টঙ্গী গাজীপুর প্রতিনিধি: ফারুক হোসেন
১২:৪১ পি.এম
গাজীপুর মহানগর শাখার নবঘোষিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে টঙ্গীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে টঙ্গীর বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতা-কর্মীরা টঙ্গী কলেজগেট এলাকায় জড়ো হন।
পরে বেলা ১২টার দিকে নব-নির্বাচিত কমিটির সভাপতি সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ইমরান রেজা ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে কলেজগেট এলাকার যমুনা ব্যাংকের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকা প্রদক্ষিণ করে কাদেরিয়া গেটে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে গাজীপুর মহানগর যুবদলের বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মীরা অংশগ্রহণ নেন। এতে কর্মসূচিতে নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উল্লেখ্য, সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে গাজীপুর মহানগর শাখার ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সাজেদুল ইসলামকে সভাপতি এবং শেখ ইমরান রেজাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মাহমুদ হাসান রাজু, সহ-সভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন ও নাজমুল খন্দকার সুমন, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহবুবুল আলম মাসুম এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মন্ডল। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কমিটির অনুমোদন দেন। প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে গাজীপুর মহানগর যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : ইরানের সেনাবাহিনী দাবি করেছে যে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা তারা চালিয়েছে।
বুধবার, দেশটির সেনাবাহিনী জানায় যে, হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জামকে বেছে নেওয়া হয়েছে।
এ বিষয়ে খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি’র মাধ্যমে একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘বুধবার ভোরে ইরানের সেনাবাহিনীর যুদ্ধ ড্রোন ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হামলায় সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গ্লোবাল সোর্সিং এক্সেপো-২০২৬ এর মাধ্যমে বাংলাদেশের বহুমুখী রপ্তানি সক্ষমতার প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহের নতুন বার্তা প্রকাশিত হয়েছে। তিন দিনের এই আয়োজনে ১১টি দেশের আন্তর্জাতিক ক্রেতা ও সোর্সিং প্রতিনিধিরা অংশগ্রহণ করে নতুন ব্যবসায়িক যোগাযোগ ও সম্ভাব্য রপ্তানি অংশীদারিত্বের সুযোগ তৈরি করেছেন। ১২টি রপ্তানি খাতের ১৬১টি প্রতিষ্ঠান ২৪০টি স্টলে নিজেদের পণ্য ও সক্ষমতা প্রদর্শন করে বাংলাদেশের নতুন সম্ভাবনার চিত্র তুলে ধরেছে।
এই আন্তর্জাতিক সোর্সিং এক্সপো ১৫ থেকে ১৭ নভেম্বর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়, যা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয়।
মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
সমাপনী বক্তব্যে বাণিজ্য সচিব উল্লেখ করেন, বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি পণ্যের বৈচিত্র্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, এই অগ্রযাত্রাকে টেকসই করতে পণ্যের মান উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এক্সপোর সাফল্য শুধুমাত্র অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা দিয়ে বিচার করা উচিত নয়, বরং এক্সপো-পরবর্তী সময়ে কতগুলো কার্যকর ব্যবসায়িক সম্পর্ক তৈরি হলো, সম্ভাব্য রপ্তানি আদেশ কতটা বাস্তব বাণিজ্যে রূপ নিল এবং নতুন বাজারের কতটা সুযোগ সৃষ্টি হলো—এসবের ওপর প্রকৃত সাফল্য নির্ভর করবে। এজন্য এক্সপোতে তৈরি হওয়া ব্যবসায়িক যোগাযোগের যথাযথ ফলোআপের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সমাপনী অনুষ্ঠানে আগামী ৮ নভেম্বর ২০২৭ তৃতীয় গ্লোবাল সোর্সিং এক্সেপো আয়োজনের তারিখও ঘোষণা করেন বাণিজ্য সচিব।
ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ বলেন, এবারের এক্সপোতে বাংলাদেশের বহুমুখী উৎপাদন ও রপ্তানি সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চল থেকে আন্তর্জাতিক ক্রেতা ও সোর্সিং প্রতিনিধিদের অংশগ্রহণ বাংলাদেশের প্রতি বৈশ্বিক ক্রেতাদের আগ্রহ ও আস্থার প্রতিফলন।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন শুধু তৈরি পোশাকনির্ভর রপ্তানি গন্তব্য নয়। চামড়াজাত পণ্য, কৃষি ও কৃষিজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, প্লাস্টিক, ফার্মাসিউটিক্যালস, আইসিটি, লাইট ইঞ্জিনিয়ারিং, সিরামিকস ও ফার্নিচারসহ বিভিন্ন খাতে বাংলাদেশ একটি সম্ভাবনাময় বহুমুখী সোর্সিং হাব হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করছে।
১২ খাতে পণ্যের প্রদর্শনী
এবারের এক্সপোতে অ্যাপারেলস ও টেক্সটাইলস, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোমডেকর, ফার্মাসিউটিক্যালস, আইসিটি, পেপার ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার খাতের প্রতিষ্ঠান অংশ নেয়।
তিন দিনের আয়োজনে পণ্য প্রদর্শনের পাশাপাশি চারটি বিশেষ সেমিনার, B2B মিটিং, ফ্যাক্টরি ভিজিট, নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোর আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়।
অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, এক্সপোর মাধ্যমে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগ হয়েছে। তাঁরা এ ধরনের আন্তর্জাতিক আয়োজন নিয়মিত চালু রাখার ওপর গুরুত্ব দেন।
সেরা স্টলকে পুরস্কার
এক্সপোর বিশেষ আকর্ষণ ছিল Best Stall Awards। অংশগ্রহণকারী ১২টি সেক্টর থেকে পণ্য উপস্থাপন, সৃজনশীলতা ও স্টল সাজানোর মান বিবেচনায় নির্বাচিত সেরা প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কার দেওয়া হয়।
আয়োজকরা আশা করছেন, Global Sourcing Expo 2026 Dhaka বাংলাদেশের রপ্তানি পণ্যের আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন বাজার অনুসন্ধান, আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইপিবির পক্ষ থেকে এক্সপোর সফল আয়োজন ও সমাপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশের বিদেশস্থ মিশন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন লস্কর-ই-তাইয়েবার কমান্ডার লতিফ ভাট। আত্মসমর্পণের আহ্বান অগ্রাহ্য করে তিনি একটি মসজিদের ভেতর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালান, যার ফলে সংঘর্ষ শুরু হয়। পরে গুলির আঘাতে তিনি নিহত হন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, লতিফ ১১ নভেম্বর আখরান এলাকায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি চেকপোস্টে হামলার সঙ্গে জড়িত ছিলেন। ওই হামলায় তিন নিরাপত্তাকর্মী আহত হন। এ ঘটনায় তার সহযোগী উমর নিসার দার সোমবার কুলগামে পৃথক বন্দুকযুদ্ধে নিহত হন।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, লতিফ মসজিদের ভেতরে আত্মগোপন করেছিলেন। তাকে আত্মসমর্পণের জন্য রাজি করানোর উদ্দেশ্যে পুলিশের পক্ষ থেকে ভিডিও কলে যোগাযোগ করা হয়। কর্মকর্তারা তাকে জীবনের মূল্য বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তিনি আত্মসমর্পণে রাজি হননি।
কুলগামের জ্যেষ্ঠ পুলিশ সুপার আনায়াত আলী জানান, লতিফকে আত্মসমর্পণের জন্য বারবার অনুরোধ করা হয়েছিল। তিনি দীর্ঘ সময় ভিডিও কলে কথা বলেছেন। লতিফকে বলা হয়েছিল, তার সামনে অনেক জীবন রয়েছে এবং তিনি বয়সেও তরুণ। কিন্তু কোনো অনুরোধে তিনি সাড়া দেননি।
মসজিদের বাইরেও মাইকিং করে তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। তবে রাত ২টা ৪৫ মিনিটের দিকে তিনি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালান। এরপর দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। মসজিদের ভেতরে অবস্থান করায় নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সংযম দেখানোর চেষ্টা করেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
পুলিশের তদন্তে জানা গেছে, ১০ নভেম্বর লতিফ ভাট ও তার সহযোগী উমর নিসার দার আখরানসহ মীরবাজার, হাবলিশ ও কিলাম এলাকায় নিরাপত্তা বাহিনীর সম্ভাব্য অবস্থান পর্যবেক্ষণ করেন। হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ ও পরিকল্পনার অংশ হিসেবে তারা এসব এলাকায় রেকি চালিয়েছিলেন বলে পুলিশের দাবি।
পরদিন ১১ নভেম্বর আখরানে সিআরপিএফের চেকপোস্টে হামলা চালিয়ে পালিয়ে যান তারা। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উমর নিসার দার গত পাঁচ থেকে ছয় মাস ধরে লতিফকে আশ্রয় ও অন্যান্য সহযোগিতা দিয়ে আসছিলেন। দার নিখোঁজ হওয়ার পর তার পরিবার থানায় সাধারণ ডায়েরিও করেছিল।
এ ছাড়া ২২ জুলাই অনন্তনাগে পুলিশের ওপর হামলায়ও লতিফ জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় এক পুলিশ সদস্য নিহত হন। ১ আগস্ট কুলগামে দুই অভিবাসী শ্রমিক হত্যার পেছনেও তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
লতিফ নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিআরপিএফপ্রধান জিপি সিং প্রতিক্রিয়া জানান। তিনি সংশ্লিষ্ট সদস্যদের অভিনন্দন জানিয়ে লেখেন, "কিছু প্রতিশোধ ঠান্ডা মাথায় নেওয়াই ভালো।"
এদিকে জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, "কেউ পালিয়ে থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত লুকিয়ে থাকতে পারে না।"
এর আগে লতিফ ও তার সহযোগীকে ধরতে কুলগামে বড় পরিসরে তল্লাশি ও ঘেরাও অভিযান চালানো হয়। এ সময় পাঁচ শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গ্রহণের অনুমতি পাবে না যতক্ষণ না এইচএসসি পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হয়, এমন নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বুধবার (১৮ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ প্রদান করে। আদালত একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্টদের জন্য রুলও জারি করেছেন।
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশিত হবে।
বিস্তারিত আসছে...
তালাশ বিডি/মিডিয়া লিঃ