০১:২৭ পি.এম
চীনের একটি ডেটিং অ্যাপ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার কাজ করছে। শুধু সঙ্গী খুঁজে দেওয়ার বিষয়েই নয়, তিন বছরের মধ্যে ব্যবহারকারী যদি বিয়ে না করেন, তবে সাবস্ক্রিপশনের পুরো টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে অ্যাপটির। এই অভিনব উদ্যোগটি চীনের অনলাইন ডেটিং বাজারে আলোচনা সৃষ্টি করেছে।
অ্যাপটির নাম ‘লিয়াংপেই এআই’। গত জুলাই মাসে চালু হওয়া এই অ্যাপটির বার্ষিক সাবস্ক্রিপশন ফি দুই হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার টাকা। অ্যাপটির প্রতিশ্রুতি অনুযায়ী, সাবস্ক্রিপশন নেওয়ার তিন বছরের মধ্যে যদি কোনো ব্যবহারকারী বিয়ে না করেন, তাহলে তাঁকে পুরো টাকা ফেরত দেওয়া হবে। সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
চীনের প্রচলিত ডেটিং অ্যাপগুলোর তুলনায় লিয়াংপেই এআইয়ের কার্যপদ্ধতি কিছুটা ভিন্ন। সাধারণত এসব অ্যাপে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগের সুযোগ থাকে, কিন্তু এই অ্যাপে ব্যবহারকারী একবারে একজনের সঙ্গেই পরিচিত হতে পারবেন। একজনের সঙ্গে পরিচয়ের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নতুন কারও সঙ্গে যোগাযোগের সুযোগ নেই।
আরও পড়ুন: ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডি আবেদন বাতিল হবে
এআই যেভাবে খুঁজে দেবে জীবনসঙ্গী
অ্যাপটিতে নিবন্ধনের সময় ব্যবহারকারীকে নিজের প্রকৃত নাম ও ছবি দিতে হয়। এছাড়া অবিবাহিত কি না, সেটিও যাচাই করা হয়। অ্যাপটির প্রথম মাসেই যাচাইয়ের মাধ্যমে ১৫০ জনের বেশি বিবাহিত ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে।
নিবন্ধনের পর নতুন ব্যবহারকারীকে প্রথমে এআইয়ের সঙ্গে প্রায় ২০ মিনিট কথা বলতে হয়। এই কথোপকথনের মাধ্যমে ব্যবহারকারীর একটি বিস্তারিত প্রোফাইল তৈরি করে এআই। এতে পারিবারিক পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, পেশা, আগ্রহ, ব্যক্তিত্ব, জীবনযাপন এবং জীবনসঙ্গীর বিষয়ে প্রত্যাশার তথ্য রাখা হয়।
এসব তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীর সঙ্গে মানানসই জীবনসঙ্গী খুঁজে দেয় অ্যাপটি। তবে একজনের সঙ্গে পরিচয়ের প্রক্রিয়া শেষ না করে অন্য কারও সঙ্গে যোগাযোগ করা যায় না।
আরও পড়ুন: জাতিসংঘের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ
লিয়াংপেই এআইয়ের প্রতিষ্ঠাতা জেং সিনসুন। এর আগে তিনি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান মুনশট এআইয়ের তৈরি চ্যাটবট কিমির এআই সার্চ প্রযুক্তি উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন।
একটি ম্যাচমেকিং বা ঘটকসেবার সাক্ষাৎকার থেকে ধারণা পাওয়ার পর এআই ব্যবহার করে জীবনসঙ্গী খোঁজার এই উদ্যোগ নেন তিনি। গত বছর কিমি কে-টু প্রকাশের সময় চাকরি ছেড়ে নিজের উদ্যোগ শুরু করেন জেং। এ জন্য তাঁকে কয়েক কোটি ইউয়ান মূল্যমানের শেয়ার অপশনের সম্ভাবনাও ছাড়তে হয়েছে।
জেংয়ের মতে, প্রচলিত ডেটিং অ্যাপগুলো অনেকটা ‘অনলাইন হলুদ পাতা’র মতো। সেখানে মানুষের পরিচিতি পাওয়া গেলেও উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে বের করার কঠিন কাজটি ব্যবহারকারীকেই করতে হয়।
তাঁর ভাষ্য, তরুণদের জীবনসঙ্গী নির্বাচনের মানদণ্ড এখন অনেক বেশি পুঙ্খানুপুঙ্খ। কিন্তু প্রচলিত অ্যাপগুলো ব্যবহারকারীর পছন্দ ও ব্যক্তিত্ব যথাযথভাবে বুঝতে পারে না। এই সীমাবদ্ধতা দূর করতেই এআই ব্যবহার করছেন তিনি।
আরও পড়ুন: ঢাকায় আসছেন গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগার
জেং নিজেও একটি ডেটিং অ্যাপের মাধ্যমে স্ত্রীর সঙ্গে পরিচিত হয়েছিলেন। দুজনই নিজেদের সম্পর্কে এক হাজার শব্দের বেশি লিখেছিলেন। মাত্র এক দিনের কথোপকথনের পর তাঁরা দেখা করার সিদ্ধান্ত নেন। তাঁর ধারণা, শুরুতেই একে অপরকে ভালোভাবে বোঝার কারণেই তাঁদের সম্পর্ক দ্রুত এগিয়েছিল।
বিয়ে না হলে টাকা ফেরতের প্রতিশ্রুতি
অ্যাপটির সবচেয়ে আলোচিত বিষয় হলো বিয়ে না হলে টাকা ফেরতের নিশ্চয়তা। প্রতিষ্ঠাতা জেংয়ের মতে, বিয়ে একটি স্বতন্ত্র আইনি অবস্থান। অনুমোদিত ও আইনসম্মত পদ্ধতিতে কারও বিয়ে হয়েছে কি না, তা যাচাই করা সম্ভব।
তবে এ নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। কোনো ব্যবহারকারী অ্যাপটি খুব কম ব্যবহার করলেও অন্য কোনো মাধ্যমে বিয়ে করলে তিনি টাকা ফেরত পাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
আরও পড়ুন: তথ্য অধিকার ফোরামের আহ্বান, তথ্য কমিশনকে কার্যকর ও গতিশীল করতে হবে
জেংয়ের বক্তব্য, ব্যবহারকারীকে জীবনসঙ্গী খুঁজে দিতে না পারলে ম্যাচমেকিং সেবা থেকে মুনাফা করা উচিত নয়। অ্যাপটি কাজে না এলে গ্রাহকের টাকা ফেরত দিতে তিনি প্রস্তুত।
সম্পর্কের সমস্যায় পরামর্শ দেবে এআই
লিয়াংপেই এআইতে ‘এআই স্ট্র্যাটেজিস্ট’ নামে একটি বিশেষ সুবিধা রয়েছে। ব্যবহারকারীর প্রোফাইল ও কথোপকথনের তথ্য বিশ্লেষণ করে সম্পর্কের বিভিন্ন সমস্যা নিয়ে পরামর্শ দেয় এটি।
অ্যাপটির এক নারী ব্যবহারকারী তাঁর সঙ্গে পরিচিত হওয়া এক পুরুষের কাছ থেকে উত্তর পাওয়া বন্ধ হয়ে গেলে এই সুবিধার সাহায্য নেন। এআই তাঁকে জানায়, কেউ ব্যস্ত থাকলেও তিন দিনের মধ্যে নিজের অনুপস্থিতির কারণ জানানো উচিত।
আরও পড়ুন: স্পটিফাইয়ে বিভ্রাট, ১৪ হাজারের বেশি অভিযোগ জমা
এই পরামর্শ পাওয়ার পর ওই নারী চলমান পরিচয়টি শেষ করেন। পরে নিজের জন্য উপযুক্ত একজন সঙ্গী খুঁজে পান।
৩৫ হাজারের বেশি নিবন্ধিত ব্যবহারকারী
প্রতিবেদন অনুযায়ী, লিয়াংপেই এআইতে ইতিমধ্যে ৩৫ হাজারের বেশি ব্যবহারকারী নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে প্রায় ৯ শতাংশ অর্থ দিয়ে সেবা নিচ্ছেন। এ ছাড়া বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে দেড় কোটি ইউয়ান বা প্রায় ২২ লাখ ডলার অর্থায়ন পেয়েছে প্রতিষ্ঠানটি।
তবে অ্যাপটি নতুন হওয়ায় এর মাধ্যমে এখন পর্যন্ত কতজন সফলভাবে জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন বা বিয়ে করেছেন, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: বাংলাদেশের প্রথম এআই বিষয়ক সাময়িকী ‘এআই ফর দ্য গ্লোবাল সাউথ’-এর যাত্রা শুরু
বিশ্লেষকদের মতে, এআইয়ের মাধ্যমে উপযুক্ত সঙ্গী নির্বাচন করা সম্ভব হলে তা দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে মানুষের প্রেম ও সম্পর্কের প্রতি আগ্রহও বাড়তে পারে।
অন্যদিকে, কেউ কেউ মনে করছেন, অ্যাপটির ‘এআই স্ট্র্যাটেজিস্ট’ সুবিধাটি বিবাহিত দম্পতিদের জন্যও চালু করা যেতে পারে। সম্পর্কের টানাপোড়েনে নিরপেক্ষ পরামর্শক হিসেবে এটি কাজে আসতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন