সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:১০ পি.এম
সাইক্লিংয়ের সময় পাথরের আঘাতের শিকার হয়েছেন ফারিবা। নিরাপত্তার খোঁজে ছেলের পোশাক পরে, মুখে একাধিক মাস্ক লাগিয়ে অনুশীলনে যেতে হয়েছে তাকে। শেষ পর্যন্ত নিজের দেশ আফগানিস্তানও ছাড়তে হয়েছে। সেই ফারিবা হাশিমিই এবারে এশিয়ান গেমসে নারীদের ব্যক্তিগত টাইম ট্রায়ালে সপ্তম স্থান অধিকার করেছেন।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর ফারিবা ইতালিতে চলে যান। বর্তমানে সেখানেই তার বসবাস। কঠিন সেই পথ অতিক্রম করে এশিয়ান গেমসে সপ্তম হওয়া ২৩ বছর বয়সী এই সাইক্লিস্টের কাছে একটি ভালো ফলের চেয়ে অনেক বেশি কিছু। এর সঙ্গে জড়িয়ে রয়েছে তার দীর্ঘ সংগ্রামের কাহিনী।
ফারিবা ১৫ বছর বয়সে তার বড় বোন ইউলদুজের সঙ্গে সাইক্লিং শুরু করেন। তবে আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে মেয়েদের সাইক্লিং করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনুশীলনে যাওয়ার সময় তাকে ছেলেদের ছদ্মবেশ ধারণ করতে বাধ্য হতে হতো।
বার্তা সংস্থা রয়টার্সকে ফারিবা জানান, “আমি অনুশীলনে যাওয়ার সময় পুরুষের পোশাক পরতাম। দুই-তিনটি আলাদা মাস্কও পরতাম, যাতে মানুষ আমাকে চিনতে না পারে বা আক্রমণ করতে না পারে। আমি ভয় পেতাম, তারা আমাকে চিনে ফেলবে।”
তিনি আরও বলেন, “কখনো বড় পাথর আমার মাথার দিকে ছুড়ে মারা হয়েছে। কেউ কেউ বোতল ছুড়ে ফেলেছে। তারা আক্রমণাত্মক আচরণ করে আমাদের বাড়ি ফিরে যেতে বাধ্য করার চেষ্টা করত।”
বিশ্ব চ্যাম্পিয়ন সাইক্লিস্ট আলেসান্দ্রা কাপেলোত্তোর সহায়তায় দুই বোন ইতালিতে চলে যান। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকেও তারা অংশগ্রহণ করবেন।
ইতালিতে সুখী জীবনের সন্ধান পেলেও, আফগানিস্তানে ফিরে যেতে না পারার দুঃখ ফারিবার কণ্ঠে শোনা যায়, “নিজের দেশে থাকতে পারি না, এটা দুঃখের। অনেক দিন ধরে পরিবারের কাউকে দেখিনি। স্বপ্ন অনুসরণ করতে আমি দেশ ছেড়েছি। মানুষের ছোড়া পাথর থেকে বাঁচতে আমাকে পালাতে হয়েছে।”
ফারিবার আশা, একদিন আফগানিস্তানের মেয়েরা দেশ থেকেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন, “আমরা এখনো বেঁচে আছি এবং এখনো লড়ছি।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ সদস্য হওয়া সত্ত্বেও ফৌজদারি মামলায় গ্রেপ্তার থেকে কেউ দায়মুক্তি পান না। তবে এমপিদের গ্রেপ্তার ও আটকের ক্ষেত্রে সংবিধান, সংসদের কার্যপ্রণালি বিধি এবং দেওয়ানি কার্যবিধিতে কিছু বিশেষ সুরক্ষার বিধান বিদ্যমান। বিশেষত, সংসদের বাইরে ফৌজদারি মামলায় এমপিদের গ্রেপ্তার করতে সাধারণত স্পিকারের পূর্ব অনুমতির প্রয়োজন হয় না। তবে গ্রেপ্তার, আটক বা কারাদণ্ডের বিষয়টি নির্দিষ্ট প্রক্রিয়ায় স্পিকারকে জানাতে হয়।
সংসদের কার্যপ্রণালি বিধির ১৭২ বিধিতে এ বিষয়ে বিধান রয়েছে। এই বিধি অনুযায়ী, যদি কোনো সংসদ সদস্য ফৌজদারি অভিযোগে বা ফৌজদারি অপরাধে গ্রেপ্তার হন, কারাদণ্ড দেওয়া হয় বা নির্বাহী আদেশে আটক হন, তাহলে সংশ্লিষ্ট বিচারক, ম্যাজিস্ট্রেট বা নির্বাহী কর্তৃপক্ষকে নির্ধারিত ফরমে এর কারণ উল্লেখ করে অবিলম্বে স্পিকারকে জানাতে হবে।
অর্থাৎ, সংসদের বাইরে ফৌজদারি মামলায় এমপিদের গ্রেপ্তারের ক্ষেত্রে স্পিকারের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। বরং গ্রেপ্তার বা আটকের পর বিষয়টি স্পিকারকে অবহিত করার বিধান রয়েছে।
তবে সংসদের সীমানার ভেতরে কাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে নিয়মটি ভিন্ন। সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৪ বিধিতে উল্লেখ রয়েছে, ‘নো অ্যারেস্ট শ্যাল বি মেড উইদিন দ্য প্রিসিঙ্কটস অব দ্য হাউস উইদাউট অবটেইনিং দ্য পারমিশন অব দ্য স্পিকার।’
অর্থাৎ, সংসদ ভবন ও এর নির্ধারিত সীমানার মধ্যে কাউকে গ্রেপ্তার করতে হলে আগে স্পিকারের অনুমতি নিতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই বিধানে শুধু সংসদ সদস্যের কথা বলা হয়নি; সংসদের সীমানার মধ্যে যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষেত্রে স্পিকারের অনুমতির প্রয়োজন।
এ কারণে সংসদের কার্যপ্রণালি বিধির ১৭২ ও ১৭৪ বিধির মধ্যে পার্থক্য বিদ্যমান। ১৭২ বিধিতে সংসদ সদস্যের গ্রেপ্তার, আটক বা কারাদণ্ডের পর স্পিকারকে অবহিত করার প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। অপরদিকে, ১৭৪ বিধিতে সংসদের সীমানার মধ্যে কাউকে গ্রেপ্তারের আগে স্পিকারের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
দেওয়ানি মামলায় সংসদ সদস্যদের জন্য আলাদা সুরক্ষা রয়েছে। দেওয়ানি কার্যবিধির ১৩৫এ ধারায় সংসদের অধিবেশন চলাকালে এবং অধিবেশন বা সংসদীয় কমিটির বৈঠকের আগে ও পরে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সংসদ সদস্যকে দেওয়ানি মামলায় গ্রেপ্তার বা কারাগারে আটক করা যাবে না।
তবে এই সুরক্ষা কেবল দেওয়ানি মামলায় গ্রেপ্তার বা আটকের ক্ষেত্রে প্রযোজ্য। ফৌজদারি মামলায় গ্রেপ্তারের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির ১৩৫এ ধারার এই সুরক্ষা কার্যকর নয়।
সংসদ সদস্যদের বিশেষাধিকারের বিষয়টি সংবিধানের ৭৮ অনুচ্ছেদেও উল্লেখ রয়েছে। সংসদে দেওয়া বক্তব্য, ভোট এবং সংসদীয় কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রে সদস্যদের বিশেষ সুরক্ষা প্রদান করা হয়েছে। সংসদে বক্তব্য বা ভোট দেওয়ার কারণে কোনো সদস্যের বিরুদ্ধে আদালতে কার্যক্রম নেওয়া যাবে না।
তবে সাধারণ ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সংসদ সদস্যদের গ্রেপ্তার থেকে সম্পূর্ণ দায়মুক্তি দেয়নি সংবিধান।
এ ছাড়া, যদি কোনো সংসদ সদস্য গ্রেপ্তার হন, তবে অন্য নাগরিকের মতোই তার ক্ষেত্রেও সংবিধানের ৩৩ অনুচ্ছেদের গ্রেপ্তার ও আটক-সংক্রান্ত মৌলিক অধিকার প্রযোজ্য হবে। গ্রেপ্তারের কারণ জানানো এবং আইন দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার মতো সাংবিধানিক সুরক্ষা তার ক্ষেত্রেও প্রযোজ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্যাম্প ডেভিড থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ফিরে আসার ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে গলফার ব্রাইসন ডি শ্যামবো এবং তার প্রেমিকা মিকাইলা ডেমাইটারকে নিয়ে।
পরশু রাতে মেরিন ওয়ান হেলিকপ্টারে ট্রাম্পের সঙ্গে ডি শ্যামবো ও মিকাইলাকে দেখা গিয়েছিল। ২৬ বছর বয়সী মিকাইলাকে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী বা আকর্ষণীয় হকি খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়।
ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর মেরিন ওয়ান থেকে নামতে দেখা যায় ডি শ্যামবো এবং মিকাইলাকে। একটি ছবিতে দেখা যায়, হেলিকপ্টারের ভেতর ট্রাম্পের পাশে তারা অবস্থান করছিলেন।
হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে জানায়নি কেন ট্রাম্প ক্যাম্প ডেভিড সফর এক দিন আগে শেষ করেছেন। তবে একই সময়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে সম্ভাব্য পরিস্থিতির অবনতির বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। সেই সতর্কতায় ওই অঞ্চলে ভ্রমণের সময় বাড়তি সতর্কতা এবং সম্ভাব্য ফ্লাইট বাতিল বা আকাশসীমা বন্ধের প্রস্তুতি নিতে বলা হয়েছিল।
গলফার ডি শ্যামবোর সঙ্গে হকি খেলোয়াড় মিকাইলার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল গত মাসে। বিনোদন বিষয়ক মার্কিন সাময়িকী ইউএস উইকলি জানায়, তারা সম্পর্কে জড়িয়েছেন এবং যদিও এই সম্পর্ক নতুন, তবে তারা খুব সুখী।
মিকাইলা ডেমাইটার কানাডার সাবেক হকি গোলকিপার। ১৯ বছর বয়সে চোটের কারণে খেলা ছাড়ার পর তিনি মডেলিংয়ে প্রবেশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পরিচিত মুখ হয়ে উঠেছেন। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৩০ লাখ।
অন্যদিকে, দুইবারের ইউএস ওপেনজয়ী ডি শ্যামবো ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। ২০২৪ সালে ট্রাম্পের সঙ্গে তার গলফ খেলার একটি ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের প্রথম দিনটি বাংলাদেশের জন্য সুখকর হয়নি। তবে দ্বিতীয় দিনের সকালে একটি স্বস্তির খবর এসেছে। কাবাডি পুরুষ দল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয়লাভ করে তাদের যাত্রা শুরু করেছে।
আজ সকালে নাগোয়ার টোকাই সিটিজেন জিমনেসিয়ামে অনুষ্ঠিত গ্রুপ-এ'র প্রথম ম্যাচে বাংলাদেশ ৩৯-৩৫ পয়েন্টে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছে।
প্রথমার্ধে বাংলাদেশ ১৭-১৬ পয়েন্টে এগিয়ে ছিল।
বাংলাদেশ ৪টি লোনা পেয়েছে, অন্যদিকে দক্ষিণ কোরিয়া ২টি লোনা অর্জন করেছে। তবে প্রতিপক্ষের ৮টি বোনাস পয়েন্টের বিপরীতে বাংলাদেশ ৬টি বোনাস পয়েন্ট আদায় করতে সক্ষম হয়েছে।
আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের বিরুদ্ধে খেলবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের কারণে চাচাতো ভাইদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা আহাদ আহমেদ (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯ টায় রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ এবং পারিবারিক সূত্র থেকে জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে বিরোধপূর্ণ জমির সীমানা থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করার সময় চাচাতো ভাই বাকি বিল্লা ও মাসুমের সঙ্গে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এই হামলায় আহাদ আহমেদ এবং তাঁর বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদ আহমেদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শেখ ফরিদুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেছেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে ছেলে নিহত এবং বাবা গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ