০৫:৩৯ পি.এম
বাবার রেখে যাওয়া প্রায় ১৬ লাখ পাউন্ড বা প্রায় ২৬ কোটি টাকার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ে জয় পেলেন তিন ব্রিটিশ-ভারতীয় বংশোদ্ভূত বোন। লন্ডনের মেয়র ও সিটি কাউন্টি আদালতে মীমাংসিত এই পারিবারিক বিরোধে মৃত বাবার রেখে যাওয়া নগদ অর্থ ও ভারতের সেফটি ডিপোজিট ভল্টে থাকা ৫ লাখ পাউন্ড মূল্যের সোনা ভাইয়ের একচ্ছত্র মালিকানা থেকে মুক্ত করে সব ভাইবোনের মধ্যে সমানভাবে বণ্টনের ঐতিহাসিক রায় দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ৮৫ বছর বয়সে মারা যান হরি গ্রোভ্যার (Hari Grover)। মৃত্যুর আগে তিনি কোনো উইল করে যাননি। নিয়ম অনুযায়ী তাঁর একমাত্র ছেলে সনি গ্রোভ্যার (Sonny Grover) বাবার সম্পত্তির আইনি প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব নেন। তবে তিন বোন—আইরান গ্রোভ্যার-জোন্স (Airan Grover-Jones), কিরণ কটেরেল (Kiran Cotterell) এবং কেলি পুরী (Kelly Puri)—অভিযোগ তোলেন যে, তাদের ভাই বাবার সম্পত্তির সঠিক মূল্যায়ন গোপন করছেন এবং উইলের অনুপস্থিতির সুযোগ নিয়ে পুরো সম্পত্তির নিয়ন্ত্রণ নিজের কুক্ষিগত করার চেষ্টা করছেন।
বিশেষ করে, ভারতের একটি ব্যাংকের সেফটি ডিপোজিট বক্সে থাকা প্রায় ৫ লাখ পাউন্ড মূল্যের সোনা এবং প্রায় ৩ লাখ পাউন্ড নগদ সঞ্চয়ের ওপর সনি গ্রোভ্যার একক মালিকানা দাবি করেছিলেন। তবে বিচারক নিকোলাস পারফিট (Judge Nicholas Parfitt) সনির এই দাবি খারিজ করে দেন। আদালত রায়ে স্পষ্ট জানিয়ে দেয় যে, ২০১৭ সালে মৃত্যুর আগে হরি গ্রোভ্যার কেবল তাঁর সেফটি বক্সের চাবি বা নিয়ন্ত্রণ ছেলের হাতে তুলে দিয়েছিলেন ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তিনি পুরো সোনা ছেলেকে এককভাবে দান করে গেছেন। বাবা চেয়েছিলেন তাঁর সব সন্তান যেন সমানভাবে এই সম্পদের ভাগ পায়।
আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
শুনানিকালে আদালতের বিচারক সনি গ্রোভ্যারের আচরণে তীব্র অসন্তোষ প্রকাশ করে তাঁকে অতিরিক্ত মাত্রায় বিতর্কিত ও অনমনীয় বলে মন্তব্য করেন। আদালত সনিকে নির্দেশ দেয়, বোনদের আইনি খরচ বাবদ প্রায় ৮০ হাজার পাউন্ড তাঁকে নিজের অংশ থেকে পরিশোধ করতে হবে। একইসঙ্গে আগামী ছয় মাসের মধ্যে ভাইবোনদের বসে এই সম্পত্তি নিজেদের মধ্যে সমবণ্টন করে নেওয়ার চূড়ান্ত সুযোগ দেওয়া হয়েছে এবং এই সময়ের মধ্যে আদালতের অনুমতি ছাড়া কোনো একতরফা সিদ্ধান্ত নিতে সনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র: দ্য টাইমস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন