১১:৫৮ এম
নারায়ণগঞ্জের ৬টি টেক্সটাইল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানিকৃত কোটি কোটি টাকার সুতা, কাঁচামাল ও কেমিক্যালের হিসাব গরমিলের ঘটনায় এই অভিযান পরিচালিত হয়। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ৬টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান পরিচালনা করা হয়। কাস্টমস গোয়েন্দার একাধিক প্রিভেন্টিভ টিমের সহায়তায় এই অভিযানটি সম্পন্ন হয়।
অভিযোগ রয়েছে যে, প্রতিষ্ঠানগুলো বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানিকৃত সুতা, কাঁচামাল ও কেমিক্যাল উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে খোলাবাজারে বিক্রি বা সরবরাহ করে আসছিল। এর ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযান চলাকালে প্রতিষ্ঠানগুলোর গুদামে মজুত সুতা, ফেব্রিক্স, কেমিক্যাল ও অন্যান্য কাঁচামালের প্রকৃত পরিমাণের সঙ্গে সংশ্লিষ্ট স্টক রেজিস্টারের তথ্যের মধ্যে ব্যাপক অসংগতি দেখা যায়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার শঙ্কায় এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা
জাতীয় রাজস্ব বোর্ডের থেকে আমদানি-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ৬টি প্রতিষ্ঠানে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকা শুল্ক-কর ফাঁকির প্রাথমিক সত্যতা উদ্ঘাটন করা হয়েছে।
শুল্কযে ৬ প্রতিষ্ঠানে শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে, সেগুলো হলো—
১. সিম ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ — প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা।
২. জাহিন নীটওয়্যার্স লিমিটেড, বন্দর, নারায়ণগঞ্জ — প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা।
আরও পড়ুন: সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
৩. সানজানা ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ — প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা।
৪. বোনাফাইড নিটিং মিলস লিমিটেড, আড়াইহাজার, নারায়ণগঞ্জ — প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা।
৫. মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ — প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা।
৬. জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড, বন্দর, নারায়ণগঞ্জ — প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকা।
আরও পড়ুন: যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ফাঁকি, তদন্ত ছাড়াই অনুমোদনের তোড়জোড়
বন্ড সুবিধার আড়ালে রাজস্ব ফাঁকির আশঙ্কা রয়েছে। বন্ড সুবিধার মূল উদ্দেশ্য হলো রপ্তানিমুখী শিল্পকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক রাখা। কিন্তু এই সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রপ্তানির পরিবর্তে খোলাবাজারে বিক্রি করা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে, শুল্ক-কর পরিশোধ করে যেসব প্রতিষ্ঠান বৈধভাবে ব্যবসা পরিচালনা করে, তারা অসম প্রতিযোগিতার মুখে পড়েন। কাস্টমস গোয়েন্দার অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সের ঘাটতি এবং অন্য কয়েকটি প্রতিষ্ঠানে ঘোষিত হিসাবের তুলনায় অতিরিক্ত মজুত পাওয়া গেছে। এসব অসংগতি বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকির গুরুতর ঝুঁকি নির্দেশ করে।
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে আমদানি, উৎপাদন, মজুত ও ব্যবহারসংক্রান্ত প্রয়োজনীয় দলিলাদি জব্দ করা হয়েছে। এসব তথ্যের অধিকতর যাচাই-বাছাই ও বিশ্লেষণ কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে উদ্ঘাটিত ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির পরিমাণ চূড়ান্ত তদন্তে আরও বাড়তে পারে। তদন্ত শেষে প্রকৃত রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণপূর্বক সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আশা প্রকাশ করেছে যে, বন্ড সুবিধার অপব্যবহার, অবৈধ পণ্য সরবরাহ এবং রাজস্ব ফাঁকি রোধে এ ধরনের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল ও পণ্য আমদানির প্রবণতা বাড়বে।
আরও পড়ুন: এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকে প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতার গুরুত্ব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন