ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক


জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক

স্পেনের বৃহত্তম দুই শ্রমিক সংগঠন—কমিশিওনেস ওব্রেরাস (সিসিওও) এবং ইউনিয়ন জেনারেল দে ত্রাবাহাদোরেস (ইউজিটি)—আকাশচুম্বী বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এ ধর্মঘট স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে শুরু হবে এবং এতে পরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ২০১২ সালের পর এই প্রথমবারের মতো সংগঠন দুটি যৌথভাবে সাধারণ ধর্মঘটের ডাক দিল।

গত সেপ্টেম্বরে মাদ্রিদে বাড়িভাড়া বৃদ্ধির কারণে ৮৭ বছর বয়সি মারিকামেন আবাসকালকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্ট্রেচারে করে তাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়ার ছবি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এর ফলে বিক্ষোভ ও প্রতিবাদী অবস্থান কর্মসূচি শুরু হয়। আবাসন সংকটের কারণে রাজনৈতিক অস্থিরতা বাড়ায় আগামী ২৯ নভেম্বর আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে।

ব্যাংক অব স্পেনের হিসাব অনুযায়ী, দেশে প্রয়োজনের তুলনায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। ২০২৮ সালের মধ্যে এই ঘাটতি ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে, স্পেনে গড় মাসিক বাড়িভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৬ ইউরোতে, যেখানে তরুণদের গড় মাসিক বেতন মাত্র ১ হাজার ১৯০ ইউরো।

আরও পড়ুন: আগামী বছর বাজারে আসছে উড়ন্ত গাড়ি, দাম ৩ লাখ ডলার

রাজনৈতিক বিশ্লেষক লুক স্টোবার্টের মতে, আসন্ন নির্বাচনের আগে এ ধর্মঘট আবাসন সংকটকে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরাসরি ধর্মঘটের সমর্থন না জানালেও শ্রমিকদের সম্মিলিত আন্দোলনের গুরুত্ব তুলে ধরেছেন।

তবে দুর্নীতির অভিযোগ, অভিবাসন সংকট মোকাবিলায় ব্যর্থতা এবং সাম্প্রতিক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিয়ে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক সরকারের ওপর চাপ বাড়ছে। জনমত জরিপে বিরোধী রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) এগিয়ে রয়েছে। দলটি উগ্র ডানপন্থি ভক্সের সঙ্গে জোট গড়ে সরকার গঠনের সম্ভাবনাও দেখছে।

বিরোধী দলগুলো ধর্মঘটকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, আবাসন ও জীবনযাত্রার ব্যয় নিয়ে শুরু হওয়া এ আন্দোলন শেষ পর্যন্ত সরকারের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বৃহত্তর সামাজিক অসন্তোষে রূপ নিতে পারে। এতে নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের রাজনৈতিক ঝুঁকি আরো বাড়তে পারে।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন: শীতের জ্বালানি সহায়তায় ১ হাজার ৮৬ ডলার পাবে নিম্ন-মধ্যম আয়ের পরিবার

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে রাতে হঠাৎ শিলাবৃষ্টি, পাকা ধানের ক্ষতির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০১ পি.এম


কুড়িগ্রামে রাতে হঠাৎ শিলাবৃষ্টি, পাকা ধানের ক্ষতির শঙ্কা

দিনভর সোনালি ধানের পরিচর্যা চলছিল, ঘরে তোলার অপেক্ষা ছিল কৃষকদের। এর মধ্যেই মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শুরু হয় প্রচণ্ড শিলাবৃষ্টি। মাত্র দুই থেকে তিন মিনিটের শিলাবৃষ্টিতে কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার মাঠে থাকা রোপা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসলের ক্ষতির আশঙ্কায় এখন কপালে হাত কৃষকের।

স্থানীয় বাসিন্দারা জানান, কোনো পূর্বাভাস ছাড়াই আচমকা নেমে আসে শিলার ঝড়। কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে উঠতি আমন ধানের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিয়ে রাতেই উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে কৃষকদের মধ্যে।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, ‘হঠাৎ করেই রাতে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মাঠে উঠতি আমন ধান রয়েছে। এতে কী পরিমাণ ক্ষতি হয়, সেই চিন্তায় আছি।’

একই এলাকার আমনচাষি সামছুল হক বলেন, ‘আমার কয়েক বিঘা জমির ধান পাকতে শুরু করেছে। ঠিক এই সময় শিলাবৃষ্টি হলো। এতে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। অনেক টাকা খরচ করে আবাদ করেছি। এমন দুর্যোগের মুখে পড়লে আমরা কীভাবে বাঁচব?’

কৃষকদের আশঙ্কা, শিলাবৃষ্টিতে ধানের শিষ ও গাছ ক্ষতিগ্রস্ত হলে ফলন কমে যেতে পারে। আর এই সময়ে ক্ষতি হলে ঘরে ধান তোলার আগেই বড় ধরনের লোকসানে পড়তে হবে তাদের।

কুড়িগ্রামের আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, রাতে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সাথে বিক্ষিপ্ত শীলাভাবে শীলা বৃষ্টিও হয়েছে। এতে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে।

রাত হওয়ায় কৃষি বিভাগের কোনো কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।

উল্লেখ্য, জেলায় এবার ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচশ টাকার টিউশনি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান: নোমানের সফল উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০২ পি.এম


পাঁচশ টাকার টিউশনি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান: নোমানের সফল উদ্যোগ

মাসে মাত্র পাঁচশ টাকার একটি টিউশনি দিয়ে যার পথচলা শুরু হয়েছিল, আজ তাঁর হাতেই গড়ে উঠেছে লাখ টাকার অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ জোগাতে একসময় যিনি হিমশিম খেয়েছেন, তাঁর এই প্রতিষ্ঠানে এখন নিয়মিত পড়াশোনা করছেন অর্ধশতাধিক শিক্ষার্থী। শুধু নিজের আত্মনির্ভরশীলতাই নয়, তাঁর এই উদ্যোগের মাধ্যমে আজ কর্মসংস্থানের সুযোগ হয়েছে আরও আটজন শিক্ষার্থীর।

সংগ্রাম আর সাফল্যের এই রূপকথার নায়কের নাম আব্দুল্লাহ আল নোমান। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী। বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার মৌহারগ্রামে। বাবা শামছুল হক স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন। সীমিত আয়ের এক পরিবারে জন্ম নেওয়া নোমানের শিক্ষাজীবনের প্রতিটি পদক্ষেপে ছিল নানা প্রতিকূলতা ও লড়াইয়ের গল্প।

স্মৃতি হাতড়ে ২০১৫ সালের সেই দিনগুলোর কথা মনে করেন নোমান। সে বছর পরিবারে আর্থিক সংকট তীব্র আকার ধারণ করায় তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়েই অনিশ্চয়তা দেখা দেয়। বাবার একার উপার্জনে যেখানে সংসার চালানোই দায়, সেখানে নিজের পড়াশোনার খরচ তো বিলাসিতা। নিরুপায় হয়ে নিজের খরচ নিজেই জোগানোর কঠিন সিদ্ধান্ত নেন তিনি। মাত্র ৫০০ টাকার বিনিময়ে এলাকার দুই শিক্ষার্থীকে পড়ানোর মধ্য দিয়ে শুরু হয় তাঁর দীর্ঘ সংগ্রামের যাত্রা। এভাবেই ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিরাজগঞ্জ শহরে নিজের টিউশনির আয়েই নিজের পড়াশোনা চালিয়ে গেছেন তিনি।

দারিদ্র্য যেন প্রতিনিয়ত তাঁর পথ আটকে দাঁড়াতে চেয়েছিল। আলিমে (এইচএসসি) ভর্তির সময় যখন অর্থের অভাব দেখা দেয়, তখন ৮ হাজার টাকা ঋণ করে ভর্তি হন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায়। তবে শত আর্থিক সীমাবদ্ধতা ও সামাজিক প্রতিকূলতাও তাকে লক্ষ্যচ্যুত করতে পারেনি।

নোমানের জীবনের মোড় ঘুরে যায় করোনাকালে। মহামারির প্রভাবে যখন প্রচলিত টিউশনির সুযোগ চিরতরে বন্ধ হওয়ার উপক্রম, তখন হতাশ না হয়ে বিকল্প আয়ের পথ খুঁজতে শুরু করেন তিনি। সেই দূরদর্শিতা থেকেই ২০২১ সালের শুরুর দিকে ফেসবুকে ‘তাদিলুল উম্মাহ একাডেমি’ নামে ফেসবুক পেইজ খুলে অনলাইনভিত্তিক পাঠদান শুরু করেন। তাঁর মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিন পরিবারগুলোর সন্তানদের কাছে মাতৃভাষায় শিক্ষার আলো পৌঁছে দেওয়া।

শুরুর পথটা মোটেও সহজ ছিল না। প্রত্যাশিত সাড়া না পেয়েও হাল ছাড়েননি নোমান; বরং নিরলস পরিশ্রম চালিয়ে গেছেন। অবশেষে ২০২২ সালের শেষ দিক থেকে ধীরে ধীরে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা। প্রবাসী পরিবারের শিশুদের অনলাইনে পবিত্র কুরআন শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি পড়ানো শুরু করেন তিনি। ধীরে ধীরে তাঁর ব্যক্তিগত এই উদ্যোগটিই রূপ নেয় একটি পূর্ণাঙ্গ অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠানে।

বর্তমানে ‘তাদিলুল উম্মাহ একাডেমি’র পরিধি বেশ প্রসারিত হয়েছে। আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বর্তমানে ক্লাস প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী এখানে আরবি, বাংলা ও ইংরেজি বিষয়ে পাঠ গ্রহণ করছেন। প্রাতিষ্ঠানিক এই কার্যক্রমে নোমানের অধীনে বর্তমানে আরও আটজন শিক্ষক সম্মতির ভিত্তিতে কাজ করছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির মাসিক আয় ছাড়িয়েছে লাখ টাকার ঘর। নিজের উদ্যোগের মাধ্যমে তিনি যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন, তেমনি তৈরি করেছেন অন্যদের কর্মসংস্থানের সুযোগও।

নিজের এই সংগ্রামমুখর যাত্রার বিষয়ে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘২০১৫ সালের পর পরিবারের পক্ষে আমার পড়ার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছিল। বাধ্য হয়ে ৫০০ টাকার টিউশনি দিয়ে জীবনযুদ্ধ শুরু করি। পরে করোনাকালে টিউশন বন্ধ হলে ২০২১ সালে “তাদিলুল উম্মাহ একাডেমি” নামে ফেসবুক পেজ খুলে অনলাইন পাঠদান শুরু করি। প্রথম দিকে তেমন সাড়া মেলেনি, কিন্তু আমি থামিনি। আজ বিদেশের প্রায় ৭০-৮০ জন শিক্ষার্থী আমার প্রতিষ্ঠানে পড়ছে। আমিসহ মোট নয়জন শিক্ষক এখানে কর্মরত এবং আমাদের একটি নিজস্ব ওয়েবসাইটও রয়েছে।’

ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এই তরুণ উদ্যোক্তা বলেন, ‘সরকারি কিংবা প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানের পরিধি আরও বাড়িয়ে দেশের বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারব। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের দোরগোড়ায় বাংলা, আরবি, ইংরেজি ও গণিতসহ আমাদের জাতীয় শিক্ষাক্রম পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখি। আমার এই স্বপ্ন বাস্তবায়নে আমি দেশবাসী ও সরকারের আন্তরিক সহযোগিতা এবং সবার দোয়া কামনা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষায় বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


প্রাথমিক শিক্ষায় বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: ববি হাজ্জাজ

বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল। তারা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিশুদের মৌলিক দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ, মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে কাজ করতে চায়।

বুধবার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্লোবাল সিইও) রীনা ঘেলানি এ আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিমন্ত্রীর নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, শিশুদের প্রারম্ভিক বিকাশ, মানসম্মত শিক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধ তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। তারা বাংলাদেশে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারি উন্নয়ন-পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণে আগ্রহী।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বৈঠকে উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য কেবল শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসা নয়, বরং প্রতিটি শিশুর জন্য কার্যকর ও মানসম্মত শিখন নিশ্চিত করা। তিনি বলেন, শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতার পাশাপাশি সৃজনশীলতা এবং ভবিষ্যৎ জীবনের উপযোগী দক্ষতা অর্জনের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

বৈঠকে মেয়েদের ঝরে পড়া রোধ, শিশুবান্ধব বিদ্যালয় পরিবেশ, পৃথক স্যানিটেশন ব্যবস্থা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পরিবারগুলোকে সক্ষম করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জের উল্লা গ্রামে চার প্রতিবন্ধীর জীবনযাপন ও চিকিৎসার সংকট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


কালীগঞ্জের উল্লা গ্রামে চার প্রতিবন্ধীর জীবনযাপন ও চিকিৎসার সংকট

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উল্লা গ্রামে চার প্রতিবন্ধী ব্যক্তি জীবনযাপন করতে লড়াই করছেন। প্রতিদিন তারা দরিদ্রতা, শারীরিক সীমাবদ্ধতা এবং বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন। তাদের উন্নত চিকিৎসা, কানে শোনার যন্ত্র এবং কারো চলাচলের জন্য একটি হুইলচেয়ারের প্রয়োজন রয়েছে। কেউ আবার ছোট সন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। যদিও তারা সরকারি প্রতিবন্ধী ভাতা পান, তবুও তা দিয়ে চিকিৎসা, চলাচল এবং দৈনন্দিন প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না।

কালীগঞ্জ উপজেলার এই চার প্রতিবন্ধী হচ্ছেন— উল্লা গ্রামের আট বছর বয়সি শিশু আবু রায়হান, ২৭ বছর বয়সি সাথী খাতুন, ২১ বছর বয়সি আলী রাজ এবং ৪০ বছর বয়সি সাক্ষী খাতুন। তাদের প্রত্যেকের জীবনযাত্রার গল্প আলাদা হলেও প্রয়োজনের ক্ষেত্রে তাদের মধ্যে মিল রয়েছে। যদি কিছু সহযোগিতা পাওয়া যায়, তবে তাদের জীবনযাত্রা কিছুটা সহজ হতে পারে। আবু রায়হান উল্লা গ্রামের আসাদুল ইসলাম ও সীমা খাতুন দম্পতির বড় সন্তান। সে দুই ভাইবোনের মধ্যে বড়। আট বছর বয়সি এই শিশুটি শ্রবণ ও বাকপ্রতিবন্ধী।

জন্মের পর দুই বছর পেরিয়ে তার বাবা-মা বুঝতে পারেন যে, অন্যান্য শিশুদের মতো সে স্বাভাবিকভাবে শুনতে ও কথা বলতে পারছে না। ক্ষেতমজুর বাবা আসাদুল ইসলাম দিনমজুরির আয় দিয়ে সংসার চালান। সন্তানের চিকিৎসার জন্য ধারদেনা করে বিভিন্ন চিকিৎসকের কাছে গেছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা করাতে পারেননি। আবু রায়হানের কানে শোনার জন্য একটি ভালো মানের হিয়ারিং মেশিন প্রয়োজন, যার একটির দাম ৫ লাখ টাকা এবং অন্যটির দাম প্রায় ৮০ হাজার। তুলনামূলক কম দামের একটি যন্ত্র কিনতেও প্রয়োজন প্রায় ৩০ হাজার টাকা। কিন্তু দিনমজুর দরিদ্র বাবার পক্ষে কোনোটিই কেনা সম্ভব হচ্ছে না। চিকিৎসা ও প্রয়োজনীয় যন্ত্রের অভাবে শিশুটির স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হচ্ছে। স্কুলে গেলে সহপাঠীদের কেউ কেউ তাকে বোবা বলে উপহাস করে, যা তার মানসিকভাবে কষ্ট দেয় এবং এখন সে আর স্কুলে যেতে চায় না।

সাথী খাতুনের প্রয়োজন চিকিৎসা ও চলাচলের ব্যবস্থা। তিনি ফরাদ উল্লাহ ও রেবেকা খাতুন দম্পতির মেয়ে। এক ভাই ও দুই বোনের মধ্যে সাথী সবার বড়। পরিবারের ভাষ্য অনুযায়ী, দুই মাস বয়সে একটি টিকা দেওয়ার পর থেকে সাথী অসুস্থ হতে থাকেন। তবে টিকার সঙ্গে তার শারীরিক সমস্যার চিকিৎসাগত সম্পর্ক নিশ্চিত নয়। বর্তমানে কোমরের নিচের অংশ কার্যত অচল। ২১ বছর বয়সি আলী রাজ দুই হাতে লাঠি ভর দিয়ে কষ্ট করে হাঁটেন। কখনো এক পা, কখনো অন্য পা টেনে এগিয়ে চলেন। জীবিকার নির্দিষ্ট কোনো ব্যবস্থা না থাকায় তাকে মানুষের কাছে সাহায্য চাইতে হয়। আলী রাজ উল্লা গ্রামের তারিক হোসেন ও আন্না খাতুন দম্পতির দুই ছেলের মধ্যে বড়। তাকে কালীগঞ্জ শহরের একটি প্রতিবন্ধী বিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। কিন্তু অর্থসংকট ও সহপাঠীদের উপহাসের কারণে একপর্যায়ে পড়াশোনা বন্ধ হয়ে যায়। চলতি বছরের জানুয়ারিতে ক্যানসারে আক্রান্ত হয়ে আলী রাজের মা মারা যান। স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে তারিক হোসেনের সঞ্চিত অর্থ ও সম্পদ শেষ হয়ে গেছে বলে তিনি জানান।

সাক্ষী খাতুনের জীবন আরো কঠিন। আলী রাজদের বাড়ির পাশেই ৪০ বছর বয়সি সাক্ষী খাতুন বসবাস করেন। জন্ম থেকেই তার দুটি পা নেই। দুই হাতের ওপর ভর দিয়ে অতিকষ্টে চলাফেরা করেন তিনি। উল্লা গ্রামের দরিদ্র কৃষক নুর ইসলাম ও লিলি খাতুন দম্পতির মেয়ে সাক্ষী। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি সবার বড়। প্রায় সাত বছর আগে পাশের কোলা ইউনিয়নের আকির হোসেনের সঙ্গে ভালোবেসে বিয়ে হয় সাক্ষীর। তাদের সংসারে রয়েছে চার বছর বয়সি একটি কন্যাসন্তান। কিন্তু বিয়ের পর একপর্যায়ে স্বামী আকির হোসেন তাদের ছেড়ে চলে যান। পরে তিনি অন্যত্র বিয়ে করে সংসার করছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর থেকে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন সাক্ষী। ছোট্ট মেয়েকে নিয়ে একটি জরাজীর্ণ ঘরে কোনোমতে দিন কাটছে তাদের। নিজের চলাফেরা, মেয়ের লালনপালন ও সংসারের খরচ জোগাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে তাকে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে একা চলাফেরা করাও তার জন্য কঠিন। সাক্ষী খাতুনের বাবা নুর ইসলাম বলেন, "আমার মেয়ের জন্ম থেকেই দুটি পা নেই। তারপরও মেয়েটার বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম তার একটা সংসার হবে। কিন্তু স্বামী তাকে ছেড়ে চলে গেছে। এখন ছোট্ট নাতনিকে নিয়ে আমার বাড়িতে থাকে। আমিও গরিব কৃষক। নিজের সংসার চালাতেই কষ্ট হয়। মেয়ের জন্য আলাদা করে কিছু করার সামর্থ্য নেই।" তিন মাস পরপর যে প্রতিবন্ধী ভাতা পায়, তা দিয়ে সংসার চলে না। মেয়ের চলাচলের জন্য একটি হুইলচেয়ার এবং নাতনিকে নিয়ে বেঁচে থাকার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। সাক্ষীর মা লিলি খাতুন বলেন, "মেয়েটার কষ্ট দেখলে বুক ফেটে যায়। জন্মের পর থেকে অনেক কষ্ট করে বড় করেছি। ভেবেছিলাম বিয়ের পর তার কষ্ট কিছুটা কমবে। কিন্তু এখন মেয়েটা ছোট শিশুকে নিয়ে আমার বাড়িতে অসহায়ভাবে দিন কাটাচ্ছে।"

কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, "জামাল ইউনিয়নের উল্লা গ্রামের এই চারজনেরই প্রতিবন্ধী পরিচয়পত্র রয়েছে এবং তারা সরকারি প্রতিবন্ধী ভাতা পান। আবু রায়হানের চিকিৎসা ও কানে শোনার যন্ত্রের প্রয়োজনের বিষয়টি জানতে পেরেছি। তার পরিবার আবেদন করলে সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হবে। অন্য তিনজনের চিকিৎসা ও হুইলচেয়ারের প্রয়োজনের বিষয়েও তারা আবেদন করলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানানো হবে। সরকারি নিয়ম ও বরাদ্দ অনুযায়ী তাদের সহায়তার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে আবু রায়হানের কানে শোনার যন্ত্রের ব্যবস্থা হলে তার শিক্ষা ও সামাজিক যোগাযোগের সুযোগ বাড়তে পারে। হুইলচেয়ারের ব্যবস্থা হলে সাথী, আলী রাজ ও সাক্ষী খাতুনের চলাচলে সহায়ক হতে পারে। তাই শুধু ভাতা প্রদান নয়, তাদের বিশেষ প্রয়োজন অনুযায়ী সহায়তা নিশ্চিত করাও জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%