ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিএনপি নেতার বাড়িতে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ


বিএনপি নেতার বাড়িতে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ

চট্টগ্রামের বাঁশখালীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর কালিপুরের গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাড়ির সামনে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক।

চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী জানান, ভোর ৪টার দিকে ৩-৪ জন ব্যক্তি তার বাড়ির সামনের দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুকুরপাড়ের মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখে আতঙ্কিত হয়ে দৌড়ে পালিয়ে যান। বাড়িতে পরিবারের কেউ না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই প্রতিবেশীরা এগিয়ে আসেন। এতে বাড়ির সামনের কিছু অংশ পুড়ে গেছে।

আরও পড়ুন: সাহসিকতা ও মানবিক সেবার স্বীকৃতি: রাষ্ট্রীয় পদকে ভূষিত ফায়ারফাইটার কামাল হোসেন

খবর পেয়ে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) বাবুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: মিরপুরে প্রেমিকের হাতে নারী পোশাক শ্রমিক হত্যার অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়ের জনপদে উন্নয়ন, মানুষের আস্থায় দীঘিনালা জোন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


পাহাড়ের জনপদে উন্নয়ন, মানুষের আস্থায় দীঘিনালা জোন

পাহাড়ের দুর্গম জনপদে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, মৌলিক সুবিধা সম্প্রসারণ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ এবং যাত্রীছাউনি স্থাপনসহ নানা উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের পাশে দাঁড়াচ্ছে জোনটি।

দীঘিনালার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় যোগাযোগের সীমাবদ্ধতা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে অনেক মানুষ প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হন। এসব সমস্যা বিবেচনায় নিয়ে স্থানীয় জনগণের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন ও মানবিক সহায়তামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে দীঘিনালা জোন। বিশুদ্ধ পানির সংকট মোকাবিলায় পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা করা হচ্ছে।

এ ছাড়া পথচারী ও যাত্রীদের বিশ্রাম এবং সুবিধার জন্য বিভিন্ন স্থানে যাত্রীছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম দুর্গম এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সহায়ক হচ্ছে।

উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখতেও গুরুত্ব দিচ্ছে দীঘিনালা জোন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে যোগাযোগ, সহযোগিতা ও আস্থার সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরিতে কাজ করছে সেনাবাহিনী।

দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল আমিন পিএসসি বলেন, পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা, শান্তি, সম্প্রীতি ও কল্যাণ নিশ্চিত করা তাঁদের দায়িত্ববোধের অংশ। স্থানীয় মানুষের মৌলিক প্রয়োজন ও সমস্যাগুলো বিবেচনায় নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক এবং মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ তৈরিতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, দুর্গম এলাকায় বিশুদ্ধ পানি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সহজ নয়। সেনাবাহিনীর সহযোগিতায় এসব ক্ষেত্রে উন্নয়ন হওয়ায় এলাকার মানুষ উপকৃত হচ্ছেন। তাঁরা ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেন।

পাহাড়ের প্রত্যন্ত জনপদে অবকাঠামোগত উন্নয়ন, মানবিক সহায়তা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার এ উদ্যোগ স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে ড্রোনের ওপর নির্ভর করছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে ড্রোনের ওপর নির্ভর করছে ইউক্রেন

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : ইউক্রেনের সেনা ইয়েভগেন যুদ্ধের সম্মুখসারিতে টানা দুই দিন আটকে ছিলেন। একটি স্থলমাইন বিস্ফোরণের ফলে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। এক পর্যায়ে তিনি বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন। ঠিক সেই সময়ে একজন সহযোদ্ধা তাকে জানান, আকাশপথে একটি ড্রোন এসে তাকে উদ্ধার করবে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, ইয়েভগেন বলেন, ‘আমি বলেছিলাম, তুমি মজা করছ না তো? আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসব বলছ?’

বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়ে উঠছেন ইয়েভগেন। নিরাপত্তার কারণে এএফপি তার পুরো নাম প্রকাশ করেনি। আকাশপথে চিকিৎসা ও উদ্ধারের কাজে ব্যবহৃত ড্রোনের মাধ্যমে উদ্ধার হওয়া ইউক্রেনীয় সেনাদের মধ্যে তিনি প্রথম দিকের একজন।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রায় পাঁচ বছর পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে ড্রোন আধুনিক যুদ্ধের ধরণকে বদলে দিয়েছে।

যুদ্ধক্ষেত্রের আকাশ এখন ড্রোনের নিয়ন্ত্রণে রয়েছে। সম্মুখসারির কয়েক কিলোমিটার এলাকায় তৈরি হয়েছে এক ভয়ংকর পরিস্থিতি, যাকে বলা হচ্ছে ‘কিল জোন’ বা মৃত্যুফাঁদ। এই এলাকায় সামান্য নড়াচড়া চোখে পড়লেই উভয় পক্ষ বিস্ফোরকভর্তি ড্রোন পাঠিয়ে হামলা চালাতে পারে।

এই কারণে এই বিপজ্জনক এলাকায় আটকে পড়া আহত সেনাদের স্থলপথে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমনকি যুদ্ধক্ষেত্রে থাকা চিকিৎসাকর্মীদের পক্ষেও তাদের কাছে পৌঁছানো কঠিন।

এই পরিস্থিতিতে ইউক্রেনের ড্রোন নির্মাতারা আহত সেনাদের উদ্ধারের জন্য বিশেষ উড়ন্ত ড্রোন তৈরি করছেন।

ইয়েভগেনের জীবন বাঁচানো ড্রোনটির নাম ‘স্টারগেট’। এটি তৈরি করেছে ইউক্রেনের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান স্কাইফল। এখন পর্যন্ত ড্রোনটি দিয়ে তিনটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে।

ইয়েভগেন বলেন, ‘সন্ধ্যার দিকে কোম্পানি কমান্ডার আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন, তুমি কি উড়তে প্রস্তুত?’

ড্রোনের ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, গভীর রাতে ইয়েভগেন একটি বিশেষ কেবিনে উঠে শুয়ে পড়ছেন। এটি দেখতে উড়ন্ত স্ট্রেচারের মতো, পরে ঢাকনা দিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়। এ সময় তিনি বুকের সঙ্গে একটি বন্দুক জড়িয়ে ধরে ছিলেন।

যখন ড্রোনটি তাকে নিয়ে ঘাঁটির দিকে ফিরছিল, তখন আশপাশে আকাশে উড়ছিল রসদ সরবরাহ ও নজরদারির ড্রোন। রাতের আকাশে চাঁদের আলোয় সেগুলোর ছায়া দেখা যাচ্ছিল।

ভয় লাগলেও ইয়েভগেনের সামনে আর কোনো বিকল্প ছিল না। তিনি বলেন, ‘এ ছাড়া আমার আর কোনো উপায় ছিল না।’

কার্বন ফাইবার দিয়ে তৈরি এসব ড্রোন একটি গোপন হ্যাঙ্গারে সংযোজন করা হয়। জায়গাটি দেখতে অনেকটা গবেষণাগারের মতো।

ইউক্রেনের কোড ৯.২ অ্যাসল্ট ব্রিগেডের এক কমান্ডারের অনুরোধ থেকেই আহত সেনাদের উদ্ধারে ড্রোন তৈরির ধারণা আসে।

নাম প্রকাশ না করার শর্তে স্কাইফলের এক প্রতিনিধি এএফপিকে জানান, ‘এক বছর পরই আমরা স্টারগেট তৈরি করতে সক্ষম হই।’

তিনি জানান, নতুন কোনো প্রযুক্তিগত আবিষ্কারের চেয়ে যুদ্ধক্ষেত্রের বাস্তব প্রয়োজন থেকেই এই ড্রোন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল।

এর আগে ইউক্রেন বিপজ্জনক অবস্থানে আটকে পড়া আহত সেনাদের উদ্ধারে স্থলপথে চলাচলকারী ড্রোন ব্যবহার করত। তবে এসব ড্রোন ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটার গতিতে চলতে পারে। নদী, মাইন পাতা এলাকা এবং দুর্গম ভূখণ্ড পার হতে গিয়ে এগুলোকে সমস্যায় পড়তে হয়।

প্রতিষ্ঠানটির ওই প্রতিনিধি বলেন, ‘এসব ড্রোন শত্রুপক্ষের জন্য সহজ লক্ষ্যবস্তু। একটি উদ্ধার অভিযান শেষ করতেই কয়েক ঘণ্টা লেগে যেতে পারে।’

অন্যদিকে স্টারগেট ড্রোন ঘণ্টায় সর্বোচ্চ ১০৫ কিলোমিটার গতিতে উড়তে পারে। এটি সর্বোচ্চ ১৫০ কেজি ওজন বহন করতে সক্ষম এবং একবারে ৩০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।

প্রতিটি ড্রোন তৈরিতে খরচ পড়ে প্রায় ৫০ হাজার মার্কিন ডলার।

কারখানার ভেতরে একটি কেন্দ্রীয় পথের দুই পাশে কয়েকটি ড্রোন সাজিয়ে রাখা হয়েছে। এর পেছনে ধাতব কাঠামো দিয়ে তৈরি বিভিন্ন পরীক্ষামূলক ড্রোনের নমুনা পড়ে রয়েছে।

২০২৬ সালের শেষ নাগাদ প্রতি মাসে এক হাজার ড্রোন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে স্কাইফল।

কারখানার বাইরে একটি ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়নও চালানো হয়। প্রায় ৪০০ কেজি ওজনের ড্রোনটি বিকট শব্দ করে আকাশে উড়ে যায়। এ শব্দ শুনে মনে হচ্ছিল, যেন প্রচণ্ড ঝড় আসছে।

ড্রোনটির নিয়ন্ত্রণে ছিলেন প্রশিক্ষণার্থী চালকেরা। এর আগে তারা শুধু রসদ কিংবা বোমা বহনকারী ড্রোন চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন।

ইয়েভগেনকে উদ্ধারকারী ড্রোনের চালক এএফপিকে বলেন, ‘আমি যখন তাকে ড্রোনে তুলে নিলাম, তখন সবাই চুপ হয়ে গেল।’

‘চারদিকে শুধু নীরবতা। লাইব্রেরিতে যেমন নিস্তব্ধতা থাকে, ঠিক তেমন। কারণ, এবার ড্রোনে কোনো মালামাল নয়, একজন মানুষ ছিল।’

‘কেভিএন’ ছদ্মনামে পরিচিত ওই চালক এভাবেই তার অনুভূতির কথা জানান।

উদ্ধার অভিযান শুরুর আগে আকাশে রাশিয়ার কয়েকটি হামলাকারী ড্রোন শনাক্ত করা হয়। ফলে অভিযান সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

দ্বিতীয়বার চেষ্টা করেও অভিযান শুরু করা সম্ভব হয়নি।

অবশেষে তৃতীয়বারের চেষ্টায় ড্রোনটি উড্ডয়ন করে। এটি প্রায় ১০০ মিটার উচ্চতা দিয়ে উঠে যায়।

এ সময় রাশিয়ার ইলেকট্রনিক জ্যামার ড্রোনটির সঙ্গে চালক কেভিএনের যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দেয়। আকাশে চলমান যুদ্ধের মাঝখানে ড্রোনটি কিছুক্ষণ স্থির হয়ে থাকায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়।

কয়েক সেকেন্ড পর ড্রোনটির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ন্ত্রণের দায়িত্ব নেয়। পরে আবার যোগাযোগ স্থাপিত হলে চালক নিয়ন্ত্রণ ফিরে পান।

পুরো উদ্ধার অভিযান শেষ করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে। ইউক্রেনীয় সেনাদের একটি দল পুরো অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।

নতুন এই প্রযুক্তি নিয়ে ইউক্রেনের সেনাবাহিনী সতর্ক আশাবাদ প্রকাশ করেছে।

নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা বলেন, ‘এই ব্যবস্থার কার্যকারিতা ভালোভাবে মূল্যায়ন করতে যুদ্ধক্ষেত্রে আরও বেশি পরীক্ষামূলক ব্যবহারের অভিজ্ঞতা প্রয়োজন। তবে প্রাথমিকভাবে এটি আশাব্যঞ্জক মনে হচ্ছে।’

ড্রোনচালক কেভিএনের কাছে এই প্রযুক্তি এমন এক ভবিষ্যতের প্রতীক, যেখানে প্রযুক্তির সহায়তায় যুদ্ধক্ষেত্র থেকে সেনাদের নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে।

অন্যদিকে ইয়েভগেন এখন একজন নৈতিক বার্তা প্রচারক হিসেবে কাজ করছেন। তিনি তার সহযোদ্ধাদেরও এই ড্রোনে উদ্ধারের বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করছেন। অনেকেই এখনো ড্রোনে চড়ে উদ্ধারের বিষয়ে ভয় পান।

ইয়েভগেন বলেন, ‘আমি তাদের বার্তা পাঠিয়ে বোঝানোর চেষ্টা করি, ভয় পাওয়ার কিছু নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুর মহানগর যুবদলের নব কমিটি ঘিরে টঙ্গীতে আনন্দ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

টঙ্গী গাজীপুর প্রতিনিধি: ফারুক হোসেন

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


গাজীপুর মহানগর যুবদলের নব কমিটি ঘিরে টঙ্গীতে আনন্দ মিছিল

গাজীপুর মহানগর শাখার নবঘোষিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে টঙ্গীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে টঙ্গীর বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতা-কর্মীরা টঙ্গী কলেজগেট এলাকায় জড়ো হন।
পরে বেলা ১২টার দিকে নব-নির্বাচিত কমিটির সভাপতি সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ইমরান রেজা ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে কলেজগেট এলাকার যমুনা ব্যাংকের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকা প্রদক্ষিণ করে কাদেরিয়া গেটে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে গাজীপুর মহানগর যুবদলের বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মীরা অংশগ্রহণ নেন। এতে কর্মসূচিতে নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উল্লেখ্য, সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে গাজীপুর মহানগর শাখার ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সাজেদুল ইসলামকে সভাপতি এবং শেখ ইমরান রেজাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মাহমুদ হাসান রাজু, সহ-সভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন ও নাজমুল খন্দকার সুমন, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহবুবুল আলম মাসুম এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মন্ডল। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কমিটির অনুমোদন দেন। প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে গাজীপুর মহানগর যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : ইরানের সেনাবাহিনী দাবি করেছে যে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা তারা চালিয়েছে।

বুধবার, দেশটির সেনাবাহিনী জানায় যে, হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জামকে বেছে নেওয়া হয়েছে।

এ বিষয়ে খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি’র মাধ্যমে একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘বুধবার ভোরে ইরানের সেনাবাহিনীর যুদ্ধ ড্রোন ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হামলায় সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%