০২:৫০ পি.এম
বাংলাদেশ খেলাফত আন্দোলন দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া আগুন সন্ত্রাস, ককটেল বিস্ফোরণ এবং অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, গণপরিবহনে সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের ফলে সাধারণ মানুষের জানমাল বর্তমানে চরম হুমকির সম্মুখীন।
বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত আন্দোলনের আমির এই উদ্বেগ ও প্রতিক্রিয়া তুলে ধরেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার চিত্র অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। রাজধানীতে ককটেল বিস্ফোরণে আহত হওয়ার ঘটনা, ফরিদপুরে বাসে আগুন দিয়ে চালককে পুড়িয়ে হত্যা, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, খুলনা ও ময়মনসিংহে রেললাইন ও ট্রেনে আগুন, চট্টগ্রাম, সাভার ও ধামরাইয়ে বাসে অগ্নিসংযোগ, খাগড়াছড়িতে চাঁদের গাড়িতে আগুন, বরগুনার আমতলীতে ব্যাংক ও কলেজে অগ্নিসংযোগ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাসে পেট্রোল বোমা হামলা, গুইমারায় বিএনপির কার্যালয়ে আগুন, নেত্রকোনার মোহনগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন এবং ফটিকছড়িতে চার শিক্ষা প্রতিষ্ঠানে তালা দেওয়ার মতো ঘটনা জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।
আরও পড়ুন: এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন: ডেপুটি স্পিকার
বিবৃতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মাওলানা মিয়াজী বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ও দুই-এক জায়গায় আগুন দেওয়ার কারণে আইনের শাসন বিঘ্নিত হয়নি-স্বরাষ্ট্রমন্ত্রীর এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে জনগণ বিস্মিত। তিনি বলেন, দেশের এই চরম আইনশৃঙ্খলা অবনতির দায় স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই এড়াতে পারেন না।
তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো যথেষ্ট সক্রিয় থাকলে দেশজুড়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সম্ভব হতো না। পুলিশের 'চেইন অব কমান্ড' নিয়ে প্রশ্ন তুলে খেলাফত আন্দোলনের প্রধান বলেন, প্রকাশ্যে রাজনৈতিক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসীরা মিছিল করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পুলিশের নিষ্ক্রিয়তা দেশের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে।
অর্থনৈতিক সংকটের বিষয়টি তুলে ধরে তিনি সতর্ক করেন যে, এভাবে যানবাহনে হামলা, বিস্ফোরণ ও অস্থিতিশীলতা চলতে থাকলে দেশের ব্যবসা-বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ, উৎপাদন ও পরিবহন খাত ধসে পড়বে। এর সরাসরি মাশুল গুনতে হবে সাধারণ খেটে খাওয়া মানুষকে।
উদ্ভূত পরিস্থিতিতে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে দেশপ্রেমিক রাজনৈতিক দল ও সচেতন সমাজকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান খেলাফত আমীর।
আরও পড়ুন: শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন