তি জড়িত ছিলেন। এছাড়া, চাঁদাবাজির অংশ হিসেবে দিল্লির এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার পৃথক একটি পরিকল্পনাও তাদের গ্রেপ্তারের পর উদ্ঘাটন করা সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গোল্ডি ধিলোঁ তার পোস্টে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার কথা উল্লেখ করে বলেন, ওই সহিংসতার জন্য দায়ীদের কখনোই ক্ষমা করা হবে না। তিনি আরও দাবি করেন, বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে যারা বিবৃতি দেবেন, তাদের জবাবদিহি করতে হবে। পোস্টটিতে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের নাম উল্লেখ করে হুমকি দেওয়া হয় যে, যত নিরাপত্তাব্যবস্থাই নেওয়া হোক না কেন, তাঁদের গুলি করা হবে। পোস্টে দাবি করা হয়, ‘তারা যতই বুলেটপ্রুফ কেবিন তৈরি করুন না কেন, তাদের গুলি করা হবেই।’

শনিবার, দিল্লি পুলিশের স্পেশাল সেল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত দুই কথিত শুটারকে গ্রেপ্তার করেছে। তারা হলেন পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং পাঞ্জাবের তরণ তারণের বাসিন্দা দীপক সিং ওরফে দীপ। পুলিশের মতে, এই দুই ব্যক্তি দিল্লির এক ব্যবসায়ী এবং অমিতাভ বচ্চনকে ঘিরে পৃথক কিন্তু সম্ভাব্য যোগসূত্র থাকা পরিকল্পনার অংশ ছিলেন। অভিযোগ রয়েছে, দিল্লিতে ওই ব্যবসায়ীকে গুলি করার দায়িত্ব দেওয়া হয়েছিল বিকাশ ঠাকুরকে। এই অভিযানের জন্য তিনি মুম্বাই থেকে দিল্লিতে এসেছিলেন এবং পরে দীপক সিংয়ের তার সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল।

গত এক মাসে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’য় বোমা হামলার তিনটি পৃথক হুমকি ইমেইল আসার পর এই সর্বশেষ ঘটনা ঘটেছে। মুম্বাইয়ে নিজ বাসভবনের বাইরে ভক্তদের সঙ্গে অমিতাভ বচ্চনের সাপ্তাহিক নিয়মিত সাক্ষাতের সময়ও কঠোর নিরাপত্তাব্যবস্থা চোখে পড়েছে। গত ১ নভেম্বর ‘জলসা’র বাইরে নিয়মিত রোববারের শুভেচ্ছা বিনিময়ের সময় এই অভিনেতাকে বুলেটপ্রুফ কাচের পেছনে দেখা যায়। প্রথাগতভাবে বচ্চন চাকাযুক্ত একটি মঞ্চ থেকে ভক্তদের অভিবাদন জানান, যাতে বাড়ির বাইরে জড়ো হওয়া মানুষ তাকে স্পষ্টভাবে দেখতে পান। তবে ১ নভেম্বর ওই মঞ্চটি তিন দিক থেকে কাচ দিয়ে ঘেরা ছিল এবং অভিনেতা সেই সুরক্ষামূলক কাঠামোর পেছনে দাঁড়িয়ে ছিলেন।

সূত্র : এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মদন উপজেলা জামায়াতের নতুন আমির মাওলানা অলিউল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


মদন উপজেলা জামায়াতের নতুন আমির মাওলানা অলিউল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার অধীনে ২০২৭-২৮ সালের জন্য বিভিন্ন উপজেলা এবং সাংগঠনিক থানার আমির নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এই নির্বাচনে মদন উপজেলা জামায়াতের আমির হিসেবে মাওলানা অলিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

জেলা জামায়াতের এক দায়িত্বশীল বৈঠক সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়, যেখানে জেলা আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছ নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, দুর্গাপুরে মাওলানা নাছিমুল হক আল আমিন, কলমাকান্দায় আব্দুস সামাদ, পূর্বধলায় মাহফুজুল হক খান নয়ন, নেত্রকোনা সদরে হাফেজ মাওলানা ওয়ালী উল্লাহ, নেত্রকোনা পৌরসভায় দেলোয়ার হোসেন সাইফুল, বারহাট্টায় হাফেজ আব্দুল বাছির খান, কেন্দুয়ায় মাওলানা রফিকুল ইসলাম খোকন, আটপাড়ায় মাওলানা হুসাইন আহমাদ একদিল, মোহনগঞ্জে মোফাজ্জল হোসেন তালুকদার সবুজ, মদনে মাওলানা অলিউল ইসলাম এবং খালিয়াজুরীতে মাওলানা ইসমাইল হোসেন আমির হিসেবে নির্বাচিত হয়েছেন।

জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাকের পার্টির প্রকৌশলী ফ্রন্টের সাধারণ সম্পাদক হলেন নিজামুদ্দিন স্বাধীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২২ পি.এম


জাকের পার্টির প্রকৌশলী ফ্রন্টের সাধারণ সম্পাদক হলেন নিজামুদ্দিন স্বাধীন

মো. নিজাম উদ্দিন স্বাধীন জাকের পার্টির সহযোগী সংগঠন প্রকৌশলী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ১৪ নভেম্বর, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমীর ফয়সলের স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়।

নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে, জাকের পার্টির বৃহত্তর স্বার্থে এবং পার্টির গঠনতন্ত্রের ১৫ অনুচ্ছেদের “গ” ধারা অনুযায়ী তাঁকে প্রকৌশলী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে, পার্টির গঠনতন্ত্রের ১৫ অনুচ্ছেদের “খ” ধারা অনুযায়ী পদোন্নতির মাধ্যমে তাঁকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, মো. নিজাম উদ্দিন স্বাধীন প্রকৌশলী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন এই নিয়োগের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে তিনি আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করলেন।

মো. নিজাম উদ্দিন স্বাধীন দীর্ঘদিন ধরে জাকের পার্টির বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বরগুনার বেতাগী উপজেলা জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের বরগুনা জেলা সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া, ২০২২ সালে তিনি জাকের পার্টি কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সাংবাদিকতা অঙ্গনে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বরগুনা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার প্রশিক্ষণ বিষয়ক দায়িত্ব পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোসাদের অপহরণ ও হত্যার চাঞ্চল্যকর তথ্য: তুরস্কে ইরানি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


মোসাদের অপহরণ ও হত্যার চাঞ্চল্যকর তথ্য: তুরস্কে ইরানি জেনারেল

প্রায় চার দশক আগে লেবাননে বিধ্বস্ত হওয়া এক ইসরায়েলি পাইলটের সন্ধানে নেমে ইরানের দুই শীর্ষ সামরিক কর্মকর্তাকে অপহরণ করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এর মধ্যে একজনকে তুরস্ক থেকে অপহরণের পর কয়েক সপ্তাহ ধরে অমানবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ১৯৮৬ সালে লেবাননের বিভিন্ন গ্রামে বোমাবর্ষণ করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে ইসরায়েলি বিমানবাহিনীর পাইলট রন আরাদের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সে সময় প্যারাসুটের মাধ্যমে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও আরাদ নিখোঁজ হন। নিখোঁজ সেনাদের দেশে ফিরিয়ে আনার ইহুদি ঐতিহ্যের অংশ হিসেবে এরপর থেকেই আরাদের সন্ধানে মরিয়া হয়ে ওঠে ইসরায়েল। এই অভিযানের জেরে গত কয়েক দশকে অন্তত ৪০ জনের বেশি মানুষ নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, এই অভিযানের প্রথম দিকের শিকার হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল এবং দেশটির সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলীরেজা আসগারি। ২০০৬ সালের ডিসেম্বরে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছে তাকসিম এলাকার সেলান হোটেলে ওঠেন আসগারি। এর কিছুক্ষণ পরই মোসাদ এজেন্টরা তাকে অপহরণ করে।

ঘটনার কয়েক বছর পর ইরান আসগারির বিষয়ে তথ্য চাইলে ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন প্রতিনিধিদের জানান, আরাদের বিষয়ে আসগারির কাছে তথ্য আছে—এমন ভুল ধারণা থেকে তাকে কয়েক সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হয়েছিল। পরবর্তীতে মোসাদ নিশ্চিত হয় যে, ওই পাইলটের ব্যাপারে আসগারি কিছুই জানতেন না। তা সত্ত্বেও মোসাদ এজেন্টরা তাকে হত্যা করে মরদেহ কৃষ্ণ সাগরে ফেলে দেয়। সে সময় মোসাদের প্রধান ছিলেন মেইর দাগান এবং ২০০৭ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন এহুদ ওলমার্ট। একজন শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার মতো সিদ্ধান্তে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রীর অনুমোদন ছিল বলে ধারণা করা হয়।

অন্যদিকে, ইরানের নিজস্ব তদন্তেও বেরিয়ে আসে যে, ইস্তাম্বুলের হোটেল কক্ষের তালা ভেঙে আসগারিকে চেতনানাশক প্রয়োগ করে অপহরণ করা হয়েছিল এবং অপহরণে ব্যবহৃত গাড়িটি কৃষ্ণ সাগরের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

আরাদ নিখোঁজের ঘটনায় ইরানের সম্পৃক্ততার কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও ২০২১ সালে দামেস্কে প্রাতঃভ্রমণের সময় আইআরজিসি কমান্ডার জেনারেল আবদুল্লাহ সাবেরিকে অপহরণ করে মোসাদ। তাকে একটি রেফ্রিজারেটরের বাক্সে ভরে ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সময় ধরে নির্যাতন ও জিজ্ঞাসাবাদের পর অপহরণের বিষয়টি গোপন রাখতে তাকে জীবিত অবস্থায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ফেলে রেখে যায় ইসরায়েলি এজেন্টরা। সাবেরিও ওই পাইলটের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।

পরবর্তীতে হিজবুল্লাহ ও ইরানের যৌথ তদন্তে উঠে আসে, বিমান বিধ্বস্ত হওয়ার প্রায় দুই বছর পর ১৯৮৮ সালে পূর্ব লেবাননের নবী চিত গ্রামে রন আরাদের মৃত্যু হয় এবং সেখানেই তাকে কবর দেওয়া হয়েছিল। তবে ইসরায়েল বরাবরই দাবি করে আসছিল যে ইরান এ বিষয়ে সব জানে।

এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ডিসেম্বরে লেবাননের অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা আহমদ শুকরকে একটি ব্যবসায়িক বৈঠকের কথা বলে ডেকে নিয়ে অপহরণ করে ইসরায়েলি এজেন্টরা। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। কোনো প্রমাণ ছাড়াই ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, ১৯৮৮ সালে নবী চিতের কাছে ইসরায়েলি বাহিনীর হাতে নিজের ভাই নিহত হওয়ার প্রতিশোধ নিতে শুকর পাইলট আরাদকে হত্যা করেছিলেন।

এছাড়া চলতি বছরের ৬ ও ৭ মার্চ নবী চিত গ্রামের একটি কবরস্থানে আরাদের মরদেহ রয়েছে—এমন ধারণায় সেখানে ৪০টিরও বেশি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় অন্তত ৪১ জন নিহত ও ৪০ জনের বেশি আহত হলেও আরাদের মরদেহের কোনো সন্ধান মেলেনি। উল্লেখ্য, চলতি বছরের ২ মার্চ থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৩৫৮ জন প্রাণ হারিয়েছেন। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস ও মিডল ইস্ট আই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%