ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না


বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের কারণে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার ধামরাইয়ের বেশ কিছু এলাকায় টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে বুধবার (২৮ অক্টোবর) বিকালে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত বাড়াড়িয়া (একমি) ৩৩ কেভি লাইন ও ধামরাই উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো—ছোট চন্দ্রাইল, বড়চন্দ্রাইল, খাত্রা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমড়াইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানসিঁড়ি আবাসিক এলাকা ও ঢুলিভিটা।

আরও পড়ুন: দুর্যোগে বিচ্ছিন্ন পরিবারগুলোকে মেলানোর মানবিক কারিগর রেড ক্রিসেন্ট: মো. মোস্তাক মিয়া

ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন জানিয়েছেন, ৩৩ কেভি লাইনের তার উন্নীতকরণ ও জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে পর্বতজয়ের পর ৫০০০ ফুট নিচে পড়ে জার্মান পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


নেপালে পর্বতজয়ের পর ৫০০০ ফুট নিচে পড়ে জার্মান পর্বতারোহীর মৃত্যু

নেপালের আমা দাবলাম পর্বতের চূড়ায় ওঠার পর একদিনের মধ্যে ৫৭ বছর বয়সী একজন জার্মান পর্বতারোহী মারা গেছেন। তার নাম উলফগ্যাং ওয়াশিচেক, এবং তিনি প্রায় ১ হাজার ৫০০ মিটার (প্রায় ৫০০০ ফুট) নিচে পড়ে গেছেন।

ট্রেকিং কোম্পানি ‘রিয়েল হিমালয়া’র প্রধান গোকুল থাপা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ওয়াশিচেক রবিবার রাতে ৬ হাজার ২০০ মিটার উচ্চতায় অবস্থিত ক্যাম্প ৩-এ অবস্থান করছিলেন, যেখানে তিনি ৬ হাজার ৮১২ মিটার উঁচু আমা দাবলাম পর্বতের চূড়ায় ওঠার পর ছিলেন। তার নিচে নেমে আসার পরিকল্পনা ছিল।

থাপা আরও জানান, সোমবার সকালে ওয়াশিচেকের ব্যক্তিগত গাইড সোনাম লামা তাঁকে ক্যাম্পে খুঁজে পাননি। গাইডটি কিছু ধার নেওয়া সরঞ্জাম ফেরত দিতে তাঁবুর বাইরে গেলে ওয়াশিচেককে ভেতরে থাকতে বলেছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি ওয়াশিচেককে আর দেখতে পাননি।

পরে সোমবার সকাল ৮টার দিকে প্রায় ৪ হাজার ৬০০ মিটার উচ্চতায় ক্যাম্প ২-এর কাছে আরেকজন শেরপা ওয়াশিচেকের মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, তিনি অনেকটা নিচে পড়ে গিয়েছিলেন।

বিকেলের দিকে হেলিকপ্টারে মরদেহ উদ্ধার করে এভারেস্ট অঞ্চলের পর্বতারোহীদের প্রবেশপথ হিসেবে পরিচিত লুকলায় নিয়ে যাওয়া হয়। পরে মরদেহটি নেপালের রাজধানী কাঠমান্ডুতে স্থানান্তর করা হয়। কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত করা হবে।

থাপা এএফপিকে বলেন, ‘ময়নাতদন্ত শেষ হলে দূতাবাসের মাধ্যমে মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ তিনি জানান, ওয়াশিচেকের এটি ছিল নেপালে দ্বিতীয় সফর। থাপা বলেন, ‘তিনি ২০২৪ সালে ট্রেকিং করতে নেপালে এসেছিলেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।’

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে পশ্চিম নেপালের আরেকটি পর্বতশৃঙ্গে দুই জাপানি পর্বতারোহীর মৃত্যু ঘটেছে। নেপালের খুম্বু অঞ্চলে অবস্থিত আমা দাবলাম পর্বতটি খাড়া ঢালের জন্য পরিচিত, ফলে এটি জয় করা কারিগরি দিক থেকে বেশ কঠিন বলে বিবেচিত হয়।

এ বছর আমা দাবলাম পর্বতে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। গত বছরের অক্টোবরে এই পর্বতে অভিযান চালানোর সময় ৬৫ বছর বয়সী এক ফরাসি ও ৬৬ বছর বয়সী এক দক্ষিণ কোরীয় পর্বতারোহীর মৃত্যু ঘটে। চলতি পর্বতারোহণ মৌসুমে ৩০০ জনেরও বেশি পর্বতারোহী আমা দাবলাম পর্বতের চূড়ায় ওঠার চেষ্টা করছেন। এ বছর বিশ্বের অন্যান্য পর্বতশৃঙ্গে প্রাণহানির ঘটনা ঘটেছে।

জুলাই মাসে পাকিস্তানের ব্রড পিক পর্বতে তুষারধসে বিখ্যাত ব্রিটিশ-নেপালি পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ জন পর্বতারোহী প্রাণ হারান। মে মাসে নেপালের দক্ষিণ দিক দিয়ে মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠার রেকর্ড গড়ার চেষ্টা করার সময় দুই ভারতীয় পর্বতারোহীর মৃত্যু ঘটে।

একই মাসে নেপালের মাউন্ট মাকালুতে তুষারধসে প্রাণ হারান মার্কিন পর্বতারোহী শেলি জোহানেসেন। যুক্তরাষ্ট্রভিত্তিক অভিযাত্রী সংস্থা ‘ড্যাশ অ্যাডভেঞ্চারস’-এর সহপ্রতিষ্ঠাতা জোহানেসেন সফলভাবে ২৭ হাজার ৮৩৮ ফুট উঁচু মাকালুর চূড়ায় পৌঁছেছিলেন। তবে ফেরার পথে প্রায় ২৩ হাজার ৬০০ ফুট উচ্চতায় তিনি তুষারধসের কবলে পড়েন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাত বছরেই ১২ ভাষায় দক্ষ গজনি অভিনেত্রীর মেয়ে, ঘরে নেই টিভি-মোবাইল!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


সাত বছরেই ১২ ভাষায় দক্ষ গজনি অভিনেত্রীর মেয়ে, ঘরে নেই টিভি-মোবাইল!

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অসিন। তিনি রাতারাতি তারকাখ্যাতি অর্জন করেন আমির খানের বিপরীতে ‘গজনি’ সিনেমায় অভিনয় করে।

তবে বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে গিয়ে সংসার ও পরিবার নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। এখন তার সাত বছর বয়সী মেয়ে অরিন রাইন শর্মার অসাধারণ ভাষাদক্ষতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

অসিনের স্বামী এবং মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মা সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের পড়াশোনা ও ভাষা শেখার প্রতি আগ্রহের কথা তুলে ধরেন।

তিনি জানান, মাত্র সাত বছর বয়সে অরিন প্রায় ১২টি ভাষা বুঝতে ও বলতে সক্ষম। এর মধ্যে কোরিয়ান, জাপানিজ, থাই ও চাইনিজ ভাষাও রয়েছে।

মেয়ের এই অসাধারণ দক্ষতা নিয়ে রসিকতা করে রাহুল বলেন, ‘আমি নিজে তো মোটে দুটো ভাষায় কথা বলতে পারি, আমরা তো কেবল ইংরেজি আর হিন্দিতেই আটকে আছি!’

রাহুল ভাষা শেখা ও পড়াশোনার ক্ষেত্রে প্রযুক্তির চেয়ে বই এবং পারিবারিক পরিবেশের ভূমিকা তুলে ধরেন। তার মতে, তাদের বাড়িতে টেলিভিশন বা মোবাইল ফোন ব্যবহারের সুযোগ নেই। ছোটবেলা থেকেই মেয়েকে ডিজিটাল ডিভাইসের সংস্পর্শ থেকে দূরে রাখা হয়েছে।

তিনি জানান, তাদের বাড়িতে প্রচুর বই রয়েছে। অরিন বর্তমানে দ্বিতীয় শ্রেণিতে পড়লেও বাড়িতে অষ্টম ও নবম শ্রেণির বইও রয়েছে।

এ বিষয়ে রাহুল মজার ছলে বলেন, ‘আমাদের বাড়িতে শুধু বই আর বই। সম্ভবত মেয়ের স্কুলেও এত বই নেই, যত বই আমাদের ঘরে সাজানো আছে।’

মেয়ের পড়াশোনার পরিবেশ তৈরির কৃতিত্বও তিনি স্ত্রী অসিনকে দেন। রাহুলের মতে, সন্তানের শেখার আগ্রহ গড়ে তোলার ক্ষেত্রে অসিনের অবদান অনেক বেশি।

সাক্ষাৎকারে রাহুল স্ত্রী অসিনের সঙ্গে দাম্পত্য জীবন নিয়েও কথা বলেন। তিনি জানান, অসিনকে বিয়ে করা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি।

কঠিন সময়ে অসিন যেভাবে তার পাশে ছিলেন এবং সাহস জুগিয়েছেন, সে কথাও উল্লেখ করেন রাহুল। তার কাছে অসিন কেবল জীবনসঙ্গী নন, বরং জীবনের অন্যতম বড় শক্তি। স্ত্রীর বিশ্বাস ও সহযোগিতা তাঁর জীবনকে সহজ করেছে বলেও জানান তিনি।

দক্ষিণ ভারতীয় সিনেমায় সফল ক্যারিয়ার গড়ার পর বলিউডে পা রাখেন অসিন। ২০০৮ সালে আমির খানের বিপরীতে ‘গজনি’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

এরপর ‘রেডি’, ‘হাউসফুল ২’, ‘বোল বচ্চন’ ও ‘খিলাড়ি ৭৮৬’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন।

২০১৬ সালের জানুয়ারিতে ব্যবসায়ী রাহুল শর্মার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অসিন। ২০১৭ সালের অক্টোবরে তাদের ঘরে জন্ম নেয় কন্যা অরিন। বিয়ের পর থেকেই অভিনয় ও গ্ল্যামারজগৎ থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিপুত্র নুরুজ্জামান মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার, ওসি আব্দুল হান্নান প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


এমপিপুত্র নুরুজ্জামান মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার, ওসি আব্দুল হান্নান প্রত্যাহার

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় দায়িত্বে অবহেলার অভিযোগের কারণে গুরুদাসপুর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম জানিয়েছেন, তাকে জনস্বার্থে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নাটোর জেলায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন। রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ মঙ্গলবার (২৭ অক্টোবর) এই আদেশে স্বাক্ষর করেন।

এদিকে, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার নাটোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল আজিজের ছেলে ও গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে কেন্দ্রীয় যুবদল দল থেকে বহিষ্কার করেছে। মঙ্গলবার কেন্দ্রীয় যুবদল এ সিদ্ধান্ত গ্রহণ করে।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুরুতর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা কয়েকজন সশস্ত্র দুর্বৃত্তের হামলার শিকার হন শাকিল ইসলাম। হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে মোটরসাইকেলে পালিয়ে যায়।

গুরুতর আহত শাকিলকে উদ্ধার করে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এই ঘটনার পর (১৯ অক্টোবর) অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় হত্যাচেষ্টা মামলা করেন শাকিলের বাবা রবিউল মিস্ত্রি। সোমবার রাত ১০টার দিকে গুরুদাসপুর বাজারের একটি ভাড়া বাসা থেকে এমপিপুত্র নুরুজ্জামান মিন্টুকে আটক করে পুলিশ। পরদিন মঙ্গলবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৮ অক্টোবরের শহীদদের স্মরণে সন্দ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


২৮ অক্টোবরের শহীদদের স্মরণে সন্দ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আজ ২৮ অক্টোবর বিকেল ৪টায় উপজেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের।

সভাপতির বক্তব্যে উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বেদনাবিধুর ও স্মরণীয় দিন। এ দিনে সংঘটিত নৃশংসতা ও সহিংসতার ঘটনা জাতির বিবেককে নাড়া দেয়। যারা ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠার প্রত্যয়ে জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিক মর্যাদা ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য যেন কোনোভাবেই সহিংসতা ও প্রতিহিংসার কারণ না হয়। একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা জরুরি।

তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা, উপজেলা সাবেক আমীর মাওলানা সিরাজুল মাওলা, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা এ এস এম হালিম উল্যাহ, উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খাঁন,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সন্দ্বীপ উপজেলা মাওলানা শাহাদাৎ হোসাইন কালাপানিয়া ইউনিয়ন সভাপতি সোলাইমান চৌধুরী, পৌরসভা সভাপতি আব্দুল ওয়াদুদ কাউকাব, গাছুয়া ইউনিয়ন সভাপতি মুহাম্মদ মাকছুদুর রহমান এবং মাইটভাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা মোশাররফ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ২৮ অক্টোবরের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মুফাস্সিরিন পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার সহসভাপতি মাওলানা খবিরুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%