০৬:৫৩ পি.এম
সংসদ ভবন, ১১ নভেম্বর, ২০২৬ : আগামী বছর থেকে মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু করবে সরকার। এই পর্যায়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিজস্ব নির্ধারিত জমিতে বাড়ি নির্মাণের কাজ করা হবে, এমন তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
তিনি উল্লেখ করেন, ‘স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে সঠিক জমিতে বাড়ি নির্মাণ নিশ্চিত করতে নিজস্ব জমি রয়েছে এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।’
আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. কামরুল হাসানের একটি সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: নরসিংদী প্রেসক্লাবে হামলা ও চাঁদাবাজির পলাতক আসামি সুমন গ্রেপ্তার
মন্ত্রী আরও জানান, আবাসন প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়নে ব্যাপক দুর্নীতির অভিযোগের কারণে সরকার ইতোমধ্যে এ পর্যায়ের কার্যক্রম স্থগিত করেছে। বর্তমানে দ্বিতীয় পর্যায়ের জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং আগামী বছর থেকে এ পর্যায়ের বাস্তবায়ন শুরু হবে বলে আশা প্রকাশ করেন।
আগের প্রকল্পের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, জমির মালিকানা সংক্রান্ত জটিলতার কারণে অনেক যোগ্য মুক্তিযোদ্ধা আবাসন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এই সমস্যা সমাধানে নিজস্ব নির্ধারিত জমি রয়েছে এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে। এর ফলে প্রকৃত উপকারভোগীদের কাছে আবাসন সুবিধা পৌঁছানো সম্ভব হবে।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জরাজীর্ণ অবস্থা সম্পর্কে সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে কয়েকশ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কমপ্লেক্সের ক্ষতিগ্রস্ত, ভেঙে ফেলা বা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য মন্ত্রণালয়ে পাওয়া গেছে।
মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত অনেক কমপ্লেক্স মেরামতের জন্য ইতোমধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে পর্যায়ক্রমে এসব মেরামতের কাজ সম্পন্ন করা হবে।
আরও পড়ুন: দৌলতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ, পুলিশ তদন্তে
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্যের এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি যথাযথভাবে মেরামত করে ব্যবহার উপযোগী করতে শিগগিরই প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে।
এছাড়া কমপ্লেক্সটিতে অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং এর স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন