রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:১২ পি.এম
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : আদালত আগামী ৩ নভেম্বর তারিখে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারণ করেছেন।
আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।
গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়।
ওই ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় মামলা দায়ের করেন। আহত অবস্থায় ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরে ২০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ।
এর আগে, ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ।
তবে ডিবির দেওয়া চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
ডিবির দাখিল করা চার্জশিটে মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে এবং বাকি ৬ জন পলাতক রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্যারিবীয় অঞ্চলের সার্বভৌম রাষ্ট্র কিউবায় সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মার্কিন বাহিনী প্রয়োজনীয় জনবল এবং সহায়ক বিভিন্ন সামরিক ইউনিটের সক্ষমতা ও প্রস্তুতি সরেজমিনে যাচাই করছে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম সিবিএস নিউজ, মার্কিন সেনাবাহিনীর অভ্যন্তরীণ বেশ কিছু নথি পর্যালোচনার ভিত্তিতে এ সংক্রান্ত একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্ভাব্য অভিযানের প্রয়োজনে আগামী চার মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের ‘সাউদার্ন কমান্ড’-কে সামরিক পুলিশ, প্রশিক্ষিত চিকিৎসাকর্মী ও অন্যান্য সহায়ক ইউনিট সরবরাহ করা সম্ভব কি না, তা সেনারিজার্ভ বাহিনীর সদর দপ্তর থেকে খতিয়ে দেখা হচ্ছে। যদিও নথিতে সরাসরি দেশটির নাম উল্লেখ করা হয়নি, তবে মার্কিন সামরিক প্রশাসনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন, এটি কিউবাকেন্দ্রিক সম্ভাব্য সামরিক পদক্ষেপের অংশ।
যাচাই প্রক্রিয়ায় মূল নজর রাখা হচ্ছে লজিস্টিকস ও রসদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ‘কমব্যাট সাসটেইনমেন্ট সাপোর্ট ব্যাটালিয়ন’, প্রকৌশলী ব্যাটালিয়ন, জরুরি অস্ত্রোপচারের সুবিধাসহ মেডিকেল ব্রিগেড এবং নিরাপত্তা ও বন্দি ব্যবস্থাপনায় নিয়োজিত সামরিক পুলিশ ব্রিগেডের ওপর। সম্ভাব্য প্রয়োজনীয়তার প্রেক্ষিতে গত ২৫ সেপ্টেম্বরের মধ্যে এসব ইউনিটের চূড়ান্ত প্রাপ্যতা নিশ্চিত করতে সেনা রিজার্ভ সদর দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
অবশ্য অভ্যন্তরীণ পত্রে সক্ষমতা মূল্যায়নের তাগিদ দেওয়া হলেও কোনো ইউনিটকে শেষ পর্যন্ত চূড়ান্তভাবে মোতায়েনের আদেশ জারি করা হয়েছে কি না—তা পরিষ্কার করা হয়নি। মার্কিন সাউদার্ন কমান্ড সামরিক গোপনীয়তার স্বার্থে আগাম অভিযানের পরিকল্পনা বা সৈন্য মোতায়েনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আসার পর সরকারের কঠোর অবস্থান সত্ত্বেও সামরিক বলপ্রয়োগের বিকল্প এড়ানোর ইঙ্গিত মিলেছে। তবে ট্রাম্পের এই সমঝোতার বার্তার পাশাপাশি পেন্টাগনের এই অভ্যন্তরীণ প্রস্তুতি লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে চরম সামরিক উত্তেজনা তৈরি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের মণিপুরে সহিংসতার নতুন ঘটনার ফলে গুলিতে দুই নাগা বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। খবর এনডিটিভির
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সেনাপতি জেলার কালেনজাং এলাকায় গ্রামের প্রধানের একটি বাড়িতে হামলা চালানো হয় বলে জানা গেছে। সশস্ত্র হামলাকারীরা বাড়ির ভেতরে অবস্থানরত লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশ খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে। তবে হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত দুজনের নাম রকি ও কুমার হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা সেনাপতি জেলার দুটি ভিন্ন গ্রামের বাসিন্দা। আহত দুজনের পরিচয় এবং বর্তমান শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, হামলার পেছনে কুকি সম্প্রদায়ের সদস্যরা থাকতে পারেন। তবে এ বিষয়ে সরকারি কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
মণিপুরে তিন দিনের মধ্যে নাগা বেসামরিক নাগরিকদের ওপর এটি দ্বিতীয় হামলার ঘটনা। এর মাত্র দুই দিন আগে ভারত-মিয়ানমার সীমান্তের কাছে কামজং জেলায় সশস্ত্র হামলায় চার বেসামরিক নাগরিক নিহত হন। পরপর এসব ঘটনার ফলে নাগা বেসামরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে গেছে।
মণিপুরের মুখ্যমন্ত্রী ইউম্নাম খেমচাঁদ সিং হামলার নিন্দা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে ঘটনাটিকে নিরীহ মানুষের ওপর ‘কাপুরুষোচিত সহিংসতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, হামলায় আহত দুজনকে সেনাপতির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
ঘটনার সময় মুখ্যমন্ত্রী ইউম্নাম খেমচাঁদ সিং ঘটনাস্থল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মাও এলাকায় ছিলেন। সেখানে তিনি মারাম এলাকার ডন বস্কো কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেন।
এদিকে কালেনজাংয়ে হামলার দিনই ইউনাইটেড নাগা কাউন্সিল কেন্দ্রীয় সরকার ও মণিপুর সরকারের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার পর সাময়িকভাবে অর্থনৈতিক অবরোধ স্থগিত করতে সম্মত হয়েছে।
গত মে মাসে অপহরণের পর ছয় নাগা যুবকের হত্যার ঘটনায় বিচারের দাবিসহ বিভিন্ন দাবিতে ওই অবরোধ শুরু হয়েছিল।
তবে নতুন হামলার পর মণিপুরের পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ তৈরি হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ মন্তব্য করেছেন যে, রাশিয়া এবং জার্মানি যৌথভাবে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন পুনরায় চালু করার পরিকল্পনা করতে পারে। চার বছর আগে নাশকতায় ক্ষতিগ্রস্ত এই পাইপলাইনটি মেরামত ও পুনরায় চালুর প্রস্তাব জার্মানির ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)-এর নেতা টিনো ক্রুপাল্লার পক্ষ থেকে আসার পর তিনি এই মন্তব্য করেন।
দিমিত্রিয়েভ এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ‘সবই সত্য। আমরা যৌথভাবে নর্ড স্ট্রিম পুনরায় চালু করব।’ পোস্টের মধ্যে তিনি এএফডিকে জার্মান জনগণের কণ্ঠ হিসেবে উল্লেখ করে বলেন, এই দলটি জার্মানির জ্বালানি সার্বভৌমত্ব, সমৃদ্ধি, শান্তি ও সহযোগিতার জন্য লড়াই করছে।
এর আগে এএফডির কো-চেয়ারম্যান টিনো ক্রুপাল্লা নর্ড স্ট্রিম এবং নর্ড স্ট্রিম-২ পাইপলাইনে নাশকতার বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান। তিনি একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পাইপলাইন দুটি মেরামত করে পুনরায় চালুর দাবি করেন।
২০২২ সালের ২৬ সেপ্টেম্বর নর্ড স্ট্রিমের তিনটি পাইপলাইন এবং চালু না হওয়া নর্ড স্ট্রিম-২ পাইপলাইনে বড় ধরনের বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতি শনাক্ত হয়। এই ঘটনার পর নাশকতার উৎস ও দায় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত এবং পাল্টাপাল্টি অভিযোগ অব্যাহত রয়েছে। রাশিয়ার প্রসিকিউটর জেনারেল দপ্তর ঘটনাটিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করে মামলা করেছে।
সূত্র: তাস ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহে বিদ্যুতের তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রকি, তিনি কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র।
পুলিশ এবং স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ওই গ্রামের উত্তরপাড়ায় একটি ঘাসের জমিতে রকির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোরের সময় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে রকি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মন্তব্য করেন, "মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ